শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন ৭ অক্টোবর

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল আগামী ৭ অক্টোবর উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। শনিবার সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী বলেন, এদিন বিমানবন্দরের থার্ড টার্মিনালটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যে উদ্বোধনের চূড়ান্ত প্রস্তুতিও শেষের দিকে।

 

জানা গেছে, উদ্বোধনী অংশে চলমান কাজ শেষ। টার্মিনালটির অবকাঠামো প্রস্তুত হয়েছে। ইকুইপমেন্টগুলো বসানোর কাজও প্রায় শেষ। এর আগে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান জানান, প্রধানমন্ত্রী সফট ওপেনিংয়ের পর এয়ারলাইনগুলো নতুন পার্কিং অ্যাপ্রোন ও ট্যাক্সিওয়ে ব্যবহার করতে পারবে। পুরোনো টার্মিনালের অ্যাপ্রোনে ২৯টি বিমান রাখা যায়। সফট ওপেনিং হলে তৃতীয় টার্মিনালের অ্যাপ্রোনে আরও ৮ থেকে ১০টি উড়োজাহাজ রাখা যাবে।

 

সেসময়ে তিনি আরও জানান, ৭ অক্টোবর আংশিকভাবে চালু হলেও যাত্রীরা টার্মিনাল ব্যবহার করতে পারবেন ২০২৪ সালের শেষের দিকে। কারণ, টার্মিনাল পরিচালনায় যেসব যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে, তা ক্যালিব্রেশন করতে সময় লাগবে ২০২৪ সাল পর্যন্ত।

 

উল্লেখ্য, ৫ লাখ ৪২ হাজার বর্গমিটার আয়তনের এ টার্মিনাল চালু হলে একসঙ্গে ৩৭টি উড়োজাহাজ পার্ক করে রাখা যাবে।

 

এখানে ২৬টি বোর্ডিং ব্রিজের ব্যবস্থা থাকবে। এর মধ্যে আগামী অক্টোবরে ১২টি বোর্ডিং ব্রিজ চালু করা হবে। বহির্গমনের জন্য মোট চেক-ইন কাউন্টার থাকবে (১৫টি সেলফ সার্ভিস চেক-ইন কাউন্টারসহ) ১১৫টি।

ডেঙ্গুতে আরও ১৪ মৃত্যু, হাসপাতালে ২৪২৫ রোগী

এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এতে দেশে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৮৯ জনে।

 

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৪২৫ জন। এ নিয়ে চলতি বছর দেশে আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৩ হাজার ৪০৬ জনে।

 

শনিবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯ হাজার ৯৫৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৩৭৯ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ৫৮০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

 

চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত দুই লাখ ৩ হাজার ৪০৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৮৩ হাজার ২২২ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ২০ হাজার ১৮৪ জন। আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৯২ হাজার ৪৫৮ জন। ঢাকায় ৭৯ হাজার ২০৪ এবং ঢাকার বাইরে ১ লাখ ১৩ হাজার ২৫৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াশিংটন ডিসি থেকে লন্ডনে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ব্রিটিশ এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইট আজ (লন্ডন সময়) সকাল ১১টা ৭ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে।

 

যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

 

ফ্লাইটটি ওয়াশিংটন ডিসি’র ডালসে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৯ সেপ্টেম্বর রাত ১১টা ৪০ মিনিটে (ওয়াশিংটন সময়) লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

 

এর আগে প্রধানমন্ত্রী ১৭ থেকে ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে ৭৮তম জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে যোগদানের পাশাপাশি অন্যান্য উচ্চ-পর্যায়ের ও দ্বিপাক্ষিক বৈঠক এবং অনুষ্ঠানে যোগদান শেষে ২৩ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসিতে পৌঁছান।

 

ওয়াশিংটন ডিসিতে অবস্থানকালে শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া সংবর্ধনায় যোগ দেন এবং ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেন।

 

