শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬

ইউক্রেনে শোকসভায় রাশিয়ার বিমান হামলা, শিশুসহ নিহত ৫১

ইউক্রেনে রাশিয়ায় বিমান হামলায় ছয় বছরের শিশুসহ ৫১ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে দেশটির খারকিভের দক্ষিণ-পূর্ব হরোজা গ্রামে এ হামলা হয়।
বিবিসির খবরে বলা হয়, ক্ষেপণাস্ত্র আঘাতটি এমন সময় করা হয়, যখন সেখানে একটি শোকসভায় স্থানীয় সাধারণ নাগরিকরা অংশ নিচ্ছিলেন।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ওই এলাকায় কোনো সামরিক স্থাপনা নেই।
শুধুমাত্র বেসামরিক লোকজনকে লক্ষ্য করেই এ হামলা হয়।
খারকিভের আঞ্চলিক প্রধান ওলেহ সিনেহুবভ জানান, যারা মারা গেছেন তারা প্রত্যেকেই ওই গ্রামের বাসিন্দা। ২০২০ সালে এখানে জনসংখ্যা ছিল প্রায় ৫০১ জন। যার অর্থ, আজকের হামলায় ওই গ্রামের জনসংখ্যার ১০ শতাংশ নিহত হয়েছেন।
ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাহোর ক্লাইমেনকো বলেন, ওই শোকসভায় প্রতিটি পরিবার থেকে লোকজন উপস্থিত ছিলেন। এটি একটি ভয়ানক ট্র্যাজেডি।
হরোজা গ্রামটি ইউক্রেনের কুপিয়ানস্ক জেলার একটি অংশ। গত বছরের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর এই কুপিয়ানস্ক রাশিয়া ও ইউক্রেনীয় সেনাবাহিনীর মধ্যে ফ্রন্ট লাইন হিসেবে ছিল।
যুদ্ধের শুরুতে এ অঞ্চলটি রাশিয়ান বাহিনীর জন্য প্রধান সরবরাহ কেন্দ্র ছিল। কিন্তু কয়েক মাস যুদ্ধের পর ২০২২ সালের সেপ্টেম্বর এটি পুনরুদ্ধার করে ইউক্রেন।

আজকের প্রজন্মই আগামীর স্মার্ট বাংলাদেশ গড়বে : পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আজকের প্রজন্মই আগামীর স্মার্ট বাংলাদেশ গড়বে। এই লক্ষ্য অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে প্রযুক্তি নির্ভর আধুনিক শিক্ষার সম্প্রসারণ করেছেন।
আজ বৃহস্পতিবার সিংড়ার জামিলা ফয়েজ পলিটেকনিক ইন্সটিটিউটের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইন্সটিটিউটের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এডভোকেট এম সাইদুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

প্রতিমন্ত্রী পলক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষার গুরুত্ব উপলব্ধি করে সংবিধানে পাঁচটি মৌলিক অধিকারের মধ্যে শিক্ষাকে অন্তর্ভুক্ত করেন। বঙ্গবন্ধু বলেছিলেন শিক্ষার ব্যয় কোন খরচ নয়, বিনিয়োগ। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রযুক্তি নির্ভর শিক্ষার ডিজিটাল প্লাটফর্ম তৈরী করে দিয়েছেন। ধারাবাহিক পথ পরিক্রমায় এখন আমরা চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রবেশ করেছি।
শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে উচ্চ আয়ের উন্নত, উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার এবং স্মার্ট সমাজ-এই চারটি ভিত্তির উপরে প্রতিষ্ঠিত হবে স্মার্ট বাংলাদেশ। আজকের তরুণ প্রজন্মই আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে।
পলক বলেন, সিংড়াতে হাইটেক পার্ক, টিটিসি এবং টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নির্মাণ কাজ শেষ হয়েছে। শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার নির্মাণ কাজ শেষের পথে। প্রযুক্তি নির্ভর চারটি প্রতিষ্ঠান ছাড়াও দুইটি সরকারি কলেজ, তিনটি অনার্স কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে সিংড়া এখন শিক্ষা নগরীতে পরিণত হয়েছে।

