শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬

ফিলিস্তিনের সাথে যা ইচ্ছা তাই করার অনুমতি দেবো না : হামাস

মুসলিম বিশ্বের কাছে গাজার ক্রসিং পয়েন্টগুলো খুলে দিতে ইসরাইলকে বাধ্য করার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।
বুধবার এক বিবৃতিতে আন্তর্জাতিক সমাজের উদ্দেশে হামাস বলেছে, গাজার মানুষের নিত্যপণ্য সংগ্রহের জন্য ক্রসিং পয়েন্টগুলো খুলে দিতে দখলদার শক্তিকে বাধ্য করুন।
বিবৃতিতে হামাস জানায়, দখলদার ইসরাইল গাজার বিদ্যুৎ, খাবার ও পানি বন্ধ করে দিয়ে নির্বিচারে বোমা হামলা চালাচ্ছে। এ অবস্থায় সেখানে মানবিক সংকট দেখা দিয়েছে।
ক্রসিং পয়েন্টগুলো বন্ধ থাকায় মজলুম গাজাবাসী নিরুপায় হয়ে পড়েছে।
পার্সটুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি বোমা হামলায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত গাজায় এক হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও পাঁচ হাজারের বেশি।
হামাস বিশ্ববাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেছে, ফিলিস্তিনিরা গোটা বিশ্বের প্রতিনিধি হিসেবে ইসরায়েলিদের মোকাবেলায় মসজিদুল আকসা ও বায়তুল মুকাদ্দাসকে রক্ষা করছে। ফিলিস্তিনি জাতির সঙ্গে যা ইচ্ছা তাই করার অনুমতি দেবেন না। সবাই মিলে দখলদারদের ওপর চাপ প্রয়োগ করুন।

ব্রাসেলস যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ইউরোপীয় কমিশনের উদ্যোগে আয়োজিত গ্লোবাল গেটওয়ে ফোরামের বৈঠকে অংশ নিতে ২৪ অক্টোবর চার দিনের সফরে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২৫ ও ২৬ অক্টোবর অনুষ্ঠেয় গ্লোবাল গেটওয়ে ফোরামের বৈঠকে অংশ নেওয়ার ফাঁকে ২৭ দেশের ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কয়েকজন নেতার সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আয়োজনের চেষ্টা চলছে বলে জানা গেছে।
নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর ব্রাসেলস সফরকে বেশ গুরুত্বের সঙ্গে দেখছেন সংশ্লিষ্ট কূটনীতিকরা।
জানা গেছে, প্রধানমন্ত্রী এ সফরের বিষয়ে মৌখিক সম্মতি দিয়েছেন।
এখন সফর নিয়ে প্রস্তুতি শুরু হয়েছে।
গ্লোবাল গেটওয়ে ফোরামের বর্ণাঢ্য উদ্বোধনীতে অংশ নেওয়া ছাড়াও ইউরোপীয় কমিশন প্রেসিডেন্ট উরসুলা ভনডার লিয়েনের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা রয়েছে।

‘মুজিব : একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের প্রিমিয়ার প্রদর্শনীর উদ্বোধন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত বায়োপিক ‍‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের প্রিমিয়ার প্রদর্শনীর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ১০টায় আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে চলচ্চিত্রটির প্রিমিয়ার শো’র উদ্বোধন করেন তিনি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি আগামীকাল শুক্রবার দেশের ১৫৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। আর প্রতিবেশী দেশ ভারতে মুক্তি পাবে ২৭ অক্টোবর।
বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশী অভিনেতা আরিফিন শুভ। ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের শতাধিক জনপ্রিয় শিল্পী।

‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার প্রসঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছিলেন, এই সিনেমাটি জাতির জন্য ইতিহাসের একটি দলিল। এটি শুধু একটি সিনেমা নয়, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বায়োপিক। ১৫ আগস্টের ঘটনা কখনও চিত্রায়িত হয়নি, কিন্তু এই সিনেমায় সেই দৃশ্য চিত্রায়িত হয়েছে। সেই মর্মান্তিক দৃশ্যের মাধ্যমেই সিনেমাটি শেষ হয়েছে। এই দৃশ্য দেখা খুবই কষ্টের।’
২০২১ সালের জানুয়ারিতে ভারতে শুরু হয় ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার দৃশ্যধারণের কাজ। শেষ হয় ওই বছরের ডিসেম্বরে। গত বছরের ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে প্রথম পোস্টার, ৩ মে দ্বিতীয় পোস্টার ও ১৯ মে ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে সিনেমার ট্রেলার প্রকাশ করা হয়। চলতি বছরের ৩১ জুলাই সিনেমাটি বাংলাদেশে আনকাট সেন্সর ছাড়পত্র পায়।
প্রিমিয়ার প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, অভিনেত্রী দিলারা জামান, অভিনেতা আরিফিন শুভ, নুসরাত ফারিয়া প্রমুখ।

