শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬

শুক্রবার সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৭৮তম সাধারণ পরিষদের অধিবেশনের বিষয়ে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামীকাল শুক্রবার (৬ অক্টোবর) বিকেল ৪টায় গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব।
সাধারণত বিদেশ সফর শেষে দেশে ফেরার পর সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে সফর সংশ্লিষ্ট বিষয় ছাড়াও নানা বিষয়ে কথা বলেন। এছাড়া সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন তিনি।
সর্বশেষ দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন শেষে দেশে ফেরার পর ২৯ আগস্ট সংবাদ সম্মেলন করেছিলেন বঙ্গবন্ধুকন্যা। এর এক মাস এক সপ্তাহ পর ফের সংবাদ সম্মেলনে আসছেন সরকারপ্রধান।
জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী ১৭ থেকে ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে অবস্থান করেন। অধিবেশনে অংশ নেওয়ার ফাঁকে অন্যান্য উচ্চ-পর্যায়ের ও দ্বিপাক্ষিক বৈঠকসহ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন।
ওয়াশিংটন ডিসিতে অবস্থানের সময় যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন এবং বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেন শেখ হাসিনা।
এরপর প্রধানমন্ত্রী ৩০ সেপ্টেম্বর ওয়াশিংটন থেকে লন্ডনে যান। সেখান থেকে দেশে ফেরার আগে শেখ হাসিনা বাংলাদেশিদের পক্ষ থেকে দেওয়া এক সংবর্ধনায় যোগ দেন।

দেশ দুটিতে ১৬ দিনের সরকারি সফর শেষে গতকাল বুধবার দেশে ফেরেন সরকারপ্রধান।

তলে তলে অনেক কিছু হচ্ছে, আমি ভুল বলিনি : কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অতি সম্প্রতি ভিসা নীতি নিয়ে মন্তব্য করে বলেছেন ‘কেউ নিষেধাজ্ঞা দেবে না, তলে তলে আপস হয়ে গেছে’। তার এমন বক্তব্য দেশজুড়ে আলোচনার মধ্যে এ নিয়ে ফের কথা বলেছেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘আমি কথাটা যা বলেছি আপনারা সেটা এখনো অনুভব করছেন না। নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে যে বৈঠকটা—এই বৈঠকের বিষয়টা কিন্তু এক সপ্তাহ পর্যন্ত কেউ জানে না। তাহলে তলে তলে অনেক কিছু হচ্ছে, আমি যে কথাটা বলেছি আমি তো ভুল বলিনি।’

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এর আগে মঙ্গলবার বিকেলে রাজধানীতে নিজ দলের শান্তি সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ওবায়দুল কাদের বলেছিলেন, ‘কোথায় নিষেধাজ্ঞা? কোথায় ভিসা নীতি? তলে তলে আপস হয়ে গেছে। দিল্লি আছে। আমেরিকার দিল্লিকে দরকার। আমরা আছি, দিল্লিও আছে। দিল্লি আছে, আমরা আছি। শত্রুতা কারো সঙ্গে নেই। সবার সঙ্গে বন্ধুত্ব। শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, এমন ভারসাম্য সবার সঙ্গে করে ফেলেছেন, আর কোনো চিন্তা নেই। নির্বাচন হবে, যথাসময়ে হবে।’
ওবায়দুল কাদের বলেন, ‘জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার কন্যার যে সেলফি—তখনও তো কিছু কথা হয়েছে। সেটা তো এখন বলাবলি হচ্ছে। তখনও তো কিছু কথা হয়েছে। এটা তো আর প্রকাশ্যে হয়নি। এটা কোনো কাগজেও আসেনি, মিডিয়াতেও আসেনি। সুতরাং তলে তলে আপোষ মানে দুই দেশের সম্পর্ক উন্নয়ন বা আমাদের সম্পর্ক ভালো আছে। আমি সেটা বুঝাতে চেয়েছি।’
তলে তলে শব্দটা অনেকে নেতিবাচকভাবে নিচ্ছে সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আওয়ামী লীগের শীর্ষ এই নেতা বলেন, ‘কেউ নেতিবাচকভাবে নিতে চাইলে নিক না, অসুবিধা কি? তলে তলে মানে ভেতরে ভেতরে। তলে তলে যে বলি সেটা পাবলিক খায়। খেলা হবে যে বলি, এটা কেন বলি? পাবলিক খায়। জনগণ যেটা চায় সেটাই বলবো।’
মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রেখে চীনের সঙ্গে কী দূরত্ব বজায় রাখা হচ্ছে? এমন এক প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘আমাদের সঙ্গে দূরত্ব নেই। আমাদের উন্নয়নমূলক কর্মকাণ্ডে চীনের একটা ভূমিকা আছে। সেটা কিন্তু আমরা বাইপাস করতে পারবো না। তাদের সাহায্য আমরা নিচ্ছি।’
তিনি বলেন, ‘আমাদের দেশে গুজব ও অপপ্রচার এমন বিষয় হয়ে দাঁড়িয়েছে— যে আমাদের সঙ্গে আমেরিকার সম্পর্ক অবনতির দিকে। এ ধরনের একটি গুজব এবং অপপ্রচার ব্যাপকভাবে ছড়িয়েছে।’

