শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

শেখ হাসিনা যা বলেন তা করে দেখান : আইনমন্ত্রী

ভারতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেলফি নয় বরং বাংলাদেশের সঙ্গে আমেরিকার সেলফি তোলা হয়েছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে সুপ্রিম কোর্টের দক্ষিণ হলে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন আইনমন্ত্রী।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলেন তা করে দেখান। দেশি-বিদেশি নানান ষড়যন্ত্র মোকাবিলার মাধ্যমে নিজ দেশের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে শেখ হাসিনা প্রমাণ করেছেন, বাঙালিরা পারে।

আনিসুল হক বলেন, বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে পারলেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নসহ শেখ হাসিনার জীবন পরিকল্পনা ও সংগ্রামকে সম্মান জানানো হবে এবং তাকে সঠিকভাবে মূল্যায়ন করা হবে।

আইনজীবীদের শেখ হাসিনার পাশে থাকার আহ্বান জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আসুন আমরা যারা আইনজীবী আছি, তারা আজকে শেখ হাসিনার শুভ জন্মদিন জানানোর সাথে সাথে বলি, আমরা শেখ হাসিনার সাথে সবসময় থাকব এবং তার ২০৪১ সালে যে উন্নত- স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন , সেই স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাব।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক ইউসুফ হোসেন হুমায়ুনের সভাপতিত্বে ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক আব্দুন নূর দুলালের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মমতাজ উদ্দিন ফকির, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মনির, অ্যাডভোকেট সানজিদা খানম, ব্যারিস্টার মেহেদী হাসান প্রমুখ বক্তব্য রাখেন।

নতুন করে করোনায় আক্রান্ত ৮, মৃত্যু নেই

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৫ হাজার ৭০৬ জনে। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এর ফলে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৭৭ জনেই রইল।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১৩ হাজার ৩২১ জন।

২৪ ঘণ্টায় ৮৮৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৮০৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৯৯ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ১৩ শতাংশ।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

তামিমের অধিনায়ত্ব ছাড়া উচিত হয়নি : মাশরাফি

তামিম ইকবাল ও সাকিব আল হাসানের পর এবার ভিডিও বার্তা নিয়ে এলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। যেখানে শুরুতেই তামিমের প্রসঙ্গ টানেন তিনি।
মাশরাফি প্রথমে তামিমের অধিনায়কত্ব ছাড়া নিয়ে কথা বলেন। মাশরাফি বলেন, আমার কাছে কোনো দিক থেকে মনে হয়নি তামিমের অধিনায়কত্ব ছাড়া উচিত হয়েছে। তামিমের একটা ইস্যু ছিল, সেটা হচ্ছে ইনজুরি। ইনজুরি থাকলে কিছু করার নাই। বোর্ডও তামিমকে নিয়ে কমফোর্ট ছিল। বোর্ড একটা জিনিস ক্লিয়ার করেছে যে, তামিমকে আমরা অধিনায়ক হিসেবে দেখেছি।

বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আরও বলেন, সে জায়গা থেকে তামিম অধিনায়কত্ব আসলে ছাড়া প্রয়োজন ছিল কি না ইনজুরির সঙ্গে মিলিয়ে সেটা তামিমই ভালো বলতে পারবে। বোর্ডের কেউ না কেউ তামিমের সঙ্গে কথা বলেছে। যেখানে সে উত্তেজিত হয়ে যায়। উত্তেজিত হয়ে যাওয়ার পর সে আর দলে থাকতে চায়নি।
মাশরাফি আরও বলেন, বোর্ড ক্লিয়ার করেছে যে, তামিম অধিনায়ক থাকলে বোর্ডের কোনো সমস্যা নাই। এখন পয়েন্ট ছিল তামিমের ইনজুরি। সে জন্য তামিমকে আরেকটু অপেক্ষা করা উচিত ছিল।

চীনের আক্রমণ ঠেকাতে তাইওয়ানের নতুন সাবমেরিন

চীনের সম্ভাব্য আক্রমণ ঠেকাতে নিজস্ব প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক সাবমেরিন সাগরে নামিয়েছে তাইওয়ান। আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) তাইওয়ানের বন্দরনগরী কাউসিউংয়ে সাবমেরিনটি উদ্বোধন করা হয়। খবর বিবিসির।
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, এ সাবমেরিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন।