বঙ্গবন্ধুর বায়োপিকে ইতিহাসের অজানা তথ্য জানতে পারবে জাতি : প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব : একটি জাতির রূপকার’ (মুজিব : দ্য মেকিং অব আ নেশন) চলচ্চিত্র থেকে ইতিহাসের অনেক অজানা তথ্য ও নতুন অধ্যায় সম্পর্কে জাতি জানতে পারবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল সোয়া ১০টায় রাজধানীর আগারগাঁও‌য়ে বাংলা‌দেশ ফিল্ম আর্কাই‌ভে ‘মুজিব : একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের প্রিমিয়ার শোর উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, এটি একটি জীবনভিত্তিক ছবি, এ ছবির মাধ্যমে ইতিহাসের অনেক অজানা তথ্য আমরা জানতে পারবো। চলচ্চিত্র নির্মাণের সঙ্গে জড়িত কলাকৌশলী, যারা স্ক্রিপ্ট তৈরি করেছেন, গল্প লিখেছেন এবং নির্মাণ কাজে যারা ছিলেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আগামীকাল পুরো বাংলাদেশে মুজিব : একটি জাতির রূপকার ছবিটি মুক্তি পাবে। দেশবাসীর কাছে আমার আহ্বান থাকবে, ইতিহাসের অনেক অজানা তথ্য আপনারা জানতে পারবেন। বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারবেন। আমার মা, আমার দাদা দাদির সম্পর্কে আপনারা জানতে পারবেন। আমি আশা করি সবাই ছবিটি দেখবেন। ইতিহাসের নতুন অধ্যায় আপনারা দেখতে পারবেন।
তিনি বলেন, এই চলচ্চিত্রটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক। একেবারে ছোটবেলা থেকে বেড়ে ওঠা এবং স্বাধীনতা অর্জনের ওপর ভিত্তি করে বঙ্গবন্ধুর জীবনী নির্ভর সিনেমাটি নির্মাণ করা হয়েছে। বঙ্গবন্ধু একটি জাতির রূপকার, একটি দেশের রূপকার।
শেখ হাসিনা বলেন, ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যার পর থেকে ইতিহাস বিকৃত করা হয়েছে। জাতির পিতার নাম মুছে ফেলার চেষ্টা হয়েছিল। ইতিহাস কথা বলে, ইতিহাসকে কেউ মুছে ফেলতে পারে না। সেটাই আজকে প্রমাণিত।
বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মিত হয়েছে। ২০১৯ সালে সিনেমাটির কাজ শুরু হয়। নির্মাণ কাজ শেষে চলতি বছরের ৩১ জুলাই সিনেমাটি বাংলাদেশে আনকাট সেন্সর ছাড়পত্র পায়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান। এছাড়া চলচ্চিত্রটির পরিচালক এবং অভিনেতা-অভিনেত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, অভিনেত্রী দিলারা জামান, অভিনেতা আরিফিন শুভ, নুসরাত ফারিয়া প্রমুখ।
এর আগে রোববার (১ অক্টোবর) হোটেল ইন্টারকন্টিনেন্টালে বায়োপিকের ট্রেলার প্রদর্শনকালে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ আগামী ১৩ অক্টোবর সারাদেশে মুক্তির ঘোষণা দেন।
মন্ত্রী বলেন, সিনেমাটি বাস্তব ইতিহাসের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে। ১৫ আগস্টের ঘটনাটি দিয়ে সিনেমাটি শেষ হয়েছে। খুনিরা কীভাবে ১০ বছরের রাসেলকে কীভাবে হত্যা করল সেটি দেখা খুবই কষ্টকর। এটি জাতির জন্য ইতিহাসের একটি দলিল। বঙ্গবন্ধু কীভাবে জাতির রূপকার হলেন সেটি এই সিনেমায় চিত্রায়িত হয়েছে।
এই সিনেমাতে প্রত্যেক অভিনেতা-অভিনেত্রী অসাধারণ অভিনয় করেছেন বলেও জানান তিনি।