প্রধানমন্ত্রী ৩ অক্টোবর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে (বিজি-২০৮) লন্ডন থেকে রওনা দেবেন। ফ্লাইটির (বাংলাদেশ সময়) ৪ অক্টোবর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

বিশ্বকাপে স্পটলাইটে থাকবেন এ প্রজন্মের পাঁচ ক্রিকেটার

আগামী ৫ অক্টোবর ভারতের মাটিতে শুরু হতে যাওয়া  ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট মাতাবেন  বেন স্টোকস, বাবর আজম, বিরাট কোহলিদের মত বড় তারকারা। কিন্তু টুর্নামেন্টে নতুন প্রজন্মের ক্রিকেটারদের দিকেও থাকবে নজর । বার্তা সংস্থার  এএফপির দৃষ্টিতে ফোকাসে থাকা নতুন প্রজন্মের পাঁচ ক্রিকেটার।

 

তাওহিদ হৃদয় (বাংলাদেশ) : ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী বাংলাদেশ  দলের সদস্য ছিলেন হৃদয়। সেখাণ থেকে সরাসরি জাতীয় দলের হয়ে ওয়ানডে ক্রিকেটে  অভিষেক হওয়া  মিডল অর্ডার এ ব্যাটার বড় কিছু করার সক্ষমতা  রাখেন। এমনকি বাংলাদেশকে প্রথমবারের মত ওয়ানডে বিশ^কাপের ফাইনালে তুলতে বড় ভূমিকা রাখতে পারেন এই মিডল অর্ডার ব্যাটার। টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সাফল্যের পর গেল মার্চে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে সংক্ষিপ্ত ফরম্যাটে অভিষেক হয় ২২ বছর বয়সী হৃদয়ের। এরপরই আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলেও সুযোগ পেয়ে যান তিনি। একদিনের ফরম্যাটে এখন পর্যন্ত ১৭টি ওয়ানডে খেলে ৫টি হাফ-সেঞ্চুরিতে নিজের জাত চিনিয়েছেন হৃদয়। তার মেন্টর মুশফিকুর রহিমের উপহার দেয়া ব্যাট দিয়ে ভারত মাতানোর অপেক্ষায় হৃদয়।

 

ব্যাটার হৃদয়ের প্রশংসা বাংলাদেশের সহকারী কোচ নিক পোথাসের কণ্ঠে, ‘দক্ষতার দিক দিয়ে সেরাটা স্পর্শ করার প্রবল ইচ্ছা তার মধ্যে সব সময় বিরাজমান। এ ছাড়া তার মধ্যে অনেক সম্ভাবনা এবং শেখার প্রবল ইচ্ছা আছে। তার সক্ষমতায়  আমি রোমাঞ্চিত।’

 

নুর আহমাদ (আফগানিস্তান) : বলের ওপর দারুণ নিয়ন্ত্রণ, গতি ও বৈচিত্র্যপূর্ণ বোলিংয়ে নতুনত্ব এনে বিশ^ ক্রিকেটে নজর কেড়েছেন বাঁ-হাতি রিস্ট স্পিনার নুর। মাত্র ১৪ বছর বয়সে আফগানিস্তানের হয়ে অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে অভিষেক হয়েছিলো নুরের। মাত্র ১৭ বছর বয়সে গেল বছর শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় তার। একমাত্র টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে ১০ রানে ৪ উইকেট নিয়ে নিজের সক্ষমতার  প্রমান দিয়েছেন  ১৮ বছর বয়সী নুর। সতীর্থ রশিদ খানকে আদর্শ মানা নুর গেল বছর আইপিএলে গুজরাট লায়ন্সের হয়ে নজর কাড়েন। আইপিএলের পাশাপাশি সারা বিশ্বের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নুুরের চাহিদা ব্যাপক। বিশ্বকাপে রশিদের যোগ্য ব্যাক আপ হতে পারেন তিনি।

 