স্যাংশন যুক্তরাষ্ট্রের নিজস্ব ব্যাপার : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, স্যাংশন যুক্তরাষ্ট্রের নিজস্ব ব্যাপার। তারা কাকে যেতে দেবে বা যেতে দেবে না, এটা তারা নির্ধারণ সব সময়ই করেন। তবে আমি বলি ভিসা দিলে সবাইকেই তো দিতে হয়। তবে এতে আমাদের কিছু বলার নেই। আমি মনে করি এটা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপার।
আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেলে নেত্রকোণার মোহনগঞ্জের আদর্শনগরে পুলিশ তদন্তকেন্দ্রের নবনির্মিত তৃতীয়তলা ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদেও তিনি এ কথা বলেন।
তিনি বলেন, কে কী বলল, কে না বললো; সেগুলো তাদের বিষয়। যেসব রাজনৈতিক দল তাদের সমর্থন হারিয়েছে, তাদের থেকে জনগণ মুখ ফিরিয়েছে; তারা অনেক ধরনের কথা বলছেন। অমুক হবে, তমুক হবে সেটা বিষয় নয়। এসবে কান দেওয়াও ঠিক নয়। নির্বাচন যথাসময়ই হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীকে আধুনিক স্মার্ট ও যুগোপযোগী করে তোলা হয়েছে। মানুষ এখন পুলিশ বাহিনীকে জনগণের বন্ধু বলে মনে করেন।
পরে মন্ত্রী আদর্শ নগরের শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের স্থাপিত শহীদ মিনারের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা ৪ আসনের সংসদ সদস্য সাজ্জাদুল হাসান, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, জেলা প্রশাসক শাহেদ পারভেজ, পুলিশ সুপার ফয়েজ আহমেদসহ অন্যরা।

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ক্লাবে বাংলাদেশ

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুরে রাশিয়া থেকে ‘ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল’ বা ইউরেনিয়াম হস্তান্তর করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুর ৩টা ৫২ মিনিটের দিকে আনুষ্ঠানিকভাবে এই ইউরেনিয়াম হস্তান্তর করা হয়। এর মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণ করলেন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩৩তম দেশ হিসেবে বাংলাদেশ যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ক্লাবে।
রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র (আরএনপিপি) সাইটে একটি অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের কাছে জ্বালানি সরবরাহের সনদ ও জ্বালানি সমাবেশের মডেল হস্তান্তর করেন। এই অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উভয়েই ভার্চুয়ালি যোগদান করেন।

রোসাটম ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করছে। এর ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার প্রথম ইউনিটটি আগামী বছর এবং অপর ইউনিটটি ২০২৫ সালে চালু হবে।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রসিও এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন।
শুরুতে, আরএনপিপির প্রথম ব্যাচের পারমাণবিক জ্বালানির উৎপাদন ও বিতরণের ওপর একটি অডিও-ভিডিও ডকুমেন্টারি প্রদর্শিত হয়- যেখানে আরএনপিপি প্রকল্প পরিচালক এবং এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. শওকত আকবর আরএনপিপির পরিচিতি তুলে ধরেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো. আলী হোসেন।
একটি বিশেষ ফ্লাইটে গত ২৮ সেপ্টেম্বর আরএনপিপির জন্য পারমাণবিক জ্বালানির প্রথম চালান (ইউরেনিয়াম রড) এখানে এসে পৌঁছায়।

