শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

৩০ নভেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করতে হবে

৩০ নভেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। আয়কর আইন, ২০২৩ অনুযায়ি আয়কর রিটার্ন স্বনির্ধারণী বাধ্যতামূলক করা হয়েছে।
আয়কর আইন, ২০২৩ গত ২২ জুন রাষ্ট্রপতির সম্মতিলাভ করে। আয়কর অধ্যাদেশ,১৯৮৪ রহিত করে যুগোপযোগী ও সময়োপযোগী করে নতুন আইনটি প্রণয়ন করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের তত্ত্বাবধানে নতুন আইনটি বিষয়ে অবহিতকরণে অংশীজনদের সঙ্গে গণশুনানি অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় রাজধানীর সেগুনবাগিচায় কর অঞ্চল-২-এ কর কমিশনারের কার্যালয়ে নতুন আইনটি বিষয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে বিভিন্ন স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। নতুন আইনে কি কি পরিবর্তন হলো এবং আয়কর রিটার্ন দাখিলে নতুন করে কী কী সংযোজন ও বিয়োজন হবে তা বিস্তারিত তুলে ধরা হয়।

আয়কর কর্মকর্তাগন জানান, নতুন আইনে স্বনির্ধারনী রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছে। যেখানে পূর্বের নিয়মে নরমাল রিটার্ন দাখিল করা যেত। ৩০ নভেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। এর ব্যাত্যয় হলে করদাতা প্রত্যাশিত রিবেট পাবেন না এবং বিলম্ব মাশুলও গুনতে হবে। আয়কর দাতার রিটার্ন প্রস্তুত সহজলভ্য করতে ফি নির্ধারন করে এজেন্সিকে দায়িত্ব দেয়াসহ নতুন নীতিমালা করা হচ্ছে। নতুন আইন অনুযায়ী প্রত্যেক গণকর্মচারীকে রিটার্ন দিতে হবে।
আয়কর কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, বার্ষিক করযোগ্য আয় পাঁচ লাখ টাকার কম হলেই এক পাতার আয়কর বিবরণী জমা দিলেই হবে। এ ছাড়া সম্পদের পরিমাণ ৪০ লাখ টাকার কম হতে হবে, এমন শর্তও রয়েছে। কম আয় ও সম্পদের এই করদাতাদের জন্য এক পাতার একটি ফরম প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কম আয়ের করদাতার রিটার্ন জমা সহজ করতেই এক পাতার রিটার্ন ফরম চালু করার উদ্যোগ নেয়া হয়েছে। নতুন আইনের আলোকে এই পাতা সাজানো হয়েছে। এক পাতার ওই ফরমে সব মিলিয়ে ১৬ ধরনের তথ্য দিতে হবে। এগুলো হলো নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, কর শনাক্তকরণ নম্বর (টিআইএন), সার্কেল, কর অঞ্চল, কর বর্ষ, আবাসিক মর্যাদা, মোবাইল নম্বরসহ যোগাযোগের ঠিকানা, আয়ের উৎস, মোট পরিসম্পদ, মোট আয়, আরোপযোগ্য কর, কর রেয়াত, প্রদেয় কর, উৎসে কাটা করের পরিমাণ (যদি থাকে), এই রিটার্নের সঙ্গে প্রদত্ত কর, জীবনযাপন ব্যয়।

