শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬

যাদের গ্রহণযোগ্যতা আছে তাদের বিবেচনা করব : শেখ হাসিনা

আগামী নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মনোনয়ন কোন বিবেচনায় দেওয়া হবে তা জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মানুষের কাছে যাদের গ্রহণযোগ্যতা আছে, সেটাই আমরা বিবেচনায় দেখব, বিবেচনা করব। প্রতি ছয় মাস পর পর আমি কিন্তু সার্ভে করি। কারো পজিশন খারাপ হলে সরাসরি মুখের ওপর বলে দিই। আমরা প্রপার সচেতন বলে নির্বাচনে জনগণের আস্থা পাই, ভোট পাই এবং নির্বাচনে জয়ী হই।
শুক্রবার (৬ অক্টোবর) বিকেল ৪টায় গণভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জাতিসংঘের ৭৮তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান ও যুক্তরাজ্য সফরের নানা দিক তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

শেখ হাসিনা বলেন, জনগণের কাছে কার গ্রহণযোগ্যতা বেশি, যারা সংসদ সদস্য আছেন তারা কতটুকু জনগণের জন্য কাজ করেছেন, জনগণের আস্থা, বিশ্বাস কতটুকু অর্জন করেছেন, আমরা সেটাকেই বিবেচনা নিই। সেটা বিবেচনায় নিই বলে আমরা নির্বাচনে জয়ী হয়ে মানুষের জন্য কাজ করতে পারি। আমাদের সংসদ সদস্য, মন্ত্রীরা যদি আন্তরিকতার সঙ্গে কাজ না করত, তাহলে বাংলাদেশের এত পরিবর্তন হতো না।
তিনি বলেন, কতগুলো দুর্যোগ এসেছে, দুর্যোগ মোকাবিলায় আমাদের কত নেতাকর্মী জীবন দিয়েছে। এই করোনার সময় আমাদের অনেক নেতাকর্মী, অনেক সংসদ সদস্য মানুষের সেবা করতে গিয়ে জীবন দিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, জনগণ সম্পৃক্ত ও দল সুসংগঠিত না হলে কোনো সমস্যা মোকাবিলা কঠিন হয়ে যায়। আমরা পারি শুধু একটাই কারণে– আমাদের সুসংগঠিত রাজনৈতিক দল আছে, আমাদের কর্মীরা নিবেদিত প্রাণ। যখনই মানুষের জন্য ডাক দিয়েছি তারা ছুটে গেছে মানুষের কাছে।
গত ১৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে অধিবেশন শেষে ৩০ সেপ্টেম্বর যুক্তরাজ্যে পৌঁছান তিনি।

দুই দেশে মোট ১৬ দিনের সফর শেষে বুধবার (৪ অক্টোবর) দেশে ফেরেন প্রধানমন্ত্রী।

পরমাণুশক্তির ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া

রাশিয়া পরমাণুশক্তিসম্পন্ন বুরেভেস্টনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিন।
বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে এ তথ্য জানান তিনি।

পুতিন বলেন, রাশিয়া এখন কার্যত আধুনিক কৌশলগত অস্ত্রের কাজ শেষ করছে। রাশিয়া পারমাণবিক অস্ত্র পরীক্ষায় ফিরে আসার পাশাপাশি পারমাণবিক পরীক্ষা নিষেধাজ্ঞা চুক্তির অনুমোদন প্রত্যাহার করতে পারে বলেও জানান রুশ প্রেসিডেন্ট।
এদিকে, ইউক্রেনের খারকিভ অঞ্চলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় হরোজা গ্রামে রুশ বিমান হামলায় কমপক্ষে ৫১ জন নিহত হয়েছে। সে সময় স্থানীয়রা একটি অন্তেষ্টিক্রিয়ায় অংশ নিচ্ছিলেন।