নুরকে নিয়ে রশিদ বলেন, ‘এই ছোট বাচ্চাটা শুধু শিখতে চায়। সে এখন সুযোগ পেয়েছে এবং আমি খুব খুশি, সে সুযোগ কাজে লাগাচ্ছে। এটি আফগানিস্তান ক্রিকেটের জন্য দারুন খবর।’

মাথিশা পাথিরানা (শ্রীলংকা) : ২০১৯ বিশ্বকাপ শেষে লাসিথ মালিঙ্গার অবসরের পর থেকে শ্রীলংকা এমন একজন বোলারের সন্ধান করছে যে কিনা প্রতিপক্ষের উইকেট শিকারে পারদর্শীতা দেখাবেন এবং ব্যাটারদের একপ্রান্তে আটকে রাখবেন। মালিঙ্গার জায়গায় সম্ভাব্য বোলার হিসেবে পাথিরানাকে খুঁজে পেয়েছে বলে ধারনা করা হচ্ছে। মালিঙ্গার মতই স্লিঙ্গিং, ডেলিভারির সময় নিচ থেকে হাত নিয়ে আসা ও ভয়ংকর ইয়র্কারে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করার দক্ষতা দেখিয়েছেন তিনি। গত বছর আইপিএলে এডাম মিলনের বদলি হিসেবে পাথিরানাকে দলে নেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। খেলার সুযোগ পেয়েই অভিষেকের প্রথম বলেই শুভমান গিলের উইকেট তুলে নেন পাথিরানা। গত জুনে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় তার। দ্বিতীয়বারের মত বিশ^কাপের শিরোপা জিততে হলে ‘বেবি মালিঙ্গা’র পারফরমেন্সের উপর নির্ভর করতে হবে শ্রীলংকাকে।

 

শ্রীলংকার কোচ ক্রিস সিলভারউড বলেন, ‘খুব দ্রুতই শিখতে পারে এবং ম্যাচে সেটি দ্রুত প্রয়োগও করতে পারে। এটি নিজের মতো করেই করে সে।’

 

গাস অ্যাটকিনসন (ইংল্যান্ড) : ২০১৯ সালে ঘরের মাঠে ইংল্যান্ডের বিশ^কাপ জয়ে বড় কৌশল ছিলো গতিময় বোলিং। ঐ দলে জোফরা আর্চার এবং মার্ক উডের মত গতিময় বোলার ছিলো। যারা ধারাবাহিকভাবে ঘন্টায় ৯০ মাইল গতিতে বোলিং করেছেন। আসন্ন বিশ্বকপ দলে উড থাকলেও, দীর্ঘমেয়াদী কনুইয়ের ইনজুরি থেকে সুস্থ হতে লড়াই করছেন আর্চার। বিশ^কাপে দলের সাথে রিজার্ভ হিসেবে থাকছেন আর্চার। তবে দলে আছেন  গতি দিয়ে ঝড় তোলার আরেক পেসার  অ্যাটকিনসন। চলতি বছরের শুরুর দিকের দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথমবারের মত ডাক পান ২৫ বছর বয়সী এই পেসার। ৩ ম্যাচে মাত্র ১টি উইকেট নিলেও ঘন্টায় ৯৫ মাইল গতিতে বোলিং করেছেন অ্যাটকিনসন।

 

অ্যাটকিনসনকে নিয়ে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুক বলেন, ‘দেখে মনে হয় না, দ্রুত গতিতে বল করতে তার খুব বেশি পরিশ্রম করতে হয়। দেখে মনে হয়, তাার বোলিংয়ে আরও গতি আছে।’

 