প্রকল্পের বিবরণ অনুযায়ী, সরকার আশা করছে যে, রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটটি ২০২৪ সালের সেপ্টেম্বরে ও দ্বিতীয় ইউনিটটি ২০২৫ সালের মাঝামাঝি সময়ে চালু করা যাবে।
প্রকল্পটিতে ৭ হাজার পেশাদারসহ ৩০ হাজার কর্মী কাজ করছে। প্রকল্পটি ৬০-৮০ বছর ধরে সচল থাকবে বলে আশা করা হচ্ছে।
কর্মকর্তারা বলেছেন, এই আরএনপিপি পারমাণবিক ক্লাবে প্রবেশের মাধ্যমে বাংলাদেশকে অনন্য এক উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবে। কারণ, এটি কার্বন নির্গমন হ্রাস লক্ষ্যমাত্রা পূরণে অগ্রণী ভূমিকা পালন করতে সক্ষম হওয়ার পাশাপাশি ফ্ল্যাশের মধ্যে বিদ্যুৎ উৎপাদনের খরচ কমিয়ে দেবে।
প্রকল্পের লেআউটে বলা হয়েছে, আরএনপিপি প্রতিদিন ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে।
রোসাটমের সহযোগী কোম্পানি টিভিইএল পারমাণবিক জ্বালানি তৈরি করছে। বিশ্বের বিভিন্ন দেশ তাদের কাছ থেকে পারমাণবিক জ্বালানি ক্রয় করে।
ওয়ার্ল্ড নিউক্লিয়ার অ্যাসোসিয়েশনের ওয়েবসাইট অনুসারে, পরমাণু শক্তি ব্যবহারকারী দেশগুলোর মধ্যে রয়েছে- মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, কানাডা, ইউক্রেন, জার্মানি, জাপান, স্পেন, সুইডেন, বেলজিয়াম, যুক্তরাজ্য, ভারত, চেক প্রজাতন্ত্র, ফিনল্যান্ড, সুইজারল্যান্ড, বুলগেরিয়া, পাকিস্তান, হাঙ্গেরি, স্লোভাকিয়া, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো, রোমানিয়া, আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত, বেলারুশ, স্লোভেনিয়া, নেদারল্যান্ডস, ইরান ও আর্মেনিয়া।
একবার পারমাণবিক জ্বালানি বিদ্যুৎ প্ল্যান্টের চুল্লিতে লোড করা হলে, এক বছরের জন্য বিদ্যুৎ উৎপাদন করা যেতে পারে। এর পরে, জ্বালানি চুল্লিতে পুনরায় লোড করতে হবে।
২০২১ সালের অক্টোবরে, ইউনিটের কাঠামোর মধ্যে চুল্লি স্থাপনের মাধ্যমে রূপপুর ইউনিট-১ প্রায় সম্পন্ন হয়। এটি আইএইএর মান অনুযায়ী স্থাপন করা হয়েছে।
চুল্লি একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রধান উপাদান। গত বছরের অক্টোবরে দ্বিতীয় ইউনিটের চুল্লি স্থাপন করা হয়।
আইএইএর নির্দেশিকা অনুযায়ী প্রয়োজনীয় সকল প্রয়োজনীয়তা পূরণ করে রূপপুর প্রকল্পে পারমাণবিক জ্বালানি আমদানি ও স্টোরেজের লাইসেন্স পেয়েছে বাংলাদেশ।
আইএইএ গত মাসে ভিয়েনায় তার সাধারণ সম্মেলনের সময় বাংলাদেশকে আইএইএর বোর্ড সদস্য করে।

উ. কোরিয়ার পরমাণু চুল্লি বন্ধের কার্যক্রম পর্যবেক্ষণ করছে দ. কোরিয়া

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার বলেছে, তারা উত্তর কোরিয়ার একটি পারমাণবিক চুল্লির স্থাপনা ‘নিবিড়ভাবে পর্যবেক্ষণ’ করছে। এই চুল্লির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম রিপোর্ট করেছে। পারমাণবিক অস্ত্রে ব্যবহারে প্লুটোনিয়ম সংগ্রহে পিয়ংইয়ং এমন পদক্ষেপ গ্রহণ করেছে বলে ধারণা করা হচ্ছে।
‘ডোঙ্গা ইলবো’ সংবাদপত্র আগের দিনের এক প্রতিবেদনে জানায়, সিউল এবং ওয়াশিংটনের গোয়েন্দা সূত্রগুলো গত মাসের শেষের দিকে ইয়ংবিয়নের পাঁচ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন চুল্লিটি সাময়িকভাবে কাজ বন্ধ করে দেওয়ার লক্ষণ শনাক্ত করেছে।

