শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬

জ্বালানি তেলের দাম কমানোর গুজবে কান না দেওয়ার পরামর্শ প্রতিমন্ত্রীর

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, তেলের দাম কমানোর খবরটি গুজব। তেলের দাম বাড়েওনি, কমেওনি। দাম স্থিতিশীল আছে।
মঙ্গলবার (৩ অক্টোবর) রাতে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, এখানে বিভ্রান্তির কোনও অবকাশ নেই। তেলের দাম বাড়েওনি, কমেওনি। সব ধরনের তেলের দাম স্থিতিশীল আছে।
প্রসঙ্গত, জ্বালানি তেল ব্যবসায়ী ও শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে সম্প্রতি তাদের কমিশন বাড়িয়েছে সরকার। এ জন্য জ্বালানি তেলের বিপণন প্রতিষ্ঠান, পরিবহন ও ডিলারদের কমিশনে কিছু সমন্বয় করা হয়েছে। তবে খুচরা বাজারে জ্বালানি তেলের দাম পরিবর্তিত হয়নি।
সোমবার (২ অক্টোবর) প্রকাশিত গেজেটের প্রথম পাতাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে অনেকে খুচরা পর্যায়ে জ্বালানি তেলের দাম কমানো হয়েছে বলে দাবি করছেন। এরই প্রেক্ষিতে প্রতিমন্ত্রী এই ভিডিও বার্তা দিলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, অনেকে গেজেটের প্রথম অংশটি তুলে এনে বলছে, তেলের দাম কমেছে। দ্বিতীয় পৃষ্ঠায় গিয়ে যে ট্যাক্স যোগ হয়েছে, সেটা আর দেখাচ্ছে না। আমার মনে হয় এই ধরনের গুজবে কান না দেওয়া ভালো। মন্ত্রণালয় থেকে যেভাবে গেজেট হয়েছে, বিপিসির কাছে জিজ্ঞেস করলেই পাওয়া যাবে।

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ২৮

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১.৫ গ্রাম হেরোইন, ১৫৮৭৩ পিস ইয়াবা, ৪ কেজি ৪১০ গ্রাম গাঁজা ও ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধারমূলে জব্দ করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২২ টি মামলা রুজু হয়েছে।

বৃথা গেলো বাবরদের লড়াই

বিশ্বকাপের আগে সর্বশেষ ওয়ার্ম আপ ম্যাচে বাবর-ইফতিখারের লড়াইয়ের পরেও বৃথা গেছে তাদের ইনিংস। অজিরা ১৪ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। তাতে দুটি প্রস্তুতি ম্যাচেই হার দেখেছে পাকিস্তান।
হায়দরাবাদে টস জিতে শুরুতে ব্যাট করেছে অস্ট্রেলিয়া। ৭ উইকেটে দাঁড় করায় ৩৫১ রানের সংগ্রহ। মিডল অর্ডারে গ্লেন ম্যাক্সওয়েলের ৭১ বলে ৭৭ ও ক্যামেরন গ্রিনের ৪০ বলে অপরাজিত ৫০* রান ছিল উল্লেখযোগ্য। ম্যাক্সওয়েলের ইনিংসটি ছিল ৪টি চার ও ৬টি ছয়ে সাজানো। রানের গতি বাড়াতে লোয়ার অর্ডারে জশ ইংলিসের ৩০ বলে ৪৮ রান দারুণ ভূমিকা রাখে। ৩১ রানে সর্বোচ্চ দুটি উইকেট নেন পাকিস্তানের উসামা মির।
জবাবে ৮৩ রানে ৪ উইকেট হারানো পাকিস্তান ঘুরে দাঁড়িয়েছিল ইফতিখার আহমেদ ও বাবর আজমের ব্যাটিংয়ে। পঞ্চম উইকেটে ১৪৪ রান যোগ করেন তারা। এই জুটি জয়ের সম্ভাবনাও তৈরি করে। কিন্তু দলের ২২৭ রানে ইফতিখারের (৮৩) আউট এবং কিছুক্ষণ পরে বাবর আজম (৯০) রিটায়ার্ড আউট হলে জয়ের পথে থাকেনি আর। সবচেয়ে বেশি আগ্রাসী ছিলেন বাবর। ৫৯ বলে ১১ চার ও ১ ছক্কায় ৯০ রান করেন তিনি। ইফতিখারের ৮৫ বলের ইনিংসে ছিল ৬টি চার ও ৪টি ছয়ের মার।
শেষ দিকে মোহাম্মদ নওয়াজ ৪২ বলে ৫০ রানের ইনিংসে ঝড় তোলার চেষ্টা করেছেন। শেষ পর্যন্ত ৪৭.৪ ওভারে ৩৩৭ রানে শেষ হয়েছে পাকিস্তানের ইনিংস। পরাজয় দেখলেও পাকিস্তান দুটি ম্যাচেই দারুণ ব্যাটিংয়ে হাই স্কোরিং স্কোরবোর্ড উপহার দিয়েছে।
অজিদের হয়ে ৭৮ রানে ৩ উইকেট নেন মার্নাস লাবুশেন। দুটি করে নিয়েছেন মিচেল মার্শ ও প্যাট কামিন্সও।