এসময় তিনি বলেন, ‘আমাদের ইতিহাসে এই দিনটি চিরস্মরণীয় হয়ে থাকবে। ’
তাইওয়ানের প্রেসিডেন্ট আরও বলেন, নিজস্ব প্রযুক্তিতে সাবমেরিন তৈরি প্রায় অসম্ভবই ছিল, কিন্তু আমরা এটি সম্ভব করেছি।
তাইওয়ানের সামরিক কর্মকর্তারা বলেছেন, সাবমেরিনটি তৈরিতে ১৫৪ কোটি ডলার ব্যয় হয়েছে। ডিজেল-ইলেকট্রিক পাওয়ার চালিত সাবমেরিনটির নির্মাণকাজ শেষ হলেও কমিশনিংয়ের আগে আরও বেশ কয়েক দফা পরীক্ষার মধ্য দিয়ে যাবে। তারপর ২০২৪ সালের শেষ নাগাদ এটিকে সক্রিয় নৌ টহলে নামানো হতে পারে।
চীনা পুরাণের চরিত্র দানবীয় আকৃতির মাছ হাইকুনের নামানুসারে সাবমেরিনটির নামকরণ করা হয়েছে। হাইকুন এমন একটি মাছ, যা পানিতে বাস করলেও এর উড্ডয়নক্ষমতা রয়েছে। এদিকে আরও একটি হাইকুন সাবমেরিন নির্মাণাধীন। তাইওয়ানের লক্ষ্য হলো অন্তত ১০টি সাবমেরিনের একটি বহর পরিচালনা করা।
নিজস্ব প্রযুক্তিতে তৈরি তাইওয়ানের সাবমেরিন প্রকল্পের প্রধান অ্যাডমিরাল হুয়াং শু-কুয়াং গত সপ্তাহে সাংবাদিকদের বলেছেন, এসব সাবমেরিন তৈরির লক্ষ্য হলো তাইওয়ানকে ঘিরে ফেলা চীনের আক্রমণ রুখে দেয়া এবং নৌ অবরোধ আরোপ করার যে কোনো প্রচেষ্টা প্রতিহত করা।

হেনস্তার শিকারে মুখ খুললেন তামিল অভিনেত্রী

ভারতীয় অভিনেত্রী ও কণ্ঠশিল্পী নিত্যা মেনন তামিল এক অভিনেতার হেনস্তার শিকার হয়েছেন। দক্ষিণী বিনোদন জগতে যখন এ ইস্যু টক অব দ্য টাউনে পরিণত হয়েছে ঠিক তখনই এ বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী নিত্যা।
দক্ষিণী সিনেমার নায়িকা নিত্যা তার অভিনয় দিয়ে জনপ্রিয়তা পেয়েছেন দর্শক হৃদয়ে। মালয়ালম, তেলেগু, তামিল, হিন্দিসহ ভারতীয় নানা ভাষায় তিনি অভিনয় করেন।
সম্প্রতি তামিল একটি সিনেমায় অভিনয় করতে গিয়ে এই অভিনেত্রী তামিল সিনেমার নায়কের কাছে হেনস্তার শিকার হয়েছেন।
এ খবর মিডিয়া পাড়ায় ছড়িয়ে পড়ার পর অন্তর্জালে ভাইরাল হয় নিত্যার একটি সাক্ষাৎকারের ভিডিও। ওই ভিডিওতে দাবি করা হয়, তামিল ইন্ডাস্ট্রিতে কাজ করা তার জন্য ভোগান্তির। কারণ হিসেবে নিত্যা নায়কের নাম প্রকাশ না করে বলেন, ছবির শুটিংয়ের সময় তামিল সিনেমার এক নায়কের কাছে তাকে হেনস্তার শিকার হতে হয়েছিল।
নিত্যার হেনস্তার বিষয়টি যখন ভাইরাল ভিডিওর মাধ্যমে তখনই এ প্রসঙ্গে মুখ খোলেন নিত্যা। ভারতীয় সংবাদমাধ্যম পিংকভিলার বরাতে জানা যায়, টুইটারে নিত্যা এ প্রসঙ্গে লিখেছেন, তামিল সিনেমার নায়কের কাছে হেনস্তার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।