এক পাতার রিটার্ন ফরমের সুবিধা হলো এখানে কোন খাত থেকে কত কর আয় হয়েছে, এর বিস্তারিত লিখতে হবে না। শুধু মোট আয়ের তথ্য দিলেই হবে। এভাবে মোট সম্পদ, জীবনযাত্রার খরচ, করের পরিমাণ-এসবের মোট পরিমাণ লিখলেই হবে। এক পাতায় রিটার্ন জমা দিতে হলে কিছু শর্তও দেয়া হয়েছে। যেমন কোনো কোম্পানির শেয়ারহোল্ডার হওয়া যাবে না এবং মোটরগাড়ি থাকবে না। এ ছাড়া সিটি করপোরেশন এলাকায় গৃহসম্পত্তি বা অ্যাপার্টমেন্টে বিনিয়োগ থাকলেও এক পাতার ফরম প্রযোজ্য হবে না। বিদেশে সম্পদ থাকলেও চলবে না।
কর্মকর্তারা বলেন, আয়কর রিটার্ন ফরমের জটিল হিসাব-নিকাশের কারণে অনেকে বার্ষিক রিটার্ন দিতে চান না। আগেও এক পাতার ফরম ছিল। তবে এবার নতুন আইনের আলোকে আরও সহজ করা হলো। এখন শুধু মোট আয় ও করের পরিমাণ লিখলেই হয়। এক পাতার রিটার্ন ফরমের পাশাপাশি এবার এক পাতার আয়কর বিবরণী জমার প্রাপ্তি স্বীকারপত্র বা প্রত্যয়নপত্র দেয়া হবে। সেই প্রত্যয়নপত্রের অনুলিপিও প্রকাশ করেছে এনবিআর। এর আগে স্লিপের মতো প্রাপ্তি স্বীকারপত্র ছিল। রিটার্ন ফরমের একটি অংশ কেটে দেয়া হতো।
বর্তমানে প্রায় ৯০ লাখ টিআইএনধারী আছেন। তাদের মধ্যে প্রতিবছর ৩০ লাখের মতো নিজেদের আয়-ব্যয়ের বিস্তারিত জানিয়ে রিটার্ন জমা দেন। নতুন আইনে অনেক কিছু সহজতর হওয়ায় রিটার্ন দাখিলের সংখ্যা বাড়বে বলে আশাপ্রকাশ করেন কর্মকর্তারা।

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অর্থায়নে স্থানীয় সরকারমন্ত্রীর আহ্বান

স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম জলবায়ু পরিবর্তন মোকাবেলায় জলবায়ু অর্থায়ন এবং প্রযুক্তি হস্তান্তর করতে সাহসী ও দৃঢ় পদক্ষেপ গ্রহণ করতে বিশ্ব নেতাদের প্রতি আহবান জানিয়েছেন।
তিনি কলম্বিয়ার রাজধানী বোগোটায় শনিবার ‘টেকসই ভবিষ্যতের জন্য বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক উচ্চ পর্যায়ের তৃতীয় পিফোরজি (পি৪জি) সামিটে বক্তৃতায় এ আহবান জানান।

ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রোববার এ কথা জানানো হয়।
তাজুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব। সমৃদ্ধ ও টেকসই একটি ভবিষ্যত এবং কেউ যাতে পিছিয়ে না থাকে, সেজন্য বিশ্বব্যাপী অংশীদারিত্ব এবং সংহতি জোরদার করতে হবে।
স্থানীয় সরকারমন্ত্রী আগামী দিনেও পিফোরজির সঙ্গে কাজ চালিয়ে যেতে বাংলাদেশের ইচ্ছা প্রকাশ করেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অনুকরণীয় আর্থ-সামাজিক অর্জন এবং ২০৪১ সালের মধ্যে একটি স্মার্ট উন্নত দেশ হওয়ার লক্ষ্যের কথা তুলে ধরেন।
জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত মোকাবেলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত জলবায়ু অভিযোজন সমাধান ভাগাভাগি ও অগ্রসর করার ক্ষেত্রে তিনি বাংলাদেশের নেতৃত্বের ভূমিকার কথাও উল্লেখ করেন।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বাংলাদেশ ২০০৯ সালে ‘জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিল’ প্রতিষ্ঠা করেছে এবং জলবায়ু পরিবর্তনের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য নিজস্ব সম্পদ থেকে প্রায় ৪৭০ মিলিয়ন ডলার ব্যয় করেছে। সবুজ উন্নয়ন ও সমৃদ্ধ ব-দ্বীপের প্রতিষ্ঠার লক্ষ্যে স্থানীয় সরকার মন্ত্রী ‘বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০’ সম্পর্কেও উল্লেখ করেন।

তিনি যুব উদ্যোক্তাদের সমর্থনে স্টার্টআপ ব্যবসার জন্য বাংলাদেশ সরকার প্রদত্ত প্রণোদনার কথাও তুলে ধরেন।

