শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬

হ্যামস্ট্রিং ইনজুরিতে মাঠের বাইরে রাফিনহা

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে আগামী এক মাসের জন্য সাইডলাইনে চলে গেছেন বার্সেলোনা উইঙ্গার রাফিনহা, স্প্যানিশ গণমাধ্যমের রিপোর্টের সূত্র ধরে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

 

কাতালান ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে শুক্রবার সেভিয়ার বিরুদ্ধে লা লিগায় ১-০ গোলের জয়ের ম্যাচটিতে রাফিনহা চোট পান। অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে রাফিনহার পরিবর্তে প্রথমার্ধে খেরতে নামে ফারমিন লোপেজ।

 

ইনজুরির কারণে বুধবার চ্যাম্পিয়ন্স লিগে পোর্তো সফরে যেতে পারছেননা রাফিনহা। একইসাথে ৮ অক্টোবর লা লিগায় গ্রানাডার বিপক্ষেও তিনি বিশ্রামে থাকবেন। আগামী ২৮ অক্টোবর মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে তার ফেরার আশা করা হচ্ছে।

 

২৬ বছর বয়সী এই ব্রাজিলিয়ান উইঙ্গার মৌসুমের প্রথম ম্যাচে গেতাফের বিপক্ষে লাল কার্ড পেয়ে মাঠের বাইরে চলে গিয়েছিলেন। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় দলের দুই উঠতি তারকা লামিন ইয়ামাল ও ফেরান তোরেসের সাথে লড়াই করেই তাকে মূল দলে টিকে থাকতে হচ্ছে।

 

বার্সেলোনার ইনজুরির তালিকায় বর্তমানে আরও রয়েছেন পেড্রি ও ফ্রেংকি ডি জং।

‘উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে আ. লীগকে আবার ক্ষমতায় আনতে হবে’

শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের কাছে এখন উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে হবে।

 

শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বাগেরহাটের শরণখোলায় আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ এ আহবান জানান।

 

বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) আসন থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী বদিউজ্জিামান সোহাগ তার বক্তৃতায় আরো বলেন, বিএনপি-জামায়াত যখন ক্ষতায় ছিল তখন সারাদেশে একযোগে বোমা হামলা হয়েছে। উন্নয়নের পরিবর্তে দেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে। আর শেখ হাসিনা ক্ষমতায় এসে সারাদেশের প্রত্যেকটি উপজেলায় মডেল মসজিদ নির্মাণ করেছেন। স্বপ্নের পদ্মা সেতু, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, বঙ্গবন্ধু টানেল, মেট্রোরেল, মোংলা বন্দর পর্যন্ত রেল লাইনসহ অসংখ্য উন্নয়ন করেছেন। এত সব উন্নয়ন সহ্য করতে না পেরে বিএনপি-জামায়াত দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী গোষ্ঠী কাধে ভর  করে ক্ষমতায় আসার অপচেষ্টা করছে বিএনপি। তাদের এই ষড়যন্ত্র কোনোদিনই সফল হবে না।

 

রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুল চত্বরে উপজেলার প্রবীন আওয়ামী লীগ নেতা এম এ রশিদ আকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তৃতা করেন শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রায়হান উদ্দিন শান্ত, আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিন তালুকদার, আব্দুল হাই খান, জাকির হোসেন কান মহিউদ্দিন, মাইনুল ইসলাম টিপু, রফিকুল ইসলাম কালাম, আবুল হোসেন নান্টু, আসাদুজ্জামান স্বপন, আবু রাজ্জাক আকন, জালাল আহমেদ রুমী, রোকনুজ্জামান বিপ্লব, তপু বিশ্বাস, হুমায়ুন করিম সুমন, ছাত্রলীগ নেতা শাওন হোসেন প্রমূখ।

বিতর্কিত রেফারিং নিয়ে ক্ষুব্ধ লিভারপুল কোচ

ম্যানচেস্টার সিটি হারের মুখ দেখায় শীর্ষে ওঠার সুযোগ ছিল লিভারপুলের সামনে। সেজন্য জয়ের দরকার ছিল টটেনহ্যামের বিপক্ষে।

 

কিন্তু রাতের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে জয় তো দূর অপরাজিত থাকার ধারাও বজায় রাখতে পারেনি অলরেডরা। ঘরের মাঠে শেষ মুহূর্তের নাটকীয়তায় তাদের ২-১ গোলে হারায় টটেনহাম।