তেজা নিদামানুরু (নেদারল্যান্ডস) : সকল ভারতীয় ক্রিকেটারেরই স্বপ্ন থাকে বিশ্বকাপ খেলা। কিন্তু নেদারল্যান্ডসের হয়ে বিশ^কাপ খেলার আশা করে না তারা। ভারতের অন্ধ্রপ্রদেশে  জন্ম নিলেও নিউজিল্যান্ডে বেড়ে উঠেন নিদামানুরু। পরবর্তীতে নেদারল্যান্ডসে পাড়ি জমান তিনি। গত বছরের মে মাসে নেদারল্যান্ডসের হয়ে খেলার সুযোগ পান নিদামানুরু। অভিষেক ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হাফ-সেঞ্চুরি করেন তিনি। এ বছরের জুনে জিম্বাবুয়ের মাটিতে বিশ^কাপ বাছাই পর্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে ৭৬ বলে ১১১ রানের ঝড়ো ইনিংস খেলে বিশ্ব ক্রিকেটে চমক দেখান তিনি।

 

নিদামানুরুর ইনিংস সুবাদে ঐ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের করা ৩৭৪ রান স্পর্শ করে ম্যাচটি টাই করে সুপার ওভারে জয় পায় নেদারল্যান্ডস। প্রথমবারের মত ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি দুবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। বাছাই পর্বে সেরা দুই দলের একটি হয়ে বিশ্বকাপে খেলার টিকিট পায় নেদারল্যান্ডস।

 

নিদামানুরু বলেন, ‘বিশ্বকাপ খেলার কথা বলাটা খুব সহজ নয়। পথটি কঠিন ছিলো। কিন্তু এটি পাড়ি দেয়াটা সার্থক বলে মনে হচ্ছে।’

ফ্রিল্যান্সারদের আয়ের ওপর কোনো কর দিতে হবে না : আইসিটি প্রতিমন্ত্রী

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ফ্রিল্যান্সারদের আয়ের ওপর কোনো উৎসে কর দিতে হবে না। সব ধরনের আয়করমুক্ত থাকবে ফ্রিল্যান্সিং খাত।

 

আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘বিএফএসআই ক্লাউড এবং সাইবার সিকিউরিটি’ শীর্ষক নলেজ শেয়ারিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ফেলিসিটি ইন্টারনেট ডেটা সেন্টার এ অনুষ্ঠানের আয়োজন করে।

 

আইসিটি প্রতিমন্ত্রী বলেন, প্রযুক্তিবান্ধব আওয়ামী লীগ সরকার গত ১৪ বছরে ফ্রিল্যান্সিং খাতের উন্নয়ন ও বিকাশে ফ্রিল্যান্সারদের জন্য প্রশিক্ষণ, উদ্যোক্তা হিসেবে তৈরি করতে অনুদান প্রদান, তাদের আইডিসহ নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করেছে। সাম্প্রতিক সময়ে সরকারের উন্নয়ন অগ্রযাত্রা ব্যাহত করতে এবং ফ্রিল্যান্সারদের বিভ্রান্ত করতে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। এমনকি তারা বাংলাদেশ ব্যাংক, এনবিআর ও আমাকে নিয়েও অপপ্রচারে লিপ্ত।

 

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক ও এনবিআরের সঙ্গে কথা বলে আমি নিশ্চিত হয়েছি, ফ্রিল্যান্সারদের আয়ের ওপর কোনো ধরনের উৎসে কর দিতে হবে না। তারা আয়করের আওতার বাইরে থাকবেন। এমনকি ফ্রিল্যান্সাররা দেশে রেমিট্যান্স আনলে তাদের ৪ শতাংশ ইনসেনটিভ দেওয়া হয়, যা দেশের অর্থনীতিতে অবদান রাখছে।

 

প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের নানা প্ল্যাটফর্ম থেকে যে পরিমাণ ডাটা বর্তমানে বাংলাদেশে আসছে, সেগুলো যদি পুরোটা সংরক্ষণ করতে পারি, তাহলে বিলিয়ন ডলার বিজনেস অপোরচুনিটি তৈরি হবে।

 

অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জি এস এম জাফর উল্লাহ, ফাইবার অ্যাট হোম লিমিটেডের চেয়ারম্যান মইনুল হক সিদ্দিকী এবং বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ মাহফুজুল ইসলাম প্রমুখ।