নিউক্যাসলে বিধ্বস্ত পিএসজি, কষ্টার্জিত জয় বার্সার

২০ বছর পর ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে নেমেছিল নিউক্যাসল ইউনাইটেড। খেলতে নেমে সবাইকে অবাকই করে দিয়েছে। পিএসজিকে ৪-১ গোলে বিধ্বস্ত করে ম্যাচটা আরও স্মরণীয় করে রেখেছে ইংলিশ ক্লাবটি।
নিউক্যাসল ইউনাইটেডের আক্রমণের কোনও জবাব ছিল না ফরাসি জায়ান্টদের। ১৭ মিনিটে মিগুয়েল আলমিরোনের গোলে মেলে অগ্রগামিতা। তার পর ৩৯ মিনিটে স্কোর ২-০ করেছেন ড্যান বার্ন।

বিরতির পর স্বাগতিকরা ম্যাচটা এমন পর্যায়ে নিয়ে যায় যে তা আরও আনন্দের উপলক্ষ এনে দেয় নিউক্যাসল ভক্তদের। দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটেই তৃতীয় গোলটি করেছেন শন লংস্টাফ। ৫৬ মিনিটে লুকাস হার্নান্দেসের গোলে পিএসজি একটি শোধ দিলেও তা রসদ যোগাতে পারেনি। বরং শেষ দিকে যোগ হওয়া সময়ে স্কোর ৪-১ করে ছাড়েন ফাবিয়ান শার।
এই ম্যাচের ফলাফলে ২০০৪ সালের পর গ্রুপ পর্বে এমন বড় হার দেখেছে পিএসজি। সেবার চেলসির কাছে তারা ৩-০ গোলে হেরেছিল। গ্রুপ পর্বে চার গোল হজম করার নজিরও গড়েছে ২০০১ সালের পর। দিপোর্তিভো লা করুনার কাছে তারা ৪-৩ গোলে হেরেছিল।
জয়ের পর ‘এফ’ গ্রুপে নিউক্যাসল ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে ফরাসি জায়ান্টরা।
পিএসজির হারের দিনে কষ্টের জয়ে মাঠ ছেড়েছে আরেক জায়ান্ট বার্সেলোনা। ‘এইচ’ গ্রুপে তারা পোর্তোকে হারিয়েছে ১-০ গোলে। ৪৫+১ মিনিটে এই গোলটির কৃতিত্ব বদলি হয়ে নামা ফেরান তোরেসের। লড়াই করার দিনে স্প্যানিশ জায়ান্টকে আবার শেষ দিকে দশ জনের দলেও পরিণত হতে হয়েছে। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন গাভি। অবশ্য পোর্তোর সুযোগ ছিল ম্যাচটা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার। কিন্তু সুযোগ মিসের মহড়ায় কপাল পুড়েছে তাদের।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩১

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বুধবার (৪ অক্টোবর) ভোর ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে থেকে ৫৮ গ্রাম ৩০০ পুরিয়া হেরোইন, ২ হাজার ২৫৫ পিস ইয়াবা, ২ কেজি ৪৫০ গ্রাম গাঁজা ও ৩২ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়েছে।
আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৬টি মামলা দায়ের করা হয়েছে।

দলের জন্য অবদান রেখেছি, আমার কাছে দলই আগে : সাকিব

ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ক্রিকেট বিশ্বকাপের উন্মাদনা। আগামীকাল থেকে মাঠে গড়াবে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ-২০২৩ এর ম্যাচ। প্রথম ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড। এর আগে আজ আয়োজিত হয়েছে ক্যাপ্টেনস ডে যাতে অংশ নিয়েছেন দশ দলের অধিনায়কেরা।
ইতিহাসে প্রথমবারের মতো এবারের বিশ্বকাপে আয়োজিত হচ্ছে না কোন ধরনের উদ্বোধনী অনুষ্ঠান। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচের আগে একটি অনুষ্ঠান করতে চায় বিসিসিআই। এছাড়াও বিশ্বকাপে সমাপনী অনুষ্ঠান বড় পরিসরে আয়োজনের কথা ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