পরে তাজুল ইসলাম কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলভারো লেইভা এবং ডেনমার্কের উন্নয়ন নীতি বিষয়ক ভাইস মিনিস্টার ওলে থঙ্কের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।
কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে তাজুল ইসলাম বলেন, এমন অনেক খাত রয়েছে যেখানে দুই দেশ সহযোগিতা প্রতিষ্ঠা ও অভিজ্ঞতা বিনিময় করতে পারে এবং একে অপরের কাছ থেকে শিখতে পারে।
কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের চমৎকার অর্জনের প্রশংসা করেন এবং বাংলাদেশের কাছ থেকে শেখার আগ্রহ প্রকাশ করেন।
বাংলাদেশও জীববৈচিত্র্য সংরক্ষণে কলম্বিয়ার কাছ থেকে অভিজ্ঞতা বিনিময় করতে পারে। তারা কীভাবে দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো শক্তিশালী ও উন্নত করা যায় তা নিয়ে আলোচনা করেন।
স্থানীয় সরকারমন্ত্রী এবং ডেনিশ ভাইস মিনিস্টার পিফোরজির পাঁচটি ফোকাস এলাকায় কাজ করতে সম্মত হয়েছেন, যাতে যুবকদের সহযোগিতা ও তাদের জন্য উপযুক্ত কর্ম পরিবেশ তৈরি করা যায়। তারা বর্জ্য ব্যবস্থাপনা খাতে আরও সহযোগিতার বিষয়ে একমত হন।
স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম তৃতীয় পিফোরজি সামিটে যোগ দিতে দুই দিনের সরকারি সফরে কলম্বিয়ার রাজধানী বোগোটায় রয়েছেন। পিফোরজি হল একটি বহুপাক্ষিক প্ল্যাটফমর্, যা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং প্যারিস জলবায়ু চুক্তি পূরণের জন্য আরও উন্নত ও সবুজ পৃথিবীর জন্য অন্তর্ভুক্তিমূলক বাস্তবসম্মত সমাধানের জন্য কাজ করেছে। বাংলাদেশ ২০১৯ সালে পিফোরজি অংশীদার দেশ হিসেবে যোগদান করে।

ফ্রান্সে পুলিশের সহিংসতার বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ

পুলিশের সহিংসতার প্রতিবাদে শনিবার বামপন্থীদের আয়োজনে ফ্রান্সে হাজারো মানুষ বিক্ষোভ মিছিল করেছে, প্যারিসের সমাবেশের প্রান্তে সংঘর্ষ হয়েছে।
ট্রাফিক চেক করার সময় পুলিশের গুলিতে এক যুবকের মৃত্যুর পর প্যারিস এবং অন্যান্য জায়গায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে দেশব্যাপী প্রতিবাদ বিক্ষোভের তিন মাস পর এই বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে।

রাজধানীতে সব বয়সের বিক্ষোভকারীরা ‘রাষ্ট্রীয় সহিংসতা বন্ধ করুন’, ‘ক্ষমা করবেন না ভুলে যাবেন না’ বা ‘আইনকে হত্যা করবেন না’ লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভে সামিল হয়।
বিক্ষোভকারীরা বলেছে, ২০১৭ সালে প্রবর্তিত অভ্যন্তরীণ সুরক্ষা কোডের ৪৩৫-১ অনুচ্ছেদে সন্দেহভাজন ব্যক্তির ক্ষেত্রে গুলি করার জন্য কর্তৃপক্ষের সুযোগ বাড়িয়ে দেয়।
তারা কট্টর-বাম ফ্রান্স আনবোড (এলএফআই) সহ কট্টরপন্থী বামদের আহ্বানে সাড়া দিচ্ছিল।
ইউনিয়নগুলো জানিয়েছে, প্যারিসে ১৫,০০০ সহ ফ্রান্স জুড়ে প্রায় ৮০,০০০ লোক বিক্ষোভে যোগ দিয়েছে, তবে স্বরাষ্ট্র মন্ত্রনালয় বলেছে, প্যারিসে ৯,০০০-সহ দেশব্যাপী এই সংখ্যা ৩১,৩০০ জন।
এএফপির এক সংবাদদাতা বলেছেন, সরকার প্যারিসে বিক্ষোভে ‘অগ্রহণযোগ্য সহিংসতার’ নিন্দা করেছে, আক্রমণের সময় অফিসাররা তাদের পুলিশের গাড়িতে আটকা পড়েছিল।
প্যারিসে কয়েক হাজার মানুষের মূল মিছিল থেকে কালো পোশাক পরা শত শত মানুষ বেরিয়ে পড়ে।

