শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬

৫ আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ

সুপ্রিম কোর্টের পাঁচ আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়েছে। আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) আজ সোমবার (১৬ ডিসেম্বর) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানায়।

নতুন নিয়োগ পাওয়া পাঁচ ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন মো. আবদুস সামাদ, মলয় কুমার রায়, মো. শফিকুল ইসলাম, মো. ইছা ও মো. ওবায়দুর রহমান (তারেক)। এই পাঁচজনের মধ্যে মো. ইছা এবং মো. ওবায়দুর রহমান সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে সলিসিটর মো. মঞ্জুরুল হোসেনের আজ সোমবার সই করা প্রজ্ঞাপনের ভাষ্য, রাষ্ট্রপতি দ্য বাংলাদেশ ল অফিসার্স অর্ডার-১৯৭২-এর ৩(১) অনুচ্ছেদের ক্ষমতা বলে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের পাঁচজন আইনজীবীকে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করলেন। একই সঙ্গে এ বিভাগের ২০২৪ সালের ২৮ আগস্টের স্মারকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে মো. ইছা ও মো. ওবায়দুর রহমানের নিয়োগসংক্রান্ত আদেশ বাতিল করা হলো।

লেবানন-সিরিয়া সীমান্তে ইসরাইলি বিমান হামলায় নিহত ৪

লেবাননের পূর্বে সিরিয়ার সীমান্তের কাছে ইসরায়েলি হামলায় চারজন নিহত হয়েছে। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, তারা লেবাননে ফিলিস্তিনি ইসলামিক জিহাদ (পিআইজে)-এর সদস্যদের লক্ষ্য করে এ হামলা চালিয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) ভোরে এ হামলা চালানো হয় বলে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

২০২৪ সালের নভেম্বরে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে এক বছরেরও বেশি সময় ধরে চলা শত্রুতার অবসান ঘটাতে যুদ্ধবিরতি সত্ত্বেও, ইসরায়েল লেবাননে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে।
ইসরায়েলিদের দাবি, ইরান-সমর্থিত গোষ্ঠীকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে তারা। তবে মাঝে মাঝে তাদের ফিলিস্তিনি মিত্র হামাসকেও লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

যুদ্ধবিরতির পর থেকে এটিই লেবাননে ইসলামিক জিহাদ (পিআইজে)-এর বিরুদ্ধে ইসরায়েলের প্রথম হামলা বলে মনে হচ্ছে। রাষ্ট্র পরিচালিত জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ‘একটি ইসরায়েলি ড্রোন লেবানন-সিরিয়া সীমান্তে একটি গাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে।
গাড়ির ভেতরে চারটি মৃতদেহ পাওয়া গেছে।’ লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে নিহতের সংখ্যা নিশ্চিত করেছে।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘তারা মাজদাল আনজার এলাকায় ফিলিস্তিনি ইসলামিক জিহাদ সন্ত্রাসীদের উপর হামলা চালিয়েছে।’

২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে সংঘটিত সংঘর্ষে লেবাননে নিহতদের মধ্যে ইসলামিক জিহাদের যোদ্ধারাও ছিলেন।
ফিলিস্তিনি গোষ্ঠী এবং হামাস উভয়ই যুদ্ধের সময় লেবানন থেকে কিছু আক্রমণ এবং অনুপ্রবেশের প্রচেষ্টার দাবি করেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনের ভিত্তিতে এএফপির হিসাব অনুযায়ী, যুদ্ধবিরতির পর থেকে লেবাননে ইসরায়েলি গুলিতে ৩৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। ২০২৪ সালের যুদ্ধবিরতির সঙ্গে সামঞ্জস্য রেখে লেবাননের সেনাবাহিনী জানুয়ারিতে ঘোষণা করেছিল, তারা হিজবুল্লাহকে নিরস্ত্র করার সরকারি পরিকল্পনার প্রথম ধাপ সম্পন্ন করেছে, যা ইসরায়েলি সীমান্তের কাছাকাছি এলাকাকে অন্তর্ভুক্ত করবে।

সূত্র : আলঅ্যারাবিয়া।

এমবাপ্পের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন ভিনিসিয়ুস

গত দেড় বছর মাঠে সময়টা খুব একটা সুখকর ছিল না। ফর্মের ওঠানামা, সমালোচনা আর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা—সব মিলিয়ে কঠিন সময় পার করেছেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে সাম্প্রতিক পারফরম্যান্স বলছে, তিনি আবারও নিজের সেরা ছন্দে ফিরছেন।

ভিনিসিউসের বর্তমান চুক্তি রিয়াল মাদ্রিদের সঙ্গে ২০২৭ সালের জুন পর্যন্ত।
এখনো নতুন চুক্তি নিয়ে চূড়ান্ত অগ্রগতি না হলেও ব্রাজিলিয়ান তারকা জানিয়েছেন, মাদ্রিদেই তিনি সুখী।

স্প্যানিশ কনটেন্ট ক্রিয়েটর ইবাই ইয়ানোসকে দেওয়া সাক্ষাৎকারে ভিনিসিউস বলেন, ‘আমি খুবই খুশি। রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে পারা, আমার জীবন ও পরিবার, সবকিছু আমাকে আনন্দ দেয়। মাঠে ও মাঠের বাইরে সুখী থাকাই সবচেয়ে বড় বিষয়।

২০২৪ সালের গ্রীষ্মে কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর শুরুতে ভিনিসিউসের পারফরম্যান্সে কিছুটা প্রভাব পড়ে। তবে দুজনের সম্পর্ক যে দারুণ, তা স্পষ্ট করেছেন ভিনি নিজেই।

তিনি জানান, “প্রতি গ্রীষ্মেই তাকে লিখতাম—‘তুমি কবে আসছো?’ আমি যেন এজেন্টের মতো কাজ করতাম। বেলিংহামের ক্ষেত্রেও তাই করেছি।
আমি সেরাদের সঙ্গে খেলতে চাই, যাতে জয়ের সম্ভাবনা বাড়ে। আমরা পরিবারের চেয়েও একে অপরের সঙ্গে বেশি সময় কাটাই, তাই ভালো সম্পর্ক থাকা জরুরি।’

অল্প বয়সেই বিশ্ব ফুটবলে বড় তারকা হয়ে ওঠার চাপ নিয়েও খোলামেলা কথা বলেন ভিনিসিউস।

‘ছোট বয়সে আমরা খ্যাতি সামলাতে শিখি না। হঠাৎ করেই বিখ্যাত হয়ে যাই।
তখন রাস্তায় বের হওয়াও কঠিন হয়ে পড়ে। ভালো দিক হলো মানুষ ভালোবাসে, খারাপ দিক হলো সংবাদমাধ্যম ও প্রতিপক্ষ সমর্থকদের চাপ। তবে প্রতিপক্ষের শিস আমি উপভোগ করি। চাপের মুহূর্তেই সেরা খেলোয়াড়রা নিজেদের প্রমাণ করে,’ বলেন তিনি।

সম্প্রতি রোনাল্ড আরাউহোর সঙ্গে মানসিক বিষয় নিয়ে আলোচনা করেছেন বলেও জানান ভিনিসিউস। তার ভাষায়, ‘সবকিছু শুনতে হয়, শুধু ভালো কথাই নয়।’

পে স্কেল বাস্তবায়নে প্রথম সভা, আলোচনায় যেসব বিষয়

নবম পে স্কেল প্রণয়নে গঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রবিবার (১৫ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

বৈঠকে নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়েছে বলে জানা গেছে। এর আগে অন্তর্বর্তী সরকার— জাতীয় বেতন কমিশন ২০২৫, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন ২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি ২০২৫-এর দাখিল করা প্রতিবেদনের বেতন সম্পর্কিত বিষয় পরীক্ষা-নিরীক্ষা করে সুপারিশের জন্য এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি ২০২৫-এর প্রতিবেদনের জন্য সুপারিশ প্রণয়ন কমিটি গঠন করে।

তৎকালীন মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান করে গঠন করা এই কমিটির সদস্য হিসেবে রয়েছেন— জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, আইন ও বিচার বিভাগগের সচিব, হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ)।

এ কমিটি প্রতিবেদনের বেতন সম্পর্কিত বিষয়াদি পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী কার্যক্রম সংক্রান্ত সুপারিশ প্রণয়ন করে সরকারের কাছে প্রতিবেদন দাখিল করবে। সেই কাজের জন্যই প্রথম বৈঠকে বসেন কমিটির সদস্যরা।

গত বছরের ২৭ জুলাই নবম জাতীয় বেতন কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার।
সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন এই বেতন কমিশন চলতি বছরের ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয়।

এদিকে, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নতুন সরকার গঠনের প্রক্রিয়া চলমান অবস্থায় পে স্কেল বাস্তবায়নের জন্য সরকারি চাকরিজীবীরা নতুন পরিকল্পনা হাতে নিয়েছেন। নতুন সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করে তারা তাদের দাবি বাস্তবায়নের আবেদন করবেন।

গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) সরকারি দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক ওয়ারেছ আলী গণমাধ্যমকে এ তথ্য জানিয়ে বলেন, ‘নবম পে স্কেল বাস্তবায়নের জন্য আমরা সংগঠনের পক্ষ থেকে তারেক রহমানের সঙ্গে সাক্ষৎ করব। তিনি আমাদের দাবি বাস্তবায়নে ফলপ্রসূ সিদ্ধান্ত নেবেন বলে আশা করি।’ এর আগে তার নেতৃত্বে সংগঠনের পক্ষ থেকে তারেক রহমানের দপ্তরে আবেদন করা হয়।

চীনের নববর্ষ ঘিরে বিশ্বের সর্ববৃহৎ ‘অ্যানুয়াল মাইগ্রেশন’

প্রতিবছর চন্দ্র নববর্ষ বা ‘লুনার নিউইয়ার’-এর ছুটি ঘিরে কোটি কোটি মানুষ চীনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভ্রমণ করে। কেউ নিজ শহরে ফিরে পরিবার-পরিজনের সঙ্গে মিলিত হন, আবার কেউ দীর্ঘ উৎসবকালীন ছুটিতে বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন।

এই সময়টাতেই বিশ্বের সবচেয়ে বড় ‘অ্যানুয়াল মাইগ্রেশন বা মানব অভিবাসন’ হয়। অর্থাৎ এই উৎসব ঘিরে একটি বিশালসংখ্যক মানুষ এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করেন।

চন্দ্র নববর্ষকে কেন্দ্র করে এই বিশাল আকারের ভ্রমণের চাপকে চীনা ভাষায় বলা হয় ‘চুনুন’। এটি শুধু উৎসবের যাত্রা নয়, বরং দেশটির অর্থনীতির অবস্থা বোঝার একটি গুরুত্বপূর্ণ সূচক এবং চীনের বিশাল পরিবহন ব্যবস্থার সক্ষমতারও বড় পরীক্ষা হিসেবে দেখা হয়।

এই বছরের ‘লুনার নিউইয়ার’ বা চন্দ্র নববর্ষে ভ্রমণ শুরু হয়েছে ২ ফেব্রুয়ারি এবং ৪০ দিন ধরে চলবে। নতুন বছরের উদযাপনের সময় চীনে সরকারি ছুটি ১৫ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
কর্মকর্তারা আশা করছেন, ৪০ দিনের এই সময়ে দেশে রেকর্ড ৯.৫ বিলিয়ন অভ্যন্তরীণ ভ্রমণ হবে। গত বছর এ সংখ্যা ছিল প্রায় ৯.০২ বিলিয়ন।

২০২৩ সালে চন্দ্র নববর্ষের আগে পরিবহন মন্ত্রণালয় পুনর্গঠন করা হয়। তখন থেকে প্রধান জাতীয় এক্সপ্রেসওয়েতে সড়কপথে ভ্রমণও এই হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এর ফলে বার্ষিক সরকারি পরিসংখ্যানের সংখ্যা বেড়েছে।

উৎসব ঘিরে গত ২ ফেব্রুয়ারি থেকে ভ্রমণ শুরু হওয়ার পর ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চীনের রেলপথে মোট ১.০১ বিলিয়ন যাত্রী পরিবহন করা হয়েছে।

প্রথম সপ্তাহে, অর্থাৎ ৮ ফেব্রুয়ারি পর্যন্ত, ১৬.৩২ মিলিয়ন যাত্রী যাতায়াত করেছেন। ধারণা করা হচ্ছে, ৪০ দিনের পুরো সময়কালে রেলপথে মোট প্রায় ৯.৫ মিলিয়ন যাত্রী পরিবহন করা হতে পারে।

চীনের শীর্ষ ভ্রমণ সংস্থাগুলোর মতে, এ বছর আন্তর্জাতিক ভ্রমণ বেড়েছে।
কারণ ছুটি এক দিন বাড়িয়ে মোট ৯ দিন করা হয়েছে। দেশের ভেতরে ভ্রমণকারীদের চাহিদা দুই ধরনের গন্তব্যে বেশি দেখা যাচ্ছে—উষ্ণ আবহাওয়ার স্থান, যেমন দক্ষিণাঞ্চলের দ্বীপ প্রদেশ হাইনান এবং তুষারক্রীড়ার জন্য পরিচিত উত্তর-পূর্বাঞ্চলের চাংবাই পাহাড়।

