শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

সাকিব ইনজুরিতে, প্রথম ম্যাচে অনিশ্চিত

বিশ্বকাপ শুরুর আগে বড় ধাক্কা বাংলাদেশ শিবিরে। আচমকা চোটে প্রস্তুতি ম্যাচ থেকে ছিটকে গেছেন টাইগার কাপ্তান সাকিব আল হাসান। এমনকি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষেও বিশ্বসেরা এই অলরাউন্ডারের খেলা নিয়ে আছে শঙ্কা।
জানা গেছে, গুয়াহাটিতে প্রথম প্রস্তুতি ম্যাচের আগের রাতে ফুটবল খেলতে গিয়ে বা পায়ে ব্যথা পেয়েছেন সাকিব। তার পা অনেকটাই ফুলে গেছে বলে খবর। যে কারণে আজ শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে খেলছেন না তিনি।

তার জায়গায় অধিনায়কত্ব করছেন আরেক অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। যদিও সাকিবের চোট নিয়ে টিম ম্যানেজমেন্ট কিংবা বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি।
এদিকে সাকিব ছাড়াও আজকের ম্যাচে নেই নাজমুল হোসেন শান্ত, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলামরা। তাদের বিশ্রামে রাখা হয়েছে। তবে প্রস্তুতি ম্যাচে বিশ্রামে থাকলেও দলের প্রয়োজনে যেকোনো সময় ব্যাটিং-বোলিং করতে পারবেন ক্রিকেটাররা।

অক্ষর প্যাটেলের পরিবর্তে অশ্বিনের

উরুর ইনজুরির কারণে নিজ মাঠে ওয়ানডে বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে ভারতীয় স্পিনার অক্ষর প্যাটেলের। তার এই ইনজুরির কারণে ভাগ্য খুলেছে অভিজ্ঞ স্পিনার রবীচন্দ্রন অশ্বিনের। প্যাটেলের পরিবর্তে অশ্বিনকে দলে নিয়েছে ভারতীয় নির্বাচকরা।
বিশ^কাপের জন্য পূর্বে ঘোষিত ১৫ জনের দলে ছিলেন না অশি^ন। ১৮ মাসেরও বেশি সময় পর সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দলে ফিরেই দারুণ পারফরমেন্স করেন অশি^ন। সিরিজে দুই ম্যাচ খেলে ৪ উইকেট নেন তিনি।

ব্যাটার বিরাট কোহলির পর ২০১১ বিশ^কাপ জয়ী ভারতীয় দলের সদস্য হিসেবে আসন্ন মেগা ইভেন্টের দলে আছেন ৩৭ বছর বয়সী অশি^ন। কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজার সাথে দলের স্পিন বিভাগ সামলাবেন তিনি।
গত বুধবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয়ের পর ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘আমরা যখন ১৫ জন নিয়ে কথা বলি তখন আমরা পরিস্কারভাবে বলতে পারি আমরা কি চাই। আমরা কোন প্রকার বিভ্রান্তিতে নেই, আমরা জানি দল হিসেবে আমরা কোন পথে যাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘অশ্বিন উঁচু মানের ও অভিজ্ঞতাসম্পন্ন ক্রিকেটার। এক বছর ওয়ানডে খেলেনি ঠিকই। কিন্তু এমন নয় যে, সে ফুরিয়ে গেছে। শেষ কয়েক ম্যাচে কেমন বোলিং করেছে সেটি আমরা দেখেছি। তার বোলিংয়ে অনেক বেশি ভিন্নতা আছে।’
অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত ২০১৫ বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছিল ভারত। আসরে ৮ ম্যাচে ১৩ উইকেট শিকার করেছিলেন অশি^ন। কিন্তু ২০১৯ সালে ইংল্যান্ডের বিশ^কাপ দলে সুযোগ পাননি তিনি।
সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত এশিয়া কাপের সুপার ফোর পর্বে ঊরুর ইনজুরিতে পড়েন প্যাটেল। এ জন্য ফাইনালে খেলতে পারেননি তিনি।

৮ অক্টোবর চেন্নাইয়ের পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ^কাপ শুরু করবে ভারত।
ভারতের বিশ্বকাপ দল
রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, শারদুল ঠাকুর, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব, মোহাম্মদ সামি, রবিচন্দ্রন অশ্বিন, ইশান কিশান ও সূর্যকুমার যাদব।

রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গ্রেপ্তার ৩৩

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
এ সময় গ্রেপ্তারদের কাছে থেকে মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ ছাড়া ডিএমপির বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে ২৩টি মামলা করা হয়েছে।

শুক্রবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
ডিএমপির পক্ষ থেকে বলা হয়, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৭ হাজার ৪৩৭ পিস ইয়াবা, ৬০ কেজি ৮০০ গ্রাম গাঁজা, ৫০ গ্রাম ১৫ পুরিয়া হেরোইন ও ১২০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

রাশিয়ান পাওয়ার সাবস্টেশনে ইউক্রেনের ড্রোন হামলা: গভর্নর

ইউক্রেনীয় ড্রোন শুক্রবার সীমান্তের কাছে রাশিয়ান গ্রামের একটি সাবস্টেশনে হামলা চালিয়েছে। এতে একটি হাসপাতালের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যয়। আঞ্চলিক গভর্নর এ কথা বলেছেন।
সীমান্ত থেকে ২৫ কিলোমিটার (১৬ মাইল) কম দূরে বেলায়াতে ইউক্রেনীয় ড্রোন একটি সাবস্টেশনে দু’টি বিস্ফোরক ডিভাইস ফেলেছে। কুরস্কের আঞ্চলিক গভর্নর রোমান স্টারোভয়েট মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামে এ কথা বলেছেন।
তিনি বলেন, ‘একটি ট্রান্সফরমারে আগুন লেগেছে। পাঁচটি বসতি এবং একটি হাসপাতালের বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গেছে।’
‘হামলার পরপরই বিদ্যুৎ পুনরুদ্ধার করা হবে।’
রাশিয়া এর আগে বলেছিল, তারা প্রতিবেশী বেলগোরোড অঞ্চলে দু’টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে।
প্রতিরক্ষা মন্ত্রনালয় বলেছে, প্রথম ড্রোনটি বৃহস্পতিবার বিকেল ৫:০০টা (১৪০০ জিএমটি ) নাগাদ ভূপাতিত করা হয়। প্রায় চার ঘন্টা পর দ্বিতীয় ড্রোন নামানো হয়।
মন্ত্রণালয় টেলিগ্রামে বলেছে, ‘ডিউটিতে থাকা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বেলগোরোড অঞ্চলে ইউক্রেনীয় মানববিহীন বিমানটি ধ্বংস করেছে।’ বেলগোরোড এবং কুরস্ক মস্কোর দক্ষিণে পূর্ব ইউক্রেন সীমান্তে অবস্থিত।

শিখ নেতা হত্যার ইস্যুতে উত্তেজনার মধ্যেই ব্লিঙ্কেন-জয়শঙ্করের বৈঠক

ভারতীয় বংশোদ্ভুত কানাডার নাগরিক শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সম্প্রতি ভারত ও কানাডার মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কূটনীতিক প্রত্যাহার, ভিসা বন্ধসহ দুই পক্ষই নেয় পাল্টাপাল্টি ব্যবস্থা। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর দাবি, এই নির্মম হত্যাকাণ্ডে ভারতীয় গোয়েন্দারা জড়িত। আর এর প্রমাণ হিসেবে তার হাতে গোয়েন্দা জোট ফাইভ আইসের তথ্য-প্রমাণাদি রয়েছে। তবে বরাবরের মতো অটোয়ার এই দাবি অস্বীকার করে আসছে ভারত । এদিকে ঘটনার সুষ্ঠু তদন্তে নয়াদিল্লিকে সহায়তা করার আশ্বাস দেয় যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতির মধ্যেই ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। খবর আল জাজিরা।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ব্লিঙ্কেনের সঙ্গে আলোচনার শুরুতে জয়শঙ্কর বলেন, যুক্তরাষ্ট্রের রাজধানীতে ফিরতে পেরে ভালো লাগছে ও নয়াদিল্লিতে সাম্প্রতিক জি-২০ শীর্ষ সম্মেলনে সমর্থনের জন্য ওয়াশিংটনকে ধন্যবাদ জানান তিনি।