অবাধ-নিরপেক্ষ নির্বাচন আমাকে শেখাতে হবে না : প্রধানমন্ত্রী

এদেশে ভোট ও ভাতের অধিকার আদায়ের জন্য আওয়ামী লীগ সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আমকে শেখাতে হবে না। আইয়ুব খানের আমল থেকে আন্দোলন করে আসছি।
শুক্রবার (৬ অক্টোবর) বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনে যোগদান ও যুক্তরাজ্য সফর সম্পর্কে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সিনিয়র সাংবাদিক শ্যামল দত্ত জানতে চান, মার্কিন যুক্তরাষ্ট্র বলছে অবাধ নিরপেক্ষ নির্বাচনের কথা। সরকারও একই কথা বলছে। তাহলে আমেরিকা আর সরকারের আকাঙ্ক্ষার মধ্যে পার্থক্যটা কোথায়।
জবাবে শেখ হাসিনা বলেন, আমার প্রশ্নটা হচ্ছে, যখন আমরা সংগ্রাম করেছি, ভোট ও ভাতের অধিকার আদায়ের জন্য, নির্বাচনের যে সংস্কার ছবিসহ ভোটার তালিকা, স্বচ্ছ ভোটার বাক্স, আইন পাস, ভোটের অধিকার সম্পর্কে জনগণকে সচেতন করা, এগুলো তো আওয়ামী লীগই করেছে। তার জন্য আমাদের অনেক মানুষকে রক্ত দিতে হয়েছে। আমাকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন শেখাতে হবে না। এখন এত প্রশ্ন আসে কেন?
প্রধানমন্ত্রী বলেন, যারা জানে নির্বাচনে ভোট পাবে না, তারা বিভিন্ন জায়গায় গিয়ে ধর্না দিচ্ছে। আন্তর্জাতিক পর্যায়েও তারা বাস্তব অবস্থাটা বুঝেছে কি না জানি না। একই রেকর্ড তারা বাজিয়ে যাচ্ছে। একটা দেশ এগিয়ে যাচ্ছে, সেটাকে থামিয়ে দেওয়ার প্রচেষ্টা কি না সেটা প্রশ্ন আমারও।
আওয়ামী লীগ সভাপতি বলেন, যারা নির্বাচন বয়কট করেছে, যারা কলুষিত করেছে, ভোট ডাকাতি করেছে, তাদের কাছ থেকে অবাধ নির্বাচনের কথা শুনতে হয়। যারা অবৈধভাবে ক্ষমতায় এসে দেশ পরিচালনা করেছে, সেই সময় তো সুষ্ঠু নির্বাচন নিয়ে এত মাথাব্যথা কারও দেখিনি।

‘বিএনপি যা বলে তার সবই মিথ্যা’ অভিযোগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘তারা যা বলে তার সবই মিথ্যা। মিথ্যা কথায় কেউ কান দেবেন না। মিথ্যা কথায় কেউ বিশ্বাস করবেন না।’
হঠাৎ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে ‘মাতামাতি’ সন্দেহজনক বলে মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আসল কথা নির্বাচন বানচাল করা।

আওয়ামী লীগ ছাড়া অন্য শাসকদের ২৯ বছরের শাসনামলে দেশে কী উন্নয়ন হয়েছে এমন প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশ যখন অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে তখন কেন হঠাৎ করে সুষ্ঠু নির্বাচনের কথা বলা হচ্ছে। নিয়মতান্ত্রিকতার মধ্যে দেশকে এনে দেশটা যখন অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে, তখন হঠাৎ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিয়ে সবাই এত মাতামাতি কেন? সন্দেহ হয় রে! এটাই বলতে হয়— সন্দেহ হয় রে! আসল কথা নির্বাচনটাকে বানচাল করে দেওয়া। ’
তিনি বলেছেন, ভোট ডাকাতের মুখে সুষ্ঠু নির্বাচনের কথা শুনে সন্দেহ হয়। আওয়ামী লীগের আন্দোলন সংগ্রামে মানুষ ভোট ও ভাতের অধিকার পেয়েছে। এখন নির্বাচন নিয়ে এত কথা কেন?
জি-২০ সম্মেলন থেকে ‘প্রধানমন্ত্রী খালি হাতে ফিরেছেন’, বিএনপির এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে সরকার প্রধান বলেন, ‘বিএনপির এই অভিযোগের কোনও উত্তর দিতে চাই না। আমি শুধু দেশবাসীকে বলতে চাই— বিএনপির নেতারা একটি মাইক হাতে কীভাবে মিথ্যা কথা বলে সেটা সবাই জেনে নেন। মিথ্যা বলাটা তাদের অভ্যাস আর সব কিছুকে খাটো করে দেখার চেষ্টা, এই বিষয়ে যেন দেশবাসী সচেতন থাকে। তারা যা বলে তার সবই মিথ্যা। মিথ্যা কথায় কেউ কান দেবেন না। মিথ্যা কথায় কেউ বিশ্বাস করবেন না— দেশবাসীর কাছে এটা আমাদের আহ্বান।’

