শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

হাজার কোটির ঘরে ‘জওয়ান’

‘পাঠান’র পর এবার বিশ্বজুড়ে ঝড় তুলেছে শাহরুখের ‘জওয়ান’। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) মুক্তি পায় সিনেমাটি। মুক্তির পরই রীতিমতো বক্স অফিস কাঁপাচ্ছে শাহরুখ অভিনীত এই সিনেমা।

গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন
বিশ্বব্যাপী ১০ হাজার পর্দায় মুক্তি পায় সিনেমাটি। অ্যাটলি কুমার পরিচালিত এ সিনেমা মুক্তির পর থেকে একাধিক রেকর্ড গড়েছে।

এদিকে আয়ের বহুপ্রতীক্ষিত লক্ষ্যমাত্রায় পৌঁছেছে। ‘পাঠান’সহ একাধিক সিনেমার রেকর্ড ভেঙে ‘জওয়ান’ সিনেমার আয় ছাড়াল ১ হাজার কোটি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪শ কোটি টাকা। পুরো বিশ্বের ব্যবসা মিলিয়ে অ্যাটলি পরিচালিত এ সিনেমা রেকর্ড পরিমাণ ব্যবসা করেছে—এ কথা বলাই যায়।

ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে থেকে জানা যায়, ‘জওয়ান’ নিয়ে উন্মাদনা যে কতটা, তা এখনও বোঝা যাচ্ছে যেকোনো প্রেক্ষাগৃহে গেলেই। কলকাতাসহ বিভিন্ন শহর, এমনকি মফস্বলের প্রেক্ষাগৃহগুলোতেও ছুটির দিনে টিকিট পাওয়া যাচ্ছে না বলা চলে।

এমন অনেকেই রয়েছেন, যারা একবার ‘জওয়ান’ দেখেছেন। দ্বিতীয় বা তৃতীয়বার এ সিনেমা দেখতে আসার দর্শকের সংখ্যাটাও কম নয়। আর তাদের কাঁধে ভর করেই ‘জওয়ান’ এ বিশাল ব্যবসার লক্ষ্যমাত্রায় পৌঁছেছে।

রোববার (২৪ সেপ্টেম্বর) বক্স অফিস বিশ্লেষক তরন আদর্শ এ তথ্য জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘এক্স’ (টুইটার)-এ এক পোস্টে তিনি জানান, মুক্তির মাত্র ১৮ দিনের মধ্যে ৫০০ কোটির ক্লাবে প্রবেশ করে নতুন রেকর্ড গড়েছে ‘জওয়ান’।

এর আগে সবচেয়ে দ্রুত ৫০০ কোটির ক্লাবে পৌঁছানোর রেকর্ডটি সানি দেওলের ‘গদর-টু’ সিনেমার দখলে ছিল। ৫০০ কোটির ক্লাবে পৌঁছাতে ‘গদর টু’ সিনেমার সময় লেগেছিল ২৪ দিন।

প্রসঙ্গত, শাহরুখ খান এই সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। তাকে বাবা ও ছেলে দুই ভূমিকায় দেখা গেছে। অ্যাটলি কুমার পরিচালিত এই সিনেমায় কিং খান ছাড়া আছেন বিজয় সেতুপতি, নয়নতারা, সানিয়া মালহোত্রা, ঋদ্ধি ডোগরা, প্রিয়ামণি, সুনিল গ্রোভার প্রমুখ।

এ ছাড়া ছবিতে ক্যামিও হিসেবে দেখা গেছে দীপিকা পাড়ুকোন ও সঞ্জয় দত্তকে। সাধারণ মানুষ থেকে চিত্র সমালোচক সবাই ‘জওয়ান’-এর প্রশংসায় পঞ্চমুখ।

বিএনপিকে ৩৬ দিনের আল্টিমেটাম দিলেন ওবায়দুল কাদের

সন্ত্রাস-নৈরাজ্য পরিহার করার জন্য বিএনপিকে ৩৬ দিনের আল্টিমেটাম দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর আজমপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এ আল্টিমেটাম দেন। বিএনপির ‌‘সন্ত্রাস, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের’ বিরুদ্ধে এই সমাবেশের আয়োজন করা হয়।

ওবায়দুল কাদের বলেন, ৩৬ দিনের আল্টিমেটামে বিএনপি যদি সংশোধন না হয়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে তাদের অপরাজনীতির কালো হাত ভেঙে দেওয়া হবে। বিএনপি আগুন নিয়ে এলে তাদের হাত পুড়িয়ে দেওয়া হবে, অস্ত্র নিয়ে এলে ভেঙে দেওয়া হবে, যেমন কুকুর তেমন মুগুর। বিএনপি নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির জন্য ৩৬ ঘণ্টার আল্টিমেটাম দেয় কোন মুখে? তারা তো ৩৬ মিনিটের একটি আন্দোলনও করতে পারেনি। বিএনপির কোমর, হাঁটু সব ভেঙে গেছে।

তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের শক্তিতে বিশ্বাস করে। কারও ভিসানীতি—নিষেধাজ্ঞার পরোয়া আমরা করি না। বাংলাদেশ স্বাধীন করেছি কারও নিষেধাজ্ঞার পরোয়া করার জন্য নয় বা কারও নিষেধাজ্ঞা মানার জন্য নয়। আমার নির্বাচন আমি করব। তুমি কে? সাত সমুদ্র তেরো নদীর পাড় থেকে আটলান্টিকের ওপার থেকে নিষেধাজ্ঞা দেবে, এই দেশ গ্যাবনের আলি বোঙ্গোর দেশ নয়।

ওবায়দুল কাদের আরও বলেন, আগামী মাসে খেলা হবে। আর আসল খেলা হবে জানুয়ারির প্রথম সপ্তাহে। বিএনপি এখন সোজা হয়ে দাঁড়াতে পারে না। এখন যুক্তরাষ্ট্রের ভিসানীতির ওপর ভর করেছে। আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি। আমাদের নিজেদের শক্তিতে আমরা বলীয়ান। শেখ হাসিনার মতো নেতা আমাদের আছেন। বিএনপির সব আন্দোলন সমাবেশ বৃথা হয়ে গেছে। নির্বাচন সঠিক সময়ে সংবিধান অনুযায়ী হবে, এদেশের জনগণ শেখ হাসিনা ছাড়া কাউকেই মেনে নেবে না। দেশের সব দৃশ্যমান উন্নয়ন একমাত্র শেখ হাসিনা ছাড়া সম্ভব নয়। শিগগিরই সব সংকট কেটে যাবে।

ডেঙ্গুতে মৃত্যু ফের ঊর্ধ্বমুখী

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্তের হার ফের ঊর্ধ্বমুখী। সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৯২৮ জনে দাঁড়াল।

সোমবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে জানানো হয়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে আরও ৩ হাজার ৩৩ জন ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকার বাসিন্দা ৮০১ জন ও ঢাকার বাইরের দুই হাজার ২৩২ জন।

এর আগে, রোববার ডেঙ্গুতে ১৬ জনের মৃত্যু এবং ৩ হাজার ৮ জন আক্রান্ত হওয়ার তথ্য জানানো হয়। সেই হিসেবে সোমবার ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্ত উভয়ই বেড়েছে।

নতুন আক্রান্তদের নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক লাখ ৯০ হাজার ৫৮১ জন। এর মধ্যে ঢাকার বাসিন্দা ৭৯ হাজার ৭১৬ জন। আর ঢাকার বাইরের এক লাখ ১১ হাজার ৪২ জন।

পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৭৯ হাজার ৬৮৩ জন। এর মধ্যে ঢাকার বাসিন্দা ৭৫ হাজার ৪৮২ জন এবং ঢাকার বাইরের ১ লাখ ৪ হাজার ২০১ জন।

এর আগে, ২০২২ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন। ওই বছর এডিস মশাবাহিত এই রোগে ২৮১ জনের মৃত্যু হয়।

বেঁচে থাকার কারণ জানালেন পরী

ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা পরীমণি ও চিত্রনায়ক শরীফুল রাজের সংসার ভেঙে গেছে। গত ১৮ সেপ্টেম্বর রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন পরীমণি। এ নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় নানান আলোচনা-সমালোচনা এখনও বিদ্যমান।

রাজকে ডিভোর্সের ঘোষণা দেওয়ার পর পরীমণি জানিয়েছেন সন্তান পদ্মকে নিজের কাছেই রাখবেন। ছেলের যাবতীয় ভরণপোষণ বর্তমানের মতো আগামীতেও তিনিই বহন করবেন।

এবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সন্তানের সঙ্গে বেশ হাস্যজ্জ্বল ছবি পোস্ট করে এই নায়িকা জানান, পদ্মই তার বেঁচে থাকার সবচেয়ে সুন্দর কারণ।

সোমবার (২৫ সেপ্টেম্বর) পরী তার সন্তানের সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, জীবনের কাছে আমি শুধু একটি জিনিসই চাই, তা হলো— জীবন যেন আমাকে সবসময় আমার ছেলের পাশে থাকতে দেয় এবং তাকে বেড়ে ওঠা দেখতে দেয়।

এর আগে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে সন্তান রাজ্যের সঙ্গে দেখা গেছে তাকে। রাজ্যকে মুখে তুলে খাইয়ে দিচ্ছেন মা পরী। সেইসঙ্গে চুমু দিচ্ছেন সন্তানকে। সঙ্গে ইংরেজিতে ক্যাপশনে লিখেছেন অভিনেত্রী। যার বাংলা ভাবার্থ করলে দাঁড়ায়, যত বাধাই আসুক নিজের সন্তানই হলো জীবনে সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে সুন্দর কারণ।

২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। মাত্র সাত দিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন। ২০২২ সালের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা।

এমবাপ্পের চোট গুরুতর নয়

লিগ ওয়ানের ম্যাচে মার্শেইর বিপক্ষে মাঠে নেমে গোড়ালির চোট নিয়ে মাঠ ছাড়েন কিলিয়ান এমবাপ্পে। তবে এই ফরাসি তারকার চোট খুব একটা গুরুতর নয় বলেই জানিয়েছেন পিএসজি কোচ লুইস এনরিকে।

রোববার (২৪ সেপ্টেম্বর) পার্ক দি প্রিন্সেসে লিগ ওয়ানের ম্যাচে মার্শেইর বিপক্ষে ৪-০ গোলের জয় পেয়েছে পিএসজি। তবে এই ম্যাচে পিএসজি জয় নিয়ে মাঠ ছাড়লেও অস্বস্তি নিয়ে মাঠে ছাড়েন এমবাপ্পে। ইনজুরির কারণে ম্যাচের ৩১ মিনিটে মাঠ ছাড়েন তিনি।
এমবাপ্পেকে বদল করা নিয়ে পিএসজি কোচ এনরিক বলেন, ‘আমি ঠিক জানি না কী ঘটেছে তবে আমি মনে করি এটি একটি নক ছিল। ও স্ট্র্যাপিং পরিবর্তন করার এবং চালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু ব্যথা দূর হয়নি। আমার মনে হয় না গুরুতর কিছু এবং শীঘ্রই ও ফিরে আসবে। তবে একজন খেলোয়াড় যখন ১০০ শতাংশ না হয় তখন ঝুঁকি না নেওয়াই ভালো।

বাইডেনের চেয়ে এগিয়ে ট্রাম্প : জরিপ

ঘনিয়ে আসছে মার্কিন মধ্যবর্তী প্রেসিডেন্ট নির্বাচন। ২০২৪ সালের নির্বাচনে লড়াইয়ের দৌড়ে আছেন ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প। আসন্ন নির্বাচনে কার প্রতি জনগণের আগ্রহ এ নিয়ে সংবাদমাধ্যম এবিসি ও ওয়াশিংটন পোস্টের জরিপে দেখা গেছে; বাইডেনের চেয়ে এগিয়ে আছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। যা ডেমোক্রেট শিবিরের জন্য অস্বস্তির পূর্ভাবাস।
প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে গত ১৫-২০ সেপ্টেম্বর এক হাজার ছয়জন প্রাপ্তবয়স্কের ওপর জরিপটি চালানো হয়। এটি মূলত করা হয়েছে মোবাইল ফোনে। ফলাফলে দেখা গেছে, বাইডেনের ৪২ শতাংশ ভোটের বিপরীতে ট্রাম্প পেয়েছেন ৫২ শতাংশ। ফলে ১০ পয়েন্টে এগিয়ে ডোনাল্ড ট্রাম্প।

ওয়াশিংটন পোস্ট বলছে, গত কয়েক মাসের সমীক্ষার সঙ্গে এই ফলাফলের অনেকটা পাথর্ক্য দেখা যাচ্ছে। কারণ হিসেবে বলা হচ্ছে, মার্কিন অর্থনীতির সার্বিক পরিস্থিতি এবং অভিবাসন ইস্যুতে প্রেসিডেন্ট বাইডেনের ভোটারদের অষন্তোষ বাড়ছে।
জরিপে আরও দেখা গেছে, প্রেসিডেন্ট হিসেবে বাইডেন যেভাবে রাষ্ট্র পরিচালনা করছেন তাতে ৫৬ শতাংশ মানুষ অস্বীকৃতি জানিয়েছে। একই জরিপে ট্রাম্পের ক্ষেত্রে ৫৮ শতাংশ ভোটরার ইতিবাচক। নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে ৫৯ শতাংশ। এখানেও বলা হচ্ছে, অভিবাসীদের ঢল ঠেকাতে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল নিয়ে অসন্তোষে দেখিয়েছে জরিপে অংশ নেওয়া ৬২ শতাংশ ভোটার।

এশিয়ান গেমস : প্রথমবারই ভারতের স্বর্ণ জয়

এশিয়ান গেমসে নারী ক্রিকেটের অন্তর্ভুক্তি হলো তৃতীয়বার। ভারত প্রথমবার অংশ নিয়েই জিতলো স্বর্ণ। সোমবার ফাইনালে হাংজুর ঝিলং ইউনিভার্সিটি অব টেকনোলজি ক্রিকেট ফিল্ডে দাপট দেখিয়ে তারা হারালো শ্রীলঙ্কাকে।
১৯ রানে হেরে রৌপ্য পদক পেয়েছে শ্রীলঙ্কা। আর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। গত দুইবারের স্বর্ণজয়ী পাকিস্তান প্রথমবার নারী ক্রিকেটে খালি হাতে ফিরছে।

নিষেধাজ্ঞা কাটিয়ে এই ম্যাচে অধিনায়ক হিসেবে ফেরেন হারমানপ্রীত কৌর। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন তিনি। শেফালি ভার্মাকে (৯) শ্রীলঙ্কা দ্রুত ফেরালেও স্মৃতি মান্ধানা (৪৬) ও জেমিমাহ রদ্রিগেজ (৪২) ভারতকে শক্ত অবস্থানে নেন। তাদের জুটি ছিল ৭৩ রানের। শেষ দিকে লঙ্কান বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৭ উইকেটে ১১৬ রানে থামে ভারত।
জবাব দিতে নেমে তিতাস সাধুর (৩/৬) তোপে পড়ে শ্রীলঙ্কা। পাওয়ার প্লের মধ্যে টপ অর্ডারের তিন উইকেট নেন এই পেসার। মাঝের ওভারগুলোতে শ্রীলঙ্কার মিডল অর্ডার আশা জাগালেও ভারতীয় স্পিনাররা রানের লাগাম টেনে ধরেন এবং নিয়মিত বিরতিতে উইকেট নেন।
শ্রীলঙ্কা ইনিংস শেষ করে ৮ উইকেটে ৯৭ রানে, জয় থেকে ২০ রান দূরে থাকতে। হাসিনি পেরেরা তাদের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন।

কারাগারে গিয়েই খালেদা জিয়াকে বিদেশ যাওয়ার আবেদন করতে হবে: অ্যাটর্নি জেনারেল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে গিয়েই বিদেশ যাওয়ার আবেদন করতে হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। সোমবার (২৫ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার নিতে হলে তাদের নতুন করে আবেদন করতে হবে। তখন আগের আদেশ বাতিল হয়ে যাবে। আদেশ বাতিল হয়ে গেলে তিনি (খালেদা জিয়া) বাইরে থাকতে পারবেন না।

এর আগে আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শর্তসাপেক্ষে সাজা স্থগিত করে মুক্তি দেয়া হয়েছে। এখন আইনের কোন পরিবর্তন আনতে হলে, শর্তযুক্ত মুক্তি বাতিল করতে হবে।
তিনি বলেন, খালেদা জিয়াকে আইনের ৪০১ ধারায় শর্তযুক্ত করে সাজা স্থগিত করা হয়েছে। এখন যদি কোনো আইনের পরিবর্তন আনতে হয় তাহলে তাকে শর্তযুক্ত মুক্তি বাতিল করতে হবে। আইনের অবস্থান থেকে সরকারের আর কিছু করার নাই।
তিনি আরও বলেন, দেশে আইনের শাসন আছে। আদালতকে শ্রদ্ধা জানাই। যে শর্তে তার (খালেদা জিয়া) সাজা স্থগিত রাখা হয়ছে। তিনি তা মেনেছেন। এরচেয় বেশি করার কিছু নেই।
এর আগে বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য আদালতে যেতে বলে স্বরাষ্ট্রমন্ত্রী সময়ক্ষেপণ করছেন।
তিনি বলেন, খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার আদালতে আসতে বলা সময়ক্ষেপণ এবং জাতিকে বিভ্রান্ত করার জন্য একটা কৈৗশল। কেননা গত ৫ সেপ্টেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর খালেদা জিয়ার ছোট ভাই খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কেন্দার একটি আবেদন করেছেন। সেই আবেদন স্বরাষ্ট্রমন্ত্রী কর্তৃক গৃহীত হয়েছে সে মর্মে একটি সিল দেয়া আছে।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সেই আবেদনে স্পষ্টভাবে লেখা আছে খালেদা জিয়ার চিকিৎসা দেশে সম্ভব নয়। তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের অনুরোধ সেই আবেদনে উল্লেখ করা আছে।

রাজধানীতে র‌্যাবের বিশেষ মহড়া

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নাশকতার আশঙ্কায় রাজধানীতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাপিট অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ লক্ষে র‌্যাবের বিশেষ মহড়া ও চেকপোস্ট বসানো হয়েছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুর পল্লবী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান র‌্যাব-৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রহমান।

তিনি বলেন, ‘জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ইভেন্টের সময় বিভিন্ন স্বার্থান্বেষী মহলের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নাশকতার একটি সম্ভাবনা থাকে। সর্বসাধারণের জানমালের নিরাপত্তার লক্ষ্যে র‌্যাব-৪সহ দেশের সব ব্যাটালিয়ন তাদের নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় রোবাস্ট পেট্রোল বা বিশেষ মহড়া পরিচালনা ও গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট পরিচালনা করছে।’
তিনি বলেন, ‘এই পেট্রোল জোরদারের ফলে ছিনতাই, চুরি, ডাকাতি, খুন, ধর্ষণসহ অন্যান্য অপরাধ বহুলাংশে হ্রাস পেয়েছে। একইসঙ্গে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য অনেকটা কমে গিয়েছে। রোবাস্ট পেট্রোল ছাড়াও যে কোনও ধরনের উদ্ভুত পরিস্থিতি, সহিংসতা বা নাশকতামূলক কর্মকাণ্ড মোকাবিলায় র‌্যাব স্পেশাল ফোর্স টিম, র‌্যাবের হেলিকপ্টার, ডগ স্কোয়াড ও বোম্ব ডিস্পোজাল ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।’

এছাড়া যেকোনও গুজব অপপ্রচার রোধে আমাদের সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে। যে কোনও মূল্যে সর্বসাধারণের জানমালের নিরাপত্তা ও দৈনন্দিন জীবনে ব্যাঘাত সৃষ্টিকারীদের নিয়ন্ত্রণ করা হবে বলে জানান র‌্যাব-৪ এর অধিনায়ক।

প্রবাসী আয় বাড়লে অর্থনৈতিক সমস্যা সমাধান হবে : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, প্রবাসী আয় বাড়লে বৈদেশিক মুদ্রার সংকটসহ চলমান অর্থনৈতিক সব সমস্যার সমাধান সম্ভব।
আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে এক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘এখন তো বহু মানুষ দেশের বাইরে যাচ্ছেন। তরুণরা স্কলারশিপ নিয়ে বিদেশে গিয়ে স্থায়ী হচ্ছেন। শ্রমিকরাও বৈধপথে বিদেশ যাচ্ছেন। কিন্তু সেই অনুপাতে দেশে রেমিট্যান্স আসছে না। রেমিট্যান্সটা যদি বাড়তো, যেভাবে আগে আসছিল; সেভাবে আসত, তাহলে অর্থনৈকি সমস্যার সমাধান হয়ে যেত।’
তিনি বলেন, ‘কেন রেমিট্যান্স বাড়ছে না, এটার সুনির্দিষ্ট কারণ খুঁজতে হবে। সমাধানের পথ বের করতে হবে। এ জন্য আমাদের যারা অর্থনীতিবিদ রয়েছেন, এ সেক্টরের বিশেষজ্ঞ রয়েছেন, তাদের কাছে আমরা উদ্ভাবনী পরামর্শ চাইবো। আপনারা রেমিট্যান্স প্রবাহ ঠিক রাখতে সংস্কারের প্রস্তাব-পরামর্শ দিলে আমরা গ্রহণ করব।’
কর্মশালায় সভাপতিত্ব করেন অর্থ মন্ত্রণালয়ের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার। এতে বিশেষ অতিথি ছিলেন বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেক এবং বিশ্বব্যাংকের গভর্ন্যান্স গ্লোবাল প্রাকটিসের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্র্যাকটিস ম্যানেজার হিশাস ওয়েলি।
এর আগে বেলা ১১টার দিকে সরকারি আর্থিক ব্যবস্থপনা পুনর্গঠন বিষয়ে প্যানেল আলোচনা হয়। এতে আলোচক ছিলেন সাবেক পাঁচ অর্থসচিব। তারা হলেন মো. জাকির আহমেদ খান, ড. মোহাম্মদ তারেক, মো. ফজলে কবির, মোহাম্মদ মুসলিম চৌধুরী, আব্দুর রউফ তালুকদার।