শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬

হামাস-ইসরায়েল পাল্টাপাল্টি হামলা ৪০০ ছাড়িয়েছে মৃত্যু

ফিলিস্তিন ও ইসরায়েল সীমান্তবর্তী গাজা উপত্যকা আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। গাজা উপত্যকাভিত্তিক কট্টরপন্থী সংগঠন হামাস গতকাল শনিবার ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়েছে। হামাসের হামলায় বাংলাদেশ সময় শনিবার মধ্যরাত পর্যন্ত ইসরায়েলের ভেতরে ২০০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। জবাবে ইসরায়েলি হামলায় অন্তত ২৩২ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।
বিসিসি, এএফপি, আলজাজিরাসহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এসব খবর দিয়েছে।
এই হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন। তিনি ফিলিস্তিনির বিপক্ষে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছন।

রকেট হামলার পাশাপাশি হামাসের বেশ কিছু সশস্ত্র সদস্য তাদের নিয়ন্ত্রিত গাজা উপত্যকার পাশের ইসরায়েলি জনপদে ঢুকে পড়ে হামলা চালা। তারা সেনাসহ বেশ কয়েকজন ইসরায়েলিকে জিম্মি করারও দাবি করেছে।
ইসরায়েলি বাহিনী নাগরিক জিম্মি হওয়ার কথা স্বীকার করলেও মেজর জেনারেল পদের সেনা কর্মকর্তাকে আটকের কথা সত্য নয় বলে দাবি করেছে। হামাস বলেছে, তারা ইসরায়েলে পাঁচ হাজার রকেট নিক্ষেপ করেছে।
এদিকে গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২৩২ জন ফিলিস্তিনি নিহত এবং এক হাজার ৭৯০ জন আহত হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
বিমান হামলায় গাজার ‘প্যালেস্টাইন টাওয়ার’ নামের ১১ তলা ভবনসহ বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনটির ছাদে হামাসের বেতারকেন্দ্র ও একটি সিনেমা হল ছিল। বিমান হামলার কিছু পরই এটি ধসে পড়ে।
ইসরায়েলি পক্ষে প্রায় এক হাজার লোক আহত হয়ে হাসপাতালে আছে বলে গতকাল রাতে জানানো হয়। হামাস বলেছে, ‘যথেষ্ট হয়েছে। আর না’—এই নীতিতে তারা ইসরায়েলি দখলদারদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে।

স্থানীয় সময় শনিবার সকাল সাড়ে ৬টার দিকে অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে একের পর এক রকেট ছুড়তে থাকে হামাস। তেল আবিব, জেরুজালেমসহ বেশ কয়েকটি ইসরায়েলি শহরকে লক্ষ্য করে কয়েক হাজার রকেট ছোড়া হয়। এর মধ্যে বেশ কিছু রকেট আয়রন ডোম প্রতিরক্ষাব্যবস্থা ভেদ করে বেশ কয়েকটি ভবনে আঘাত হানে।
হামাসের যোদ্ধারা গাড়ি, নৌযান ও মোটরচালিত প্যারাগ্লাইডার ব্যবহার করে স্থল, জল ও আকাশপথে গাজার পাশের ইসরায়েলি শহর ও সামরিক স্থাপনায় হামলা চালায়। এ সময় ইসরায়েলি সেনাদের সঙ্গে তাদের বেশ কিছু জায়গায় বন্দুকযুদ্ধ হয়। আতঙ্কিত ইসরায়েলিরা এ সময় বাংকারে আশ্রয় নেয়।
বেশ কয়েকজন ইসরায়েলিকে বন্দি করার দাবি করেছে হামাস। এসংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছে গোষ্ঠীটি। এতে তিনজন বেসামরিক লোককে দেখা গেছে।
একটি ভিডিওতে দেখা যায়, হামাসের কয়েকজন সশস্ত্র যোদ্ধা ইসরায়েলি শহরের রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে পশ্চিম তীরের প্রতিরোধযোদ্ধাদের পাশাপাশি আরব ও ইসলামী রাষ্ট্রগুলোকে এই যুদ্ধে শরিক হওয়ার আহবান জানিয়েছে হামাস।