বিএনপি সম্পর্কে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘তাদের জন্মই হয়েছে অবৈধভাবে। আর টিকে আছে মিথ্যার ওপরে। তাদের শেকড় তো নেই। তারা মিথ্যার ওপর নির্ভর করে। এটাই করবে। এটা তাদের অভ্যাস।’
এসময় প্রধানমন্ত্রী সুশীল সমাজের সমালোচনা করে বলেন, ‘কিছু স্বনামধন্য অর্থনীতিবিদ থেকে শুরু করে অনেকে বললেন, মেগা প্রজেক্ট আমরা করেছি। কিন্তু দরিদ্রদের জন্য আমরা নাকি কিছু করিনি। এরকম বক্তব্য শুনলে মনে হয়, তারা বাংলাদেশটাকে দেখেনি। তারা ঘরের ভেতরেই আছেন। আর শুধু টেলিভিশনটাই দেখেন। দিন দুনিয়া তাকিয়ে দেখে না। প্রধানমন্ত্রী এ সময় দরিদ্র বিমোচনসহ দেশের সার্বিক উন্নয়নে যেসব পদক্ষেপ নিয়েছেন তার ফিরিস্তি তুলে ধরেন।’

প্রধানমন্ত্রী বলেন, আমি জাতিসংঘে ২২ সেপ্টেম্বর আমার বক্তব্য দিয়েছি। সেখানে বলেছি, মানবাধিকার রক্ষার বিষয়টি যাতে উন্নয়নশীল দেশের উপর চাপ সৃষ্টির রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা না হয়, আমি সে দাবি জানিয়েছি। আমি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করেছি যে, আমার সরকার সংবিধানের আলোকে গণতন্ত্র, আইনের শাসন ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করে যাচ্ছে ও করে যাবে।
তিনি বলেন, বৈশ্বিক সন্ত্রাসবাদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অপব্যবহার, বিদ্বেষ সৃষ্টি এবং উগ্রপন্থা বৃদ্ধি পাওয়ায় আমাদের উদ্বেগের কথা তুলে ধরি। চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমার সরকারের ‘শূন্য সহনশীলতা’ নীতির কথা পুনর্ব্যক্ত করেছি।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশে আশ্রিত বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে মিয়ানমারে প্রত্যাবাসনে মাধ্যমে এ অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছি।
সংবাদ সম্মেলনে মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সংসদ সদস্য ও সরকারের পদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে অধিবেশন শেষে ৩০ সেপ্টেম্বর যুক্তরাজ্যে পৌঁছান তিনি।
দুই দেশে মোট ১৬ দিনের সফর শেষে বুধবার (৪ অক্টোবর) দেশে ফেরেন প্রধানমন্ত্রী।

প্রিগোজিনের মৃত্যু নিয়ে নতুন করে যা বললেন পুতিন

প্লেন বিধ্বস্ত হয়ে নিহত হয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একসময়কার পাচক এবং দেশটির ভাড়াটে ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। মার্কিন কর্মকর্তাদের বিশ্বাস, প্রিগোজিনের বহনকারী বিমানটিকে গুলি করা হয়েছিল। অনেকে আবার দাবি করেন, ক্ষেপণাস্ত্র ছুঁড়ে প্রিগোজিনের বিমানকে আক্রমণ করায় এই দুর্ঘটনা।
তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইঙ্গিত দিয়েছেন, প্লেনের ভেতরে গ্রেনেড বিস্ফোরণে প্রিগোজিনের মৃত্যু হয়ে থাকতে পারে।