এর আগে জয়শঙ্কর মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভানের সঙ্গেও দেখা করেন। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানানো হয়, আমাদের দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ব্যাপক উন্নতি হয়েছে। এই সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেছেন তারা।

‘বিশ্বকাপে তামিমকে চেয়েছিলেন প্রধানমন্ত্রী’

আন্তর্জাতিক ক্রিকেট থেকে গত জুলাইয়ে অনেকটা অভিমান করে অবসর নেন তামিম ইকবাল। তার হঠাৎ অবসরে চমকে যায়া পুরো দেশ। সেই ঘটনার পরদিন তামিমকে গণভবনে ঢেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, তামিম যেন বিশ্বকাপে খেলে।
প্রধানমন্ত্রীর সেই মনোভাব প্রকাশের পর তামিমের বিশ্বকাপ দলে থাকা নিয়ে কোনো আলোচনারই প্রয়োজন ছিল না।
এমনটি বলছেন সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
মাশরাফি বলেন, ‘তামিম পরিষ্কারভাবে বুঝেশুনে অবসরে গেছে। তারপরে কী হলো। বোর্ডের কেউ তার সঙ্গে যোগাযোগ করতে পারছিল না। একপর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত জিনিসটা গড়িয়ে গেল। প্রধানমন্ত্রী তামিমকে ডেকে অনেকক্ষণ কথা বলেছেন। প্রায় দেড়–দুই ঘণ্টার মতো। এবং শেষমেশ যে গুরুত্বপূর্ণ বার্তাটা, মাননীয় প্রধানমন্ত্রী চেয়েছেন তামিম যেন বিশ্বকাপে খেলে। তামিম পরে মিডিয়ায় বলেছে “প্রধানমন্ত্রী আমাকে খেলতে বলেছেন। এরপরে আর কোনো কথা নেই। আমি অবশ্যই খেলব। ”’
মাশরাফ আরও বলেন, ‘যে জিনিসটা মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত গড়াল, সেই জিনিস নিয়ে আমার কাছে মনে হয় না এরপরে আর আলোচনার প্রয়োজন ছিল। যদি দলের কোনো সিদ্ধান্ত হয়ে থাকে, টিম ম্যানেজমেন্ট ভারতে গিয়ে সিদ্ধান্ত নিত, যেটা করার সেটা করতো। ’

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শনে প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেছেন। গতকাল বুধবার (২৭ সেপ্টেম্বর) তিনি দূতাবাস পরিদর্শনে যান। এর আগে, ১৯৯৭ সালে এই চ্যান্সারি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ২০০০ সালে নবনির্মিত ভবনের উদ্বোধন করেছিলেন।
আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস জানায়, প্রধানমন্ত্রী দূতাবাসে পৌঁছালে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান ফুলের তোড়া দিয়ে তাকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রী প্রথমে দূতাবাসের বঙ্গবন্ধু কর্নারে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করে তিনি সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।
পরে তিনি বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং দেশের ভাবমূর্তি আরও উন্নত করতে তাদের অত্যন্ত আন্তরিকতা, পেশাদারত্ব, সততা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি শহীদ মিনার ও বঙ্গবন্ধু কর্নারসহ দূতাবাসের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে দেখেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দুপুরে শ্রীলঙ্কার মুখোমুখি হবে সাকিব-মুশফিক-মাহমুদউল্লাহরা

তামিম ইকবালের বাদ পড়ার ঘটনা যখন দেশের ক্রিকেটে তুমুল আলোচনার কেন্দ্রবিন্দুতে ঠিক সেই মুহূর্তে আইসিসি ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) গুয়াহাটিতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।
এশিয়া কাপে ভালো-খারাপ মিলিয়ে পারফরমেন্স করলেও নিজেদের শেষ ম্যাচে ভারতকে হারিয়ে বড় লজ্জার হাত থেকে রক্ষা পায় বাংলাদেশ। এরপর ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে হারে টাইগাররা। ২০১৩ সালের পর ব্ল্যাক ক্যাপসদের কাছে প্রথম সিরিজ হারে বাংলাদেশ।