এএফপির সাংবাদিক জানিয়েছেন, তারা একটি ব্যাঙ্কের শাখার জানালা ভেঙে ফেলে এবং যানজটে আটকে থাকা পুলিশের গাড়ির দিকে জিনিসপত্র ছুড়ে মারে। পুলিশ জানিয়েছে, তিনজন কর্মকর্তা সামান্য আহত হয়েছেন।

ডেঙ্গুতে বেশি আক্রান্ত হচ্ছে ২০-৫০ বছর বয়সীরা

ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে ২০-৫০ বছর বয়সী মানুষ। তবে শিশুদের ডেঙ্গু নিয়ে ভয় না পাওয়ারও পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।রোববার (২৪ সেপ্টেম্বর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. হাবিবুল আহসান তালুকদার।
তিনি বলেন, এ বছরের জুলাই, আগস্ট এবং চলতি সেপ্টেম্বর মাসে সবচেয়ে বেশি ডেঙ্গু প্রকোপ ছিল। জুলাই মাসে ছিল ৪৩ হাজার ৮৫৪ জন, মৃত্যু হয়েছিল ২০৪ জনের। আগস্ট মাসে রোগী ছিল ৭১ হাজার ৯৭৬ জন, মৃত্যু ছিল ৩৪২ জনের এবং সেপ্টেম্বর মাসের আজ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৬০ হাজার ৯০৯ জনের, মৃত্যু হয়েছে ৩০০ জনের। ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ৮৪ হাজার ৭১৭ জন।

ডা. হাবিবুল আহসান বলেন, ঢাকা সিটি এলাকায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী। ঢাকা সিটির বাইরে সারাদেশে আটটি বিভাগীয় পর্যায়ে সবচেয়ে বেশি রোগী ঢাকা, চট্টগ্রাম এবং বরিশাল বিভাগে। ঢাকা বিভাগের ফরিদপুর, মানিকগঞ্জ, শরীয়তপুর, রাজবাড়ী এসব জেলায় বেশি আক্রান্ত হচ্ছে। চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম এবং লক্ষ্মীপুর জেলা এবং বরিশাল বিভাগের বরিশাল, পটুয়াখালী জেলায় বেশি আক্রান্ত পাওয়া যাচ্ছে।
তিনি বলেন, সারাদেশের সব জেলা, উপজেলা এবং হাসপাতালসহ বেসরকারি হাসপাতালগুলোতেও একই প্রটোকল এবং গাইডলাইন অনুসরণ করে ডেঙ্গু চিকিৎসা হচ্ছে।
অধিদপ্তরের এই পরিচালক বলেন, ডেঙ্গু পরীক্ষার জন্য সব জায়গাতেই পর্যাপ্ত পরিমাণ এনএস-১ কিট মজুত রয়েছে। ডেঙ্গু পেশেন্ট ম্যানেজমেন্টে সবচেয়ে বেশি যেটি প্রয়োজন সেটি হল আইভি ফ্লুইড স্যালাইন। সেটি জরুরিভাবে আমরা ভারত থেকে ৩ লাখ প্যাক স্যালাইন আমদানি করেছি। এরমধ্যে ৪৪ হাজার প্যাক স্যালাইন আমরা হাতে পেয়েছি। ইডিসিএলের (এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড) মাধ্যমে এসব স্যালাইন চাহিদা অনুযায়ী পাঠিয়ে দিয়েছি। বাকি স্যালাইনগুলো পর্যায়ক্রমে দেশে পৌঁছাতে শুরু করেছে।