চুক্তির রূপরেখা নিয়ে এগোচ্ছে ইসরায়েল ও সৌদি আরব : যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের উদ্যোগে সৌদি আরব ও ইসরায়েল ঐতিহাসিক চুক্তির রূপরেখা নিয়ে এগিয়ে যাচ্ছে। হোয়াইট হাউস শুক্রবার এ কথা জানিয়েছে।

 

কয়েক দশকের শত্রুতামূলক সম্পর্ক স্বাভাবিক করতে উভয় দেশের মধ্যে চুক্তি প্রণয়নে জোর চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র।

 

দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেছেন, সব পক্ষই তৎপর রয়েছে। আমি মনে করি, একটি মৌলিক কাঠামো তৈরিতে আমরা সক্ষম হব।

 

তিনি আরও বলেছেন, কিন্তু যে কোনো জটিল ব্যবস্থার মতো, অবশ্যম্ভাবীভাবে যা হবে, এতে প্রত্যেককে কিছু না কিছু করতে হবে। প্রত্যেককে কিছু বিষয়ে আপোষও করতে হবে।

 

যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মরক্কোর পর তার মধ্যপ্রাচ্যের মিত্র ইসরায়েল ও সৌদি আরবকে সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান জানিয়েছে।

 

এ পরিপ্রেক্ষিতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সম্প্রতি উভয় দেশের আরও কাছাকাছি হওয়ার কথা বলেছেন। একই কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

 

এদিকে সৌদি আরব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিনিময়ে চুক্তিসহ নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছে।

 

তবে ফিলিস্তিন সতর্ক করে বলেছে, ‘দুই রাষ্ট্র’ নীতির সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে কোনো শান্তি আসবে না।

 

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনের বছর ইহুদি রাষ্ট্র ইসরাইলকে সৌদি আরবের স্বীকৃতির মাধ্যমে মধ্যপ্রাচ্যে কূটনৈতিক বিজয় অর্জন করতে চান বলে বিশ্লেষকেরা মনে করছেন।

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হচ্ছেন কেনেডি জুনিয়র

ডেমোক্রক্র্যাটিক প্রার্থী হিসেবে জো বাইডেনের সঙ্গে মনোনয়ন লড়াইয়ে নামতে চান না রবার্ট এফ কেনেডি জুনিয়র। বরং যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে স্বতন্ত্র পদে লড়তে যাচ্ছেন তিনি। শিগগিরই এ বিষয়ে ঘোষণা আসতে পারে।

 

মার্কিন রাজনীতিতে কেনেডির পূর্বপুরুষদের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। ধারণা করা হচ্ছে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার অংশগ্রহণ নির্বাচনে নতুন মাত্রা যোগ করবে ও বাইডেনের সঙ্গে আরেকজন শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভাব হবেন।

 

স্পষ্ট করে কিছু না বললেও শুক্রবার স্ট্রিমিং প্লাটফর্ম ইউটিউবের এক ভিডিও বার্তায় আগামী ৯ অক্টোবর ফিলাডেলফিয়ায় তার জনসভায় সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানান। এদিন নির্বাচন বিষয়ে ঘোষণা দিতে পারেন।

 

তিনি রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক উভয় দলেরই দুর্নীতির সমালোচনা করে ভিডিও বার্তায় যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পট পরিবর্তনের কথা তোলেন।

 

কেনেডি জুনিয়র যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাতিজা, যিনি ১৯৬৩ সালে আততায়ীর হাতে নিহত হন। সাবেক মার্কিন সিনেটর রবার্ট এফ কেনেডি তার বাবা। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের বর্তমান রাজনৈতিক ময়দানে এ অ্যান্টি-ভ্যাকসিন অ্যাকটিভিস্টের আলাদা পরিচিতি রয়েছে।

 

গত এপ্রিলে কেনেডি জুনিয়র বলেছিলেন, ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়াইয়ে ডেমোক্র্যাটিক মনোনয়নের জন্য বাইডেনকে চ্যালেঞ্জ করবেন তিনি।
খবর রয়টার্স

চীনে সমুদ্রের ওপর দিয়ে প্রথম হাইস্পিড ট্রেন চালু

সমুদ্রের ওপর দিয়ে প্রথমবারের মতো দ্রুতগামী ট্রেন পরিষেবা চালু করেছে চীন। গত বৃহস্পতিবার প্রথমবারের মতো ফুজিয়ামার রাজধানী ফুঝো থেকে স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে যাত্রা শুরু করে এই ট্রেন।

 

প্রদেশের রেলওয়ে অপারেটর চায়না রেলওয়ের মতে, এই রুটে ট্রেনের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩৫০ কিলোমিটার (২১৭ মাইল) পর্যন্ত হবে।

 

সম্প্রতি দেশটির দক্ষিণ-পূর্ব উপকূল বরাবর ২৭৭ কিলোমিটার (১৭২ মাইল) দীর্ঘ উচ্চগতির একটি ট্রেন লাইন স্থাপন করে সেদেশের সরকার। ট্রেন লাইনটি চীনের ফুজিয়ান প্রদেশের ঝাংঝো, জিয়ামেন এবং ফুঝো শহরগুলোকে সংযুক্ত করেছে।

 

নতুন রেল লাইনটিতে বর্তমানে ৮৪টি সেতু এবং ২৯টি টানেল রয়েছে। এই রেলপথের ২০ কিমি (১২ মাইল) অংশ সমুদ্রের ওপর দিয়ে গিয়েছে; ফলে এই ট্রেন পরিষেবাকে চীনের প্রথম দওভার-ওয়াটার বুলেট ট্রেন পরিষেবা’ বলা হচ্ছে।

 

চায়না রেলওয়ে জানায়, রেল পরিষেবাটির অবকাঠামো নির্মাণে তারা বুদ্ধিমান রোবট এবং পরিবেশবান্ধব ক্ষয়প্রতিরোধী ইস্পাত ব্যবহার করেছে।

 

২০১৬ সালে এই রেল লাইন নির্মাণের ঘোষণা দিয়েছিল চীন সরকার। তবে ফুজিয়ান প্রদেশটি পাহাড়ি অঞ্চলে হওয়ায় এখানে রেলপথ নির্মাণের কাজ ছিল যথেষ্ট চ্যালেঞ্জিং। তা সত্ত্বেও সব বাধা পেরিয়ে সমুদ্রের ওপর দিয়ে রেল লাইন স্থাপনে সক্ষম হয় চীন।
খবর সিএনএন

কসোভোয় শান্তিরক্ষী বাহিনীর উপস্থিতি জোরদারে প্রস্তুত ন্যাটো

কসোভোয় শান্তিরক্ষী বাহিনীর উপস্থিতি আরও বাড়াতে প্রস্তুত ন্যাটো। কসোভোয় মারাত্মক সহিংসতার পর সামরিক জোট ন্যাটো শুক্রবার এ কথা বলেছে।
রোববার সার্বিয়ান সীমান্তের কাছের একটি গ্রামে মঠে কসোভো পুলিশ অফিসারের হত্যা এবং পরবর্তী বন্দুক যুদ্ধটিকে বিচ্ছিন্ন হয়ে পড়া প্রদেশটিতে কয়েক বছরের মধ্যে সবচেয়ে গুরুতর সহিংসতা হিসেবে দেখা হচ্ছে।
এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার ন্যাটোপ্রধান জেন্স স্টলেনবার্গ বলেছেন, বর্তমান পরিস্থিতি মোকাবেলায় তিনি অতিরিক্ত সৈন্য মোতায়েনের অনুমতি দিয়েছেন।
স্টলেনবার্গ আরও বলেছেন, কসাভোয় বসবাসকারী সকল লোকের স্বাধীন চলাফেরা এবং নিরাপদ পরিবেশ নিশ্চিতে আমরা প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেব।
তবে তিনি বিস্তারিত কিছু উল্লেখ না করায় ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা কেএফওআর হিসেবে পরিচিত বাহিনীতে ৫০০ থেকে ৬০০ সৈন্যের একটি ব্যাটেলিয়ান তৈরি করেছে।
মন্ত্রণালয় আরও বলেছে, এই ব্যাটেলিয়ান ইতোমধ্যে দীর্ঘ পরিকল্পিত প্রশিক্ষণের জন্য এই অঞ্চলে পৌঁছেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ন্যাটোর একজন কর্মকর্তা বলেছেন, কসোভোয় মে মাসেই তুরস্কের ৫০০ সৈন্য মোতায়েন করে কেএফওআরকে জোরদার করা হয়েছে। বুলগেরিয়া ও গ্রিক সৈন্যদের জায়গায় এসব সৈন্য কাজ করছে।
ন্যাটোর ওই কর্মকর্তা আরও বলেছে, ন্যাটো শান্তিরক্ষার অঙ্গীকার পূরণে প্রয়োজনে কেএফওআরে সৈন্য সংখ্যা আরও বাড়ানোর জন্যও প্রস্তুত রয়েছে।