আহমেদাবাদের এই নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ২০১৯ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। এর আগে আজ ফটোসেশন থেকে ধরে কুশলাদি বিনিময় করেছেন সাকিব আল হাসান-জস বাটলার, রোহিত শর্মারা।
সেখানে বিশ্বকাপ নিয়ে নিজের মত প্রকাশ করে সাকিব বলেন, ‘আমার মনে হয় আমরা ভালোভাবে প্রস্তুত। ২০১৯ বিশ্বকাপের পর থেকে সর্বশেষ ৪ বছরে, আমরা বাছাই পর্বের (ওয়ানডে সুপার লিগ) পয়েন্ট সিস্টেমে তৃতীয় বা চতুর্থ ছিলাম (তৃতীয়)। দল হিসেবে আমরা বেশ ভালো করেছি। এখন আমাদের সময় এসেছে বিশ্বকাপে ভালো কিছু করে দেখানোর। আমার মনে হয়, আমরা আগে যা করেছি দেশের মানুষ তার চেয়ে বেশি কিছু প্রত্যাশা করছে। ’
টাইগার অধিনায়ক আরো বলেন, ‘আমার মনে হয় ভালো করতে এটা আমাকে সব সময় অনুপ্রাণিত করেছে। ব্যক্তিগতভাবে আমি কখনোই পরিসংখ্যান দেখিনি। আমি সব সময় দলের জন্য অবদান রেখেছি। আমার কাছে দলই আগে। পুরো ক্যারিয়ারে এটাই আমার নীতি। ’

বিশ্বকাপ ইতিহাসের সেরা পাঁচ বোলার ও ইনিংস

সব জল্পনা-কল্পনা আর অপেক্ষার অবসান ঘটিয়ে আজ থেকে শুরু হচ্ছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ-২০২৩। এক যুগ আগে ২০১১ সালে ভারতের মাটিতে আয়োজিত হয়েছিল একদিনের ক্রিকেট বিশ্বকাপের আসর। তবে সেবার দেশটি ছিল সহ-আয়োজক দেশ। আর এবার এককভাবে আইসিসির এই মেগা টুর্নামেন্ট আয়োজন করছে দেশটি। গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট দল নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু এবারের আসর।
নতুন আরেকটি বিশ্বকাপ সামনে রেখে সবাই এখন চোখ বুলিয়ে নিচ্ছেন রেকর্ডের পাতায়। আগের ১২টি বিশ্বকাপে মনে রাখার মতো কিছু ক্রিকেটাররা। সেখান থেকে জেনে নেওয়া যাক সেরা পাঁচ বোলার ও ইনিংস।

১.মার্টিন গাপটিল- নিউজিল্যান্ডের তারকা ব্যাটার মার্টিন গাপটিল তার মারকুটে ব্যাটিংয়ের জন্য বিশ্বজুড়ে খ্যাত। ২০১৫ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে ১৬৩ বলে ২৩৭ রানের অনবদ্য এক ইনিংস খেলেছেন গাপটিল। যা এখন পর্যন্ত বিশ্বকাপে কোনো ক্রিকেটারের সর্বোচ্চ ব্যাক্তিগত রানের ইনিংস। এমন ডাবল সেঞ্চুরির মাধ্যমে নিউজিল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে দুইশ রানের কীর্তিও গড়েন এই ডানহাতি ব্যাটার। সেই ম্যাচে ১৪৩ রানের বড় জয় পেয়েছিল কিউইরা।
২.ক্রিস গেইল-ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ব্যাটার ক্রিস গেইল টি-টোয়েন্টির মতো ওয়ানডেতেও বেশকিছু রেকর্ড গড়েছেন। ২০১৫ বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে ১৪৭ বলে ২১৫ রানের এক অসাধারণ ইনিংস খেলেন গেইল। সেই ম্যাচে মারলন স্যামুয়েলসে সঙ্গী করে ৩৭২ রানের বড় জুটি গড়েন গেইল। যা ওয়ানডে বিশ্বকাপে কোনো ক্যারীবীয় ক্রিকেটারের সর্বোচ্চ ব্যাক্তিগত রানের ইনিংস।
৩.গ্যারি কারস্টেন-দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি ব্যাটার গ্যারি কারস্টেন ১৯৯৬ বিশ্বকাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে ১৫৯ বলে ১৮৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ১৩ চার ও ৪ ছয়ে সাজানো কারস্টেনের সেই ইনিংসটিই ছিল ২০১৫ বিশ্বকাপের আগ পর্যন্ত সর্বোচ্চ ব্যাক্তিগত রানের ইনিংস।