 

তবে স্পারদের জয় ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রেফারিং বিতর্ক। ম্যাচ শেষে যা ক্ষোভ প্রকাশ করেছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। ম্যাচের ২৬ মিনিটে দশজনের দলে পরিণত হওয়া লিভারপুল এগিয়ে যেতে পারত ৩৪ মিনিটে। মোহামেদ সালাহর পাস থেকে জাল খুঁজে নেন লুইস দিয়াস। কিন্তু তার আগে অফসাইডের পতাকা তোলেন লাইন্সম্যান। তবে রিপ্লেতে দেখা যায় অনসাইডে ছিলেন দিয়ান। মানবিক ভুল স্বীকার করার পর তা খতিয়ে দেখার প্রতিশ্রুতি দিয়ে রেফারিদের সংগঠন পিজিএমওএল।

 

লিভারপুল ভক্তরা ভাবতে পারেন তাতে আর লাভ কী, যা হওয়ার তা তো হয়েই গিয়েছে! শুধু অফসাইডের সিদ্ধান্তই নয়, ম্যাচের দুটি লাল কার্ড নিয়েও প্রশ্ন তোলেন ক্লপ। ২৬ মিনিটে ইয়েভেস বিসেমেউ ট্যাকল করায় লাল কার্ড দেখেন কার্টিস জোনস। এরপর ৬৯ মিনিটে বদলি হিসেবে নামা দিয়োগো জতা দ্বিতীয় হলুদ কার্ড দেখলে ৯ জনের দলে পরিণত হয় অলরেডরা।

 

ক্লপ বলেন, ‘সবচেয়ে অনিরপেক্ষ পরিস্থিতিতে এমন পাগলাটে সিদ্ধান্ত আমি কোনো খেলায় দেখিনি। আমরা খেলোয়াড়দের লাথি মারছিলাম না। ছেলেরা ম্যাচে দারুণ একাগ্রতা দেখিয়েছে। অবাক লাগে যে, কতটা কঠিনভাবে আমরা লড়াই করেছি। দিনশেষে আমরা কিছুই পাইনি। রেজাল্ট নেই তবে এই পারফরম্যান্স আজীবন মনে রাখব আমি।’

 

তিনি আরও বলেন, ‘এখানে (সংবাদ সম্মেলনে)  যারা আছে প্রত্যেকেই মনে কার্টিসের ফাউলটা লাল কার্ড ছিল, তবে আমি ফুটবল খেলেছি এবং ধীরগতিতে দেখলে এটা ভয়ানক ফাউল মনে হবে তবে আসল মুহূর্তে সেটা খারাপ মনে হয়নি। শেষ কবে ১১ বনাম ৯ জনের খেলা শুনেছিলেন আপনারা? এবং ১১ বনাম ৮ জন হওয়ার খুব কাছাকাছি ছিলাম! কোনো ভয়ানক ফাউল ছিল না।’

 

৯ জনের দল হয়েও টটেনহাম ৯০ মিনিট পর্যন্ত আটকে রাখে লিভারপুল। কিন্তু ইনজুরি সময়ে গিয়ে নিজেদের ভুলে পায়ে কুড়াল দিয়ে বসে তারা। আত্মঘাতী গোল করে টটেনহামকে জয় এনে দেন লিভারপুল ডিফেন্ডার জোয়েল মাতিপ। টটেনহামের হয়ে প্রথম গোলটি করেন সন হিউং মিন। এরপর অলরেডদের সমতায় ফেরান কোডি গাকপো। এই হারে ৭ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চারে আছে লিভারপুল। অন্যদিকে অপরাজিত থাকার  ধারা বজায় রেখে ১৭ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠেছে টটেনহাম।

ভারতে দূতাবাস বন্ধ করল আফগানিস্তান

ভারতে দূতাবাসের কার্যক্রম আজ ১ অক্টোবর থেকে বন্ধের ঘোষণা দিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার।

 

শনিবার দেশটির পক্ষ থেকে বিবৃতি জারি করে এ ঘোষণা করা হয়।

 

ভারত সরকারের পক্ষ থেকে অসহযোগিতাপূর্ণ আচরণসহ কয়েকটি কারণ উল্লেখ করে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি। তিন পৃষ্ঠার বিবৃতিতে দূতাবাস বন্ধের এ ঘোষণা দেয়া হয়।

 

বিবৃতিতে বলা হয়, ‘অত্যন্ত দুঃখ, অনুশোচনা ও  হতাশার সঙ্গে জানানো হচ্ছে যে নয়াদিল্লিতে আফগানিস্তান দূতাবাসের পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

 

তবে শুধু ভারতকেই দোষারোপ নয়, দিল্লির দূতাবাসে কর্মীর অভাব ও আর্থিক সাহায্য না থাকাও দূতাবাস বন্ধের অন্যতম কারণ।

 

যদিও ভারতের আফগান দূতাবাসের দেয়া বিবৃতিতে কূটনৈতিক মিশনটিতে ক্ষমতার দ্বন্দ্বের অভিযোগ শক্তভাবে নাকচ করা হয়েছে।

 

এখনো তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি ভারত। ফলে নয়াদিল্লির আফগান দূতাবাসে আগের সরকারের পতাকা ওড়ানো হবে, নাকি বর্তমান তালেবানের পতাকা ওড়ানোর অনুমতি দেয়া হবে, তা নিয়ে চলছিল সংশয়। এরই মধ্যে বন্ধের ঘোষণা দিল তালেবান সরকার।

 

ইতিমধ্যেই আফগানিস্তানের ৫ জন কূটনৈতিক ভারত ছেড়ে ইউরোপ ও আমেরিকায় চলে গিয়েছে।

রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গ্রেপ্তার ২৮

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ২৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

 

শনিবার (৩০ সেপ্টেম্বর) ছয়টা থেকে রোববার (১ অক্টোবর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, আসামিদের কাছ থেকে ২৫ হাজার ৯৩৪ পিস ইয়াবা, ১২০ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও ৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

 

আসামিদের নামে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬টি মামলা করা হয়েছে।

জিরোনাকে হারিয়ে আবারও শীর্ষে রিয়াল মাদ্রিদ

পঞ্চম রাউন্ড পর্যন্ত শীর্ষস্থানটি ধরে রাখতে পেরেছিলো স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। কিন্তু ৬ষ্ঠ রাউন্ডে গিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরেই পিছনে পড়ে যায় তারা। হারানো স্থান পূনরূদ্ধার করতে কার্লো আনচেলত্তির শিষ্যদের লাগলো আরও ৩ রাউন্ড।

অবশেষে রিয়াল-বার্সা সঙ্গে এখনও পর্যন্ত সমানতালে লড়তে থাকা জিরোনাকে ৩-০ গোলে হারিয়েই পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেলো লজ ব্লাঙ্কোজরা। জিরোনার মাঠে গিয়েই জয় তুলে নিয়ে ফিরলো রিয়াল।

৮ ম্যাচ শেষে রিয়ালের পয়েন্ট এখন ২১। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বার্সেলোনা। ১৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে জিরোনা।

রিয়লের হয়ে জিরোনার বিপক্ষে গোল করেছেন হোসেলু, অরিলিয়েন চুয়ামেনি এবং জুদ বেলিংহ্যাম। তবে, ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে গিয়ে ১০ জনের দলে পরিণত হয়েছিলো রিয়াল। ৯০+৪ মিনিটে লাল কার্ড দেখেন নাচো।

ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি বলেন, ‘দল দারুণ খেলেছে। সলিড এবং আত্মবিশ্বাসী একটি ম্যাচ ছিল। জিরোনাও দারুণ ফুটবল খেলেছে। আমরা তাদের প্রয়োজনীয় সময়েই আঘাত করতে পেরেছিলাম। ডিফেন্সিভ জায়গাতে ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতেই ছিলো।’

তিনি আরও বলেন, ‘আমরা রক্ষণভাগেই খুব বেশি মনযোগ দিয়েছিলাম। কারণ জিরোনার দারুণ একটি আক্রমণভাগ ছিল। আমরা রক্ষণকে জমাট রেখেই আক্রমণে উঠেছিলাম। যে কারণে সাফল্য এসেছে।’

ম্যাচের ১৭তম মিনিটেই দারুণ এক গোলে রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেন হোসেলু। জুদ বেলিংহ্যামের ক্রস থেকে বলটি পেয়েছিলেন তিনি। এর চার মিনিট পর আবারও গোল। এবার অরিলিয়েন চুয়ামেনি গোল করে ২-০ ব্যবধান তৈরি করেন। টনি ক্রুসের নেয়া কর্নার কিক থেকে ভেসে আসা বলটিকেই দুর্দান্ত এক হেডে জিরোনার জালে জড়ান চুয়ামেনি।