শুক্রবার (৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, গত আগস্টে যে বিমান দুর্ঘটনায় ওয়াগনার ভাড়াটে বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোজিন নিহত হয়েছিলেন, সেটি বিমানের ভেতরে হ্যান্ড গ্রেনেডের বিস্ফোরণের কারণে হয়েছিল বলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইঙ্গিত দিয়েছেন।

বৃহস্পতিবার পুতিন ইঙ্গিত দেন, প্রিগোজিনের বিমানটি ভেতর থেকে উড়িয়ে দেওয়া হয়েছিল। গুজবের কাহিনীর মতো কোনও ক্ষেপণাস্ত্র দিয়ে সেটিকে আঘাত করা হয়নি। তিনি বলেছেন, গত আগস্টে দুর্ঘটনায় নিহতদের দেহে বিস্ফোরকের চিহ্ন পাওয়া গেছে বলে রাশিয়ার তদন্ত কমিটির প্রধান জানিয়েছেন।
রাশিয়ার সোচি শহরে ভালদাই ডিসকাশন ক্লাবের এক সভায় পুতিন বলেন, ‘দুর্ঘটনায় নিহতদের দেহে হাতবোমার টুকরো পাওয়া গেছে। বিমানে কোনো বাহ্যিক ক্ষতির চিহ্ন ছিল না। এটি ইতোমধ্যেই প্রতিষ্ঠিত সত্য। ’

প্রিগোজিন এক সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বেশ ঘনিষ্ঠ মিত্র ছিলেন। কিন্তু গত ২৩ জুন তিনি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। এমনকি নিজের যোদ্ধাদের নিয়ে মস্কোর দিকে যাত্রাও শুরু করেন তিনি।

ওই ঘটনায় একদিনের ব্যবধানে প্রিগোজিন পুতিনের ‘বন্ধু থেকে শত্রুতে’ পরিণত হন। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর দাবি, পুতিনের নির্দেশেই প্রিগোজিনকে হত্যা করা হয়েছে। যদিও এসব দাবিকে ‘মিথ্যা’ হিসেবে অভিহিত করেছে মস্কো।
গত আগস্টে ‘এমব্রেয়ার লিগ্যাসি’ নামের ব্যক্তিগত উড়োজাহাজে করে রাশিয়ার মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গ শহরে যাচ্ছিলেন প্রিগোজিন। পথে কুঝেনকিনো এলাকায় বিধ্বস্ত হয় বিমানটি।
উড়োজাহাজে থাকা সাত যাত্রীর মধ্যে ছিল প্রিগোজিন ও ওয়াগনারের আরেক শীর্ষ নেতা দিমিত্রি উতকিন। এছাড়া প্রিগোজিনের চার দেহরক্ষীও সেখানে ছিলেন। বিমান বিধ্বস্ত হওয়ার পর ১০ আরোহীর সকলেই নিহত হন।

রিজার্ভ কমলেও আতঙ্কের কিছু নেই

রিজার্ভ কমলেও এ নিয়ে আতঙ্কের কিছু নেই বলে জানালেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর অর্থনীতিবিদ ড.আতিউর রহমান। তিনি বলছেন, আমদানি বৃদ্ধি ও রেমিট্যান্স প্রবাহ কমে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। মেগা প্রকল্পগুলো চালুর পাশাপাশি রেমিট্যান্স প্রবাহ স্বাভাবিক হলে দ্রুতই সংকট কেটে যাবে বলে আশাবাদী তিনি।
করোনা মহামারীর মধ্যেও ২০২১ সালের আগস্টে রির্জাভ ছড়িয়েছিল ৪৮ বিলিয়ন ডলারেরও বেশি। এরপর রিজার্ভ কমলেও ২০২২ এর এপ্রিলে রির্জাভ ছিল ৪৪.৩৯ বিলিয়ন ডলার।