হামাসের হামলার নিন্দা জানিয়েছে ইসরায়েলের অন্যতম প্রধান মিত্র যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে হোয়াইট হাউস বলেছে—আমরা ইসরায়েল সরকার ও জনগণের সঙ্গে আছি।
মার্কিন সামরিক প্রধান লয়েড অস্টিন বলেছেন, সহিংসতা ও সন্ত্রাসবাদ থেকে নাগরিকদের রক্ষার জন্য ইসরায়েলকে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে কাজ করবে প্রতিরক্ষা বিভাগ।
ইসরায়েলের মিত্র ন্যাটো জোট ও ইউরোপীয় কমিশন এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। ন্যাটো বলেছে, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে।
এ ছাড়া যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইউক্রেন, চেক প্রজাতন্ত্র, বেলজিয়াম, ইতালি, জাপান, পোল্যান্ড ও স্পেন হামাসের হামলার নিন্দা জানিয়েছে।
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে থাকা সৌদি আরব ও মিসর অবিলম্বে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে। এ ছাড়া রাশিয়াও সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে।
অন্যদিকে ইসরায়েলের প্রধান শত্রু ইরান হামাসের হামলায় সমর্থন দিয়েছে। দেশটির সর্বোচ্চ নেতার উপদেষ্টা রহিম সাফাভি বলেছেন, ‘আমরা ফিলিস্তিনি যোদ্ধাদের অভিনন্দন জানাচ্ছি। ফিলিস্তিন ও জেরুজালেম স্বাধীন না হওয়া পর্যন্ত আমরা তাদের সঙ্গে আছি। ’

গ্রামের মানুষ এখন শহরের সুযোগ পাচ্ছে : যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক বলেছেন, গ্রামের মানুষ এখন শহরের সুযোগ পাচ্ছে। আওয়ামী লীগ সরকার প্রতিটি গ্রামে বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য, সড়ক, ইন্টারনেট ব্যবস্থা করে দিয়েছেন। যা অকল্পনীয় ছিল।
আজ শনিবার (৭ অক্টোবর) দুপুরে সিংড়া লালোর ইউনিয়নে ৭৩ লাখ টাকা ব্যয়ে পৌনে দুই কিলোমিটার সিসি রাস্তা, এইচবিবি করণ প্যলামাইডিং কাজের উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী পলক বলেন, ১৪ বছরে সিংড়ায় যত রাস্তা-ঘাট, ব্রিজ, স্কুল-কলেজ, মাদরাসার উন্নয়ন হয়েছে। বিগত ৫০ বছরে সিংড়ায় এত উন্নয়ন হয়নি। এসব সবকিছু করে দিয়েছেন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাজে সমালোচনা করার লোকের অভাব নেই, কাম করার লোকের অভাব আছে। অনেকে অন্যের ভাল কিছু দেখলে খুশি হয়, অনেকের আবার গাঁ জ্বালা করে। এমন মানুষ সমাজে অভাব নেই। শরীরে ক্ষত হলে আমরা মলম লাগাই। আর অনেকে আছে ক্ষতে লবন লাগায়। সমাজে এমন লোক থাকবেই। আপনারা বিবেক দিয়ে বিচার করবেন।
পলক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিংড়ায় ২ হাজার ৪০০ পাকা ঘর করে দিয়েছেন। যাদের ঘর নেই, জায়গা নেই, ঝুপড়ী ঘরে থাকতো তারা কখনো ভেবেছে পাকা ঘরে বসবাস করবে। এসব অসহায় মানুষের স্বপ্নকে বাস্তবায়ন করেছে জননেত্রীর শেখ হাসিনা। গত ৫০ বছরে বাংলাদেশে যত সরকার ছিল তারা একটা টিনের ঘর করে দিয়েছেন কি। প্রধানমন্ত্রীর ১০ বছরে সিংড়ায় হাজারো মানুষকে পাকা ঘর করে দিয়েছেন। যা কোনো সরকার করেনি। আজ বয়স্ক ভাতা, বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এমকি মাতৃকালীন ভাতাও দিচ্ছেন। শতভাগ ভাতা দেয়ার জন্য সরকার সচেষ্ট। অনলাইনে মানুষ আবেদন করে ভাতা পাচ্ছে। অথচ বিগত দিনে ভাতার জন্য দ্বারে দ্বারে ঘুরতে হয়েছে। কেউ কখনো কল্পনাও করতে পারিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, বিগত ৩৭ বছরে দেশে তারা কি উন্নয়ন করেছে। তারা কোন অধিকারে ভোট চাইবে বলেন।পাকা রাস্তা দিয়ে এসে সমালোচনা করবে সে রাস্তাটি তো আওয়ামী লীগ করে দিয়েছে। যে বিদ্যুতের আলোয় এসে নৌকার বিরুদ্ধে ভোট চাইবে সে বিদ্যুত তো জননেত্রী শেখ হাসিনা করে দিয়েছেন। তাহলে কারো অধিকার আছে নৌকার বিরুদ্ধে ভোট চাইবার।
এ সময় উপস্থিত ছিলেন—উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ, সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত লুৎফুল হাবিব রুবেল, যুগ্ন সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি, সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, লালোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক শুভ, লালোর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক রুবেল হোসেন প্রমুখ।

ভারত থেকে ৪০ কূটনীতিককে সরিয়ে নিল কানাডা

ভারতের বেঁধে দেওয়া সময়ের মধ্যে ৪০ কূটনীতিককে সরিয়ে নিয়েছে কানাডা। শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডের জের ধরে ভারত-কানাডার কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। অটোয়াকে ১০ অক্টোবরের মধ্যে কূটনীতিক সরাতে সময় বেঁধে দিয়েছিল দিল্লি।
কানাডা এরই মধ্যে ভারতে কর্মরত বেশ কিছু কূটনীতিককে সরিয়ে মালয়েশিয়া বা সিঙ্গাপুরে নিয়েছে। কানাডার বেসরকারি সংবাদমাধ্যম সিটিভি শুক্রবার এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সম্প্রতি কানাডিয়ান শিখ নেতা হারদীপ সিং নিজ্জারকে হত্যায় ভারতের জড়িত থাকার অভিযোগ করেন। এরপরই দুই দেশের মধ্যে সম্পর্কে অবনতি হয়। কূটনীতিক বিরোধের মধ্যে এই সপ্তাহের শুরুতে ভারত কানাডাকে ৪০ জন কূটনীতিককে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়।
এ বিষয়ে ভারতে পরারাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, কানাডায় ভারতের শক্তির তুলনায় ভারতে কানাডার কূটনৈতিক উপস্থিতি অনেক বেশি। আমাদের প্রধান লক্ষ্য, কূটনৈতিক শক্তিতে সমতা নিশ্চিত করা। ভারত এ বিষয়ে তার অবস্থান পাল্টাবে না।
তিনি বলেন, কানাডায় ভারতের শক্তির তুলনায় ভারতে কানাডার কূটনৈতিক উপস্থিতি অনেক বেশি, তাই ধারণা করা হচ্ছে সেখানে কমানো হবে। আমাদের ফোকাস কূটনৈতিক শক্তিতে সমতা নিশ্চিত করার দিকে।
জানা গেছে, ভারতে কানাডিয়ান কূটনীতিকের সংখ্যা প্রায় ৬০ এবং নয়াদিল্লি চায় অটোয়া যেন কমপক্ষে তিন ডজন কমিয়ে আনে।
এর আগে নিজ্জার হত্যায় জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করে ভারত। এ ছাড়া ভারতীয় এক কূটনীতিককে বহিষ্কার করার জবাবে ভারতও কানাডার এক কূটনীতিককে বহিষ্কার করে।

আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

বিশ্বকাপ মিশনে দেশ ছাড়ার আগের দিন দল ঘোষণা, মাস দুয়েক আগে অধিনায়কত্বে পরিবর্তন, ওপেনিং জুটিতে মিউজিক্যাল চেয়ারের মতো পরিবর্তন সবমিলিয়ে কিছুটা হলেও মানসিকভাবে পিছিয়ে ছিল বাংলাদেশ। তবে মাঠ আর মাঠের বাইরের এসব বিতর্ক পারফরম্যান্স দিয়ে উড়িয়ে দিয়েছে টাইগাররা। আসরে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে ভারত মিশনের শুরুটা রাঙাল সাকিব আল হাসানের দল।
আজ শনিবার ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ৩৭ ওভার ২ বলে ১৫৬ রান তুলে অলআউট হয় আফগানিস্তান। সর্বোচ্চ ৪৭ রান এসেছে রহমানুল্লাহ গুরবাজের ব্যাট থেকে। ৩টি করে উইকেট শিকার করেছেন মেহেদি হাসান মিরাজ ও সাকিব আল হাসান। জবাবে খেলতে নেমে ৩৪ ওভার ৪ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। টাইগারদের হয়ে হাফ সেঞ্চুরি পেয়েছেন মিরাজ ও নাজমুল হোসেন শান্ত।