ম্যাচের ৭১তম মিনিটে এসে হোসেলুর লুপিং পাস নিয়ন্ত্রণে নিয়ে দারুণ এক ভলিতে জিরোনার জালে বল জড়ান ইংলিশ তারকা জুদ বেলিংহ্যাম। এ নিয়ে রিয়ালে যোগ দেয়ার পর মোট ৭ গোল করলেন তিনি।

বৃষ্টিতে ভেসে গেছে অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস ম্যাচও

গুয়াহাটিতে ভারত-ইংল্যান্ড ম্যাচে টস হয়েছিলো। কিন্তু কোনো দল মাঠেই নামতে পারেনি। বৃষ্টির কারণে খেলাই অনুষ্ঠিত হলো না। তবে, থিরুভানান্তপুরমে অস্ট্রেলিয়া এবং নেদারল্যান্ডসের ম্যাচটি মাঝপথে এসে থেমে যায়। যার ফলে কোনো ফল হয়নি। পরিত্যাক্ত হয়ে গেছে এই ম্যাচটিও।

বৃষ্টির কারণে ৫০ ওভারের ম্যাচ অনেকটা টি-টোয়েন্টিতে পরিণত হয়েছিলো। কার্টেল ওভারে দুই দলের জন্যই নির্ধারণ করা হয় ২৩ ওভার করে। গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২৩ ওভারে বড় কোনো স্কোর গড়তে পারেনি অস্ট্রেলিয়ানরা।

ডাচ বোলিংয়ের সামনে মাত্র ২৩ ওভারেই হারাতে হয়েছে ৭টি উইকেট। রান করতে পেরেছে কেবল ১৬৬। ইনিংস ওপেন করতে নেমে স্টিভেন স্মিথই যা একটু প্রতিরোধ গড়েছিলেন ডাচদের। ৪২ বলে করেছিলেন তিনি ৫৫ রান।

জস ইংলিশকে দিয়ে স্মিথের সঙ্গে ইনিংস ওপেন করানো হয়। কিন্তু ৩ বল মোকাবেলা করে কোনো রান না করেই লোগান ফন বিকের বলে বোল্ড হয়ে যান তিনি। অ্যালেক্স ক্যারে ২৫ বলে করেন ২৮ রান। গ্লেন ম্যাক্সওয়েল ৬ বলে করেন ৫ রান। ক্যামেরন গ্রিন ২৬ বলে করেন ৩৪ রান। ২২ বলে ২৪ রানে অপরাজিত থাকেন মিচেল স্টার্ক।

নেদারল্যান্ডসের হয়ে ২টি করে উইকেট নেন লোগান ফন বিক, রোয়েলফ ফন ডার মারউই এবং বাস ডি লিডি। ১টি উইকেট নেন শারিজ আহমদ।

জবাব দিতে নেমে ১৪.২ ওভারে ৬ উইকেট হারিয়ে নেদারল্যান্ডস ৮৪ রান করার পরই বৃষ্টি নামে। যে কারণে বাকি ম্যাচ আর অনুষ্ঠিতই হতে পারেনি। ফলে ম্যাচ বাতিল বলে গণ্য হলো। নেদারল্যান্ডসের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন কলিন অ্যাকারম্যান। ১৪ রান করেন স্কট অ্যাডওয়ার্ডস।

শেষ মুহূর্তের চুক্তিতে শাটডাউন এড়ালো যুক্তরাষ্ট্র

শেষ মুহূর্তে এসে সরকার অচল (শাটডাউন) হওয়া এড়ালো যুক্তরাষ্ট্র। সরকারে স্বল্পমেয়াদী অর্থায়নের বিষয়ে হাউজ অব কমনস এবং সিনেটের মধ্যে সমঝোতা হওয়ায় বড় সংকট থেকে বেঁচে গেছে বাইডেন প্রশাসন। এই চুত্তি না হলে যুক্তরাষ্ট্রের লাখ লাখ সরকারি কর্মচারীকে বিনাবেতনে ছুটিতে পাঠাতে হতো, বন্ধ হয়ে যেতো সরকারের গুরত্বপূর্ণ বিভিন্ন সেবা।

 

রোববার (১ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

 

প্রতিবেদনে বলা হয়েছে, সরকার শাটডাউন হওয়ার কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রতিনিধি পরিষদ একটি স্বল্পমেয়াদী তহবিল চুক্তিতে সম্মত হয়েছে। এই বিলের মাধ্যমে আগামী নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত সরকারকে অর্থায়ন করা যাবে। কিন্তু এই বিলে ইউক্রেনের জন্য কোনও নতুন সহায়তা অন্তর্ভুক্ত নেই।

 

প্রতিনিধি পরিষদে ৩৩৫-৯১ ভোটে এটি অনুমোদিত হয়। মূলত বিরোধী রিপাবলিকানদের চেয়ে ডেমোক্র্যাট সদস্যরা এটিকে বেশি সমর্থন করেছেন।

 

বিবিসি বলছে, প্রতিনিধি পরিষদে অনুমোদিত এই বিলটি এখন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের চেম্বারেও অনুমোদিত হতে হবে। তবে এটি সেখানে সহজেই পাস হবে বলে আশা করা হচ্ছে। আর এরপর এটিতে স্বাক্ষর করে একবার আইনে পরিণত করলে তা মার্কিন সরকারের ফেডারেল পরিষেবাগুলোতে সম্ভাব্য ব্যাঘাত এড়াতে সহায়তা করবে।

 

এদিকে ক্ষমতাসীন ডেমোক্র্যাটরা শাটডাউন এড়ানোকে জয় বলে অভিহিত করেছেন। বার্তাসংস্থা রয়টার্স বলছে, প্রায় ২০৯ জন ডেমোক্র্যাট এই বিলটিকে সমর্থন করেছেন। অন্যদিকে এই বিলটি সমর্থনকারী রিপাবলিকানদের সংখ্যা ১২৬ জন।

 

পরে ডেমোক্র্যাটরা শাটডাউন এড়ানোর এই ফলাফলটিকে জয় বলে বর্ণনা করেন। অবশ্য বিল পাস হওয়ায় নিজের দলের কট্টরপন্থিদের কাছ থেকে চাপের মুখে পড়েছেন রিপাবলিকান হাউস সংখ্যাগরিষ্ঠ নেতা কেভিন ম্যাকার্থি।

 

মূলত কেন্দ্রীয় সরকারকে অর্থায়নের একটি বিল পাস হওয়া নিয়ে যুক্তরাষ্ট্রে জটিলতা তৈরি হয়েছিল। এটি পাস না হলে শনিবারের পর (স্থানীয় সময় ১ অক্টোবর মধ্যরাত) বন্ধ হয়ে যেতে পারত যুক্তরাষ্ট্রের সরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম। যা দেশটিতে ‘শাটডাউন’ হিসেবে পরিচিত।

 

সরকারি ব্যয় মেটানোর জন্য প্রতিবছর ১ অক্টোবর নতুন অর্থবছরের জন্য অর্থ বরাদ্দের অনুমোদন দিয়ে থাকে যুক্তরাষ্ট্রের আইন পরিষদের উচ্চকক্ষ সিনেট ও নিম্নকক্ষ কংগ্রেস। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির নিয়ন্ত্রণে থাকা কংগ্রেসের নিম্নকক্ষ অর্থ বরাদ্দের বিষয়টি আটকে রেখেছিল। প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্র্যাটিক পার্টির কাছে তারা সরকারি ব্যয় অনেকাংশে হ্রাস করার দাবি জানায়। তবেই নতুন অর্থবছরের অর্থ বরাদ্দের অনুমোদন দেওয়ার কথা জানিয়েছিল তারা।

 

অন্যদিকে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে মাত্র ১ আসনের ব্যবধানে এগিয়ে আছে ডেমোক্র্যাটিক পার্টি। আর কংগ্রেসের নিম্নকক্ষের নিয়ন্ত্রণ রয়েছে রিপাবলিকানদের দখলে। ফলে সরকারকে সচল রাখতে হলে দুই দলকে ঐকমত্যে পৌঁছাতে হতো। সেই মতো সরকারের শাটডাউন এড়াতে শেষমুহূর্তে দ্বিদলীয় বিল পাস করল হাউস।

 

অবশ্য আপাতত শাটডাউন এড়ানো গেলেও রিপাবলিকানদের একটি অংশের দাবি, সরকারি ব্যয় অনেক কমাতে হবে। এমনকি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়া ইউক্রেনকে সহায়তা কমিয়ে দেওয়ার দাবিও করেছেন তারা।

মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জো

ভারত মহাসাগরের দেশ মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বিরোধী দলীয় নেতা মোহাম্মদ মুইজ্জো। শনিবার (৩০ সেপ্টেম্বর) রানঅফ নির্বাচনে তিনি বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহকে হারিয়েছেন।

 

মোহাম্মদ মুইজ্জোকে ‘ভারত বিরোধী’ নেতা হিসেবে বিবেচনা করা হয়। কারণ নির্বাচনের আগে তিনি বলেছিলেন, যদি প্রেসিডেন্ট হতে পারেন তাহলে মালদ্বীপে মোতায়েনকৃত স্বল্পসংখ্যক ভারতীয় সেনাকে বের করে দেবেন এবং মালদ্বীপকে ভারতের প্রভাব থেকে মুক্ত করবেন।

 

গত ৯ সেপ্টেম্বর মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে প্রথম ধাপে কোনো প্রার্থী এককভাবে ৫০ শতাংশ ভোট না পাওয়ায় এ নির্বাচন রানঅফে গড়ায়।

 

মালদ্বীপের স্থানীয় সংবাদমাধ্যম ধাওরু জানিয়েছে, নির্বাচনে ব্যবহৃত ৫৬৮ ব্যালটের সবগুলোর ভোট গণনা সম্পন্ন হয়েছে। আর ভোট গণনা শেষে দেখা গেছে, মোহাম্মদ মুইজ্জো পেয়েছেন ৫৩ দশমিক ৭৩ শতাংশ ভোট। আর বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম সোলিহ পেয়েছেন ৪৬ দশমিক ২৭ শতাংশ ভোট।

 

মোহাম্মদ মুইজ্জো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার অর্থ হলো— দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে ভারতের যে প্রভাব রয়েছে সেটি কমে যাবে। অপরদিকে বাড়বে চীনের প্রভাব।

 

ভোট গণনা শেষ হওয়ার আগেই মুইজ্জোর সমর্থকরা সামাজিক যোগাযোগমাধ্যমে উল্লাস শুরু করেন। আহমেদ আজান নামের এক সমর্থক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। নির্বাচিত প্রেসিডেন্ট মুইজ্জোকে অভিনন্দন। লড়াই এখনো শেষ হয়নি। ইন্ডিয়া আউট।’

 

মোহাম্মদ মুইজ্জো এর আগে রাজধানী মালের মেয়রের দায়িত্ব পালন করেছেন। এখন তিনি আগামী পাঁচ বছরের জন্য পর্যটনসমৃদ্ধ এ দ্বীপ রাষ্ট্রটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন।

হরদীপ সিং হত্যা, স্কটল্যান্ডে গুরুদুয়ারায় ঢুকতে পারলেন না বিক্রম দোরাইস্বামী

কানাডায় খালিস্তান আন্দোলনের নেতা হরদীপ সিং নিজ্জর হত্যায় ঘটনায় এবার স্কটল্যান্ড সফরের সময় গুরুদুয়ারায় প্রবেশ করতে পারেননি যুক্তরাজ্যে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

 

স্কটল্যান্ডের গ্লাসগোতে গুরুদুয়ারা পরিদর্শনের জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়। কিন্তু খালিস্তান আন্দোলনের নেতারা তাকে সেখানে প্রবেশে বাধা দেয়। গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে।

 

 

 

 

 

গুরুদুয়ারায় প্রবেশ না করতে পেরে বিষয়টি যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের কাছে তুলে ধরেন ভারতীয় এই হাকমিশনার।

 

সূত্র জানায়, দোরাইস্বামী স্কটল্যান্ড সফরের সময় গুরুদুয়ারা কর্তৃপক্ষ তাকে তাদের ধর্মীয় প্রতিষ্ঠানটি পরিদর্শনের আমন্ত্রণ জানায়। এ সময় সেখানে বসবাসরত শিখ সম্প্রদায়ের একটি অংশ গুরুদুয়ারার বাইরে বিক্ষোভ করে এবং নানা স্লোগান দেয়। এ সময় তারা বিক্রম দোরাইস্বামীকে সেখানে প্রবেশে বাধা দেয়।

 

এদিকে হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডে ভারতের এজেন্টরা জড়িত বলে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ তোলার পর ভারত ও কানাডার মধ্যে কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়। অবশ্য ভারত এই অভিযোগকে ‘অবাস্তব ও উদ্দেশ্যপ্রণোদিত’ উল্লেখ করে প্রত্যাখ্যান করেছে। এরই মধ্যে গতকাল স্কটল্যান্ডের এ ঘটনা ঘটল।