আরও খারাপ লক্ষণ হচ্ছে এ বছর নিজ মাঠে বাংলাদেশ তিনটি ওয়ানডে সিরিজ হেরেছে। এটা এ জন্যই বেশি হতাশার, কেননা ২০১৫-২০২২সালের মধ্যে নিজ মাটিতে যেখানে মাত্র একটি সিরিজ হেরেছিল টাইগারা। এই জটিল অবস্থার মধ্যেই বাংলাদেশ প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে। ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় বেলা ২টা ৩০ মিনিটে। সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস ২, গাজী টিভি ও টি স্পোর্টসে।
যদিও প্রস্তুতি ম্যাচটি খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। তথাপি বাংলাদেশের বেলায় এটির ভিন্ন দিক রয়েছে। মূলত বিশ্বকাপের আগে আরেকটা পরাজয় টাইগারদের সহ্য করা কঠিন। আগামী ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করার আগে শুক্রবার শ্রীলংকা এবং ২ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচেই জয় পেতে চাইবে বাংলাদেশ।
বুধবার (২৭ সেপ্টেম্বর) রাতে গুয়াহাটিতে পৌঁছার পর আজ অনুশীলন করেছে টাইগাররা। বাংলাদেশ ক্রকেট বোর্ড (বিসিবি) প্রেরিত এক ভিডিওতে দেখা গেছে অনুশীলন পর্ব শুরুর আগে অধিনায়ক সাকিব আল হাসান খেলোযাড়দের ব্রিফ করছেন, যেটা কখনো খুব বেশি দেখা যায় না।
তবে দেশের ক্রিকেটের চলমান পরিস্থির প্রেক্ষাপটে এ সংক্ষিপ্ত ব্রিফটি অপরিহার্য এবং স্বাভাবিক বলেই মনে হচ্ছে। কেননা গুরুত্বপূর্ণ একটা ইভেন্টের আগে অধিনায়কের এ ধরনের ব্রিফ সব ধরনের উদ্বেগ থেকে খেলোয়াড়দের মুক্ত রাখবে।

নিউমোনিয়ায় মারা গেলেন ‘হ্যারি পটার’ সিনেমার জনপ্রিয় অভিনেতা

ব্রিটিশ লেখিকা জে কে রোলিংসের সাত খন্ডের হ্যারি পটার উপন্যাস সিরিজের কাহিনি অবলম্বনে নির্মিত বিখ্যাত সিনেমা ‘হ্যারি পটার’ এর প্রফেসর আলবাস ডাম্বেলডোর চরিত্রে অভিনয় করা স্যার মাইকেল গ্যামবন মারা গেছেন। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৮২ বছর বয়স হয়েছিল এ অভিনেতার।
সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, প্রিয় মাইকেল গ্যামবন নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে শান্তিপূর্ণভাবে মারা গেছেন।

মাইকেল গ্যামবন টেলিভিশন, ফিল্ম ও রেডিওতে বিভিন্ন বিভাগে কাজের জন্য পরিচিত। ১৯৮০-এর দশকে হিট সিরিজ ‘দ্য সিঙ্গিং ডিটেকটিভ’-এ সোরিয়াসিস আক্রান্ত স্লিউথের চরিত্রে অভিনয় করে সাড়া ফেলেন।
তিনি অভিনয়ে আসার আগে একজন টুলমেকার ছিলেন। ডাবলিনের ক্যাবরাতে জন্ম হলেও ছোটবেলায় লন্ডনে চলে আসেন গ্যামবন। ক্যামডেনের একটি আইরিশ অভিবাসী সম্প্রদায়ের মধ্যে বেড়ে উঠেন এবং তার প্রথম কাজ ছিল শিক্ষানবিশ টুলমেকার হিসেবে। অ্যান্টিক বন্দুক, ঘড়ি ও ক্লাসিক গাড়ির প্রতি আবেগ তৈরি হয় তার। যা পরবর্তীতে স্থায়ী আবেগে রূপ নেয়।
২০০৪ সালে গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমি সবসময় জিনিসগুলোর প্রতি আবেশি সংগ্রাহক ছিলাম। রিচার্ড ব্রায়ার্স স্ট্যাম্প সংগ্রহ করেন। আর আমি গাড়ি এবং বন্দুক সংগ্রহ করি; যা অনেক ব্যয়বহুল এবং সংরক্ষণ করা অনেক বেশি কঠিন।
একজন টুলমেকার হিসেবে শিক্ষানবিশ থাকার সময় রয়্যাল অ্যাকাডেমি অব ড্রামাটিক আর্টে পড়ালেখা করেন তিনি। ডাবলিনের দ্য গেট থিয়েটার প্রোডাকশন ‘ওথেলো’ (১৯৬২) থেকে প্রফেশনালি মঞ্চে ডেবিউ করেন গ্যামবন।
দীর্ঘ পাঁচ দশক ধরে সিনেমা, থিয়েটার ও রেডিওতে বিভিন্ন চরিত্রে কাজ করেছেন তিনি। তবে হ্যারি পটার সিনেমায় বেশি দেখা গেছে তাকে। আটটি পর্বের মধ্যে ছয়টিতেই প্রফেসর আলবাস ডাম্বেলডোরের চরিত্রে দেখা গেছে।
২০০৩ সালে রিচার্ড হ্যারির মৃত্যুর পর হ্যারি পটার সিরিজের ‘ডাম্বেলডোর-হেডমাস্টার অব উইজারডিং স্কুল হোগওয়ার্টস’ ভূমিকায় অভিনয় শুরু করেন গ্যামবন।

অসৎ ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার : শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, কালোবাজারি ও গুদামজাতকারীরা এ দেশকে অস্থিতিশীল করেছে। আলু-পটল, ডিম এ দেশেই হয়। এগুলো আমদানি করতে হয় না যে দাম বাড়ার কারণ থাকবে। তারপরও দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না অসৎ ব্যবসায়ীদের জন্য। তারা দেশের সুনাম নষ্ট করছে। সরকার এদের কোনোভাবে নিয়ন্ত্রণে আনতে পারছে না।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপী ‘নবম বাপা ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপো-২০২৩’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

শিল্পমন্ত্রী বলেন, কালোবাজারি-অবৈধ পণ্যের গুদামজাতকারী ব্যবসায়ীরা নিত্যপণ্যের দাম অস্থিতিশীল করে তুলেছে। যে কারণে বাজারে পণ্যের দাম ‘পাগলা ঘোড়ার’ মতো ছুটছে। এসব ব্যবসায়ী এখন দেশের সুনামও নষ্ট করছে। তারপরও কোনোভাবে তাদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।

তিনি বলেন, জনগণের যদি অংশগ্রহণ না থাকে, সমাজের সবার যদি সহযোগিতা না থাকে, তবে এ বাজার নিয়ন্ত্রণ অসম্ভব। বাজার পাগলা ঘোড়ার মতো চলছে। এটা থামাতে সবাইকে এগিয়ে আসতে হবে।

নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, তাদের (কালোবাজারি) কোনো ক্ষমা নেই। তারা মানুষের মধ্যে নেই, ওদের মধ্যে কোনো মনুষ্যত্ব নেই, মানবতা কাজ করে না।

প্রকৃত ব্যবসায়ীদের এসব কালোবাজারিদের প্রতিহত করার আহ্বান জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, যারা মানুষকে কষ্ট দিচ্ছে, দুঃসময়ের সুযোগ নিচ্ছে, তারা দেশপ্রেমী নয়। আপনাদের আমি বলবো, ওদের গ্রহণ করবেন না। ওদের প্রতি সচেতন থাকা দরকার। যেন আপনাদের প্রভাবিত না করে।

নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, প্রকৃত ব্যবসায়ীদের যে চরিত্র রয়েছে সেটা অসাধু ব্যবসায়ীদের থেকে আলাদা। অসাধু চোরাকারবারিদের জন্য অনেক সময় প্রকৃত ব্যবসায়ীরা হয়রানির শিকার হন। প্রকৃত ব্যবসায়ীদের আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। তাদের কোনো রকম অসম্মান করার ইচ্ছা সরকারের নেই।

অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্টোনিও আলেসান্দ্রো, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম, বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশনের সভাপতি আনিস উদ দৌলা, মেলা কমিটির চেয়ারপারসন ও প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী, বাপার সাধারণ সম্পাদক ইকতাদুল হক, সাবেক সহ-সভাপতি শোয়েব হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।