আফগানিস্তানের দেয়া ১৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেননি দুই টাইগার ওপেনার তানজিদ তামিম এবং লিটন দাস। দলীয় ১৯ রানেই রান আউটের শিকার হয়ে ফিরে যেতে হয় তামিমকে। এরপর ক্রিজে লিটনের সঙ্গী হন মেহেদী মিরাজ।
তবে মিরাজের সঙ্গে বাংলাদেশের ইনিংসকে টেনে নিয়ে যেতে পারেননি লিটন। সপ্তম ওভারে ফজল হক ফারুকির বলে বোল্ড হয়ে ১৮ বলে ১৩ রান করেই সাজঘরে ফিরেছেন লিটন।
তৃতীয় উইকেট জুটিতে মিরাজ ও শান্তর ব্যাটে প্রাথমিক বিপর্যয় সামাল দেয় সাকিব বাহিনী। এই দুই ব্যাটারের ব্যাটে হেসেখেলে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। বল হাতে তিন উইকেট নেওয়ার পর এবারের বিশ্বকাপে বাংলাদেশের প্রথম অর্ধশতক তুলে নেন মিরাজ। দুই টপ অর্ডার মিলে তৃতীয় উইকেটে ৯৭ রান যোগ করেন। ব্যক্তিগত ৫৭ রান করে নাভিন উল হকের শিকার হন মিরাজ।
শেষ দিকে শান্তর দায়িত্বশীল অর্ধশতকে ৬ উইকেটের জয় দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করে বাংলাদেশ। টাইগারদের হয়ে সর্বোচ্চ ৫৯ রান করেন মিরাজ।

এর আগে আগে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালোই করেছিলেন রহমানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরান। টাইগার বোলারদের দেখেশুনে খেলে স্কোরবোর্ডে রান তুলেছেন দ্রুত। এই দুই আফগান ওপেনারদের বিপক্ষে সুবিধা করে ওঠতে পারছিলেন না তাসকিন, শরিফুল, মুস্তাফিজরা।
এরপর নবম ওভারে বল হাতে আজ নিজের দ্বিতীয় ওভার করতে এসেই ব্রেক থ্রু এনে দেন টাইগার অধিনায়ক। তার করা দ্বিতীয় বলে ২২ রান করে সাজঘরে ফিরেন ইব্রাহিম। ২৫ বলে ৩ চার এবং ১ ছয়ে ২২ রান করে এই আফগান ওপেনার সাজঘরে ফিরলে ভাঙে ৪৭ রানের ওপেনিং জুটি।
ইব্রাহিম ফিরলে ক্রিজে গুরবাজের সঙ্গী হন রহমত শাহ। দুজন মিলে দেখেশুনে খেলে আবার এগিয়ে যাচ্ছিলেন বড় জুটি গড়ার দিকে। জুটি গড়ে স্কোরবোর্ডে যোগ করেন ৩৬ রান। তবে ষোলতম ওভারে বোলিংয়ে এসেই ফের আঘাত হানেন সাকিব। ওভারের প্রথম বলেই লিটনের ক্যাচে পরিণত হন রহমত। সাজঘরে ফেরার আগে ২৫ বলে করেছেন ১৮ রান।
এদিকে এক প্রান্তে যাওয়া আসার খেলা চলতে থাকলেও অপরপ্রান্তে ধরে খেলছিলেন আফগান ওপেনার গুরবাজ। টাইগার বোলারদের দেখেশুনে খেলে এগিয়ে যাচ্ছিলেন ব্যক্তিগত অর্ধ শতকের দিকে। তবে মুস্তাফিজের বলে তানজিদ তামিমেদ দুর্দান্ত ক্যাচ হয়ে ফিরে গেছেন ৪৭ রান করেই। এর আগের ওভারে ৩৮ বলে ১৮ রান করা আফগান অধিনায়ক হাসমতউল্লাহর উইকেট তুলে নিয়েছিলেন মেহেদী মিরাজ। এরপর ২৯ তম ওভারে বোলিংয়ে এসে নাজিবুল্লাহ জাদরানকে বোল্ড আউট করেছেন সাকিব।
এরপরে আর আফগানদের দলের হাল ধরতে পারেননি কেউই। মিরাজের স্পিন জালে ব্যর্থ হয়েছেন রশিদ, মুজিবরা। বাংলাদেশের হয়ে আজ সর্বোচ্চ ৩টি করে উইকেট নিয়েছেন সাকিব ও মিরাজ।

শুরু থেকে ১৮ বছর পাঠকপ্রিয়তা ধরে রেখেছে সমকাল : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, দৈনিক সমকাল শুরুতেই পাঠকপ্রিয়তা অর্জন করেছে এবং ১৮ বছর তা ধরে রেখেছে।
আজ শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় টাইমস মিডিয়া ভবনে দৈনিক সমকাল পত্রিকার ১৯তম বর্ষে পদার্পণ উপলক্ষে পত্রিকার পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী তার শুভেচ্ছাবার্তায় এ কথা বলেন।

পত্রিকার সম্পাদক আলমগীর হোসেন, নগর সম্পাদক শাহেদ চৌধুরী, প্রধান প্রতিবেদক লোটন একরাম, পত্রিকার সকল সদস্য ও অতিথিবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
সমকালের জন্য শুভকামনা জানিয়ে তিনি বলেন, আমি আশা করবো, সমকাল শতবর্ষী হোক এবং পত্রিকাটি শুধু সমাজের দর্পণ হিসেবেই নয়, সমাজ গঠনেও কাজ করবে। দায়িত্বশীল সমালোচনা করবে, একইসাথে দেশ, সমাজ ও রাষ্ট্রের গৌরবগাথাও তুলে ধরবে।
সমকাল তার ভবিষ্যতের পথ চলায় মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে, প্রত্যাশা ব্যক্ত করে হাছান মাহমুদ বলেন, ‘আজকে জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ যেভাবে অদম্য গতিতে এগিয়ে চলেছে, আশা করি সেই অগ্রযাত্রায় সমকাল পত্রিকা সারথি হবে।’
সংবাদপত্রের সাথে ছেলেবেলার স্মৃতিচারণ করে তথ্যমন্ত্রী বলেন, ‘বাল্যকালে আমি ছোটদের পাতায় লিখতাম। যেদিন আমার কোনো লেখা বা কবিতা ছাপা হতো, সেদিন যে আমার কি আনন্দ হতো! বড়দের কাছে গিয়ে সেটি দেখাতাম। সে সব এখনো আমার স্মৃতিতে জ্বলজ্বল করছে।’
‘এখন অনেক পত্রিকা ছোটদের পাতা বের করে না, কিন্তু এই ধরনের পাতা প্রকাশের জন্য সমকালসহ সকল পত্রিকার প্রতি আমার আহবান থাকবে’ উল্লেখ করেন মন্ত্রী হাছান।