করোনা মহামারির দীর্ঘমেয়াদী প্রভাব, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এবং ডলারের বিনিময় হার বেড়ে যাওয়াসহ নানা সংকটে কেন্দ্রীয় ব্যাংকের রির্জাভ কমতে থাকে।
রির্জাভের নিম্নমুখী প্রবণতা অর্থনীতিতে কিছুটা নেতিবাচক প্রভাব থাকলেও এ নিয়ে আতঙ্কের কিছু দেখছেন না বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর অর্থনীতিবিদ ড. আতিউর রহমান।
চলমান মেগা প্রকল্পগুলো চালু হলো গতি পাবে অর্থনীতি। সেই সাথে আমদানী রপ্তানীতে ভারসাম্য ও রেমিট্যান্স বৃদ্ধির প্রতি দৃষ্টি দেওয়ারও আহবান জানান তিনি।
তবে বৈশ্বিক অর্থনীতির মন্দাভাব না কাটা পর্যন্ত নতুন মেগা প্রকল্পে বিনিয়োগ করার ক্ষেত্রে সাবধানতার পরামর্শ দেন এই বিশেষজ্ঞ।

পাকিস্তানের বিপক্ষে চমক দেখাতে চায় নেদারল্যান্ডস

নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করছে এশিয়ার ক্রিকেট পরাশক্তি পাকিস্তান। ডাচদের থেকে সব দিক থেকে এগিয়ে থাকলেও মাঠে নামার আগে সতর্ক বাবর আজমরা। তবে দুর্দান্ত নৈপূণ্যে বাছাই পর্ব পেরিয়ে আসা নেদারল্যান্ডস মূল পর্বেও চমক দেখাতে চায়।
হায়দ্রাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে শুক্রবার দুপুর ২টায়।

বিরানব্বইয়ে ইমরান খানের হাত ধরে বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। এরপর কেটে গেছে ৩১ বছর। খুব কাছে গেলেও দ্বিতীয়বার ট্রফি ছুয়ে দেখতে পারেননি ওয়াসিম আকরাম-মঈন খান-শোয়েব আখতারদের কেউই।

স্বর্ণের দাম আরও কমতে পারে

গত কয়েকমাস ধরে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেই চলেছে। পাশাপাশি দেশের বাজারেও কমছে স্বর্ণের দাম। আগামী দিনে মূল্যবান এই ধাতুটির আরও দাম কমতে পারে।
মার্কিন বিজনেস ম্যাগাজিন ফোর্বসের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ হাজার ৮২৫ ডলার। যা গত মে মাসের ৩ তারিখে ছিল ২ হাজার ৫৩ ডলার। সেই হিসেবে গত পাঁচ মাসে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ২২৮ ডলার কমেছে।

সংশ্লিষ্টরা বলছেন, ডলারের মূল্যবৃদ্ধি, বন্ডের দর আর যুক্তরাষ্ট্রে উচ্চ সুদের হারের জেরে গত কয়েকমাস ধরে বিশ্ববাজারে স্বর্ণের দাম নিম্নমুখী। যা আরও বেশ কিছুদিন অব্যাহত থাকতে পারে।

ইউরোনিয়ামের দ্বিতীয় চালান পৌঁছাল রূপপুরে

ইউরোনিয়ামের দ্বিতীয় চালান রুপপুর বিদ্যুৎকেন্দ্রে পৌঁছিয়েছে। রাজধানী ঢাকা থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় ফ্রেশ নিউকিয়ার ফুয়েল নিয়ে ৪টি কাভার্ড ভ্যান দেশের ইতিহাসে সর্ববৃহৎ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পৌঁছায়।
শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে প্রকল্প এলাকায় গাড়ি বহর প্রবেশ করলে প্রকল্পে কর্মরত বাংলাদেশি ও রাশিয়ানরা বহনকারী গাড়ি বহরকে স্বাগত জানায়।
এর আগে সকাল ৭টা ১০ মিনিটে বঙ্গবন্ধু সেতু পাড় হয়ে যায় গাড়িগুলো। তখন ৩ স্তরের কড়া পাহাড়া বেষ্টিত বহরটি ৭টা ৫০ মিনিটে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের পাচঁলিয়ায় যাত্রা বিরতি করে। পাঁচলিয়ায় ট্রাক টার্মিনাল ও বিশ্রামাগারে ৪০ মিনিট অবস্থান শেষে আবার রূপপুরের দিকে রওনা দেয় বলে সিরাজগঞ্জ ট্রাফিক ইন্সপেক্টর সালেহ আহমেদ জানান।

সিরিয়ায় ড্রোন হামলা, নিহত বেড়ে শতাধিক

সিরিয়ার হোমস প্রদেশের একটি সামরিক কলেজে গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে ড্রোন হামলার ঘটনায় নিহত বেড়ে ১০০ জনে দাঁড়িয়েছে। হামলায় আহত হয়েছেন আরও ২৪০ জন।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) স্থানীয় সময় বিকেলের দিকে এই হামলার ঘটনা ঘটে।

শুক্রবার (৬ অক্টোবর) এক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, সিরিয়ার হোমস প্রদেশের একটি সামরিক কলেজে গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে ড্রোন হামলায় কমপক্ষে ১০০ জন নিহত এবং ২৪০ জন আহত হয়েছেন বলে একজন যুদ্ধ পর্যবেক্ষক এবং সিরিয়ার স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন।
তবে সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বৃহস্পতিবারের এই হামলায় ১০০ জনের বেশি মানুষ নিহত ও ১২৫ জন আহত হয়েছেন। সিরিয়ার সরকারকে সমর্থনকারী জোটের একজন কর্মকর্তা বলেছেন, নিহতের সংখ্যা প্রায় ১০০।
সিরিয়ার স্বাস্থ্যমন্ত্রী হাসান আল-গাবাশ অবশ্য হামলায় নিহতের সংখ্যা আরও কম বলেছেন। মধ্যপ্রাচ্যের এই দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে তিনি বলেছেন, হামলায় ছয় শিশুসহ ৮০ জন নিহত হয়েছেন। তবে আহত হয়েছেন প্রায় ২৪০ জন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
হামলার জন্য তাৎক্ষণিকভাবে কোনও গোষ্ঠী দায় স্বীকার করা হয়নি।
সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বৃহস্পতিবার ওই একাডেমির মিলনায়তনে সেনাসদস্যদের সনদ প্রদান অনুষ্ঠান ছিল। দেশটির সেনাবাহিনী ও কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কয়েকজন নেতৃস্থানীয় কর্মকর্তা সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। অনুষ্ঠানটি শেষ হওয়ার আনুমানিক ২০ মিনিটের মধ্যে ড্রোন হামলা হয় সেই একাডেমিতে।
সিরিয়ার সেনাবাহিনী এর আগে বলেছিল, বৃহস্পতিবার অনুষ্ঠানটি শেষ হওয়ার পরপরই বিস্ফোরক বোঝাই ড্রোনটি সেখানে হামলা চালায়। এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনী এই হামলার জন্য ‘পরিচিত আন্তর্জাতিক বাহিনীর সমর্থনপুষ্ট’ যোদ্ধাদের অভিযুক্ত করেছে।

বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে জাতিসংঘের ৭৮তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান ও যুক্তরাজ্য সফরের নানা দিক তুলে ধরতে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, শুক্রবার (৬ অক্টোবর) বিকেল ৪টায় গণভবনে এ সংবাদ সম্মেলন শুরু হবে।
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৬ দিনের সফর শেষে গত বুধবার (৪ অক্টোবর) দেশে ফেরেন প্রধানমন্ত্রী। ওইদিন দুপুর সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে ওয়াশিংটন ডিসি থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পৌঁছান।
লন্ডনে ৩০ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত তিনি বাংলাদেশিদের পক্ষ থেকে দেওয়া এক সংবর্ধনায় যোগ দেন। এসময় বাংলাদেশ ও রোহিঙ্গা বিষয়ে গঠিত অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) সভাপতি এবং যুক্তরাজ্যের বিনিয়োগ ও ক্ষুদ্র ব্যবসাবিষয়ক ছায়ামন্ত্রী রুশনারা আলীর নেতৃত্বে এক প্রতিনিধিদলসহ বেশ কয়েকজন বিশিষ্টজন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
নিউইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী ১৭-২২ সেপ্টেম্বর পর্যন্ত জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৮তম অধিবেশন এবং এর ফাঁকে অন্যান্য উচ্চ পর্যায়ের ও দ্বিপাক্ষিক বৈঠকসহ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন।
প্রধানমন্ত্রী ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশি নাগরিকদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন এবং ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনে যোগ দিতে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন।