শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬

তামিমকে দলে না নেয়ার কারণ খোলাসা করা দরকার: জায়েদ খান

ঢালিউড চিত্রনায়ক জায়েদ খান। হতে চেয়েছিলেন ক্রিকেটার কিন্তু হয়ে গেলেন নায়ক। সাম্প্রতিক বিষয়কে কেন্দ্র করে তিনি কথা বললেন তামিম ইকবালকে নিয়ে।
জায়েদ খান বলেন, তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট দলে নেই এটা ভাবতেই কষ্ট লাগে।

তবে তিনি দলে থাকলে বিশ্বকাপ আরও পরিপূর্ণ হত। এই যেমন নিউজিল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক কেন স্টুয়ার্ট উইলিয়ামসন ইনজুরি থাকা স্বত্ত্বেও তাকে কিন্তু দলে নিয়েছে। তামিমকেও কিন্তু নিতে পারতো কিন্তু দলে রাখেননি নির্বাচকরা।
জায়েদ আরও বলেন, তামিম ইকবাল বিশ্বকাপ খেলার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু কোন অজানা কারণে তাকে নেয়া হলো না তা কিন্তু এখনো খোলাসা করেনি বিসিবি। এটা হতে পারতো তামিমের শেষ বিশ্বকাপ। তবে সাকিব আল হাসানের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দল ভালো করবে।
বর্তমান ক্রিকেট দলটি নিয়ে জায়েদ বলেন, প্রত্যাশা রাখি দলটি ভালো করবে। এখন দল যদি খারাপ করে তাহলে অনেকে বলবে তামিম নেই তাই খারাপ খেলছে। আবার ভালো খেললেও তখন বলবে নতুনরা ভালো করছে। এটাই বলবে দর্শকরা। সব মিলিয়ে বাংলাদেশ দলকে আমাদের সর্বাত্মক সাপোর্ট করা উচিত।

শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী

শিক্ষমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যারিশম্যাটিক নেতৃত্বে বর্তমান সরকার দেশের শিক্ষার মান উন্নয়নে কাজ করছে।
আজ উত্তরা ইউনিভার্সিটির ৮ম সমাবর্তন উপলক্ষে বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার-৪ (নবরাত্রি হল) হলে সমাবর্তনের সভাপতি ও প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী একথা বলেন।

আজকের গ্রাজুয়েটরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করবে এ কথা উল্লেখ করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা যখন কর্মজগতে পা রাখবে, মনে রাখবে প্রাতিষ্ঠানিক শিক্ষা আলোকবর্তিকা হয়ে তোমাদের সীমাহীন সম্ভাবনার দিকে নিয়ে যাবে।
অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ। উত্তরা ইউনিভার্সিটির ৮ম সমাবর্তনের শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা।
প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ বলেন, বাংলাদেশের শিক্ষার বিস্তার এখন উন্নয়নশীল বিশ্বের জন্যে একটি অনুকরণীয় মডেল। আপনাদের অর্জিত জ্ঞান শুধু নিজেদের জন্যই ব্যবহার করবেন তা নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সক্রিয় ভূমিকা রাখার
পাশাপাশি শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান ও মেধা দেশের বৃহত্তর জনগোষ্ঠীর কল্যাণের জন্য কাজে লাগাতে হবে।
উত্তরা ইউনিভার্সিটির ৮ম সমাবর্তনে আরো উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বদরুল ইকবাল সহ সংসদের সদস্য, বুদ্ধিজীবী, রাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন বেসরকারী বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্যবৃন্দ।

ডেঙ্গু টিকার অনুমোদন দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

জাপানের উদ্ভাবিত ডেঙ্গু প্রতিরোধী টিকা ‘কিউডেঙ্গা’ ব্যবহারের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। কিউডেঙ্গা টিকা তৈরি করেছে দেশটির তাকেদা ফার্মাসিউটিক্যাল কোম্পানি।
এর আগে ইউরোপীয় ইউনিয়ন, ইন্দোনেশিয়া ও ব্রাজিলে কিউডেঙ্গা নামের ভ্যাকসিনটি ব্যবহারের জন্য অনুমোদন পেয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, তীব্র ডেঙ্গু জ্বরে আক্রান্ত এবং উচ্চ সংক্রমণের ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস এমন ৬ থেকে ১৬ বছর বয়সী শিশুদের জন্য এই ভ্যাকসিন চালু করা হবে।
ডেঙ্গু একটি মশাবাহিত রোগ যা বিশ্বব্যাপী, বিশেষ করে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আফ্রিকা, এশিয়া এবং লাতিন আমেরিকার দেশগুলোতে ডেঙ্গু সংক্রমণ বাড়ছেই।
উল্লেখ্য, বাংলাদেশেও সম্প্রতি প্রথমবারের মতো ডেঙ্গুর চারটি ধরনের বিরুদ্ধে উপযোগী টিকা নিয়ে সফল পরীক্ষা সম্পন্ন করেছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) এবং যুক্তরাষ্ট্রের ভার্মন্ট বিশ্ববিদ্যালয়ের (ইউভিএম) লার্নার কলেজ অব মেডিসিন। টিভি-০০৫ নামের টিকাটি এক ডোজের বলে জানিয়েছে আইসিডিডিআরবি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলে ডেঙ্গুর এই টিকা ব্যবহার করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আইসিডিডিআরবির বিজ্ঞপ্তিতে বলা হয়, গবেষণায় ব্যবহৃত এক ডোজের ডেঙ্গু টিকা টিভি-০০৫ মূল্যায়ন করে দেখা যায়, এটি শিশু ও প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রয়োগের জন্য নিরাপদ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সক্ষম।

ডেঙ্গুতে আরও ১৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৯৯

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে ডেঙ্গুতে মৃত্যু বেড়ে দাঁড়ালো এক হাজার ৩০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে দুই হাজার ৭৯৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

২০২২ সালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৮১ জন মারা যান। ওই বছরের ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬২ হাজার ৩৮২ জন হাসপাতালে ভর্তি হন। ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়।

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে মোংলায় ভিড়েছে রুশ জাহাজ

রুপপুর বিদ্যুৎকেন্দ্রের মেশিনারিজ পণ্য নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে রাশিয়ার পতাকাবাহী এমভি ইয়োমান ওরলা নামের একটি বাণিজ্যিক জাহাজ।
আজ মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুর ১২টায় মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙর করে জাহাজটি।

ওই জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ইন্টারপোট শিপিংয়ের ম্যানেজার অসীম সাহা জাহাজ নোঙরের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ৬৬৮ প্যাকেজের ২ হাজার ১২১ দশমিক ৩৭ মেট্রিক টন মেশিনারিজ পণ্য নিয়ে গত ৩১ আগস্ট রাশিয়ার পিটার্সবার্গ বন্দর থেকে এ বাণিজ্যিক জাহাজটি ছেড়ে আসে।
আমদানি করা ওই সব মেশিনারিজ পণ্য বন্দর জেটিতে খালাস করা হবে। এর পর সেখান থেকে সড়ক পথে নেওয়া শুরু হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে।
এর আগে ১১ জুলাই এমভি মার্গারেট, ২ জুলাই এমভি লিবার্টি হারভেস্ট, ২৯ মে এমভি আনকা স্কাই, ৬ মে এমভি আনকা সান ও ২৫ এপ্রিল এমভি ইয়ামাল অরলান সরাসরি রাশিয়া থেকে বিদ্যুৎকেন্দ্রটির মালামাল নিয়ে আসে মোংলা বন্দরে।

যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে ভাবছে না র‌্যাব

যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে অস্বস্তি থাকলেও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিষয়টি নিয়ে ভাবছে না বলে জানিয়েছেন সংস্থার আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
খন্দকার আল মঈন বলেন, ভিসানীতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ভেতরে অস্বস্তি কাজ করেছে। তবে এ নিয়ে ভাবছে না র‌্যাব। আমরা জঙ্গি ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে কাজ করে যাচ্ছি।
র‌্যাবের ভেতরে কোনো অস্বস্তি আছে কি না জানতে চাইলে কমান্ডার মঈন বলেন, ২০২১ সালের ডিসেম্বর মাসে র‌্যাবের সাতজন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ র‌্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এখনো তা চলমান। তাই এই বিষয় (ভিসানীতি) নতুন না। আমরা মনে করি, র‌্যাব প্রতিষ্ঠার পর থেকে সন্ত্রাস-জঙ্গিমুক্ত সমাজ গঠনে কাজ করে যাচ্ছে। আমরা আগের মতোই কাজ করে যাচ্ছি।
তিনি বলেন, ভিসানীতি সুনির্দিষ্ট একটি দেশের। তারা তাদের বিবেচনায় কাজ করছে। আমরা আমাদের দায়িত্ব পালন করছি। এখনও চাঞ্চল্যকর কোনো ঘটনা ঘটলে কাজ করছি। এমন কি জামাতুল আনসার আল হিন্দাল শারকিয়ার মতো একটি জঙ্গি সংগঠনের মূল উপড়ে ফেলার কাজ র‌্যাব করেছে। এটা নিয়ে আমাদের তেমন চিন্তা নেই। আমরা আমাদের কাজ করছি।

অবশেষে জয়ের দেখা পেল চেলসি

ইংলিশ প্রিমিয়ার লিগে গোল আর জয় দুটোই যেন চেলসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল। অবশেষে তিন ম্যাচ পর তারা গোলের দেখা পেলো এবং জিতলোও দুই হার ও এক ড্রয়ের পর। নিকট প্রতিবেশী ক্লাব ফুলহ্যামের মাঠে ২-০ গোলে জিতেছে চেলসি।
রেলিগেশন অঞ্চল থেকে ২ পয়েন্ট ওপরে থেকে ক্র্যাভেন কটেজে নেমেছিল চেলসি। আগের ছয় ম্যাচে তাদের নামের পাশে ছিল মাত্র ৫ গোল। অবশেষে যেন তারা নিজেদের খুঁজে পেল। ৮২ সেকেন্ডের ব্যবধানে দুটি গোল করল ব্লুরা।

মাউরিসিও পচেত্তিনোর ব্যয়বহুল দল আগের তিনটি লিগ ম্যাচে কোনোওগোলই করতে পারেনি। তারা সেই খরা কাটাল দারুণভাবে। ১৮তম মিনিটে লেভি কলউইলের ক্রসে ইউক্রেন উইঙ্গার মুডরিক বুক দিয়ে বল নিয়ন্ত্রণে নেন, তারপর ফুলহ্যাম গোলকিপার বার্নড লেনো গোলমুখ খোলেন। চেলসির জার্সিতে ৯ মাস খেলে প্রথম গোল করলেন তিনি।
২০২২ সালের শেষ দিকে হাঁটুর ইনুজরিতে ছিটকে যাওয়া আরমান্ডো ব্রোহা প্রথমবার শুরুর একাদশে নামেন। নিষিদ্ধ নিকোলাস জ্যাকসনের স্থলাভিষিক্ত হয়ে গোলও করেন। অবশ্য এক ঘণ্টা পর মেডিক্যাল স্টাফদের সহায়তায় বদলি মাঠ ছাড়েন তিনি।
সাত ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে এগারো নম্বরে উঠে গেলো চেলসি। ফুলহ্যামও সমান পয়েন্টে ১৩তম।

নেপালকে হারিয়ে সেমিফাইনালে ভারত

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]তরুণ ক্রিকেটার জসস্বি জয়সওয়াল কী ধরনের ব্যাটার, তা কিছুদিন আগেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেখিয়েছেন। ইনিংস ওপেন করতে নেমে ভয়ডরহীন ক্রিকেট খেলেন। ভারতকে এনে দেন উড়ন্ত সূচনা। এবার এশিয়ান গেমনও মাতাচ্ছেন তিনি। কোয়ার্টার ফাইনালে নেপালের বিপক্ষে করলেন অসারণ এক সেঞ্চুরি।
জসস্বি জয়সওয়ালের সেঞ্চুরির ওপর ভর করে ভারত নেপালকে হারিয়েছে ২৩ রানের ব্যবধানে এবং পৌঁছে গেল গেমসের সেমিফাইনালে।

টস জিতে প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ২০২ রান তোলে ভারত। ৯ উইকেট হারিয়ে নেপাল করে ১৭৯ রান। ৪৯ বলে ১০০ রানের ইনিংস খেলেন জসস্বি জয়সওয়াল।
প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ২০২ রান করে ভারত। উদ্বোধনী জুটিতেই জয়সওয়াল এবং রুতুরাজ গায়কোয়াড় মিলে ১০৩ রান তুলে ফেলেন। ২৩ বলে ২৫ রান করে আউট হয়ে যান গায়কোয়াড়। এশিয়ান গেমসে ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিচ্ছেন রুতুরাজ গায়কোয়াড়।
এরপরই ছন্দ কেটে যায় ভারতের। মাত্র ১৬ রানের ব্যবধানে অধিনায়ক রুতুরাজসহ তিন উইকেট হারায় তারা। তিলক বার্মা করেন মাত্র ২ রান। জিতেশ শর্মা করেন ৫ রান। তারা আউট হলেও বড় রান তোলার কাজটা চালিয়ে যান জসস্বি।
৪৯ বলে ১০০ রান করে আউট হন তিনি। আটটি বাউন্ডারি এবং সাতটি ছক্কা মারেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে এটি তার দ্বিতীয় শতরান। প্রথম শতরান করেছিলেন টেস্টে। ভারতের রঙিন জার্সিতে এটাই তার প্রথম সেঞ্চুরি।
যজস্বি আউট হওয়ার পরে মাঠে নামেন রিঙ্কু। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে নজর কাড়া ব্যাটার নেপালের বিরুদ্ধে ১৫ বলে ৩৭ রান করেন। চারটি ছক্কা মারেন রিঙ্কু। দু’টি চার মারেন তিনি। শেষ বেলায় দ্রুত রান তুলে দলকে ২০০-এর গণ্ডি পার করেন রিঙ্কু।
ব্যাট হাতে ভারতীয় বোলারদের চাপে ফেলে দেন নেপালের ব্যাটাররা। জয়ের মতো জায়গায় পৌঁছে গিয়েছিলেন তারা। আন্তর্জাতিক ক্রিকেটে ভারত এবং নেপালের তুলনা করা কঠিন। ক্রিকেটীয় দক্ষতায় ভারতের থেকে অনেকটাই পিছিয়ে থাকা দল কিন্তু শেষ পর্যন্ত লড়াই করে গেল।
দিপেন্দ্র সিং আইরি, কুশল মাল্লা, সন্দিপ জারার মতো ব্যাটাররা ভারতীয় বোলারদের বিরুদ্ধে একের পর এক বাউন্ডারি হাঁকাতে শুরু করেন। তবে তাদের আউট করার পর লোয়ার অর্ডারের ব্যাটাররা দলকে ভরসা দিতে পারলেন না। নেপালের লড়াই যদিও মন জয় করে নিয়েছে ক্রিকেটপ্রেমীদের।

জিডিপি কমে ৫ দশমিক ৬ শতাংশ হতে পারে : বিশ্বব্যাংক

চলতি ২০২৩-২৪ অর্থবছর বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধির পূর্বাভাস কিছুটা কমিয়ে এনেছে বিশ্বব্যাংক। সংস্থাটির নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছরে জিডিপি ৫ দশমিক ৬ শতাংশ হতে পারে।
আজ মঙ্গলবার (৩ অক্টোবর) সংস্থাটির ঢাকা অফিসে ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ও ভুটানে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক প্রতিবেদনের বিস্তারিত তথ্য তুলে ধরেন।

প্রতিবেদনে উঠে এসেছে, দেশে ২০২৫ সালে ৫ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি হবে। দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতে ৬ দশমিক ৩ ও মালদ্বীপে ৫ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি হবে। ২০২৩ সালে শ্রীলঙ্কায় প্রবৃদ্ধি ছিল নেতিবাচক, মাইনাস ৩ দশমিক ৮ শতাংশ। ২০২৪ সালে দেশটি ঘুরে দাঁড়াবে এবং প্রবৃদ্ধি হবে ১ দশমিক ৭ শতাংশ।
এর আগে বাংলাদেশের ২০২১-২২ অর্থবছরে ৭ দশমিক ১ ও ২০২২-২৩ অর্থবছরে ৬ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল বিশ্বব্যাংক।

বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ পুনর্ব্যক্ত করল যুক্তরাজ্য

লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রিটিশ ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস— এফসিওর দক্ষিণ এশিয়া, জাতিসংঘ এবং কমনওয়েলথবিষয়ক প্রতিমন্ত্রী লর্ড (তারিক) আহমেদ উইম্বলডন। সেখানে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে বাংলাদেশে সব দলের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের তাগিদ পুনর্ব্যক্ত করেছেন ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
মুখোমুখি ওই সাক্ষাৎ বিষয়ে প্রতিমন্ত্রী লর্ড আহমেদ টুইট করেন।