সরকারি সূত্রের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার করার জন্য প্লুটোনিয়াম সংগ্রহে জ্বালানি রডগুলো পুনরায় প্রক্রিয়াজাত করতে চুল্লিটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জিওন হা-কিউয়ের প্রাত্যহিক ব্রিফিংকালে সাংবাদিকরা ওই প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘দক্ষিণ কোরিয়া এবং মার্কিন গোয়েন্দা কর্তৃপক্ষ এই সংক্রান্ত উত্তর কোরিয়ার গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।’
উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরে অবস্থিত ইয়ংবিয়ন দেশের প্রথম পারমাণবিক চুল্লি স্থাপনা এবং উত্তর কোরিয়ার নিষিদ্ধ অস্ত্র কর্মসূচির প্লুটোনিয়াম সংগ্রহের একমাত্র উৎস হিসেবে পরিচিত।
খবর এএফপি

কোচিং ব্যবসা পরিহার করতে হবে : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দেশের শিক্ষার মান উন্নয়নে সবাইকে কোচিং ব্যবসা পরিহারের নির্দেশ দিয়েছেন। তিনি শিক্ষার্থীদেরকে বিশ্বমানের আনুষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় সুশিক্ষিত করে গড়ে তোলারও তাগিদ দেন।
আজ বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বিশ্ব শিক্ষক দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনায় প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, ‘এক শ্রেণির অসাধুচক্র ও কতিপয় বিপথগামী শিক্ষক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কোচিং সেন্টারের নামে রমরমা ব্যবসা করছে। শিক্ষার মান উন্নয়নে এই কোচিং ব্যবসাকে পরিহার করতে হবে।’
তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের জ্বালিয়াতি থেকেও উত্তরণ ঘটাতে সরকার, মন্ত্রণালয়, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
শিক্ষাদান পদ্ধতি আন্তর্জাতিক মানসম্মত করার পদক্ষেপ নিতে হবে, যাতে শিক্ষার্থীরা বিশ্ব প্রতিযোগিতায় সাফল্যের সঙ্গে এগিয়ে যেতে পারে।
রাষ্ট্রপতি বলেন, ‘আমরা চাই দেশের প্রতিটি শিক্ষার্থী সুশিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে উঠুক এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশকে এগিয়ে নিতে অবদান রাখুক।’
ছেলেমেয়েদের প্রতিভা বিকাশের পথ দেখাতে সকল শিক্ষক ও অভিভাবকদের সচেষ্টা হওয়ারও পরামর্শ দেন রাষ্ট্রপতি। তিনি ছেলেমেয়েদের জিপিএ-৫ পাইয়ে দেয়ার অসুস্থ প্রতিযোগিতা এবং জিপিএ-৫ পেয়েও মেডিকেল, ইঞ্জিনিয়ারিং বা বিশ্ববিদ্যালয়ে ভর্তির নূন্যতম যোগ্যতা অর্জন করতে না পারারও কঠোর সমালোচনা করেন।

রাষ্ট্রপতি বলেন, ‘দেশের সমাজ ব্যবস্থায় এখনো শিক্ষকদের সম্মান ও মর্যাদা অন্য যে কোনো পেশার তুলনায় অনেক ঊর্ধ্বে। কিন্তু এই সামাজিক অবক্ষয়ের যুগে কিছুসংখ্যক বিপথগামী শিক্ষকের জন্য গোটা শিক্ষক সমাজের সম্মান ও মর্যাদা ক্ষুন্ন হতে পারে না।’
তিনি সম্মাননাপ্রাপ্ত সব গুণী শিক্ষককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষকগণ আধুনিক, বিজ্ঞানমনস্ক এবং উন্নত জীবনবোধ ও নেতৃত্ব গুণসম্পন্ন নাগরিক তৈরির মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে অবদান রেখে যাবেন।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষক বিদেশে গিয়ে কতটুকু প্রশিক্ষণ নেন এবং দেশে ফিরে ক্লাসরুমে এর কতটুকু প্রয়োগ করেন সে বিষয়টিও মনিটরিং করতে করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেন।