যুবসমাজের সম্ভাবনা বিকাশে সরকার কাজ করছে : স্থানীয় সরকারমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, যুবসমাজের সমস্যার সমাধান করলেই দেশের অনেক সমস্যা সমাধান হয়ে যায়।
তিনি বলেন, যুবসমাজের সম্ভাবনা বিকশিত হওয়ার মতো পরিবেশ নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার কাজ করে যাচ্ছে।

আজ বুধবার ঢাকায় একটি অভিজাত হোটেলে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) ও একশনএইড আয়োজিত ‘এড্রেসিং দ্য ভালনারাবিলিটি অ্যান্ড ফ্রেজিলিটি অব ইয়ং পিপল ইন বাংলাদেশ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন।
এতে আরও উপস্থিত ছিলেন একশন এইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সায়েমা হক বিদিশা।
‘এড্রেসিং দ্য ভালনারাবিলিটি অ্যান্ড ফ্রেজিলিটি অব ইয়ং পিপল ইন বাংলাদেশ’ শীর্ষক গবেষণাটি উপস্থাপন করেন সানেমের জেষ্ঠ্য গবেষণা সহকারী ইসরাত শারমিন।
তাজুল ইসলাম বলেন, বর্তমানে বাংলাদেশ শতভাগ বিদ্যুতায়ন এবং দ্রুতগতির ইন্টারনেট সেবা দেয়ার দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের জন্যই তা সম্ভব হয়েছে। এখন যুবকরা প্রথাগত চাকরির পেছনে না ঘুরে অনেকেই ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে তাদের জীবিকা খুঁজে নিয়েছে।
তবে প্রযুক্তি শিক্ষার সুযোগ দেশের সকল অঞ্চলে সমানভাবে পৌঁছাতে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার সে লক্ষ্যে অবিরাম কাজ করে যাচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিভিন্ন মেগা প্রজেক্ট বাস্তবায়ন করছে উল্লেখ করে তাজুল ইসলাম বলেন এই প্রকল্পগুলো যুবকদের বিভিন্ন সম্ভাবনা বিকশিত করার সুযোগ উন্মুক্ত করবে।
তিনি আরও বলেন, সমস্যা মোকাবেলা করেই সামনে এগিয়ে যেতে হয়, কখনো হতাশ হওয়া যাবেনা। আজকের যুবকদের শক্তিশালী হাতই পারবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে।

অনাস্থা প্রস্তাব : পদ হারালেন মার্কিন স্পিকার ম্যাকার্থি

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থি তার পদ হারিয়েছেন। তার বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব পাস হয়েছে। তার দল রিপাবলিকান পার্টির একজন আইনপ্রণেতার তোলা এই প্রস্তাবের পক্ষে পড়েছে ২১৬ ভোট, আর বিরুদ্ধে ২১০ ভোট। ডেমোক্রেট আইনপ্রণেতারাও এই প্রস্তাবে সমর্থন জানান। ফলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথমবারের মতো স্পিকারের পদ হারানোর ঘটনা ঘটলো।
শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রে শাটডাউন এড়াতে তহবিল বিল পাসে ভূমিকা রেখে আলোচনায় ছিলেন ম্যাকার্থি। কিন্তু দুদিন না যেতেই সোমবার তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলেন রিপাবলিকান আইনপ্রণেতা ম্যাট গ্যাটেজ। মঙ্গরবার প্রস্তাবটির ওপর ভোট হয়। প্রস্তাবটি পাসের মধ্য দিয়ে স্পিকার হিসেবে ম্যাকার্থির ২৬৯ দিনের দায়িত্বের অবসান ঘটলো।

রিপাবলিকান আইনপ্রণেতা প্যাট্রিক ম্যাকহেনরিকে ভারপ্রাপ্ত স্পিকার ঘোষণা করা হয়েছে।
রিপাবলিকানদের মধ্যে কট্টরপন্থি নেতা হিসেবে পরিচিত ম্যাট গ্যাটেজ। ম্যাকার্থির সঙ্গে আগে থেকেই দ্বন্দ্ব রয়েছে তার। পুরনো দ্বন্দ্ব দেখা দেয় নতুন করে। সোমবারের বক্তব্যে ইউক্রেনে তহবিল সংক্রান্ত হোয়াইট হাউজের সঙ্গে গোপনে একটি চুক্তিতে যাওয়ার জন্য ম্যাকার্থির বিরুদ্ধে অভিযোগ আনেন গ্যাটেজ। যদিও বিষয়টি অস্বীকার করে স্পিকার ম্যাকার্থি বলেন, ইউক্রেন ইস্যুতে আলাদা কোনও চুক্তি হয়নি। তবে শাটডাউন ঠেকাতে তহবিলটি পাস করা নিয়েই কেভিন ম্যাকার্থির ওপর কয়েকজন রিপাবলিকান আইনপ্রণেতা ক্ষুব্ধ হন।
যুক্তরাষ্ট্রে ক্ষমতার অনুসারে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের পর স্পিকারের অবস্থান। কংগ্রেসের এজেন্ডা নির্ধারণ করেন এবং বিল আটকে দেওয়ার ক্ষমতা রাখেন তিনি।

নোবেল কমিটির ফোনকল পেয়ে অ্যানি বললেন, ‘আমি ব্যস্ত, ক্লাস নিচ্ছি’!

পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার জিতেছেন সুইডেনের লুন্ড ইউনির্ভাসিটির প্রফেসর অ্যান ল’হুইলিয়ার। নোবেল কমিটির পক্ষ থেকে মঙ্গলবার যখন তাকে কল দেওয়া হয় তখন তিনি ক্লাসে ছিলেন। তাই কল রিসিভ করেননি। পরে ক্লাসের বিরতিতে আবার কল পেলে তিনি রিসিভ করেন। তখন ল’হুইলিয়ার বলেন, ‘আমি ব্যস্ত, ক্লাস নিচ্ছি’। তখন তার কাছ থেকে দুই তিন মিনিট সময় চেয়ে নেন নোবেল কমিটি থেকে ফোন দেওয়া ব্যক্তি।
চলতি বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার জিতেছেন তিন বিজ্ঞানী। অ্যান ল’হুইলিয়ার ছাড়াও বাকি দুইজন হলেন পিয়েরে অ্যাগোস্টিনি (যুক্তরাষ্ট্র), ফেরেঙ্ক ক্রাউস (জার্মানি)।

নোবেল পুরস্কার জয়ের খবর দেয়ার জন্য তাকে যখন অ্যানকে কল দেওয়া হয় তখন তিনি ক্লাসে ব্যস্ত ছিলেন। একাধিক কল দেয়ার পরেও ক্লাস চলাকালীন কল রিসিভ করেননি তিনি। ক্লাস বিরতিতে আবার কল এলে তিনি রিসিভ করেন। নোবেল কর্তৃপক্ষ থেকে অ্যাডাম স্মিথ নামের এক ব্যক্তি অপর প্রান্ত থেকে কথা বলার জন্য সময় চান। অ্যানি জানান, আমি একটু ব্যস্ত, ক্লাস নিচ্ছি।

কল দেয়া সেই ব্যক্তি তার কাছ থেকে দুই থেকে তিন মিনিট সময় দেয়ার অনুরোধ জানালে কথা বলার সম্মতি দেন অধ্যাপক অ্যানি এল’হুলিয়ার। পরে তাকে অভিনন্দন জানিয়ে নোবেল পুরষ্কার জয়ের সংবাদ দেন কলদাতা অ্যাডাম স্মিথ। প্রতিউত্তরে অ্যানি এল’হুলিয়ার তাকে ধন্যবাদ জানান।
অ্যাডাম স্মিথ অ্যানের কাছে জানতে চান যে, ক্লাসে শিক্ষার্থীদের তিনি এই সুখবরটি দেবেন কি না। তখন অ্যান বলেন, তাদেরকে অবশ্যই জানাবো। তারা জানলে আশা করি অনেক খুশি হবে। এটা অবশ্যই তাদের জন্য অনেক মজাদার বিষয় হবে।

তবে অ্যান এও জানান যে, শিক্ষার্থীদের খবর দেওয়ার পর দ্রুত আবার লেকচারে ফিরে যেতে হবে।

অ্যানের বিষয়টি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে নোবেল কমিটি। সেখানে লেখা হয়েছে, একজন নিবেদিত প্রাণ শিক্ষকের গল্প! পদার্থবিজ্ঞানে ২০২৩ সালের নোবেল পুরস্কার পাওয়া অ্যানি এল’হুলিয়ারকে তার শিক্ষার্থীদের কাছ থেকে আলাদা করা যায়নি। যখন আমাদের নতুন পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীকে কল দেয়া হয় তখন তিনি লুন্ড ইউনিভার্সিটিতে লেকচারে ব্যস্ত ছিলেন। পরবর্তীতে এক পর্যায়ে তিনি লক্ষ করেন তার ফোনে একাধিক মিস কল রয়েছে। অতঃপর ক্লাস বিরতিতে ফোন রিসিভ করেন তিনি। তবে পুরস্কারের খবরের পর, এল’হুলিয়ার পুনরায় তার শিক্ষার্থীদের কাছে ফিরে যান।
অ্যানি এল’হুলিয়ারকে পুরস্কারের সংবাদ দেয়ার সেই ফোন কলের রেকর্ডটিও সামাজিক মাধ্যমে পোস্ট করেছে নোবেল কর্তৃপক্ষ।
পদার্থের ইলেকট্রন ডাইনামিকস গবেষণায় আলোর অ্যাটোসেকেন্ড স্পন্দন তৈরির পরীক্ষণলব্ধ প্রক্রিয়া নিয়ে গবেষণার জন্য তাদের এই পুরস্কার দেওয়া হয়।

রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেসের মহাসচিব হান্স এলেগ্রেন বলেন, নোবেল বিজয়ী বিজ্ঞানীদের কাজটি ছিল পদার্থের ইলেকট্রন ডায়নামিকস গবেষণায় আলোর অ্যাটোসেকেন্ড স্পন্দন তৈরির পরীক্ষামূলক পদ্ধতি।
এই বছরের নোবেলজয়ী পদার্থবিদরা অল্প সময়ের আলোকস্পন্দন তৈরির উপায় বের করেছেন। স্পন্দনের সময়টি এতটাই ক্ষুদ্র যে, এর মাধ্যমে ইলেকট্রনের দ্রুত বেগে নড়াচড়ার ছবিও তোলা যায়। গ্যাসের ভেতরকার পরমাণুর সঙ্গে লেজার লাইটের মিথস্ক্রিয়ায় সৃষ্ট নতুন এক ধরনের প্রভাব আবিষ্কার করেন ফরাসি পদার্থবিজ্ঞানী অ্যান ল’হুইলিয়ার। পিয়েরে অ্যাগোস্টিনি ও ফেরেঙ্ক ক্রাউস দেখিয়েছেন, আগে যত স্বল্প সময়ে আলোক স্পন্দন বা পালস তৈরি করা সম্ভব বলে মনে হয়েছিল, তার চেয়েও ছোট স্পন্দন তৈরি করা সম্ভব।
রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি বলেছে, এই বিজ্ঞানীরা পরমাণু এবং অণুর ভেতরে ইলেকট্রনের জগত অন্বেষণে বিশ্বমানব সভ্যতাকে নতুন পথ দেখিয়েছেন।
আশা করা হচ্ছে, এই আবিষ্কারটির মধ্য দিয়ে ইলেকট্রনিক্সকে আরো ভালোভাবে বোঝা এবং রোগ নির্ণয়ের নতুন দিক উন্মোচিত হবে।একইসঙ্গে, উদ্ভিদের খাদ্য উৎপাদন বা সালোকসংশ্লেষণের মতো জৈবিক প্রক্রিয়াগুলোকে আরো বিশদভাবে বোঝার সুযোগ তৈরি হবে।
নোবেলজয়ী এই তিন বিজ্ঞানীকে একটি নোবেল মেডেল, একটি সনদপত্র এবং মোট ১১ মিলিয়ন বা ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা দেওয়া হবে। এ বছর নোবেল পুরস্কারের অর্থমূল্য ১০ মিলিয়ন থেকে বাড়িয়ে ১১ মিলিয়ন ক্রোনা করা হয়েছে। একই ক্যাটাগরিতে একাধিক নোবেলজয়ী থাকলে অর্থমূল্য অর্থাৎ ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনাকে ভাগ করে দেয়া হবে।

আল হিলালের হয়ে নেইমারের প্রথম গোল

সৌদি ফুটবল ক্লাব আল হিলালে যোগ দেয়ার পর হতাশাতেই সময় কাটছিলো নেইমারের। কারণ, সৌদি ক্লাবটির জার্সি গায়ে গোলের দেখাই পাচ্ছিলেন না তিনি। শেষ পর্যন্ত গোলের দেখা পেলেন ব্রাজিলিয়ান এই তারকা। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ইরানের নাস্সাজি মাজান্দারান ক্লাবের মাঠে খেলতে গিয়ে নেইমারের ক্লাব আল হিলাল জয় তুলে নিয়েছে ৩-০ গোলের ব্যবধানে।
তেহরানের আজাদি স্টেডিয়ামে প্রথমার্ধে দুই ক্লাবই ১০ জনের দলে পরিণত হয়। পুরো ম্যাচটাই ছিল যেন সংঘর্ষে পরিপূর্ণ। এমন ম্যাচের ৩৮তম মিনিটে ঘটে যাওয়া এক সংঘাতের ফলে একসঙ্গে লাল কার্ড দেখেন ইরানি ক্লাবের ফুটবলার আমির হাউজমান্দ এবং আল হিলালের ফুটবলার সালমান আল ফারাজ।

পিএসজি থেকে ৯০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে মৌসুমের শুরুতেই আল হিলালে যোগ দেন নেইমার। এরপর ইনজুরির কারণে কয়েকটি ম্যাচ খেলতে পারেননি। ইনজুরিমুক্ত হয়ে খেলতে নামার পর গত কয়েকটি ম্যাচ গোলের দেখাই পাচ্ছিলেন না তিনি। অবশেষে ইরানের মাঠে গিয়ে গোল পেলেন।
ম্যাচের ১৮তম মিনিটে প্রথমে আল হিলালকে এগিয়ে দেন আলেকজান্ডার মিত্রোভিক। নেইমার আল হিলালের স্কোর দ্বিগুন করেন ম্যাচের ৫৮তম মিনিটে। আর পরিবর্তিত ফুটবলার সালেহ আল সেহরি ৩-০ ব্যবধান তৈরি করেন ইনজুরি সময়ে (৯০+৩ মিনিটে)।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল হিলালের এটাই প্রথম জয়। আগের ম্যাচ ড্র করেছিলো তারা। আগের ম্যাচে উজবেকিস্তানের ক্লাব নভবাহর ক্লাবের সঙ্গে গোলশূন্য ড্র করেছিলো তারা। একই দিন উজবেক ক্লাবটি মুম্বাই সিটিকে হারিয়েছে৩-০ গোলে। আল হিলাল এবং নভবাহর ক্লাবের পয়েন্ট এবং গোল দুটোই সমান।

ইতালিতে ফ্লাইওভার থেকে নিচে পড়ে বাসে আগুন, নিহত ২১

ইতালির ভেনিসে ফ্লাইওভার থেকে একটি বাস নিচে পড়ে অন্তত ২১ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে দুই শিশুও আছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। দেশটির স্থানীয় সময় মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। হতাহতদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিকও আছেন। খবর বিবিসির।
জানা যায়, বাসটি ফ্লাইওভার থেকে মেস্ত্রে জেলার রেলপথের কাছে পড়ে যায়, যা একটি সেতুর মাধ্যমে ভেনিসের সঙ্গে সংযুক্ত। ফ্লাইওভার থেকে নিচে পড়ার পরপরই বাসটিতে আগুন ধরে যায়। এতে অনেকে দগ্ধও হন।

ভেনিস ও নিকটবর্তী মারঘেরা জেলার একটি ক্যাম্পসাইটের মধ্যে পর্যটকদের নিয়ে যাওয়ার জন্য বাসটি ভাড়া করা হয়েছিল। পর্যটকদের ক্যাম্প সাইটে ফিরিয়ে নিয়ে যাওয়ার পথে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।
ইতালির কয়েকটি গণমাধ্যমে বলা হয়েছে, বাসটি মিথেন গ্যাস দ্বারা চালিত ছিল এবং বিদ্যুতের লাইনে পড়ে বাসটিতে আগুন ধরে যায়।

ভেনিসের মেয়র লুইগি ব্রুগনারো এ ঘটনাকে ‘বিশাল ট্র্যাজেডি’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।
ইতালির আনসা নিউজ এজেন্সি জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন অন্তত ১২ জন। পাঁচজনের এখনো খোঁজ মেলেনি। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেডোসি।

আঞ্চলিক গভর্নর লুকা জাইয়া জানিয়েছেন, হতাহতদের মধ্যে শুধু ইতালীয় নয়, বিভিন্ন দেশের নাগরিকও আছেন। নিহতদের মধ্যে ইউক্রেনীয় পর্যটকও আছেন। অন্যদিকে ইতালীয় বার্তা সংস্থা আনসা জানিয়েছে, বাসের যাত্রীদের মধ্যে জার্মান নাগরিকও ছিল।
মর্মান্তিক এই দুর্ঘটনায় শোক জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৬ দিনের সরকারি সফর শেষে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট (বিজি-২০৮) মঙ্গলবার রাত ৯:১০ (লন্ডন সময়) লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে। যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
ফ্লাইটটি ৪ অক্টোবর (বাংলাদেশ সময়) দুপুরে সাড়ে ১২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
এর আগে প্রধানমন্ত্রী ৩০ সেপ্টেম্বর ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমানে ওয়াশিংটন ডিসি থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পৌঁছান।
লন্ডনে ৩০ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশিদের পক্ষ থেকে দেয়া এক সংবর্ধনায় যোগদেন এবং বাংলাদেশ ও রোহিঙ্গা বিষয়ে গঠিত এপিপিজি’র সভাপতি এবং যুক্তরাজ্যের বিনিয়োগ ও ক্ষুদ্র ব্যবসা বিষয়ক ছায়ামন্ত্রী রুশনারা আলী এমপির নেতৃত্বে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) এক প্রতিনিধিদলসহ বেশ কয়েকজন বিশিষ্টজন তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
নিউইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী ১৭-২২ সেপ্টেম্বর পর্যন্ত জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৮তম অধিবেশন এবং এর ফাঁকে অন্যান্য উচ্চ-পর্যায়ের ও দ্বিপাক্ষিক বৈঠকসহ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন।
ওয়াশিংটন ডিসিতে শেখ হাসিনা ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশি নাগরিকদের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন এবং ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেন।

পিছিয়ে পড়েও দারুণ জয় রিয়ালের

ঐতিহ্যগতভাবে ঘুরে দাঁড়াতে পটু রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়নস লিগে বিষয়টা আরও বেশি প্রতিষ্ঠিত। গতরাতেই যেমন গ্রুপ পর্বে নাপোলির বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে লস ব্লাঙ্কোস।
১৯ মিনিটে ইতালিয়ান ক্লাবটিকে এগিয়ে দিয়েছিলেন লেও ওস্তিগার্ড। ২৭ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের গোল সমতা ফেরায় রিয়ালকে। তার আগে অবশ্য বলটা আয়ত্ত্বে এনে দিয়েছিলেন বেলিংহাম। ৩৪ মিনিটে ব্যবধান ২-১ করে ছাড়েন ইংলিশ মিডফিল্ডার। দর্শনীয় চেষ্টায় নাপোলির তিন ডিফেন্ডারকে কাটিয়ে বেলিংহাম এনে দেন দ্বিতীয় গোল।

দ্বিতীয়ার্ধে নাটকীয়তা জমে ছিল আরও। ৫৪ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফিরিয়েছিল নাপোলি। তবে রেফারির এই সিদ্ধান্ত নিয়ে মোটেও খুশি ছিল না রিয়াল মাদ্রিদ।
দুর্ভাগ্যজনকভাবে ৭৮ মিনিটে তাদের গোলকিপার অ্যালেক্স মেরেটের আত্মঘাতী গোলে ম্যাচের ভাগ্য হেলে পড়ে রিয়ালের দিকে। ফেডেরিকো ভালভারদে লং রেঞ্জে অসাধারণ শট নিয়েছিলেন। সেটি প্রথমে ক্রসবারে আঘাত করেছিল। কিন্তু সঙ্গে সঙ্গে লাফিয়ে ওঠা নাপোলি গোলকিপারের মাথার পেছনের লেগে বল আবার চলে যায় নিজেদের জালে!
শেষ মুহূর্তে অবশ্য নড়বড়ে পরিস্থিতির জন্মও নিয়েছিল। বিশেষ করে ভিনিসিয়ুস ও বেলিংহাম স্বাগতিকদের রক্ষণে ত্রাস ছড়াচ্ছিলেন বার বার। শুরুর দিকেও গোল করার সুযোগ ছিল দুজনের। ‘সি’ গ্রুপে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। ৩ পয়েন্ট নিয়ে তার পরেই আছে নাপোলি।