৪.সৌরভ গাঙ্গুলি- ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি তার দলকে ২০০৩ বিশ্বকাপের ফাইনালে নিয়ে গিয়েছিল। এর আগে ১৯৯৯ বিশ্বকাপে ১৮৩ রানের একটি ইনিংস খেলেন গাঙ্গুলি। ভারতের জার্সিতে ৩১১টি ম্যাচ খেলা গাঙ্গুলি ওই ম্যাচে আরেক কিংবদন্তি রাহুল দ্রাবিড়ের সঙ্গে ৩১৮ রানের জুটি গড়েন।
৫.স্যার ভিভ রিচাডর্স- সর্বকালের অন্যতম সেরা ব্যাটারদের একজন ওয়েস্ট ইন্ডিজের সাবেক কিংবদন্তি ক্রিকেটার স্যার ভিভ রিচাডর্স। ১৯৮৭ বিশ্বকাপে অন্যতম সেরা ব্যাটার ছিলেন তিনি। সেই বিশ্বকাপে করাচি স্টেডিয়ামে খেলা তার ১৮১ রানের ইনিংসটি এক ম্যাচে তার সর্বোচ্চ ব্যাক্তিগত রান।
বোলিং ফিগার
১.গ্লেন ম্যাকগ্রা- অস্ট্রেলিয়ার ২০০৩ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক গ্লেন ম্যাকগ্রা। ভারতের বিপক্ষে ফাইনালে জহির খানের শেষ উইকেট নিয়েছিলেন তিনি। এর আগে নামিবিয়ার বিপক্ষে ১৫ রানে ৭ উইকেট নিয়ে বিশ্বকাপে ব্যক্তিগত সেরা বোলিং ফিগারের রেকর্ড গড়েছিলেন ম্যাকগ্রা।
২.অ্যান্ডি বিকেল- একই বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে বোলিংয়ে আগুন ঝরিয়েছিলেন অ্যান্ডি বিকেল। পোর্ট এলিজাবেথে সেদিন ইংলিশদের বিপক্ষে ১০ ওভারে মাত্র ২০ রান দিয়ে ৭ উইকেট নিয়েছিলেন বিকেল।
৩.টিম সাউদি- ২০১৫ বিশ্বকাপে টিম সাউদির সামনে রীতিমতো অসহায় ছিলেন ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। ওয়েলিংটনে ৩৩ রানে ৭ উইকেট নিয়েছিলেন সাউদি। ১২৩ রানে গুটিয়ে গিয়েছিল ইংলিশরা।
৪.উইনস্টন ডেভিস- ১৯৮৩ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিধ্বংসী রূপ দেখিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিয়ান ফাস্ট বোলার উইনস্টন ডেভিস, ৫১ রানে নিয়েছিলেন ৭ উইকেট। যদিও এই ফর্ম বিশ্বকাপের সামনের ম্যাচগুলোতে টানতে পারেননি ডেভিস। যার ফল, সেমিফাইনাল ও ফাইনালে একাদশে জায়গা হারান।
৫.গ্যারি গিলমোর- চিরপ্রতিদ্বন্দি ইংল্যান্ডের বিপক্ষে নিজের জাত চিনিয়েছিলেন গ্যারি গিলমোর। ১৯৭৫ বিশ্বকাপে লিডসে ১৪ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন এই পেসার। সে ম্যাচে ইংলিশিরা অলআউট হয়েছিল ৯৩ রানে।

কী এমন করেছি যে আমাদের ওপর আস্থা আনা যাচ্ছে না : ইসি রাশেদা

নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা আক্ষেপ প্রকাশ করে বলেছেন, আমরা কী এমন করেছি যে আমাদের ওপর আস্থা আনা যাচ্ছে না। অনেককে বলতে দেখেছি আমরা নাকি লোক দেখানো কাজ করছি।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আজ বুধবার ‘অবাধ ভোটাধিকার প্রতিষ্ঠায় প্রার্থী ও পোলিং এজেন্টদের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় তিনি এমন আপেক্ষ প্রকাশ করেন।

ইসি রাশেদা বলেন, ‘আমাদের কাজ হচ্ছে, জাল ভোটার থাকবে না, অবাধ ও উৎসবমুখর ভোট করা। জনগণ যাকে ভোট দেবে সে নির্বাচিত হবে। সবাইকে নিয়ে কাজ করছি। তার পরও আমাদের ওপর অনেকে আস্থা রাখতে পারছে না।’
সংলাপ প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, ‘সবাইকে এক করা আমাদের কাজ না। তার পরও সবাইকে নিয়ে বসেছি। জনগণের জন্য গ্রহণযোগ্য নির্বাচন করতে কাজ করছি। সংলাপ করেছি। সিইসি চিঠি দিয়েছে তার পরও আসেনি। যারা বলছে সুষ্ঠু ভোট করতে আমাদের সদিচ্ছা নেই এটা অমূলক।’
ইসি রাশেদা বলেন, ‘দেশে নির্বাচন হতে হবে। এটা সংবিধানের মূল কাজ। সেই অনুযায়ী আমরা কাজ করছি।’
নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন সাবেক নির্বাচন কমিশনার, নির্বাচন বিশেষজ্ঞ, গণমাধ্যম ব্যক্তিত্বসহ বিশিষ্টজনরা।
ভার্চুয়াল মাধ্যমে ৬৪ জেলায় নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমের রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা এই কর্মশালায় অংশ নিচ্ছেন। ভোটকেন্দ্রে পোলিং এজেন্ট নিশ্চিত করা ও তাদের দায়িত্ব সঠিকভাবে পালনে জোর দিয়েছেন বক্তারা।

আইএমএফের শর্ত পূরণ করতে না পারার কারণ জানাল বাংলাদেশ ব্যাংক

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বাংলাদেশকে দেওয়া ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণের অন্যতম শর্ত ছিল, চলতি বছরের জুনের মধ্যে নিট আন্তর্জাতিক রিজার্ভ (এনআইআর) ২৪ দশমিক ৪৬ বিলিয়ন ডলারে রাখা। তবে সেই শর্ত পূরণ করতে পারেনি বাংলাদেশ ব্যাংক।
আজ বুধবার (৪ অক্টোবর) সকালে আইএমএফ ও কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে ঋণের শর্তানুযায়ী যেসব সংস্কার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে, সে বিষয়ে দাতা সংস্থাটিকে অবহিত করেছে বাংলাদেশ ব্যাংক। এ ছাড়া যেসব শর্ত পূরণ করতে পারেনি তার কারণও ব্যাখ্যা করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
মেজবাউল হক সাংবাদিকদের বলেন, আইএমএফের সঙ্গে বৈঠকে ঋণের শর্ত অনুযায়ী যেসব সংস্কার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে সে বিষয়ে অবহিত করে বাংলাদেশ ব্যাংক। আর যে সব শর্ত পূরণ করতে পারেনি তার কারণও ব্যাখ্যা করা হয়।
তিনি বলেন, আইএমএফের সঙ্গে প্রতিশ্রুত শর্তগুলো পুরনো, বাংলাদেশ যেসব উদ্যোগ নিয়েছে সংস্থাটি আগে থেকেই তা পর্যবেক্ষণ করছে। আইএমমএফকে প্রতিশ্রুত শর্তগুলো পূরণে বাংলাদেশ ব্যাংক যেসব উদ্যোগ নিয়েছি এসব বিষয় শুনলেন। আইএমএফ প্রতিনিধিদল দুই সপ্তাহ ঢাকাতে থাকবে, আরও পর্যালোচনার পর তাদের মতামত জানাবে।
জানা যায়, নিট আন্তর্জাতিক রিজার্ভ (এনআইআর) ছাড়া বাংলাদেশ অন্য যে শর্ত পূরণে ব্যর্থ হয়েছে- তা হলো ন্যূনতম রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা। গত অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আইএমএফ নির্ধারিতে রাজস্ব লক্ষ্যমাত্রার চেয়ে ১৪ হাজার কোটি টাকা কম আদায় করেছে। এ জন্য চলতি অর্থবছর জিডিপির অনুপাতে ০.৫ শতাংশ বাড়তি রাজস্ব আদায় করতে হবে এনবিআরকে। আইএমএফের শর্ত অনুসারে, নতুন অর্থবছরে এনবিআরের যে স্বাভাবিক লক্ষ্যমাত্রা রয়েছে, তার চেয়ে প্রায় ২৫ হাজার কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আদায় করতে হবে।

নাটকীয় জয়ে সেমিফাইনালে বাংলাদেশ

প্রতিপক্ষ মালয়েশিয়া। এই দলটির সঙ্গেও শ্বাসরুদ্ধকর লড়াই করতে হলো বাংলাদেশ দলকে। এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে মাত্র ১১৬ রান করে পরাজয়ের মুখেই পড়ে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেটাররা। তবে শেষ মুহূর্তে সাইফ হাসান, রিশাদ হোসেন এবং আফিফ হোসেন ধ্রুবর দুর্দান্ত বোলিংয়ের ওপর ভর করে বাংলাদেশ মাত্র ২ রানে হারিয়েছে মালয়েশিয়কে। সে সঙ্গে সেমিফাইনালেও নাম লিখে নিল সাইফ হাসানের দল।
অনেকটা নাটকীয়ভাবে মালয়েশিয়াকে ২ রানে হারিয়ে গেমস ক্রিকেটের সেমিফাইনালে উঠলো বাংলাদেশের ক্রিকেটাররা। জয়ের জন্য মাত্র ১১৭ রনের লক্ষ্যে ব্যাট করতে নেমে মালয়েশিয়ান ব্যাটার ভিরানদিপ সিংয়ের ব্যাটে নিশ্চিত জয়ের পথে চলে গিয়েছিল মালয়েশিয়া। ভিরানদিপ সিং করেছিলেন ৩৯ বলে ৫২ রান। শেষ ওভারে তাকে আউট করে দেন আফিফ হোসেন। তার আউটের পরই মূলত বাংলাদেশের জয় নিশ্চিত হয়।

আজ বুধবার চীনের হাংজুতে বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১১৬ রান করে। জবাবে মালয়েশিয়া ২০ ওভারে ৮ উইকেটে করে ১১৪ রান।
৩৮ রানে ৪ উইকেট ফেলে দেওয়ার পর অনেকেই ভেবেছিলো, স্কোর ছোট হলেও জয়টা পেতে যাচ্ছে বাংলাদেশই। কিন্তু ভিরানদিপ সিং বিজয় উন্নিকে সঙ্গে নিয়ে দুর্দান্ত ব্যাটিং করেন। ৭২ রান পর্যন্ত টেনে নিয়ে যান তারা দুজন। ৫ ও ৬ নম্বর উইকেট পড়ে যায় এ সময়। এরপর আইনুল হাফিজকে সঙ্গে নিয়ে আবারও জ্বলে ওঠেন ভিরানদিপ সিং। ১১২ রান পর্যন্ত নিয়ে যান তার। ১৯ এবং ২০ তম ওভারে গিয়ে রিশাধ হোসেন এবং আফিফ হোসেন সেট দুই ব্যাটারকে তুলে নিলে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।
শেষ ওভারে মালয়েশিয়ার দরকার ছিল মাত্র ৬ রান। অধিনায়ক সাইফ হাসান বল তুলে দেন আফিফ হোসেনের হাতে। দুর্দান্ত বোলিং করে আফিফ শেষ ওভারে মাত্র ৪ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন। মোট ৪ ওভার বল করে ১১ রান নিয়ে ৩ উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রাখেন আফিফ।
এ জয়ে বাংলাদেশ টিকে রইল গেমস পদক ধরে রাখার লড়াইয়ে। সেমিফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের। আগামী ৬ অক্টোবর ভারতকে হারিয়ে ফাইনালে উঠলে রৌপ্যপদক নিশ্চিত হবে। হারলে লড়তে হবে ব্রোঞ্জপদকের জন্য।

আবারও ক্রিকেট উন্মাদনায় মেতে উঠবে ক্রিকেট বিশ্ব, প্রস্তুত ভারত

আগামীকাল থেকে ভারতে শুরু হচ্ছে বিশ্বকাপ ক্রিকেটের ১৩তম আসর। উপমহাদেশে এ নিয়ে চতুর্থবারের মতো ক্রিকেট বিশ্বকাপ আয়োজিত হতে যাচ্ছে। তবে এবারই প্রথম ভারত এককভাবে এই টুর্নামেন্ট আয়োজনের স্বত্ব লাভ করেছে।
১৯৮৭ সালে ভারত-পাকিস্তান, ১৯৯৬ সালে ভারত-পাকিস্তান-শ্রীলংকা ও ২০১১ সালে সর্বশেষ ভারত-শ্রীলংকা ও বাংলাদেশ যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করে বেশ সফল হয়েছিল। উপমহাদেশে ক্রিকেট উন্মাদনা সম্পর্কে পুরো বিশ্বই অবগত। তার উপর টুর্নামেন্টটি যদি বিশ্বকাপ হয় তাহলে এর রেশ যে কতদুর যেতে পারে তা আগের তিন আসরেই প্রমানিত হয়েছে।
এবারের বৈশ্বিক এই টুর্নামেন্ট আয়োজনে ভারত পুরোপুরি প্রস্তুত। এর আগে তিনবার সফলভাবে বিশ্বকাপ আয়োজন করে ভারত নিজেদের প্রমাণ করেছে।
এবারের আসরে ৪৬ দিনে ১০টি ভিন্ন ভেন্যুতে ৪৮টি ম্যাচে ১০টি দেশ অংশ নেবে।
এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানিয়েছিল ভারত। যে কারনে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানও ভারতের মাটিতে বিশ^কাপ বয়কটের বিষয়টি সামনে নিয়ে এসেছে। যার ফলে বিশ্বকাপের সূচি ঘোষনায় বেশ বিলম্ব হয়। মাত্র তিন মাস আগে আইসিসি টুর্নামেন্টের চূড়ান্ত সূচি ঘোষনা করেছে। প্রথম ঘোষিত সূচি অনুযায়ী আহমেদাবাদে ভারত-পাকিস্তানের ব্লকবাস্টার ম্যাচটির নিরাপত্তা নিয়ে হুমকি দেখা গেলে ম্যাচটি একদিন পিছিয়ে দেয়া হয়। যে কারনে নির্ধারিত সূচিতে নয়টি ম্যাচের ওপর প্রভাব পড়ে।
২০১৬ টি-টোয়েন্টি বিশ^কাপের পর প্রথমবারের মত ভারত সফরে আসা পাকিস্তান দলকে গত সপ্তাহে হায়দারাবাদে উষ্ণ অর্ভথ্যনা জানানো হয়। অথচ এর মাত্র ৪৮ ঘন্টা আগে পাকিস্তান দলকে ভিসা দিয়েছিল ভারতীয় দূতাবাস।
পাকিস্তানি লেগ স্পিনার শাদাব খান স্বীকার করেছেন ভারতে আসার পর থেকে হোটেলে যাওয়া পর্যন্ত তাদের দারুণভাবে বরণ করে নেয়া হয়েছে, যা সত্যিই প্রশংসার দাবিদার। নিরাপত্তার কারণে শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের প্রথম ওয়ার্ম আপ ম্যাচটি ৫৫ হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হলেও সেখানে কোন দর্শক প্রবেশের অনুমতি ছিলনা।

বিশ্ব ক্রিকেটের সর্ব বৃহত ভেন্যু নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আগামীকাল ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠছে এবারের বিশ^কাপের। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে প্রতিষ্ঠিত ১ লাখ ৩০ হাজার ধারন ক্ষমতা সম্পন্ন এ স্টেডিয়ামেই ১৯ নভেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে।
এই স্টেডিয়ামেই আগামী ১৪ অক্টোবর টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে।
১৯৮৩ সালে প্রথমবার বিশ্বকাপের শিরোপা জয় করেছিল ভারত। এরপর ২০১১ সালে ঘরের মাঠে দ্বিতীয় শিরোপা জিতেছিল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া । ওয়নাডে ফর্মেটে ১৩ হাজার রানের মালিক বিরাট কোহলিকে নিয়ে ভারত এবারও নিজেদের মাটিতে শিরোপা জয়ের অন্যতম ফেবারিট হিসেবেই মাঠে নামবে। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটি ভারতে বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে। কোহলি বলেছেন, ‘বিশ্বকাপের আগের দুই শিরোপা জয়ের সুখস্মৃতি বিশেষ করে ২০১১ সালের ফাইনাল এখনো আমাদের সকলের মনে দাগ কেটে আছে। আমাদের ক্রিকেট ভক্তদের জন্য আরো একটি নতুন স্মৃতির জন্ম দিতে চাই।
১৯৯২ সালের চ্যাম্পিয়ন পাকিস্তান আগের বিশ^কাপগুলোতে সাতবার ভারতের কাছে পরাজিত হয়েছে। যদিও ওয়ানডে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা অধিনায়ক বাবর আজমের নেতৃত্বে বদলে যাওয়া পাকিস্তান তাদের আক্রমনাত্মক বোলিং বিভাগ নিয়েও এবার বেশ আশাবাদী। ৫৮’রও বেশি ব্যাটিং গড় নিয়ে কোহলির থেকেও এগিয়ে আছেন বাবর। প্রস্তুতি ম্যাচে অবশ্য দুটিতেই পরাজিত হয়ে বাবর আজমের দল। নিউজিল্যান্ডের কাছে ৫ উইকেটে পরাজয়ের পর অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ১৪ রানে।

বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড চার বছর আগে লর্ডসে দারুন উত্তেজনাপূর্ণ ফাইনালে নিউজিল্যান্ডকে সুপার ওভারে পরাজিত করে শিরোপা জয় করেছিল। বিশ^কাপের এমন একটি ফাইনালের কথা অনেকদিন সবাই মনে রাখবে। ফাইনালে বেন স্টোটকসের ৮৪ রানের ইনিংসটি ছিল দুর্দান্ত। জশ বাটলারের নেতৃত্বে বর্তমানে র‌্যাঙ্কিংয়ের পঞ্চম স্থানে ইংল্যান্ড এবারও শিরোপা ধরে রাখতে বদ্ধপরিকর। নিজেদের পরখ করে নিতে ভারতের সাথে প্রস্তুতি ম্যাচের সুযোগ পেলেও তা বৃষ্টিতে ভেসে যায়। পরের ম্যাচে বাংলাদেশকে বৃষ্টি আইনে ৪ উইকেটে পরাজিত করেছে ইংলিশরা। ব্যাটিং-বোলিংয়ে সমান পারদর্শিতা দেখিয়ে ইংল্যান্ড প্রস্তুতিটা ভালই সেড়ে নিয়েছে।
এবারের আসরই ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানের জন্য। ওয়ানডে অল রাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে থাকা সাকিবের উপর ভর করেই বাংলাদেশ গত কয়েক বছর নিজেদের এগিয়ে নিয়ে গেছে। বিশ্বসেরা অল রাউন্ডার ৩৬ বছর বয়সী সাকিব ওয়ানডেতে ৯টি সেঞ্চুরি ও ৫৫টি হাফ সেঞ্চুরিসহ ৭ হাজারেরও উপর রান করেছেন, উইকেট দখল করেছেন ৩০৮টি। আফগানিস্তানের বিপক্ষে শনিবার নিজেদের প্রথম ম্যাচেই উজ্জীবিত বাংলাদেশ নিজেদের প্রমান করতে মুখিয়ে আছে।
বিশ্বকাপে সর্বাধিক পাঁচবরের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া অভিজ্ঞ ব্যাটার ডেভিড ওয়ার্নারকে নিয়ে দারুন আত্মবিশ্বাসী। ওয়ানডেতে ৬৩০০ রানের বেশী সংগ্রহ করা ওয়ার্নারের সাম্প্রতিক ফর্ম অসিদের বাড়তি অনুপ্রেরণা দিচ্ছে। তবে অল রাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলই এই মুহূর্তে সবচেয়ে বেশী ফর্মে রয়েছে। প্রস্তুতি ম্যাচেও পাকিস্তানের বিপক্ষে ৭১ বলে ৭৭ রানের ঝকঝকে ইনিংস উপহার দিয়েছেন।
বিশ^কাপে চোকার্স হিসেবে পরিচিত দক্ষিণ আফ্রিকা এবার সেই তকমা থেকে বেরিয়ে আসতে চায়। ফেভারিটের তকমা নিয়ে প্রতিটি ওয়ানডে বিশ^কাপে যাত্রা শুরু করে দক্ষিণ আফ্রিকা। পুরো আসরে ভালো খেলেও, তীরে এসে তরি ডুবে প্রোটিয়াদের। ১৯৯২, ১৯৯৯, ২০১১ ও ২০১৫ সালের বিশ^কাপের সেমিফাইনালে উঠেও ফাইনালের টিকিট পায়নি তারা। বৃষ্টি আইনের অঙ্ক মেলাতে ভুল করা, ল্যান্স ক্লুজনারের ভুল সিদ্ধান্তে অ্যালান ডোনাল্ডের রান আউট হওয়া বা হার্শেল গিবসের সহজ ক্যাচ ফেলে দেয়া- এসব ঘটনায় চোকার্স খ্যাতি পায় দক্ষিণ আফ্রিকা। ইনজুরির কারনে দলের মূল দুই পেসার এনরিচ নর্টি ও সিসান্ডা মাগালাকে পাচ্ছে না প্রোটিয়ারা, যা দলের ওপর প্রভাব পড়তে পারে।
স্পিননির্ভর আফগানিস্তান ভারতীয় উইকেটের সহায়তা নিয়ে এগিয়ে যেতে চায়। রশিদ খান, মোহাম্মদ নবী, মুজিব উর রহমান ও নুর আহমেদ আফগানদের আত্মবিশ্বাস যোগাচ্ছে। আইপিএলের খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই স্পিনাররাই আফগানিস্তানকে নতুন ভাবে বিশ্বকাপে মর্যাদা দিতে চায়। আগের আসরগুলোতে নিজেদের মোটেই প্রমান করতে পারেনি আফগানিস্তান। শ্রীলংকাকে ৬ উইকেটে হারিয়ে প্রস্তুতিটাও দারুনভাবে সেড়ে নিয়েছে।

১৯৯৬ সালে ফেবারিটদের পিছনে ফেলে শিরোপা জয় করে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল শ্রীলংকা। কিন্তু পরিবর্তিত সময় পার করে আবারো বিশ^কাপে ঘুড়ে দাঁড়ানোর চেষ্টা করছে দাসুন সানাকার দল। অপেক্ষাকৃত তরুণদের নিয়ে গড়া লংকান দলটি বেশ কিছুদিন ধরেই নিজেদের পনুর্গঠনের চেস্টা করছে। এশিয়া কাপের ফাইনালে মাত্র ৫০ রানে অল আউট হবার পর ভারতের কাছে ১০ উইকেটের পরাজয়ের লজ্জা থেকে বেরিয়ে আসাই এখন শ্রীলংকার সামনে মূল চ্যালেঞ্জ।
শীর্ষ সারির দলগুলোর বাইরে বাছাই পর্ব থেকে উঠে একমাত্র দল হিসেবে এবার বিশ্বকাপে মাঠে নামবে নেদারল্যান্ড। দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে বাছাইপর্বে বিদায় করে দিয়ে ভারতের টিকিট নিশ্চিত করা নেদারল্যান্ডকে কিছুটা হলেও সমীহ করতে হবে প্রতিপক্ষ দলগুলোকে।