শিক্ষকদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, ‘সমাজ গঠনে ও দেশের সার্বিক উন্নয়নে আপনাদের কার্যকর ভূমিকা অপরিহার্য। আপনারা কোমলমতি শিক্ষার্থীদের ন্যায়-অন্যায়, সত্য ও মিথ্যার পার্থক্য বুঝাবেন, মানবসেবা ও দেশপ্রেম এবং পিতা-মাতার প্রতি দায়িত্বশীল হওয়ার শিক্ষা প্রদান করবেন। শিক্ষার্থীদের সাথে পিতা-মাতাতুল্য আচরণ করবেন। শাসন করবেন, কিন্তু শাস্তি নয়।”’
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষকদের প্রতি গভীর মমত্ববোধ এবং দেশের উন্নয়নে শিক্ষার গুরুত্ব অনুধাবন করে ১৯৭৩ সালে একদিনে একযোগে ৩৬,১৬৫ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছিলেন বলে তিনি উল্লেখ করেন।

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের শিক্ষা ক্ষেত্রে গৃহীত বহুমুখী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে বঙ্গবন্ধু কন্যা ২০১৩ সালে ২৬,১৯৩ টি বেসরকারি এবং রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেন। এ ছাড়া প্রায় ২৮ হাজার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সরকার নিয়মিত প্রায় শতভাগ আর্থিক সুবিধা প্রদান করছে।
রাষ্ট্রপ্রধান শিক্ষকদের বেতন-স্কেল, আনুষঙ্গিক ভাতা, পদোন্নতিসহ যেকোনো অসঙ্গতি থাকলে তা দূর করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
শিক্ষক এবং শিক্ষা প্রশাসন দেশে মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে এবং শিক্ষকদের মর্যাদা বৃদ্ধিতে একযোগে কাজ করবেন বলে তিনি আশা করেন।
রাষ্ট্রপতি সরকারের পাশাপাশি শিক্ষক, অভিভাবক ও সুধীজনদেরকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের লেখাপড়ার মানোন্নয়নে এবং শিক্ষা ব্যবস্থায় শহর-গ্রামের বৈষম্য নিরসনে সুনির্দিষ্ট পদক্ষেপ নেয়ার ও আহ্বান জানান।
শিক্ষামন্ত্রী ডা.দীপু মনির সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, ইউনেসকো ঢাকা অফিসের প্রতিনিধি ড. সুসান ভাইজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. লাফিফা জামান, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, ঢাকা গভর্নমেন্ট ল্যাবরেটরী হাই স্কুলের সিনিয়র শিক্ষক ইসমত আরা মমতাজ এবং খিলগাঁও শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক পল্লব কুমার ভৌমিক।
‘কাঙ্ক্ষিত শিক্ষার জন্য শিক্ষক : শিক্ষক স্বল্পতা পূরণে বৈশ্বিক অপরিহার্যতা’ এই বাস্তবাতাকে সামনে রেখে বিশ্বের সকল শিক্ষকের প্রতি সম্মান জানাতে প্রতি বছরের মতো এবারও পালিত হচ্ছে ‘বিশ্ব শিক্ষক দিবস’।
এই দিনে বিশ্বের সকল শিক্ষককে আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি।
অনুষ্ঠানে ‘বিশ্ব শিক্ষক দিবস ২০২৩’-এর একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়। অনুষ্ঠানে সাতজন কৃতী শিক্ষককে সম্মাননা দেয়া হয়।

শান্তির জন্যে ইসরায়েল ও ফিলিস্তিন নারীদের যৌথ সমাবেশ

ফিলিস্তিনের দখলকৃত পশ্চিমতীরে বুধবার শত শত ইসরায়েলি ও ফিলিস্তিনি নারী শান্তির জন্যে সমাবেশ করেছেন। তারা ইসরায়েল ফিলিস্তিন সংঘাত বন্ধেরও আহ্বান জানিয়েছেন।
সমাবেশে অংশ নিয়ে এসব নারী ‘আমরা শান্তি চাই’ বলে শ্লোগান দেয়। তারা ‘আমাদের শিশু হত্যা বন্ধ কর’ লেখা প্ল্যাকার্ড নিয়ে সমাবেশে যোগ দেন। এ সময়ে অধিকাংশের পরনে সাদা পোশাক ছিল।
‘এলায়েন্স ফর মিডল ইস্ট পিস’ এনজিওর পরিচালক ও ফিলিস্তিনি মানবাধিকার কর্মী হুদা আবু আরকোয়াব বলেছেন, আমাদের বার্তা হলো আমাদের সন্তানরা মরে যাওয়ার চেয়ে জীবিত থাকুক।
তিনি আরও বলেন, এ প্রথমবারের মতো সম পর্যায়ে ইসরায়েল ও ফিলিস্তিনি নারীদের সত্যিকার অংশদারিত্ব আমরা পেয়েছি।

সমাবেশটি প্রথমে জেরুজালেমে শুরু হয়। পরে বিক্ষোভকারীরা পশ্চিম তীরের ডেড সির দিকে চলে যায়। সেখানে আরও বিক্ষোভকারী সমাবেশে অংশ নেন।
নারী নেতৃত্বাধীন দুটি সংগঠন ‘উইমেন ওয়েজ পিস’ এবং ‘উইমেন অব দ্য সান’ নিয়ে গঠিত জোট ‘দ্য এলায়েন্স ফর মিডল ইস্ট পিস’ সমাবেশটির আয়োজন করে।
উইমেন ওয়েজ পিসের সমন্বয়কারী পাসকেল শেন বলেন, ইসরায়েলি ও ফিলিস্তিনি মায়েদের পক্ষ থেকে একটি যৌথ আহ্বানের উদ্দেশ হলো আমাদের নেতাদের আলোচনার টেবিলে ফিরে যাওয়ার কথা বলা এবং একটি কূটনৈতিক সমাধানে পৌঁছানো।
উল্লেখ্য, গত বছর থেকে ইসরায়েল ফিলিস্তিন সহিংসতা বেড়ে গেছে। চলতি বছর এ পর্যন্ত অন্তত সংঘাতে ২৪৩ ফিলিস্তিনি ও ৩২ ইসরায়েলি নিহত হয়েছে।

জব্দ করা ইরানি গোলাবারুদ ইউক্রেনকে দিয়েছে যুক্তরাষ্ট্র

মার্কিন যুক্তরাষ্ট ইয়েমেনের তেহরান সমর্থিত বিদ্রোহীদের কাছ থেকে ইরানি বাহিনীর কাছে হস্তান্তর করা ছোট অস্ত্র ও গোলাবারুদ ইউক্রেনকে দিয়েছে। বুধবার সেনাবাহিনী এই কথা জানায়।
কট্টর রিপাবলিকান আইন প্রণেতাদের বিরোধিতার কারণে কিয়েভকে অস্ত্র প্রদান চালিয়ে যাওয়ার ওয়াশিংটনের সক্ষমতা প্রশ্নবিদ্ধ হওয়ার প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেয়া হয়।
ইউক্রেনের সশস্ত্র বাহিনী সোমবার সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে বলেছে, মার্কিন সরকার প্রায় ১.১ মিলিয়ন ৭.৬২ মিমি রাউন্ড অস্ত্র ও গোলাবারুদ স্থানান্তর করেছে।
ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস ও ইয়েমেনি বিদ্রোহী বাহিনীর প্রতি তাদের সমর্থনের উল্লেখ করে সেন্টকম বলেছে, ২০২২ সালের ডিসেম্বরে আইআরজিসি’র কাছ থেকে ইয়েমেনের হুথিদের কাছে হস্তান্তরকালে মার্কিন নৌবাহিনী এসব গোলাবারুদ জব্দ করে। এতে আরো বলা হয়, আইআরজিসি’র বিরুদ্ধে সরকার ২০ জুলাই, ২০২৩ সালে বিচার বিভাগের দেওয়ানি বাজেয়াপ্ত দাবির মাধ্যমে এই অস্ত্রের মালিকানা পায়।
পেন্টাগন মঙ্গলবার বলেছে, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে অনুমোদিত সহায়তাসহ ইউক্রেনের সামরিক চাহিদাগুলো কিছুটা বেশি সময় ধরে মিটিয়ে যাওয়া অব্যাহত রাখতে পারে। তবে দীর্ঘমেয়াদে সহায়তা বজায় রাখার জন্য কংগ্রেসের পদক্ষেপ প্রয়োজন।
খবর এএফপি

এফডিসি থেকে ফারিণের মোবাইল ফোন চুরি

রাজধানীর বিএফডিসিতে শুটিং চলাকালীন অভিনেত্রী তাসনিয়া ফারিণের ব্যবহৃত আইফোন ১৪ প্রো চুরি হয়েছে। আজ বুধবার (০৪ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় ফারিণ বিএফডিসিতে কাজল আরেফিন অমির ‘অসময়’ ওয়েব সিরিজের শুটিং করছিলেন।
সংশ্লিষ্টরা জানান, বিকাল আনুমানিক সাড়ে তিনটার দিকে শুটিং শেষ করে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন ফারিণ। এ সময় প্রোডাকশন বয় সেজে একজন ফারিণের মাথার ওপর ছাতা ধরেছিলেন। ফোনটি তার হাতেই ছিল বলে উপস্থিত সাংবাদিকদের জানান ফারিণ।
একটু পর সাংবাদিকদের সঙ্গে কথা বলা শেষে ফারিণ দেখতে পান ছেলেটি আর নেই, সেখান থেকে চলে গেছে। এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ফারিণ। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, ‘চুরি নয়, ফোনটি হারিয়ে গেছে। এ ঘটনায় একটি জিডি হয়েছে। আমরা একটি ভিডিও ফুটেজ পেয়েছি। সেটা নিয়ে কাজ চলছে।’

দেশে এলো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়ামের দ্বিতীয় চালান

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি ইউরেনিয়ামের দ্বিতীয় চালান দেশে এসে পৌঁছেছে। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে রাশিয়া থেকে দ্বিতীয় চালানের ইউরেনিয়াম বিশেষ বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বশীল একটি সূত্র।
এর আগে ইউরেনিয়ামের প্রথম চালান গত ২৯ সেপ্টেম্বর বিদ্যুৎকেন্দ্রে পৌঁছায়।

এই ইউরেনিয়াম আজ বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে রূপপুর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবেন প্রস্তুতকারক রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশনের (রোসাটম) মহাপরিচালক আলেক্সি লিখাচেভ। হস্তান্তর অনুষ্ঠানে ভাচুর্য়ালি যুক্ত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি ভার্চুয়ালি যুক্ত হবেন। এরই মধ্যে ইউরেনিয়াম হস্তান্তর প্রক্রিয়ার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ।
ইউরেনিয়াম প্রকল্প এলাকায় পৌঁছার মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক স্থাপনায় উন্নীত হয়েছে। আজ জ্বালানি সনদ হস্তান্তরের মধ্য দিয়ে সেটির আনুষ্ঠানিক স্বীকৃত মিলবে।
রূপপুর কেন্দ্রে ১২০০ মোগাওয়াটের দুটি ইউনিট রয়েছে। প্রথম ইউনিটের ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর।
দ্বিতীয় ইউনিটের অগ্রগতি হয়েছে ৭০ শতাংশ। তিনি জানান, আগামী এপ্রিলের মধ্যে প্রথম ইউনিট জ্বালানি স্থাপনের জন্য পুরোপুরি প্রস্তুত হবে। সঞ্চালন লাইন নির্মাণ শেষ হলে ইউরেনিয়াম ফুয়েল স্থাপন করা হবে।
প্রকল্প পরিচালক আরো জানান, সেপ্টেম্বর মাসে পরীক্ষামূলক উৎপাদন শুরু হবে। প্রথম ধাপে ২০-৩০ শতাংশ বিদ্যুৎ উৎপাদন হবে।
প্রথম ধাপের সফলতার পর ধাপে ধাপে ৫০ ও ৭০ শতাংশ এবং শেষ ধাপে পুরোপুরি উৎপাদনে যাবে। এই ধাপগুলো পার হতে সাধারণত ১০ মাস সময় লাগে। ২০২৫ সালের শুরুতে বাণিজ্যিক উৎপাদন শুরু হবে।