যুক্তরাষ্ট্রের আটলান্টায় পরিকল্পিত হামলায় নিহত ৩

যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলীয় জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় পরিকল্পিত হামলায় তিন জন নিহত হয়েছে। স্থানীয় পুলিশ এ খবর জানিয়েছে।
পুলিশের উদ্ধৃতি দিয়ে অ্যাসোসিয়েটেড প্রেস বলেছে, স্থানীয় সময় শনিবার ১টা ৩০ মিনিটে নগরীর ওয়েস্ট এন্ডে পুলিশ একজনের গুলিবিদ্ধ হওয়ার খবর পায়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ বলেছে, একটি মলের কাছে গোলাগুলির এ ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে জানা গেছে এক ব্যক্তি দুজনকে লক্ষ্য করে গুলি চালায়। এদের একজন পাল্টা গুলি চালায়। এতে তিনজনই গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

মেসির মায়ামিতে যাচ্ছেন মদরিচ!

প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে নতুন ঠিকানায় পাড়ি জমিয়েছেন লিওনেল মেসি। যোগ দিয়েছেন মেজর লীগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে। মেসির পর যুক্তরাষ্ট্রের দলটিতে যান বার্সেলোনার আরো দুই সাবেক ফুটবলার সার্জিও বুসকেটস এবং জর্ডি আলবা। এবার ডেভিড বেকহ্যামের মালিকানাধীন ক্লাবটির নজর রিয়াল মাদ্রিদের ক্রোয়াট মিডফিল্ডার লুকা মদরিচের ওপর।
গত জুনেই লুকা মদরিচের সঙ্গে চুক্তির মেয়াদ এক বছর বাড়িয়েছে রয়্যাল হোয়াইটরা। নতুন কন্ট্রাক্ট সাইন করলেও এবার ৩৮ বছর বয়সী এই তারকার স্পেন ছাড়ার গুঞ্জন উঠেছে। মদরিচের ইন্টার মায়ামিতে যোগ দেয়ার সম্ভাবনার কথা জানিয়েছে ক্রীড়া মাধ্যম ইএসপিএন। ক্রোয়াট দৈনিক ‘ডুবরোভনিক টাইমস’- এর বরাত দিয়ে ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়, লুকা মদরিচকে ভেড়ানোর চেষ্টা করছেন ইন্টার মায়ামির কো-ওনার ডেভিড বেকহ্যাম। ডুবরোভনিক টাইমস জানিয়েছে, জুনে কন্ট্রাক্ট সাইন করলেও নতুন মৌসুমে রিয়ালের নিয়মিত একাদশে সুযোগ হচ্ছে না লুকা মদরিচের। লা লিগার নতুন মৌসুমে রিয়ালের সবশেষ ৫ ম্যাচে মাত্র ১৬১ মিনিট খেলার সুযোগ হয়েছে ক্রোয়াট মিডফিল্ডারের। আর সেকারণেই নাকি সান্তিয়াগো বার্নাব্যু ত্যাগ করতে চাইছেন মদরিচ।

আগামী জানুয়ারিতে শুরু হবে নতুন ট্রান্সফার উইন্ডো। সে সময় ভালো প্রস্তাব পেলে রিয়াল মাদ্রিদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চান মদরিচ। আর এই সুযোগটাই কাজে লাগাতে চায় মেসি-বুসকেটসদের ইন্টার মায়ামি।
২০১২ সালে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন লুকা মদরিচ। গ্যালাটিকোদের সঙ্গে ১১ বছরের পথ চলায় ৩৩২ ম্যাচে ২৬টি গোল করেছেন এই ক্রোয়াট মিডফিল্ডার। রয়্যাল হোয়াইট জার্সি গায়ে ২৩টি মেজর শিরোপা জিতেছেন মদরিচ। এর মধ্যে রয়েছে পাঁচটি উয়েফা চ্যাম্পিয়নস লীগ, তিনটি লা লিগা টাইটেল এবং দুটি কোপা দেল রে শিরোপা।