এবার ৪৯ কোম্পানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

রাশিয়ার প্রতিরক্ষা বাহিনীর কাছে মিসাইল গাইডেন্স সিস্টেমে ব্যবহারের উপযোগী মাইক্রোইলেকট্রনিক ইন্টিগ্রেটেড সার্কিট বিক্রির অভিযোগে চীনের ৪২ টি কোম্পানিসহ মোট ৪৯টি কোম্পানিকে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়।
শুক্রবার জারি করা এই নিষেধাজ্ঞার খাঁড়ায় চীনা কোম্পানিগুলো ব্যতীত বাকি যে ৭টি কোম্পানি পড়েছে, সেগুলো এস্তোনিয়া, ফিনল্যান্ড, জার্মানি, ভারত, তুরস্ক, যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাতের।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রণালয়ের জেষ্ঠ্য কর্মকর্তা অ্যালেন এসতেভেজ শুক্রবার এক বিবৃতিতে বলেন, ‘প্রথমত এসব কোম্পানি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে নিজেদের পণ্য বিক্রির মাধ্যমে রাশিয়াকে সহযোগিতা করছে এবং দ্বিতীয়ত, নিজেদের পণ্য তৈরির প্রয়োজনীয় কাঁচামাল তারা সংগ্রহ করছে যুক্তরাষ্ট্র থেকে।’
‘রুশ বাহিনী ইউক্রেনে যে আগ্রাসন চালাচ্ছে, যুক্তরাষ্ট্র কঠোরভাবে তার বিরোধী। তাই আমাদের দেশের কাঁচামাল দিয়ে তৈরি পণ্য যত হাত ঘুরেই রাশিয়ার হাতে পৌঁছাক না কেন— আমরা ঠিকই তা ট্রেইল করব, এই ব্যাপারটি বন্ধে অক্লান্ত পরিশ্রম করব এবং যথাযথ ব্যবস্থা নেব। এক্ষেত্রে দ্বিধা-দ্বন্দ্বে ভোগার কোনো অবকাশ আমাদের নেই।’
সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র বা ড্রোনের আঘাত নিশ্চিত করার জন্য ব্যবহার করা হয় মাইক্রোইলেকট্রনিক ইন্টিগ্রেটেড সার্কিট। শুক্রবার যে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়, তার জেরে এখন থেকে আর এই সার্কিটের কাঁচামাল যুক্তরাষ্ট্র থেকে জোগাড় করতে পারবে না এই ৪৯টি কোম্পানি।
মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের অ্যাসিসটেন্ট সেক্রেটারি ম্যাথিউ এক্সেলরড পৃথক এক বিবৃতিতে এ প্রসঙ্গে বলেন, ‘যাদেরকে আজ নিষেধাজ্ঞা দেওয়া হলো, তাদের উদ্দেশ্যে আমরা স্পষ্টভাবে এই বার্তা দিতে চাই যে—যদি আপনারা যুক্তরষ্ট্রের প্রযুক্তির সঙ্গে সম্পর্কিত কোনো কিছু রাশিয়ার কাছে হস্তান্তর করেন, আমরা ঠিকই খুঁজে বের করব এবং পদক্ষেপ নেব।’
খবর আরটি

হামাসের হামলায় ২২ ইসরায়েলি নিহত

ফিলিস্তিনের ইসলামপন্থি হামাস যোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে একটি নতুন অভিযান ঘোষণা করার পরে ইসরায়েলি সামরিক বাহিনী আজ শনিবার গাজা উপত্যকায় পাল্টা বিমান হামলা চালায়। ইসরায়েলের ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) রেসকিউ সার্ভিসের মতে, হামাসের নজিরবিহীন এ হামলায় অন্তত ২২ জন নিহত এবং ২৫০ জনের বেশি আহত হয়েছে। নিহত বা আহতদের মধ্যে কতজন বেসামরিক নাগরিক তা এমডিএ জানায়নি।
ফিলিস্তিনি এবং এজেদিন আল-কাসাম ব্রিগেডের যোদ্ধারা ইসরায়েল এবং উত্তর গাজা উপত্যকার মধ্যবর্তী ইরেজ ক্রসিংয়ের দিকে ছুটছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এএফপি।

হামলার পর এক ভিডিও বার্তায় দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, শনিবার ভোরে হামাসের আকস্মিক হামলার পর দেশ ‘যুদ্ধের মধ্যে’ রয়েছে। ইসরায়েলের নাগরিকরা, আমরা যুদ্ধে আছি। কোনো অপারেশনে নয়, রাউন্ডে নয়, যুদ্ধে।’
হামাস দাবি করেছে, তারা গাজা থেকে ইসরায়েলে পাঁচ হাজার রকেট ছুড়েছে। তবে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, দুই হাজার ২০০ রকেট হামলার ঘটনা ঘটেছে।

হামলার পর এক ব্রিফিংয়ে ইসরায়েল ডিফেন্স ফোর্সের (আইডিএফ) মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল রিচার্ড হেচট বলেছেন, হামাসেরে যোদ্ধারা প্যারাগ্লাইডার ব্যবহার করে স্থল, সমুদ্র ও আকাশপথে গাজা থেকে ইসরায়েলে প্রবেশ করেছে।
আইডিএফের কাছে হামলার বিষয়ে আগাম সতর্কতা ছিল কিনা সে সম্পর্কে সাংবাদিকদের বারবার প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করেন হেচট।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের ওপর কয়েক বছরের মধ্যে এটি হামাসের সবচেয়ে বড় ধরনের হামলা। অন্যদিকে গাজাতেও হামলা শুরু করেছে ইসরায়েল বাহিনী। ফিলিস্তিন স্বাস্থ্যমন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েল বাহিনীর হামলায় একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। ইসরায়েল বলছে, গাজায় হামাসের স্থাপনা লক্ষ্য করে যুদ্ধ বিমান দিয়ে হামলা চালানো হচ্ছে।

মিরাজ-নাজমুলের জুটিতে এগোচ্ছে বাংলাদেশ

দ্রুত দুই উইকেট হারিয়ে বিপদে পড়া বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ। এই দুজনের ব্যাটে ভর করে দলীয় অর্ধধতক পার করেছে বাংলাদেশ।এর আগের পাওয়ারপ্লেতে ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৪ রান সংগ্রহ করে সাকিব আল হাসানের দল। মিরাজ ৫০ বলে ৪৫ ও নাজমুল ৪১ বলে ২৫ রান নিয়ে ব্যাট করছেন।
আফগানিস্তানের দেয়া ১৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেননি দুই টাইগার ওপেনার তানজিদ তামিম এবং লিটন দাস। দলীয় ১৯ রানেই রান আউটের শিকার হয়ে ফিরে যেতে হয় তামিমকে। এরপর ক্রিজে লিটনের সঙ্গী হন মেহেদী মিরাজ।

তবে মিরাজের সঙ্গে বাংলাদেশের ইনিংসকে টেনে নিয়ে যেতে পারেননি লিটন। সপ্তম ওভারে ফজল হক ফারুকির বলে বোল্ড হয়ে ১৮ বলে ১৩ রান করেই সাজঘরে ফিরেছেন লিটন। দলীয় ২৭ রানে দুই উইকেট হারালেও চাপে পড়েনি টাইগাররা।

আফগানিস্তানে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, হতাহতের শঙ্কা

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পের পর আঘাত হেনেছে আরও অন্তত চারটি শক্তিশালী আফটারশক। এর ফলে বহু মানুষের প্রাণহানি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল হেরাত শহর থেকে ৪০ কিলোমিটার উত্তরপশ্চিমে। এরপর আরও চারটি আফটারশক আঘাত হানে এলাকাটিতে। রিখটার স্কেলে সেগুলোর মাত্রা ছিল যথাক্রমে ৫ দশমিক ৫, ৪ দশমিক ৭, ৬ দশমিক ৩ ও ৫ দশমিক ৯।

এএফপির সংবাদদাতা জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ১১টার দিকে প্রথম ভূমিকম্পটি আঘাত হানার পরপরই মানুষজন ঘরবাড়ি-দোকানপাট ছেড়ে বেরিয়ে আসে। তবে এখন পর্যন্ত কেউ হতাহত হয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
বশির আহমেদ নামে ৪৫ বছর বয়সী এক বাসিন্দা বলেন, ‘আমরা অফিসে ছিলাম। হঠাৎ ভবনটি কাঁপতে শুরু করে। দেওয়ালের প্লাস্টার খুলে পড়ছিল এবং সেখানে ফাটল দেখা দেয়। কিছু দেওয়াল ও ভবনের কিছু অংশ ধসে পড়েছে।’
তিনি বলেন, ‘আমি আমার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছি না। নেটওয়ার্ক সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি খুবই চিন্তিত এবং ভীত। এটি ভয়ংকর ছিল।’
ইউএসজিএসের প্রাথমিক রিপোর্ট বলছে, এই ঘটনায় শত শত প্রাণহানি সম্ভব। সংস্থাটি বলেছে, উল্লেখযোগ্যসংখ্যক মানুষ হতাহতের আশঙ্কা রয়েছে এবং সম্ভাব্য বিপর্যয় হতে পারে ব্যাপক।

আওয়ামী লীগ দেশের সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধাশীল : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ দেশের সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধাশীল। দেশের সাংবিধানিক বিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। একটি চিহ্নিত মহল অসাংবিধানিক উপায়ে ক্ষমতায় বসার স্বপ্নে বিভোর। তারা দেশের পবিত্র সংবিধান ও আইনের তোয়াক্কা করে না।
আজ শনিবার (৭ অক্টোবর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, বিএনপি মহাসচিবের কাছে জানতে চাই, নির্বাচন সংবিধানের বিধান ছাড়া কোন পদ্ধতিতে হবে? আপনাদের ক্ষমতায় বসানোর নিশ্চয়তায় কোনো পাতানো নির্বাচন? বেনিয়াদের কাছে দেশের স্বার্থ বিক্রি করে যেকোনো উপায়ে ক্ষমতা দখলের নির্বাচন? বাংলার মাটিতে জনগণ তা আর কোনো দিন হতে দেবে না। বিএনপি সবসময় ভিন্ন উপায়ে রাষ্ট্রক্ষমতা দখলের জন্য জনগণের ভোটাধিকার হরণ করে জনগণের সঙ্গে প্রতারণার রাজনীতি করে।
আওয়ামী লীগ জনগণের কাছে যে অঙ্গীকার করে তা বাস্তবায়ন করে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, সে কারণে জনগণ বারবার আওয়ামী লীগকে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। আওয়ামী লীগের রাজনীতির মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো জনকল্যাণ এবং আগামী প্রজন্মের জন্য একটি উন্নত-সমৃদ্ধ শাস্তি ও কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণ।
বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, দুর্নীতিগ্রস্ত নেতৃত্ব ও ব্যর্থ রাজনৈতিক দল বিএনপির মুখে প্রবল আন্দোলনের কথা মানায় না। তাদের তথাকথিত লাগাতার আন্দোলন, কঠোর আন্দোলন, এক দফার দুর্বার আন্দোলন। সবকিছু ব্যর্থ হওয়ার পরও তারা ক্ষমতা দখলে উন্মুক্ত ও মরিয়া। সেই কারণে বিএনপি নেতৃবৃন্দ রাজনৈতিক বাস্তবতা উপলব্ধি না করে ক্রমাগতভাবে কাণ্ডজ্ঞানহীন বক্তব্য দিয়ে আসছে।

সেতুমন্ত্রী বলেন, রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে তাদের সক্ষমতার পারদ যত নিম্নগামী হচ্ছে ততই তারা মিথ্যাচার-অপপ্রচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত খালেদা জিয়া ছাড়া বিএনপির পুরো টিমই রাজনীতির মাঠে যথেচ্ছভাবে সরকারের বিরুদ্ধে বিষোদগার করছে- সারাদেশে স্বাধীনভাবে সভা-সমাবেশ করছে। একুশে আগস্টের মাস্টারমাইড দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমান বিদেশে বসে লাগাতারভাবে দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই, গণতান্ত্রিক চেতনা ও মূল্যবোধের প্রতি বিশ্বাস না রেখে উস্কানির মাধ্যমে নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টির পাঁয়তারা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভুলে যাওয়া উচিত নয়, তারা আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করতে পারেনি। বরং খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক উদারতার কারণে।
সেতুমন্ত্রী বলেন, একজন দণ্ডপ্রাপ্ত আসামি হয়েও বেগম খালেদা জিয়া বাসায় থেকে দেশের সর্বাধুনিক হাসপাতালে চিকিৎসা গ্রহণ করতে পারছে, সেজন্য মির্জা ফখরুলদের উচিত সরকারের প্রতি কৃতজ্ঞ থাকা। অথচ বিএনপি বরাবরই খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে অপরাজনীতি করে আসছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নিজ দলের নেত্রীর প্রতি নূন্যতম শ্রদ্ধাবোধ না থাকায় বিএনপি খালেদা জিয়ার শারীরিক অসুস্থতাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার অপচেষ্টা করছে। খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করে তার ওপর শারীরিক ও মানসিক চাপ সৃষ্টি থেকে বিরত থাকার জন্য আমরা বিএনপি নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাই।