শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬

আর্থিক দুর্নীতির মামলায় ট্রাম্পের বিচার শুরু

আর্থিক দুর্নীতির মামলায় নিউইয়র্কের ম্যানহাটানের আদালতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার শুরু হয়েছে। ট্রাম্পের দুই ছেলে ও প্রতিষ্ঠান ট্রাম্প অর্গানাইজেশনও এ মামলার আসামি।
সোমবার ট্রাম্প আদালতে হাজির হলে শুনানি অনুষ্ঠিত হয়।

তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা সম্পদের মূল্য অতিরঞ্জিত করেছেন। পাশাপাশি কর সংগ্রহকারী, ঋণদাতা ও ইন্স্যুরেন্স কোম্পানিকে মিথ্যা বলেছেন।
শুনানিতে নিউইয়র্ক অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল অফিসের আইনজীবী বলেন, দুর্নীতির মাধ্যমে ট্রাম্প ১০০ কোটি ডলারের বেশি সম্পদ উপার্জন করেন।
দোষী সাব্যস্ত হলে ট্রাম্পকে জেলে যেতে হবে না। কয়েকটি ব্যবসার লাইসেন্স হারাতে পারেন ট্রাম্প। সেই সঙ্গে বড় অঙ্কের আর্থিক জরিমানাও হতে পারে।
ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেন বলেন, সম্পদ হারানোটা হবে ট্রাম্পের জন্য বড় আঘাত। এ নিয়েই তিনি সবচেয়ে বেশি আতঙ্কে থাকেন।
ডেমোক্রেট দলীয় নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস কয়েক বছরের তদন্তের পর ট্রাম্প ও কোম্পানির বিরুদ্ধে আর্থিক বিবরণীতে তথ্য গোপনের এ অভিযোগ আনেন।

তবে ট্রাম্প এ বিচারকে ‘প্রেতাত্মা খোঁজা’ বলে বর্ণনা করে আসছেন।

পিছিয়ে পড়েও আল নাসরের জয়

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে প্রথমে পিছিয়ে পড়েও তাজিকিস্তানের ক্লাব এফসি ইস্কিকলকে ৩-১ গোলে হারিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর।
কিং সাউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে খেলা শুরুর দিকে সুবিধা করতে পারেনি সৌদি আরবের দলটি। মাঝমাঠের দখল নিলেও আক্রমণে পিছিয়ে থাকতে হয় তাদের।
বেশ কয়েকটি সুযোগ তৈরি করে প্রথমার্ধ শেষের ১ মিনিট আগে গোয় পায় ইস্কিকলল।
বিরতির পর খেলায় ফিরতে মরিয়া চেষ্টার চালিয়ে ৬৬ মিনিটে সফল হয় আল নাসর। দলকে সমতায় ফেরান ক্রিশ্চিয়ানো রোনালদো।
এরপর আরও দুইবার জালের দেখা পায় আল নাসর। দুটি গোলই করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার তালিস্কা। এতে ৩-১ গোলের বড় জয় নিশ্চিত হয় সৌদি ক্লাবটির।
 

ইউক্রেনকে স্থায়ী সমর্থনের প্রতিশ্রুতি ইইউর

ইউক্রেনকে দীর্ঘ মেয়াদে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন।
সোমবার কিয়েভে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা এক ঐতিহাসিক বৈঠকে মিলিত হয়ে এ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

ইউক্রেনকে সমর্থন করা নিয়ে ইইউর মধ্যে মতপার্থক্য বাড়তে থাকার পরিপ্রেক্ষিতে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এ প্রথমবারের সীমানার বাইরে কিয়েভে ইইউর বৈঠকটি অনুষ্ঠিত হলো।
ইইউর পররাষ্ট্রনীতি-বিষয়ক প্রধান জোসেফ বোরেল সোমবারের বৈঠককে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করেছেন। তবে একই সঙ্গে স্পষ্ট করে বলেছেন, বৈঠক থেকে নতুন কোনো সুনিদিষ্ট ঘোষণা দেয়া হয়নি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি পররাষ্ট্রমন্ত্রীদের সাথে সাক্ষাত করেছেন। তিনি এক বিবৃতিতে বলেছেন, আমাদের বিজয় সহযোগিতার ওপর সরাসরি নির্ভর করছে। যতো শক্তিশালী ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমরা নিতে পারব তত তাড়াতাড়ি যুদ্ধ শেষ হবে।
তিনি দ্রুত যুদ্ধ শেষ করতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি রাশিয়া ও ইরানের ওপর অবরোধ আরও ব্যাপক করার আহ্বান জানান। ইরান রুশ বাহিনীকে ড্রোন সরবরাহ করছে বলে তিনি অভিযোগ করেন।
উল্লেখ্য, ২৭ সদস্য বিশিষ্ট ইইউ ঐক্যবদ্ধ ও ব্যাপকভাবে ইউক্রেনকে সহায়তা করছে এবং রাশিয়ার ওপর ১১ দফা নিষেধাজ্ঞা জারি করেছে। এছাড়া ইইউ কিয়েভকে অস্ত্র সহায়তা দিতে বিলিয়ন বিলিয়ন ইউরো খরচ করছে।

এবার কানাডাকে ৪১ কূটনীতিককে ফিরিয়ে নিতে বললো ভারত

ভারতে নিযুক্ত ৪১ জন কূটনীতিককে ফিরিয়ে নিতে কানাডাকে বলেছে নয়াদিল্লি। মোদি সরকার জানিয়েছে, আগামী ১০ অক্টোবরের মধ্যে এসব কানাডিয়ান কূটনীতিককে সরিয়ে নিতে হবে।
কানাডার খালিস্তানপন্থি শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যার ঘটনায় দুই দেশের মধ্যে দূরত্ব বেড়েছে। সম্প্রতি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দাবি করেন যে, শিখ নেতা হত্যার পেছনে ভারত সরকারের হাত রয়েছে। এর নির্দিষ্ট প্রমাণ রয়েছে তাদের হাতে। খবর রয়টার্সের

এ নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি হয়। এমন অবস্থায় ভারতের পক্ষ থেকে কূটনীতিকদের সরিয়ে নিতে বলা হলো। নয়াদিল্লির এই নির্দেশে দু’দেশের সম্পর্ক আরও তিক্ত হতে চলেছে বলে মনে করছে ভারতের কূটনৈতিক মহল।
গত জুনে কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে খুন হন খালিস্তানপন্থী নেতা হরদীপ সিংহ নিজ্জার। হরদীপের খুনের নেপথ্যে ভারত সরকারের হাত থাকতে পারে বলে সম্প্রতি সেদেশের পার্লামেন্টে মন্তব্য করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
কানাডার প্রধানমন্ত্রীর এই অভিযোগ সরাসরি খারিজ করে দেয় নয়াদিল্লি। আর এই ঘটনা নিয়েই দু’দেশের মধ্যে শুরু হয়েছে কূটনৈতিক চাপানউতর। ভারতে বসবাসকারী বা ঘুরতে যাওয়া কানাডার নাগরিকদের জন্য ভ্রমণ সংক্রান্ত কিছু নির্দেশিকা জারি করেছে দেশটির সরকার। পাল্টা জবাবে কানাডায় বসবাসকারী ভারতীয় শিক্ষার্থী এবং নাগরিকদের সতর্কভাবে থাকতে নতুন নির্দেশিকা জারি করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
কানাডার নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক যখন টালমাটাল, তখন আবার নিজ্জার হত্যাকাণ্ডে ভারতের দিকেই আঙুল তোলেন ট্রুডো। এর জবাবে জাতিসংঘের সাধারণ সভায় কানাডার বিরুদ্ধে সরব হন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩২

রাজধানীজুড়ে পৃথক অভিযান চালিয়ে ৩২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মাদক সেবন ও বিক্রির অভিযোগে তাদের গ্রেফতার করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
সোমবার (২ অক্টোবর) সকাল ৬টা থেকে মঙ্গলবার (৩ অক্টোবর) একই সময় পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় ওই অভিযান পরিচালিত হয়।

অভিযানে গ্রেফতারদের কাছ থেকে ১ হাজার ৫৬১ পিস ইয়াবা, ২৩ কেজি ৯০০ গ্রাম গাঁজা ছাড়াও ১২১ দশমিক ৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২৮টি মামলা করা হয়েছে।

ঢাকার উদ্দেশে আজ লন্ডন ছাড়বেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৬ দিনের সরকারি সফর শেষে মঙ্গলবার ঢাকার উদ্দেশে লন্ডন ত্যাগ করবেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট (বিজি-২০৮) ৩ অক্টোবর (মঙ্গলবার) লন্ডনের স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে হিথ্রো বিমানবন্দর ত্যাগ করবে।

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানাবেন।
ফ্লাইটটি ৪ অক্টোবর বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
প্রধানমন্ত্রী ৩০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পৌঁছান।
২ অক্টোবর লন্ডনে বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে শেখ হাসিনাকে সংবর্ধনা দেওয়া হয় এবং বাংলাদেশ ও রোহিঙ্গা বিষয়ক অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) সভাপতি রুশনারা আলীর (এমপি) নেতৃত্বে এপিপিজি’র একটি প্রতিনিধি দল এবং যুক্তরাজ্যের বিনিয়োগ ও ক্ষুদ্র ব্যবসা বিষয়ক ছায়ামন্ত্রীসহ কয়েকজন গণ্যমান্য ব্যক্তির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
১৭ থেকে ২৯ সেপ্টেম্বর নিউইয়র্ক ও ওয়াশিংটন ডিসিতে অবস্থানকালে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৮তম অধিবেশন ও অন্যান্য উচ্চ পর্যায়ের পক্ষ ও দ্বিপক্ষীয় অনুষ্ঠানে যোগ দেন এবং যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। এছাড়া তিনি ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেন।

মিরাজ-শান্তর খুনসুটি, ‘মন্তব্য’ নেই সাকিবের

দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। দুদিন পর হবে উদ্বোধনী ম্যাচ।
ব্যস্ততা বেড়েছে আইসিসির সামাজিক যোগাযোগ মাধ্যমের দায়িত্বে থাকা কর্মীদেরও। বিভিন্ন দলের নানা রকম ভিডিও পোস্ট করছে তারা। মঙ্গলবার সকালে আইসিসি প্রকাশ করে বাংলাদেশের ফটোসেশনের সময়ের একটি ভিডিও।

সেখানে ‘সাংবাদিকের’ ভূমিকা দেওয়া হয় স্পিনার নাসুম আহমেদকে। মাইক্রোফোন হাতে শুরুতে ‘খুব চিন্তায়’ থাকলেও পরে ঠিকই তিনি সামলেছেন দারুণভাবে। পেসার শরিফুল ইসলাম, হাসান মাহমুদদের দেখা যায় ভিডিওতে।
এরপর নাসুম যান মেহেদী হাসান মিরাজের কাছে। ভারতে খেলা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ভালো বোধ করছি। এখানে অনেকবার এসেছি। ভারতে অনেক ম্যাচ খেলেছি। আমি খুশি এখানে এসে। ’
মিরাজের কথা বলার সময় তাকে ‘বিভ্রান্ত’ করার চেষ্টা করছিলেন নাজমুল হোসেন শান্ত। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে একসঙ্গে খেলেছেন তারা। এখন দুজনেই দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার। দুজনের খুঁনসুঁটি ফুটে উঠে আইসিসির ভিডিওতেও। ‘সে আমাদের সহ-অধিনায়ক…’ বলে কথা বলতে শান্তকে মাইক্রোফোনের সামনে আনতে চাইলেও পারেননি মিরাজ।
তখন চা খাচ্ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। নাসুম উপস্থাপকের ভূমিকা নিয়ে তার কাছে যান। জানান, রিয়াদকে চা বানিয়ে খাওয়ান তিনিও। নাসুমের চা ‘যেকারো চেয়ে ভালো’ স্বীকৃতি দেন রিয়াদ।
এরপর ভারতে খেলার অভিজ্ঞতা জানিয়ে রিয়াদ বলেন, ‘ভারত আমাদের দ্বিতীয় ঘরের মতো। এখানকার খাবার ও চা অসাধারণ। এখানে ফিরতে পারাটা ভালো ব্যাপার। ’ ভিডিওর শেষে অধিনায়ক সাকিব আল হাসানের কাছে যান নাসুম। তিনি অবশ্য হাসতে হাসতে বলেন, ‘আমি কিছু বলতে চাই না, কোনো মন্তব্য নেই। ’

আন্দোলনের নামে সহিংসতা করলে ছাড় নয় : প্রধানমন্ত্রী

জাতীয় নির্বাচনের আগে আন্দোলনের নামে কোনো ধরনের অগ্নিসংযোগ, জ্বালাও-পোড়াও, সন্ত্রাসী কার্যকলাপ বা সহিংসতা করলে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিরোধীদের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আন্দোলনে আমাদের কোনো আপত্তি নেই। সন্ত্রাসবাদে অগ্নিসংযোগ করে মানুষ হত্যা এবং দেশের সম্পত্তি নষ্ট করাই তাদের আন্দোলন। এর আগে ২৯ জন পুলিশ সদস্যকে হত্যা করেছে। দুর্দশাগ্রস্ত মানুষের জীবন নিয়ে এমন কোনো চেষ্টা করা হলে কোনো ক্ষমা করা হবে না।

তিনি বলেন, অগ্নিসংযোগের ঘটনায় নারীসহ অনেক লোক গুরুতরভাবে দগ্ধ হয়েছিল এবং তারা তাদের আঘাত নিয়ে অমানবিক জীবনযাপন করছে।
স্থানীয় সময় সোমবার (২ অক্টোবর) লন্ডনের মেথোডিস্ট সেন্ট্রাল হল ওয়েস্টমিনস্টারে প্রধানমন্ত্রীর সম্মানে আয়োজিত এক কমিউনিটি সংবর্ধনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ। যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সৈয়দ সাজেদুর রহমান ফারুক।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, গণতন্ত্রের কথা বলা বিএনপির পক্ষে শোভা পায় না কারণ তারা জনগণের ভোটাধিকার নিয়ে ধোঁকাবাজি খেলেছে।
১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি বিএনপি একটি প্রহসনমূলক নির্বাচন করে এবং নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার দেড় মাসের মধ্যেই দেশের জনগণ তাদের ক্ষমতা থেকে উৎখাত করে।

তিনি বলেন, দেশের জনগণ কখনই ভোট কারচুপিকারীদের ক্ষমতায় বসতে দেয় না। বিএনপি-জামায়াত জোট ১ কোটি ২৩ লাখ ভুয়া ভোটার নিয়ে ভোটার তালিকা তৈরি করে এবং সেই তালিকা দিয়ে নির্বাচন করার চেষ্টা করে।
উল্টো আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে সংগ্রাম করেছে উল্লেখ করে তিনি বলেন, তাদের অনেকেই তাদের জীবন উৎসর্গ করেছেন।

প্রধানমন্ত্রী একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, তার সরকার নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য আইন প্রণয়নের পাশাপাশি আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য সমস্ত সংস্কার করেছে।
তিনি বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য তারা স্বচ্ছ ব্যালট বক্স চালু করেছে এবং ছবিসহ ভোটার তালিকা তৈরি করেছে।
শেখ হাসিনা বলেন, বিএনপি এখন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আন্দোলন করছে। সরকারপ্রধান হিসেবে তার ওপর ন্যস্ত নির্বাহী ক্ষমতা দিয়ে এতিমদের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতির মামলায় কারাদণ্ড স্থগিত করার পর খালেদা জিয়াকে বাড়িতে থাকতে দেওয়া হয়েছে।
খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ক্ষেত্রে তার কিছুই করার নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তিনি আইন অনুযায়ী যা করতে পারেন তাই করেছেন।
অনেকেই এখন যুক্তি দিচ্ছেন, ‘আইন নিজের গতিতে চললেও খালেদা জিয়ার প্রতি আমি বেশি সহানুভূতি দেখাতে পারি’। ১৫ আগস্ট, ১৯৭৫ সালের হত্যাকাণ্ড, ২১ আগস্ট, ২০০৪ গ্রেনেড হামলা, শেখ রেহানার বাড়িটিকে একটি পুলিশ ফাঁড়িতে পরিণত করা, যা তিনি জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা দেওয়ার জন্য প্রণীত আইনের অধীনে পেয়েছিলেন এবং তা বিএনপি সরকারের লঙ্ঘনের ঘটনা উল্লেখ করেন। ছেলে কোকোর মৃত্যুর পর তাকে (শেখ হাসিনা) খালেদা জিয়ার বাড়িতে প্রবেশের অনুমতি না দেবার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তারা কীভাবে খালেদা জিয়ার জন্য আমার কাছ থেকে আরও সহানুভূতি আশা করে।

তিনি প্রবাসী বাংলাদেশিদেরকে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানান, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের অন্তর্ভুক্ত প্রতিটি প্রগতিশীল ও গণতান্ত্রিক আন্দোলনে তাদের অবদানের কথা স্মরণ করেন।
চলমান ইউক্রেন যুদ্ধের কারণে মূল্যস্ফীতি বৃদ্ধির পটভূমিতে, অনুমোদন এবং পাল্টা নিষেধাজ্ঞা, তিনি খাদ্যের জন্য অন্যের ওপর নির্ভরতা কমাতে এক ইঞ্চি জমি ছেড়ে না দেওয়ার জন্য সবাইকে আহ্বান করেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশকে আর্থ-সামাজিকভাবে উন্নত করতে তার সরকারের পদক্ষেপের সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে তিনি বলেন, তারা বাংলাদেশকে একটি উন্নয়নশীল ও ডিজিটাল দেশে রূপান্তরিত করেছে এবং এখন ২০৪১ সালের মধ্যে এটিকে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে কাজ করছেন।

‘বাংলাদেশের জনগণ স্বাধীনভাবে নেতা নির্বাচন করুক, যুক্তরাষ্ট্র এটাই চায়’

বাংলাদেশের জনগণের স্বাধীনভাবে তাদের নেতা নির্বাচনের আকাঙ্ক্ষাকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এমন কথাই জানিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশের জনগণ যেন স্বাধীনভাবে তাদের নেতাদের নির্বাচন করতে পারে, যুক্তরাষ্ট্র কেবল এটাই নিশ্চিত করতে চায়।
এছাড়া যুক্তরাষ্ট্র বাংলাদেশে কোনও বিশেষ দলকে সমর্থন করে না বলেও জানিয়েছেন তিনি। মিলার বলেছেন, বাংলাদেশে নির্বাচনের ফলাফলকেও প্রভাবিত করতে চায় না যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় সোমবার (২ অক্টোবর) নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মুখপাত্র ম্যাথিউ মিলার।
এদিনের সংবাদ সম্মেলনে বাংলাদেশের আসন্ন নির্বাচন ছাড়াও গণমাধ্যমকর্মীদের ওপর ভিসা বিধিনিষেধ আরোপের ঘোষণা নিয়ে আলোচনা হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে ওই ব্রিফিংয়ের বিস্তারিত বক্তব্য তুলে ধরা হয়েছে।
ভিসানীতি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মার্কিন এই কর্মকর্তা বলেন, বাংলাদেশিরা নিজেরাই যা চায় যুক্তরাষ্ট্রও সেটিই চায়। আর তা হচ্ছে- অবাধ ও সুষ্ঠু নির্বাচন যা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের সরকার, রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং মিডিয়া সকলেই তাদের ইচ্ছা প্রকাশ করেছে যে, আসন্ন জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হোক– ঠিক যেমনটা আমরাও চাই।
ম্যাথিউ মিলার বলেন, আমরা যে ভিসা বিধিনিষেধ আরোপের নীতি ঘোষণা করেছি তা এই উদ্দেশ্য এবং বাংলাদেশের জনগণের স্বাধীনভাবে তাদের নেতা নির্বাচনের আকাঙ্ক্ষাকে সমর্থন করে। আমি শুধু বলব– যুক্তরাষ্ট্র কোনো বিশেষ দলকে সমর্থন করে না এবং নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করতে চায় না। বাংলাদেশের জনগণ যেন স্বাধীনভাবে তাদের নেতাদের নির্বাচন করতে পারে, যুক্তরাষ্ট্র শুধু এটাই নিশ্চিত করতে চায়।

রাজধানীতে ভূমিকম্প অনুভূত

রাজধানীসহ আশেপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (২ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। প্রাথমিক কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
গুগলের অ্যান্ড্রয়েড অ্যালার্ট সিস্টেমের তথ্য বলছে, রিখটার স্কেলে কম্পের মাত্রা ছিল ৫ দশমিক তিন।

এর উৎপত্তিস্থল ছিল ভারতের মেঘালয়ের রেসুবেলপাড়া থেকে তিন কিলোমিটার দূরে। বাংলাদেশ, ভারত ছাড়াও নেপাল, ভূটান এবং চীনেও অনুভূত হয়েছে এর কম্পন।
ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) বলছে, এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৩। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ২৩ কিলোমিটার। উৎপত্তিস্তল ছিল ভারতের আসাম।