ভিসা নীতি পুলিশের ওপর প্রভাব ফেলবে না : ডিএমপি ডিসি

গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়ায় বাধাদানকারীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভিসা নীতি বাংলাদেশের পুলিশের ওপর কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।
রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আজ রোববার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘মার্কিন ভিসানীতি নিয়ে আমরা যে সংবাদ দেখেছি, তারা বাংলাদেশে ভিসানীতি কার্যক্রম শুরু করেছে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর কথা স্পষ্টভাবে বলা আছে। আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কিছু সদস্যের বিরুদ্ধে তারা ভিসানীতি প্রয়োগ করতে শুরু করেছে।’

ডিসি ফারুক হোসেন বলেন, ‘এখন আইনশৃঙ্খলা বাহিনীর কোন কোন সদস্যের ওপর তারা ভিসানীতি প্রয়োগ করেছে তার তালিকা এখনো আমরা পাইনি। সেখানে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা থাকতে পারেন বা অন্য বাহিনীর সদস্য থাকতে পারেন। এ ছাড়া বর্তমানে দায়িত্বরত পুলিশ সদস্য বা অন্য বাহিনীর সদস্যরাও থাকতে পারেন।’
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের প্রধান বলেন, ‘যাদের বিরুদ্ধে ভিসানীতি আসবে তারা হয়তো আমেরিকা যেতে পারবেন না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশ পুলিশের দুই লাখেরও বেশি সদস্য রয়েছেন। এই পুলিশ সদস্যদের মধ্য থেকে কতজন আমেরিকা যাচ্ছেন? খুবই নগণ্য কিছু লোক হয়তো আমেরিকা যাওয়ার স্বপ্ন দেখেন অথবা তাদের ছেলেমেয়েদের পাঠানোর চিন্তা করেন।’

এই দৃষ্টিকোণ থেকে মার্কিন ভিসানীতিতে বাংলাদেশ পুলিশ বাহিনীর ওপর কোনো প্রভাব পড়বে না জানিয়ে তিনি বলেন, ‘পুলিশ বাহিনী যেভাবে কাজ করে, তাদের কাজের ওপরে কোনো প্রভাব পড়বে না।’
ফারুক হোসেন বলেন, ‘আমরা মনে করি পুলিশ বাহিনী আইনের মধ্যে থেকে মানবাধিকার সমুন্নত রেখে কাজ করে। এর আগেও করেছে এবং ভবিষ্যতেও করতে থাকবে। সুতরাং এই ভিসানীতির কারণে আমাদের কাজের গতি কোনোভাবেই থেমে যাবে না বলে আমরা বিশ্বাস করি।’
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কিছু ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে- সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা তো আইনের মধ্য থেকেই কাজ করি। আগামী যে নির্বাচন আসবে, নির্বাচনে পুলিশের যেই দায়িত্ব থাকবে, কেন্দ্রের নিরাপত্তা দেওয়া- সেই নিরাপত্তা দেওয়ার কাজে আমাদের সঙ্গে আরও অন্য বাহিনীও কাজ করে। আমাদের ওপর আইনত যে দায়িত্ব থাকবে, নির্বাচন কমিশন থেকে যেই দায়িত্ব দেওয়া হবে- সেই দায়িত্ব আমরা পালন করবো। সেক্ষেত্রে আমরা মনে করি না, ভিসানীতি আমাদের কাজের দায়িত্ব পালনের ক্ষেত্রে এটা অন্তরায় হয়ে দাঁড়াবে।’

আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ড

দুই ব্যাটার উইল জ্যাকস ও স্যাম হেইনের জোড়া হাফ-সেঞ্চুরির সঙ্গে লেগ স্পিনার রেহান আহমেদের বোলিং নৈপুণ্যে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ড ৪৮ রানে হারিয়েছে আয়ারল্যান্ডকে। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংলিশরা। প্রথম ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিলো।
কনিবার রাতে নটিংহামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ইংল্যান্ড। ওপেনার ফিল সল্ট ২৯ রানে থামলেও, সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়ে আউট হন আরেক ওপেনার জ্যাকস। ৭টি চার ও ৪টি ছক্কায় ৮৮ বলে ৯৪ রান করেন জ্যাকস।

মিডল অর্ডারে হাফ-সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৪৮ রানে বিদায় নেন বেন ডাকেট। অভিষিক্ত স্যাম হেইন খেলেছেন ৮৯ রানের ইনিংস। তার ৮২ বলের ইনিংসে ৮টি চার ছিলো। শেষদিকে ব্রাইডন কার্সের ৩২ রানে ৫০ ওভারে ৮ উইকেটে ৩৩৪ রানের সংগ্রহ পায় ইংল্যান্ড। আয়ারল্যান্ডের জিওর্জি ডকরেল ৩টি উইকেট নেন।
জবাবে স্বীকৃত ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারায় ১৮৮ রানে ৮ উইকেট হারিয়ে দুইশর নিচে গুটিয়ে যাবার শঙ্কায় পড়ে আয়ারল্যান্ড। কিন্তু শেষ দুই উইকেটে ৯৮ রান উঠলে বড় লজ্জার হার থেকে রক্ষা পায় আইরিশরা।
নবম উইকেটে ব্যারি ম্যাককার্থিকে নিয়ে ৪৩ ও শেষ উইকেটে জশ লিটলকে নিয়ে ৫৫ রান তুলেন ক্রেইগ ইয়ং। ৪৬.৪ ওভারে ২৮৬ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। ম্যাককার্থি ৪০, ইয়ং অপরাজিত ৪০ ও লিটল ২৯ রান করেন। ইংল্যান্ডের রেহান ৫৪ রানে ৪ এবং অভিষিক্ত পেসার জর্জ স্ক্রিমশ ৬৬ রানে ৩টি উইকেট নেন। ম্যাচ সেরা হন জ্যাকস।
বিশ^কাপ দলে থাকা খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে দ্বিতীয় সারির দল নিয়ে এই সিরিজে খেলছে ইংল্যান্ড। এ ম্যাচে ইংলিশদের পক্ষে চার জনের ওয়ানডে অভিষেক হয়।

আগামী ২৬ সেপ্টেম্বর ব্রিস্টলে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড।

তথ্য পাওয়া মানুষের মৌলিক অধিকার : রাষ্ট্রপতি

তথ্য অধিকার আইন সম্পর্কে তৃণমূল পর্যায়ে জনগণকে সচেতন করতে তথ্য কমিশনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
আজ রোববার সকালে বঙ্গভবনে প্রধান তথ্য কমিশনার ডক্টর আব্দুল মালেকের নেতৃত্বে তথ্য কমিশনের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির কাছে কমিশনের বার্ষিক প্রতিবেদন -২০২২ পেশ করতে গেলে তিনি এ নির্দেশনা দেন।

এ সময় তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক এবং মাসুদা ভাট্টিও উপস্থিত ছিলেন।
পরে প্রেস সচিব মো. জয়নাল আবেদিন ব্রিফিংয়ে জানান, সাক্ষাৎকাকালে প্রধান তথ্য কমিশনার প্রতিবেদনের বিভিন্ন দিক এবং কমিশনের সার্বিক কর্মকা- সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি জানান, ২০২২ সালে চাহিত তথ্যের তুলনায় প্রদেয় তথ্যের পরিমাণ ৯৭ শতাংশ।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, তথ্য পাওয়া মানুষের মৌলিক অধিকার। তথ্যের অবাধ প্রবাহ মানুষের কল্যাণ প্রসারিত এবং দুর্নীতিকে সংকুচিত করে উল্লেখ করে রাষ্ট্রপতি দুর্নীতি দমনে তথ্য অধিকার আইনের ব্যাপক প্রয়োগের ওপর জোর দেন।
তথ্য অধিকার আইন এবং এর যথাযথ প্রয়োগ সম্পর্কে তৃণমূল পর্যায়ে জনগণ যাতে জানতে পারে সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন রাষ্ট্রপতি।
তথ্য অধিকার আইনের প্রয়োগ আরও বাড়াতে প্রশাসন, সুশীল সমাজের প্রতিনিধিসহ সমাজের বিভিন্ন স্তরের জনগণকে সম্পৃক্ত করতে বলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম এবং সচিব সংযুক্ত মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

১০ জন নিয়ে খেলেও ম্যান সিটির জয়

উত্তেজনাপূর্ণ ম্যাচে শনিবার নটিংহ্যাম ফরেস্টকে ২-০ গোলে পরাজিত করেছে ম্যানচেস্টার সিটি। রড্রির লাল কার্ডে দ্বিতীয়ার্ধে সিটি ১০ জন নিয়ে খেলেও জয় ধরে রেখে প্রিমিয়ার লিগে পাঁচ পয়েন্টে এগিয়ে টেবিলের শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছে।
ইত্তিহাদ স্টেডিয়ামে ম্যাচ শুরুর ১৫ মিনিটের মধ্যে ফিল ফোডেন ও আর্লিং হালান্ডের গোলে সিটি ২-০ ব্যবধানে লিড নেয়। এই ব্যবধান আর ঘোঁচাতে পারেনি সফরকারী ফরেস্ট। এর ফলে ছয় ম্যাচে শতভাগ জয় নিশ্চিত করলো সিটিজেনরা।

পেপ গার্দিওলার দল এনিয়ে সব ধরনের প্রতিযোগিতায় টানা ২০ ম্যাচে জয়ের কৃতিত্ব দেখালো। কিন্তু রড্রির পাগলামির কারনে শেষ মুহূর্তে ফরেস্টের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছিল সিটি। দ্বিতীয়ার্ধ শুরুর ৬০ সেকেন্ডেরও কম সময়ের মধ্যে স্প্যানিশ তারকা রড্রি প্রতিপক্ষ ইংলিশ মিডফিল্ডার মরগান গিবস-হোয়াইটের গলা চেপে ধরলে লাল কার্ড দেখে মাঠত্যাগে বাধ্য হন। এই ফাউলের শাস্তি হিসেবে হয়তোবা তাকে তিন ম্যাচ নিষেধাজ্ঞার খড়গে পড়তে হতে পারে। আগামী মাসে প্রিমিয়ার লিগে আর্সেনাল সফরে তাকে দেখা যাচ্ছেনা, এটা প্রায় নিশ্চিত।
ম্যাচ শেষে গার্দিওলা বলেছেন, ‘প্রথমার্ধে ম্যাচটি ছিল একেবারেই ব্যতিক্রম। দ্বিতীয়ার্ধেও আমরা দারুণভাবে প্রতিরোধ করেছি। কারন ৫২ মিনিট আমাদের ১১ জনের বিরুদ্ধে ১০ জন নিয়ে খেলতে হয়েছে। সে কারণে বিষয়টি মোটেই সহজ ছিলনা। আশা করছি রড্রি এই ঘটনা থেকে শিক্ষা নিবে। তাকে অবশ্যই আবেগকে নিয়ন্ত্রন করতে হবে।’
ম্যাচে প্রথম ভাগে সিটি কোনোদিক থেকে কোনো ছাড় দেয়নি। তারই ধারাবাহিকতায় ৭ মিনিটে কাইল ওয়াকারের ক্রস থেকে ফোডেনের ভলিতে এগিয়ে যায় স্বাগতিকরা। ইনজুরি সমস্যার কারণে উল্ফস থেকে দলে আসা ম্যাথুস নুনেসের কাল সিটির হয়ে লিগ ম্যাচে প্রথমবারের মত মূল একাদশে খেলার সুযোগ হয়েছিল। দ্বিতীয় গোলে সহযোগিতা করে তিনি গার্দিওলার আস্থার প্রতিদান দিয়েছেন। ফোডেনের সঙ্গে বল আদান প্রদান করে নুনেস হালান্ডের দিকে পাস করে দেন। মৌসুমের নবম গোল আদায় করে নিতে কোনো ভুল করেননি হালান্ড।

রড্রির লাল কার্ডের আগে ইউরোপীয়ান চ্যাম্পিয়নরা আর কোনো বিপদে পড়েনি। ইন-ফর্ম নাইজেরিয়ান স্ট্রাইকার টাইও আয়োনিয়ি ফরেস্টের হয়ে সেরা সুযোগটি হাতছাড়া করেন। চাপে থাকা এডারসনের মাথার উপর দিয়ে বল বাইরে পাঠিয়ে দেন এই নাইজেরিয়ান।