আন্তর্জাতিকভাবে গ্রীষ্মমণ্ডলীয় বা উষ্ণ আবহাওয়ার দেশ (যেমন থাইল্যান্ড ও অস্ট্রেলিয়া) এ বছর বেশি জনপ্রিয় হয়ে উঠছে। এ ছাড়া ২০২৫ সালের ডিসেম্বর থেকে চীনা পর্যটকদের জন্য ভিসামুক্ত ভ্রমণের সুযোগ চালু করায় রাশিয়াও নতুনভাবে জনপ্রিয়তার তালিকায় যুক্ত হয়েছে। তবে দীর্ঘদিনের জনপ্রিয় গন্তব্য জাপানে এ বছর ভ্রমণ চাহিদা উল্লেখযোগ্যভাবে কমে গেছে, দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের কারণে।

সরকারিভাবে বসন্ত উৎসবের ছুটি এক দিন বাড়ানোয় ভ্রমণের চাপ আরো বেড়েছে। এ ছাড়া চীন তাদের ভিসামুক্ত প্রবেশ নীতি ৪৫টিরও বেশি দেশে সম্প্রসারিত করেছে। ফলে ইউরোপের বহু দেশের নাগরিক, পাশাপাশি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ আরো কয়েকটি দেশের ভ্রমণকারীরা এখন সর্বোচ্চ ৩০ দিন পর্যন্ত চীনে অবস্থান করতে পারছেন।

সূত্র : বিবিসি

মঙ্গলবার বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আগামীকাল মঙ্গলবার বিকেল ৪টায় নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘একই দিন সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই দিন পর শনিবার থেকেই মন্ত্রিপরিষদ বিভাগ ও সংসদ সচিবালয় শপথ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি শুরু করেছে।’

বঙ্গভবন সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের প্রচলিত রীতি ভেঙে এবার শপথ অনুষ্ঠান বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজন করা হচ্ছে। মন্ত্রিপরিষদ সচিব এম সিরাজ মিয়া পুরো অনুষ্ঠান পরিচালনা করবেন। অন্তর্বর্তীকালীন সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সার্বিক প্রস্তুতি সম্পন্ন করছে।

নিয়ম অনুযায়ী, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দল বিএনপি সংসদীয় বোর্ডের সভা করবে। সেখানে সংসদীয় নেতা নির্বাচন করা হবে। পরবর্তী সময়ে দলীয় নেতা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের আনুষ্ঠানিক দাবি জানাবেন এবং প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের আবেদন করবেন।

রাষ্ট্রপতি সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন, যিনি পরবর্তী সময়ে মন্ত্রিসভার সদস্যদের নির্বাচন করবেন।
রাষ্ট্রপ্রধান হিসেবে মো. সাহাবুদ্দিন প্রথমে প্রধানমন্ত্রীকে এবং পরে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ পাঠ করাবেন।

সংবিধান অনুসারে, গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ করতে হয়।

উল্লেখ্য, শুক্রবার রাতে নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টির গেজেট প্রকাশ করেছে। এ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ২০৯টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

নির্বাচনে শূন্য শতাংশ ভোট পেয়েছে যে ১০ দল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের হার দাঁড়িয়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ। নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), দলটি পেয়েছে ৪৯ দশমিক ৯৭ শতাংশ ভোট। দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট। তৃতীয় অবস্থানে রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), যারা পেয়েছে ৩ দশমিক ০৫ শতাংশ ভোট।

রোববার (১৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো ভোটের শতাংশের হিসাব থেকে এ তথ্য জানা গেছে।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, নিবন্ধিত ৫০টি রাজনৈতিক দলের মধ্যে ১০টি দল শূন্য দশমিক শূন্য শতাংশ ভোট পেয়েছে।

এই দলগুলো হলো— বাংলাদেশ সমঅধিকার পার্টি (বিইপি), ইসলামী ঐক্য জোট, গণতন্ত্রী পার্টি, গণফ্রন্ট, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), জাতীয় গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) এবং বাংলাদেশ মুসলিম লীগ-বিএনএল।

অন্যদিকে, শূন্য দশমিক ০১ শতাংশ ভোট পাওয়া দলগুলো হলো— আমজনতার দল, গণফোরাম, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), নাগরিক ঐক্য, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ লেবার পার্টি এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট)।

উল্লেখ্য, এবারের নির্বাচনে ৫০টি রাজনৈতিক দল অংশ নেয়। এছাড়া স্বতন্ত্র হিসেবে ২৭৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