২০৩০ সালের মধ্যে যক্ষ্মা শতাভাগ নির্মূল করব : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, জাতিসংঘের এবারের সাধারণ অধিবেশনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে এর মধ্যে স্বাস্থ্য বিষয়ের অনেক দিক নিয়ে বিশ্ব নেতাদের সঙ্গে সভা হয়েছে। সারাবিশ্বে করোনা মহামারি হয়েছে, আগামীতে কোনো ধরণের মহামারি এলে তা কি উপায়ে প্রতিরোধ করা যায় সে বিষয়ে বেশি আলোচনা হয়েছে। স্বাস্থ্যের অন্যান্য বিষয়ের সঙ্গে যক্ষ্মার বিষয়েও আলোচনা হয়েছে। আমাদের দেশে আগের চেয়ে এখন প্রায় ৫০ ভাগ যক্ষ্মা রোগী কমে গেছে। যক্ষ্মার ব্যাপারে আমাদের লক্ষ্য আছে, আমরাও ২০৩০ সালের মধেই যক্ষ্মা শতাভাগ নির্মূল করব। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

 

আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার চান্দর গ্রামের স্বাস্থ্যমন্ত্রীর নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকের সঙ্গে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, ‘জাতিসংঘের সাধারণ অধিবেশনে আমাদের দেশে যক্ষ্মা, চক্ষু ও কমিউনিটি ক্লিনিকের বিষয়ে বিশদ আলোচনা হয়েছে। কমিউনিটি ক্লিনিক প্রধানমন্ত্রীর নিজস্ব একটি উদ্যোগ, সেটি জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে। যেটার নাম শেখ হাসিনা ইনিসেয়েটিভ। অধিবেশনে প্রধানমন্ত্রীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিয়েও আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করা হয়েছে এবং তাকে আহ্বান করা হয়েছে, গ্লোবাল হেলথস ফোরামের কোচ চেয়ারম্যান হিসেবে। এখন তিনি এ বিষয়ে চিন্তা-ভাবনা করে দেখবেন।’

 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘কিউবাতেও আমরা গিয়েছিলাম। সেখানে ৭৭টি দেশের সঙ্গে সভা হয়েছে। সেখানে প্রযুক্তির মাধ্যমে কিভাবে স্বাস্থ্যসেবার উন্নয়ন করা যায়। জাতিসংঘের এই সাধারণ অধিবেশনে বাংলাদেশ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় অংশ নিতে পেরেছে।’

 

ডেঙ্গুর টিকা বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ঢাকায় ডেঙ্গু স্থিতি আছে। আর ঢাকার বাইরে ডেঙ্গুর সংক্রমণ বেশি আছে। দেশের বিভিন্ন হাসপাতালে এখন প্রায় ৯ হাজার রোগী চিকিৎসাধীন আছে। ডেঙ্গু চিকিৎসায় এখন স্যালাইনের কোনো ঘাটতি নেই। আমরা মন্ত্রণালয় থেকে ৭ লাখ ব্যাগ স্যালাইন আমদানির অনুমোদন দিয়েছিলাম। এর মধ্যে ইতোমধে ৩ লাখ ব্যাগ স্যালাইন চলে এসেছে। বাকি ৪ লাখ ব্যাগ স্যালাইনের চালানও দ্রুত চলে আসবে। প্রতিদিনি প্রায় ৪০ থেকে ৫০ হাজার ব্যাগ স্যালাইন রিসিভ করছি এবং হাসপাতালগুলোয় দিয়ে দিচ্ছি। এ ছাড়া বেসরকারি ওষুধ উৎপাদন কোম্পানিগুলো স্যালাইনের উৎপাদন এখন অনেকগুণ বাড়িয়েছে। আমি যতটুকু তথ্য পেয়েছি, তারা মাসে ৫৩ লাখ ব্যাগ স্যালাইন উৎপাদন করতে পারে।’

 

তিনি বলেন, বর্তমানে প্রতিমাসে ডেঙ্গু জন্য প্রয়োজন হলো ২০ লাখ ব্যাগ স্যালাইন। ডেঙ্গু আক্রান্তের হার যদি বর্তমানের চেয়ে বেড়ে যায় সেই ক্ষেত্রে স্য্লাাইনের প্রয়োজন হবে ৩০ লাখ ব্যাগ। সে কারণে আমি মনে করি, এখন আর সেভাবে ঘাটতি নেই। আমরা চাই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কমে যাক। জনসাধারণকে সচেতনতা বাড়াতে হবে। প্রতিদিনই ডেঙ্গু পরীক্ষা করতে হবে। অনেক সময় দেরি করে রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়। এক্ষেত্রে রোগীকে তখন চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলাও কঠিন হয়ে যায় এবং অনেক সময় রোগী মারাও যান। সেই জন্য তড়াতাড়ি ডেঙ্গু পরীক্ষা ও চিকিৎসা নেওয়া প্রয়োজন। তবে আমরা আশা করছি ধীরে ধীরে  আমাদের দেশে ডেঙ্গু কমে যাবে।

 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা নিয়ে গবেষণা কিন্তু বিশ্বব্যাপী চলছে। ইতোমধ্যে দুটি টিকাও আবিষ্কার হয়েছে। কিন্তু সেই টিকাগুলো ব্যবহার হয় না, টিকাগুলোতেও আবার কিছু সমস্যা আছে। চার ধরনের ডেঙ্গু আছে, ভাইরাস আছে। টিকা নিলে দেখা যায় কিছু ভাইরাস দমনে হচ্ছে, কিন্তু সব ভাইরাস দমন হয় না। আর যারা একবার ডেঙ্গুর টিকা নিয়েছে তাদের অন্য ভাইরাসে আক্রমণ করলে তাদের অবস্থা বেশি গুরুতর হয়ে যায়। যে কারণে বিশ্বব্যাপী ডেঙ্গুর টিকা ব্যবহার হচ্ছে না।

 

তিনি বলেন, ‘দেশের এসেই শুনতে পারলাম আইসিডিডিআরবি একটি পরীক্ষামূলকভাবে একটি টিকা তৈরি করেছে। সেটা এখনও পরীক্ষাধীন রয়েছে। তারা বলছে, তাদের এই টিকাটি বেশ কর্যকর। আমাদের আরও পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। প্রয়োজনে বিশ্বস্বাস্থ্য সংস্থার কাছ থেকে অনুমোদন নেব এবং আরও পরীক্ষা-নিরীক্ষা করব। যখন পরীক্ষাগুলো শেষ হবে যাবে তখন, আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন নিয়ে আমাদের দেশেও ব্যবহার করত পারব। কিন্তু এ মুহূর্তে বিশ্বের কোনো দেশেই ডেঙ্গু কার্যকর টিকা তৈরি হয়নি।’