টুইটারে নিত্যা আরও জানান, ভাইরাল ভিডিওতে প্রকাশিত সাক্ষাকারও তিনি দেননি। এর পরই নিত্যা ভুয়া খবর অন্তর্জাজালে কে বা কারা ছড়াচ্ছেন, তাদের সঙ্গে কথা বলতে চান বলে ইচ্ছা প্রকাশ করেন।
এমন ভুয়া খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ায় স্থানীয় সাংবাদিকদের প্রতি অসন্তোষ প্রকাশও করেন এ অভিনেত্রী। সবশেষে টুইটারে আফসোস করে নিত্যা লেখেন, মিডিয়ায় কেউ সারা জীবন টপে থাকতে পারে না। তারপরও অনেকে অন্যের সঙ্গে খারাপ ব্যবহার করতে পিছপা হন না। এটি সত্যি দুঃখজনক। এমন কুকাজ খুব শিগগিরই বন্ধ করা উচিত।

ষড়যন্ত্র করে নির্বাচন বানচাল করা যাবে না: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, কোনো ষড়যন্ত্র করে নির্বাচন বানচাল করা যাবে না, যথাসময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার রাজধানীতে ঐতিহাসিক সোহরওয়ার্দী উদ্যানে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারিয়া ও বাংলাদেশ সুপ্রিম পার্টি আয়োজিত আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশে বক্তৃতাকালে আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, “আগামী নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে। এ দেশে নির্বাচন ভন্ডুল করে ‘হামিদ কারজাই’ মার্কা সরকার গঠনের অপচেষ্টা কখনো বাস্তবায়িত হবে না। ২০১৪ সালে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হয়েছিল, বলা হয়েছিল সরকার টিকবে না। আমাদের সরকার পূর্ণ পাঁচ বছর দেশ পরিচালনা করেছে। ২০১৮ সালেও ষড়যন্ত্র হয়েছিল, এবারও আমরা দু’মাসের মাথায় পাঁচ বছর পূর্ণ করতে যাচ্ছি।”
তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত যতই দেশটাকে বিশ্ববেনিয়াদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করুক, নির্বাচন যথাসময়েই হবে। বিএনপি আসুক বা না আসুক, আজকের অনুষ্ঠানের আয়োজক সুপ্রিম পার্টিসহ বহু রাজনৈতিক দল ও জনগণের অংশগ্রহণে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।’
এ সময় দেশরক্ষা, ওলী-আউলিয়াদের সম্মান রক্ষা ও ফেতনা সৃষ্টিকারীদের রুখে দাঁড়ানো মুসলমানদের ঈমানী দায়িত্ব বলে উল্লেখ করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ইসলাম ও আলেম-ওলামাদের কল্যাণে যখন অভাবনীয় কাজ করা হয়েছে এবং হচ্ছে তখন দেশে ইসলামের নামে হানাহানির অপচেষ্টা চলছে। তিনি মনে করিয়ে দেন, এ দেশে ইসলাম কোনো যুদ্ধ বিগ্রহের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়নি, ওলী-আউলিয়ারা মানুষের মন জয় করে ইসলামের সুশীতল ছায়ায় এনেছেন। কিন্তু আজ জামায়াতে ইসলামী এবং আরো কিছু গোষ্ঠি ওলী-আউলিয়াদের অসম্মান করে। তাদের বিরুদ্ধে ফতোয়া দেয়, বক্তৃতা করে। এরা ইসলামের কল্যাণ করছে না, বরং ফেতনা সৃষ্টি করছে। এদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে এবং এই ফেতনা সৃষ্টিকারীদের যারা প্রশ্রয় দেয়, জামায়াত যাদের জোটভুক্ত সেই বিএনপির বিরুদ্ধেও সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।’

হাছান মাহমুদ বলেন, ‘এ দেশে ইসলামের কথা বলে মানুষ হত্যা করা হয়েছে। বিএনপির সময় একযোগে পাঁচশ’ জায়গায় বোমা ফোটানো হয়েছে। বিএনপি জঙ্গি ভাড়া করে শেখ হাসিনাকে হত্যার জন্য গ্রেনেড হামলা চালিয়েছে। যারা এভাবে ইসলামের গায়ে কালিমা লেপন করছে তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে।
সমসাময়িক বিশ্ব প্রসঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ফিলিস্তিনে শিশুদের ঢিল ছোঁড়ার জবাবে যখন ইসরাইলী বাহিনী পাখির মতো গুলি করে মানুষ হত্যা করে, তাদের বিরুদ্ধে স্যাংশন দেয়া হয় না। মায়ানমারে যখন মুসলমানদের জবাই করে হত্যা করা হয়, তাদের বিরুদ্ধে ভিসানীতি হয় না। নির্যাতিত হয়ে দেশ থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদেরকে আমাদের আশ্রয়ে ভালো রাখার উপায় দেয়া হয় কিন্তু তাদের নিজ দেশে ফেরত নেওয়ায় জোর দেয়া হয় না। মানবতা বিরোধী অপরাধের জন্য জাতিসংঘে সব দেশের নিন্দা প্রস্তাবের বিরুদ্ধে ইসরাইলকে সমর্থন দেয়া হয়।
ড. হাছান মাহমুদ এ সময় ইসলামের খেদমতে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উদ্যোগকে যুগান্তকারী ও অদ্বিতীয় হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু তৎকালীন এই রেসকোর্স উদ্যানে ঘোড়দৌড় বন্ধ করেছিলেন কারণ ইসলাম বাজি সমর্থন করে না। উদ্যানের পাশে তাবলীগ জামাতের মসজিদ এবং টঙ্গীতে মুসলিমদের দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশাল বিশ্ব ইজতেমার জন্য জমিও বঙ্গবন্ধু দিয়েছিলেন। তিনি মদ, জুয়া, হাউজি নিষিদ্ধ করেছিলেন, যেগুলো পরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান আবার চালু করেন। ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠাসহ ইসলামের খেদমতে বহুকাজ বঙ্গবন্ধু করেছেন।
হাছান মাহমুদ বলেন, আর বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে একসাথে ৫৬০টি মসজিদ, ১ লাখ ২০ হাজার মসজিদ ভিত্তিক মক্তব প্রতিষ্ঠা ও প্রতি মক্তব শিক্ষকের ৫ হাজার ২০০ টাকা মাসিক ভাতার ব্যবস্থা করেছেন। খালেদা জিয়া, এরশাদ সরকার মূলা ঝুলিয়ে রেখেছিল আর শেখ হাসিনাই দেশে কওমী মাদ্রাসার স্বীকৃতি দিয়েছেন, পাশ করা শিক্ষার্থীরা সরকারি চাকুরিও পেয়েছেন, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রায় প্রতিটি আলিয়া মাদ্রাসার নতুন ভবন এবং ৬ হাজার ১০০ মসজিদে পাঠাগার হয়েছে। ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট হয়েছে। ২০২৪ সালে জাহাজে করে হজ্জ্বযাত্রী পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। কারণ জাহাজে খরচ বিমানের প্রায় অর্ধেক। মক্কা-মদীনার ইমামবৃন্দ শেখ হাসিনার আমলেই এ দেশে আমন্ত্রণে এসেছেন। সৌদি আরবসহ মুসলিম বিশ্বের সাথে আমাদের সম্পর্ক অনেক উচ্চতায় আসীন হয়েছে।
আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারিয়ার কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন, নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান বক্তব্য রাখেন।

বিশ্বকাপ স্বপ্ন শেষ অ্যাগারের

আন্তর্জাতিক ক্রিকেটে অ্যাশটন অ্যাগারের অভিষেকের পর দুটি ওয়ানডে বিশ্বকাপ খেলেছে অস্ট্রেলিয়া। তবে তার একটিতেও খেলা হয়নি তার। দলে যে ডাকই পাননি তিনি। তবে তার আক্ষেপ ঘোচার কথা ছিল এবার।
ডাক পেয়েছিলেন ভারত বিশ্বকাপের দলে। কিন্তু চোট তার স্বপ্নপূরণে বাধা হয়ে দাঁড়ালো। বিশ্বকাপ দল থেকে ছিটকে গেছেন তিনি।
ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এখনো আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ ও অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম কোড স্পোর্টস এ খবর দিয়েছে। তাদের বরাত দিয়ে প্রতিবেদন করেছে অস্ট্রেলিয়ার আরও দুই সংবাদমাধ্যম ফক্স স্পোর্টস ও নিউজ ডটকম ডট এইউ।

ভারতে আসার আগে দক্ষিণ আফ্রিকা সফরে পায়ের পেছনের হাড়ে আঘাত পান অ্যাগার। সর্বশেষ ওয়ানডে ম্যাচটি খেলেন ৭ সেপ্টেম্বর। সেই ম্যাচে বল হাতে ৪০ রানে ১ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে অষ্টম উইকেটে মারনাস লাবুশেনের সঙ্গে গড়েন ১১২ রানের অবিচ্ছিন্ন জুটি। ওই দিন ১১৩ রানে ৭ উইকেট হারানোর পরও লাবুশেনের ৮০ আর অ্যাগারের ৪৮ রানের সুবাদে জিতে যায় অস্ট্রেলিয়া।
চোট তো ছিলই, সঙ্গে প্রথম সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়ে দেশে ফিরে যান অ্যাগার। এসব কারণে খেলেননি ভারতের বিপক্ষে গতকাল শেষ হওয়া ওয়ানডে সিরিজেও। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের আগেই অবশ্য দলে যোগ দেওয়ার কথা ছিল তার। কিন্তু চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় ক্যারিয়ারে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপের দলে জায়গা পেয়েও খেলা হচ্ছে না।
এদিকে, দক্ষিণ আফ্রিকা সফরেই চতুর্থ ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় হাতে আঘাত পান ট্রাভিস হেড। সেই চোটে বিশ্বকাপের শুরুর কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না হেড। ফক্স স্পোর্টস জানিয়েছে, অ্যাগারের জায়গায় অস্ট্রেলিয়া দলে ঢুকতে পারেন মারনাস লাবুশেন অথবা তানভীর সাংহা। ২১ বছর বয়সী লেগ স্পিনার সাংহা দুটি করে ওয়ানডে ও টি২০ খেলে ৭টি উইকেট নিয়েছেন। ম্যাথু শার্টকেও দলে নিতে পারেন অস্ট্রেলিয়ার নির্বাচকেরা।
সাবেক অধিনায়ক জর্জ বেইলির নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার নির্বাচক কমিটি শেষ মুহূর্তে দলে পরিবর্তন আনতে গিয়ে দ্বিধায় পড়েছেন। অক্টোবরের শেষ সপ্তাহের আগে খেলার সম্ভাবনা নেই হেডের। এটা জেনেও তাকে যদি রেখে দেওয়া হয়, তাহলে কমপক্ষে ৪ ম্যাচ ১৪ জন নিয়ে খেলতে হবে। আবার হেডকে বাদ দিয়ে যদি অন্য কাউকে দলে নেওয়া হয়, তাহলে তিনি সেরে ওঠার পরও বিশ্বকাপে খেলতে পারবেন না।
বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার জন্য ক্রিকেট বোর্ডগুলোকে আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) পর্যন্ত সময় বেঁধে দিয়েছে আইসিসি। ফক্স স্পোর্টস জানিয়েছে, স্থানীয় সময় আজ বিকেলে (বাংলাদেশ সময় রাতে) দলে পরিবর্তনের আনুষ্ঠানিক ঘোষণা দেবে সিএ।

দেশে পৌঁছেছে পারমাণবিক কেন্দ্রের জন্য ইউরেনিয়ামের প্রথম চালান

সফলভাবে দেশে পৌঁছেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের জন্য ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল বা ইউরেনিয়ামের প্রথম চালান। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাশিয়া থেকে ঢাকায় আসে ইউরেনিয়ামের এ চালান।
ঈশ্বরদীতে পরমাণু বিদ্যুতের দুটি ইউনিটের মাধ্যমে দুই হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। বৃহৎ এ প্রকল্পটি নির্ধারিত সময়ে চালু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

রাশিয়ার ফুয়েল (ইউরেনিয়াম) ম্যানুফ্যাকচারিং প্লান্টে রূপপুরের জ্বালানি প্রস্তুত করা হয়। আন্তর্জাতিক সব বিধি অনুসরণ করে সেপ্টেম্বরের শেষে থেকে অক্টোবরের শুরুতে প্রথম ব্যাচের ইউরেনিয়াম বাংলাদেশের রূপপুর প্রকল্প এলাকায় এসে পৌঁছাবে বলে জানিয়েছিল প্রকল্প সংশ্লিষ্টরা।
আগামী ৫ অক্টোবর রূপপুর প্রকল্পে এ জ্বালানি আনুষ্ঠানিকভাবে প্রকল্প কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশনের (রোসাটম) মহাপরিচালক আলেক্সি লিখাচেভ এ জ্বালানি হস্তান্তর করবেন।
রোসাটমের জ্বালানি প্রস্তুতকারী কোম্পানি টেভেলের একটি প্রতিষ্ঠান নভোসিবিরস্ক কেমিক্যাল কনসেনট্রেটস প্ল্যান্ট (এনসিসিপি) রূপপুরের এই জ্বালানি উৎপাদন করছে।
রাশিয়ার ওই কারখানা থেকে বিশেষ বিমানে জ্বালানি ঢাকায় শাহজালাল বিমানবন্দরে আনা হয়েছে। এরপর তা সড়কপথে পাবনার ঈশ্বরদীর রূপপুরে প্রকল্প সাইটে নেয়া হবে। এ ইউরেনিয়াম পরিবহনে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিশেষ নিরাপত্তার দায়িত্বে থাকবেন।

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩৫৭

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৬৭ জনে। এদিকে গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরও দুই হাজার ৫৭৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর দেশে মশাবাহী রোগটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৯৯ হাজার ১৮৮ জনে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯ হাজার ৭৯৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৪৫৭ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ৩৪০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ১ লাখ ৯৯ হাজার ১৮৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৮১ হাজার ৮৮৭ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ১৭ হাজার ৩০১ জন।
আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৮৮ হাজার ৮২৪ জন। এর মধ্যে ঢাকায় ৭৭ হাজার ৮০৩এবং ঢাকার বাইরে ১ লাখ ১০ হাজার ৬২১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

ভয়াল রূপে রণবীর

রণবীরকে ‘অ্যানিম্যাল’ সিনেমায় কেমন দেখা যাবে এ নিয়ে তার ভক্ত-অনুরাগীদের মাঝে যেমন ব্যাপক উৎসাহ দেখা গেছে। সিনেমার নামের মতো তার চোখেমুখে হিংস্রতার ছাপ। ভয়াল রূপে এতে হাজির হয়েছেন তিনি।

রণবীরকে একনজরে চেনার উপায় ছিল ‘অ্যানিম্যাল’সিনোমর প্রথম ঝলকে। এবার নতুন পোস্টারে আরও রোমহর্ষক রণবীর। ঠোঁটে জ্বলন্ত সিগারেট! চোখে কালো রোদচশমা নিয়ে বন্য রূপে ধরা দিলেন ‘অ্যানিম্যাল’ অভিনেতা। একটা মানুষের বন্য হওয়ার নেপথ্যের কাহিনি ফুটে উঠল টিজারে।

২ মিনিট ২৬ সেকেন্ডের এ টিজার একেবারে শিরদাঁড়া দিয়ে হিমস্রোত বইয়ে দেবে দর্শকদের। হিংস্রতা, রহস্য-রোমাঞ্চের পাশাপাশি অ্যাকশন সিকোয়েন্সেও ভরপুর রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’সিনেমার টিজার। সিনেমার সংলাপও কেতাদুরস্থ। আদ্যোপান্ত ঘরোয়া, সাদামাটা ছেলে থেকে কী করে বিপ্লবী হয়ে উঠতে পারে একজন মানুষ, সেই জার্নির কিছু ঝলক দেখা গেল।

দীর্ঘদিন বাদে ‘অভিনেতা’ রণবীর কাপুরকে দেখা গেল ‘অ্যানিম্যাল’ সিনেমার টিজারে। রণবীর কাপুরের বাবার চরিত্রে অনিল কাপুর। প্রেমিকার ভূমিকায় রশ্মিকা মন্দানা। ববি দেওলকেও দেখা গেল ভিলেনের চরিত্রে।

রণবীর কাপুরের জন্মদিনে যে বড় ধরনের চমক আসতে যাচ্ছে, সেই ঘোষণাই দিন কয়েক আগে করা হয়েছিল প্রযোজনা সংস্থা টি সিরিজ-এর পক্ষে। বৃহস্পতিবার সেই প্রেক্ষিতেই মুক্তি পেল ‘অ্যানিম্যাল’-এর টিজার। সন্দীপ রেড্ডি ভঙ্গ পরিচালিত এ সিনেমা যে বক্স অফিসে শোরগোল ফেলে দেবে, তা প্রথম ঝলক দেখেই বোঝা গেছে। রণবীরের বহু প্রতীক্ষিত এ সিনেমা ১ ডিসেম্বর মুক্তি পাবে।

জুন মাসে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিম্যাল’সিনেমার প্রি-টিজার প্রকাশ্যে আসতেই আলোচনার ঝড় উঠেছি সোশ্যাল মিডিয়ায়। যা দেখে উচ্ছ্বসিত হয়েছিলেন নেটিজেনরা। পাশাপাশি চলচ্চিত্র সমালোচকরাও সেই আগাম ঝলক দেখে ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, এ সিনেমা বক্স অফিসে ব্যাপক ব্যবসা করবে। ‘ব্রহ্মাস্ত্র’, ‘তু ঝুটি ম্যায় মক্কার’সিনেমার পর এবার রণবীরকে দেখা গেল পুরোপুরি ভিন্ন রূপে।