বাবর-শাহীন-শাদাবকে ছেঁটে ফেলতে বললেন আফ্রিদি

কলম্বোতে ভারতের বিপক্ষে ভরাডুবির পর পাকিস্তান দলে বড় ধরনের পরিবর্তনের দাবি তুললেন সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। তিনি সরাসরি বলেন, সিনিয়র ত্রয়ী বাবর আজম, শাহীন আফ্রিদি ও শাদাব খানকে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে একাদশ থেকে বাদ দিয়ে তরুণদের সুযোগ দেওয়া উচিত।

একটি টিভি আলোচনায় আফ্রিদি বলেন, ‘আমার যদি সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকলে শাহীন, বাবর ও শাদাব—তিনজনকেই বসিয়ে দিতাম। নতুন ছেলেদের খেলাতাম, তাদের আত্মবিশ্বাস দিতাম।
একই খেলোয়াড়দের বারবার সুযোগ দিয়ে লাভ কী, যদি তারা বড় ম্যাচে পারফর্মই না করে?’

তিনি আরো বলেন, ‘আমরা অনেক দিন ধরে এই খেলোয়াড়দের দেখছি। প্রত্যেকবার আশা করি বড় ম্যাচে তারা পারফর্ম করবে। তারা সিনিয়র খেলোয়াড়। যদি পারফর্মই না করে, তাহলে বেঞ্চে বসে থাকা জুনিয়রদের সুযোগ না দেওয়ার কারণ কী?’

ভারতের বিপক্ষে ১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাবর আজম মাত্র ৭ বলে ৫ রান করেন।
বড় ম্যাচে তার ধারাবাহিক ব্যর্থতা নিয়ে ইতোমধ্যেই প্রশ্ন উঠেছে।

শাহীন আফ্রিদি বল হাতে ছিলেন সবচেয়ে ব্যয়বহুল। মাত্র ২ ওভারে ৩১ রান দেন তিনি, যার দুটি ওভারেই ১৬ করে রান খরচ হয়। এতে ভারতের ইনিংস শেষ দিকে গতি পায়।

শাদাব খানও অলরাউন্ড পারফরম্যান্সে ব্যর্থ হন। এক ওভারে ১৭ রান দেওয়ার পাশাপাশি ব্যাট হাতে করেন ধীরগতির ১৪ রান।

দিল্লির প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদের নিয়োগ বাতিল

ভারতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন, দিল্লির মিনিস্টার (প্রেস) ফয়সাল মাহমুদের চুক্তি গতকাল রবিবার বাতিল করেছে।

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জ্যেষ্ঠ সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভারতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন, দিল্লির মিনিস্টার (প্রেস) ফয়সাল মাহমুদের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তির ৮ নম্বর ধারা অনুযায়ী তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।

এতে আরো বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

নতুন সরকারের শপথের পর ব্যারাকে ফিরবে সেনাবাহিনী

নবনির্বাচিত সরকার শপথ নেওয়ার পরই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে বলে জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। তবে তিনি স্পষ্ট করেন, পুলিশ পুরোপুরি আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ না নেওয়া পর্যন্ত সহায়তামূলক ভূমিকায় সেনাবাহিনীর একটি অংশ মাঠে মোতায়েন থাকবে।

গতকাল বেলা ১১টায় আয়োজিত ‘সিএএস দরবার’-এ সেনাবাহিনীর সব পদমর্যাদার সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১৫ মিনিটের ও অনুষ্ঠানে দেশে কর্মরত সদস্যদের পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সদস্যরাও ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
নির্বাচনি দায়িত্ব পালনের সময় সেনাসদস্যদের পেশাদারত্ব, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন সেনাপ্রধান। তিনি বলেন, কঠিন ও সংবেদনশীল সময়ে সেনাবাহিনী যে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছে, তা দেশের মানুষের আস্থা আরও দৃঢ় করেছে। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, দেশের অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশকে স্থিতিশীল রাখতে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দেশ ও জনগণ সেনাবাহিনীর এ সেবাকে স্মরণ রাখবে।
সেনাপ্রধান জানান, সংবিধান ও বেসামরিক প্রশাসনের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে সেনাবাহিনী দায়িত্ব পালন করে আসছে। বক্তব্যের একপর্যায়ে তিনি পবিত্র কোরআনের একটি আয়াত উদ্ধৃত করে বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের পুরস্কৃত করেন। তিনি সেনাসদস্যদের ধৈর্য, সংযম ও পেশাদারত্ব বজায় রাখার আহ্বান জানান।