সচিত্র ওই টুইটবার্তায় তিনি বলেন, লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। বাণিজ্য-বিনিয়োগ, জলবায়ু এবং রোহিঙ্গাদের সমর্থনের ভিত্তিতে ব্রিটেন-বাংলাদেশ শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্ক শেয়ার করে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কমনওয়েলথের অংশীদার হিসেবে আমরা (আমাদের মধ্যকার বৈঠকে) অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের গুরুত্ব নিয়ে আলোচনা করেছি।
উল্লেখ্য, ব্রিটিশ সরকারের প্রতিনিধিরা বিশেষত ঢাকায় নবনিযুক্ত হাইকমিশনার সারাহ কুকপরবর্তী নির্বাচনকে যে কোনো মূল্যে অংশগ্রহণমূলক করার তাগিদসংবলিত একটি বার্তা অব্যাহতভাবে সরকারের সর্বোচ্চপর্যায় থেকে শুরু করে বিভিন্ন লেভেলের সাক্ষাৎ-বৈঠক—এমনকি সর্বশেষ নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকেও দিয়ে যাচ্ছেন।
ব্রিটেনের মতে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে এখনই বিরোধী দল এবং ভিন্নমতের লোকজনের মধ্যে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা, আশঙ্কা এবং অবিশ্বাস দূর করতে হবে। এমন কোনো ম্যাকানিজম বের করতে হবে, যাতে স্টেকহোল্ডাররা এটি বিশ্বাস করেন যে, নির্বাচনটি অবশ্যই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। সেই সঙ্গে নির্বাচনি প্রচার-প্রচারণায় লেভেল প্লেয়িং ফিল্ড অর্থাৎ সবার সমান সুযোগ থাকবে।

বিরোধীদের আস্থায় নেওয়ার এই উদ্যোগ সরকার কিংবা নির্বাচন কমিশন যে কেউ নিতে পারে। দায়িত্বশীল একাধিক কূটনৈতিক সূত্র সাম্প্রতিক জানিয়েছে, বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনায় বাংলাদেশে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিয়ে শঙ্কিত ব্রিটেন।
এ জন্য হাইকমিশনার এবং সাম্প্রতিক সময়ে ঢাকা সফর করে যাওয়া ব্রিটিশ সরকারের প্রতিনিধিদের প্রায় সবাই দীর্ঘমেয়াদে বাংলাদেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন দেখার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। হাইকমিশনার তথা ব্রিটিশ সরকার মনে করে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার আগাম গ্যারান্টি পেলে ব্রিটেনের বড় বড় বিনিয়োগ বাংলাদেশে আসবে, অন্যথায় বিদ্যমান বিনিয়োগে টান পড়া তথা দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য হুমকির মুখে পড়বে। সর্বশেষ গত মাসে অনুষ্ঠিত ঢাকা-লন্ডন ৫ম কৌশলগত সংলাপে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখার আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়। এমন নির্বাচন আয়োজনে যে কোনো ধরনের সহযোগিতার প্রস্তাবও দেয় ব্রিটেন।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত ওই বৈঠকে নেতৃত্ব দেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ ও ডেভেলপমেন্ট অফিসের পার্মান্যান্ট আন্ডার সেক্রেটারি স্যার ফিলিপ বার্টন। সংলাপ শেষে পররাষ্ট্র সচিব বলেন, নির্বাচনের ব্যাপারে ব্রিটেনের আগ্রহ আছে। তারা অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচন দেখতে চায়। সরকার সে লক্ষ্যে কাজ করছে বলে আমরা জানিয়েছি। নির্বাচনে প্রয়োজনীয় সহযোগিতা দিতে ব্রিটিশ সরকার প্রস্তুত বলেও জানান পররাষ্ট্র সচিব। লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার জ্যেষ্ঠ কূটনীতিক সাইদা মুনা তাসনিম এবং ঢাকার ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকসহ উভয়পক্ষের দায়িত্বশীল প্রতিনিধিরা স্ট্রাকচার্ড ওই সংলাপে উপস্থিত ছিলেন।