আগামীকাল শুক্রবার (১৩ অক্টোবর) সারাদেশে ১৫৩ প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাবে বঙ্গবন্ধুর জীবনী নির্ভর সিনেমা ‘মুজিব একটি জাতির রূপকার’। আগামী ২৭ অক্টোবর ভারতে মুক্তি পাবে সিনেমাটি।
ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগালের সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক আরিফিন শুভ। শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া এবং বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা।
অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে- খায়রুল আলম সবুজ (লুৎফর রহমান), দিলারা জামান (সাহেরা খাতুন), সায়েম সামাদ (সৈয়দ নজরুল ইসলাম), শহীদুল আলম সাচ্চু (এ কে ফজলুল হক), প্রার্থনা দীঘি (ছোট রেনু), রাইসুল ইসলাম আসাদ (আবদুল হামিদ খান ভাসানী), গাজী রাকায়েত (আবদুল হামিদ), তৌকীর আহমেদ (সোহরাওয়ার্দী), সিয়াম আহমেদ (শওকত মিয়া), মিশা সওদাগর (জেনারেল আইয়ুব খান), এলিনা (বেগম খালেদা জিয়া) ও জায়েদ খান (টিক্কা খান)।
২০২১ সালের জানুয়ারির শেষ দিকে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে সিনেমার প্রথম ধাপের শুটিং শুরু হয়।
সিনেমাটিতে সহযোগী পরিচালক হিসেবে কাজ করেছেন দয়াল নিহালানি। চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শিল্প নির্দেশনার দায়িত্বে রয়েছেন নীতিশ রায়। কস্টিউম ডিরেক্টর হিসেবে আছেন শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল।
সিনেমাটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন এবং বিভিন্ন আন্দোলন সংগ্রামে তার অংশগ্রহণ ও নেতৃত্ব দানসহ ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো তুলে ধরা হয়েছে।

চার মাস পর টাইটানের বাকি ধ্বংসাবশেষ উদ্ধার

টাইটান ডুবোযানের (সাবমার্সিবল) অবশিষ্ট ধ্বংসাবশেষ উদ্ধার করেছেন প্রকৌশলীরা। টাইটানের আরোহীদের অনুমিত দেহাবশেষও উদ্ধার করেছেন বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড।
আটলান্টিক মহাসাগরের তলদেশে থাকা বিখ্যাত টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখার জন্য রওনা দিয়ে গত ১৮ জুন বিপর্যয়কর অন্তর্মুখী চাপে টাইটান ভেঙে টুকরো টুকরো হয়ে যায়।
সমুদ্র-পর্যটনে ডুবোযানটি পাঠিয়েছিল যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান ওশানগেট। এ অভিযাত্রায় টাইটানে পাঁচ আরোহী ছিলেন। তারা সবাই নিহত হন।
নিহতরা হলেন ওশানগেটের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টকটন রাশ, ব্রিটিশ ধনকুবের হামিশ হার্ডিং, ব্রিটিশ-পাকিস্তানি ধনকুবের শাহজাদা দাউদ, তার ছেলে সুলেমান দাউদ ও ফ্রান্সের নৌবাহিনীর সাবেক সদস্য পল অঁরি নাজোলে।
সাগরপৃষ্ঠ থেকে তলদেশের উদ্দেশে যাত্রা শুরুর পৌনে দুই ঘণ্টার মাথায় নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে ডুবোযানটির সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। পরে ডুবোযানটির সন্ধানে ব্যাপক তল্লাশি চালানো হয়। এ ঘটনা সারাবিশ্বের মানুষের মনোযোগ আকর্ষণ করে।
পাঁচ দিনের মাথায় টাইটানিকের কাছে ডুবোযানটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়ার কথা জানান উদ্ধারকারীরা। তখন টাইটানের কিছু ধ্বংসাবশেষ উদ্ধারও করা হয়। এখন টাইটানের অবশিষ্ট ধ্বংসাবশেষ উদ্ধারের কথা জানানো হলো।
গতকাল মঙ্গলবার মার্কিন কোস্টগার্ডের কর্মকর্তারা জানান, ডুবোযানটির অতিরিক্ত অংশ গত সপ্তাহে সমুদ্রের তলদেশ থেকে উদ্ধার করা হয়। উদ্ধার করা ধ্বংসাবশেষ যুক্তরাষ্ট্রের একটি বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। এ ছাড়া উদ্ধার হওয়া টাইটানের আরোহীদের অনুমিত দেহাবশেষ চিকিৎসা কর্মকর্তারা বিশ্লেষণ করবেন।
দুর্ঘটনার পর উন্মোচিত মার্কিন আদালতের নথিপত্র ইঙ্গিত দেয়, টাইটানের নিরাপত্তা-সম্পর্কিত সতর্কতার বিষয়টি উপেক্ষা করেছিল ওশানগেট। দুর্ঘটনার পর কোম্পানিটি তার সব ধরনের পর্যটন অভিযান স্থগিত করে।
টাইটান দুর্ঘটনা নিয়ে একটি আন্তর্জাতিক তদন্ত অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড বলেছে, এ দুর্ঘটনা নিয়ে ভবিষ্যতে একটি গণশুনানি হবে।

ক্যারিয়ার শেষের ঘোষণা দিলেন এডেন হ্যাজার্ড

রিয়াল মাদ্রিদ থেকে ছাড়পত্র নিয়ে অন্য কোনো ক্লাব খুঁজে না পাওয়ায় সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বেলজিয়ামের অ্যাটাকিং মিডফিল্ডার এডেন হ্যাজার্ড।
৩২ বছর বয়সী এ তারকা ২০১৯ সালে চেলসি থেকে ৮৯ মিলিয়ন পাউন্ডে রিয়ালে আসার পর থেকে ইনজুরির সঙ্গে লড়াই করেছেন। চার মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় খেলেছেন মাত্র ৭৬ ম্যাচ।
ইনস্টাগ্রামে এ সম্পর্কে হ্যাজার্ড লিখেছেন, ‘তোমাকে অবশ্যই নিজের কথা শুনতে হবে। এই মুহূর্তে থামার বার্তা আমি পেয়েছি। ১৬ বছরে ৭০০রও বেশি ম্যাচ খেলেছি। এসব মুহূর্তগুলো আমি দারুণ উপভোগ করেছি। পেশাদার ফুটবল ক্যারিয়ার থেকে এবার অবসরের সিদ্ধান্ত নিয়েছি।’
চেলসিতে অনেক ভালো সময় কাটিয়েছেন হ্যাজার্ড। ব্লুজদের হয়ে প্রিমিয়ার লিগ শিরোপা, ইউরোপা লিগের দুই শিরোপা ছাড়াও ২০১২-২০১৯ সালের সময়ে এফ কাপ ও লিগও কাপও জয় করেছেন।
২০১৮ বিশ্বকাপের সেমিফাইনালে খেলা বেলজিয়াম জাতীয় দলেরও নির্ভরযোগ্য খেলোয়াড় ছিলেন। কোয়ার্টার ফাইনালে তার দল ব্রাজিলকে পরাজিত করেছিল। তবে সেমিফাইনালে ফ্রান্সের কাছে পরাজিত হয়। যদিও গত বছর বিশ্বকাপে নিজেকে মেলে ধরতে পারেননি। কেভিন ডি ব্রুইনা, রোমেলু লুকাকু ও হ্যাজার্ড মিলেও বেলজিয়ামকে গ্রুপ পর্বের বাঁধা পেরুতে সহযোগিতা করতে পারেননি।
লিলির হয়ে ফরাসি লিগ ওয়ান শিরোপাও জয় করেছেন হ্যাজার্ড। রিয়ালের জার্সিতে দুটি লা লিগার শিরোপা পর গত বছর বদলী বেঞ্চে থেকে চ্যাম্পিয়ন্স লিগের পদক গলায় ঝুলিয়েছেন। বিদায়ের এই মুহূর্তে তিনি কৃতজ্ঞতার সাথে সফলতার মুহূর্তগুরো স্মরণ করেছেন, ‘আমি আমার স্বপ্ন পূরন করতে পেরেছি। বিশ্বের অনেক মাঠে খেলার সৌভাগ্য আমার হয়েছে। পুরো ক্যারিয়ার জুড়ে অনেক বড় কোচদের সাথে কাজ করার সুযোগ হয়েছে। তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। কোচ ও সতীর্থদের আমি দারুণ মিস করব, সবাইকে অনেক ধন্যবাদ।’
ক্লাব ও বেলজিয়ান ফেডারেশনের পাশাপাশি হ্যাজার্ড বন্ধু, পরিবার ও পরামর্শকদের ধন্যবাদ জানিয়েছেন যারা নানা চড়াই-উতরাইয়ের সময় তার পাশে ছিলেন।
তিনি আরও বলেন, ‘সবশেষে বিশাল একটি ধন্যবাদ আমার সমর্থকদের জন্য যারা আমাকে ক্যারিয়ারজুড়ে সমর্থন জুগিয়েছে, অনুসরন করেছে। তাদের উৎসাহে আমি সব জায়গায় খেলতে পেরেছি।’
সাবেক চেলসি সতীর্থ ফ্রাংক ল্যাম্পার্ড ও জন টেরি বিদায় বেলায় হ্যাজার্ডকে স্মরণ করে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ল্যাম্পার্ড লিখেছেন, ‘কি প্রতিভা, কি ক্যারিয়ার। তার সাথে খেলাটা সত্যিই আনন্দের ছিল। সব দিক থেকেই সে শীর্ষে ছিল। ভবিষ্যতের জন্য শুভকামনা থাকলো।’
টেরি লিখেছেন, ‘লিজেন্ড। অবসরকে উপভোগ করো বন্ধু।’

নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের সুযোগ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমি মনে করি নির্বাচনের সময় তাদের (বিএনপি) প্রতিনিধিরা অংশ নেবেন। নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের সুযোগ নেই। আমাদের কমিটমেন্ট হচ্ছে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া।
আজ বুধবার (১১ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভা কক্ষে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সদস্যরা। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন।
নির্বাচনে সহিংসতার কোনো আশঙ্কা রয়েছে কি না, প্রতিনিধিদলের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভোটের সময় দেশে উৎসবমুখর পরিবেশ থাকে, তাই সহিংসতা হবে না বলে প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলকে নিশ্চিত করা হয়েছে।
আসাদুজ্জামান খান কামাল বলেন, এর আগে অনেক সহিংসতা দেখেছি, প্রধানমন্ত্রীকে ১৯ বার হত্যাচেষ্টা করেছে। এখন দেশে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সুবাতাস বইছে। সহিংসতা প্রতিরোধ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী, নিরাপত্তা বাহিনী সক্ষম। নির্বাচন কমিশন বহুদিন ধরে নির্বাচন করে আসছে। এদেশের মানুষ নির্বাচনকে উৎসব মনে করে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। প্রধানমন্ত্রী নিজেও চান, দেশে নিরপেক্ষ নির্বাচন হবে।
মার্কিন প্রতিনিধিদলকে তিনি জানান, আমাদের দেশের গণমাধ্যম মুক্ত, তাদের কণ্ঠ রোধ করা হয় না। কাজেই এখানে ভোট চুরি করে কেউ পার পাবে না। সবকিছু নিয়েই তারা এটা চান, দেশে একটু শান্তিপূর্ণ নির্বাচন হোক।
কোনো প্রার্থী বিশেষ করে বিরোধীদল যদি নিরাপত্তাহীনতার আশঙ্কা করে তাহলে সরকার কী করবে, এমন প্রশ্ন করেন প্রতিনিধিদলের সদস্যরা। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে। দেশে পুলিশ প্রশাসন সক্রিয়, ৯৯৯ নম্বর সক্রিয়। নির্বাচন ছাড়া, ক্ষমতা হস্তান্তরের সুযোগ নেই।
তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না, সেক্ষেত্রে সহিংসতার আশঙ্কা রয়েছে কি না জানতে চাইলে আসাদুজ্জামান খান বলেন, আমি মনে করি নির্বাচনে বিএনপি আসবে। বাংলাদেশে সরকার বদল করতে হলে নির্বাচনে আসতে হবে। নির্বাচন ছাড়া বাংলাদেশে সরকার বদলের কোনো সুযোগ নেই। নির্বাচনে তাদের আসতে হবে, আমরা সেটাই মনে করি। সংবিধানের বাইরে গিয়ে কোনো সুযোগ নাই। এমন আলোচনা সংবিধানের বাইরে গিয়ে সম্ভব নয়।
এর আগে গতকাল মঙ্গলবার (১০ অক্টোবর) আগারগাঁওস্থ নির্বাচন ভবনে আগামী সংসদ নির্বাচন ইস্যুতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন পর্যবেক্ষক টিমের প্রতিনিধিরা।
সোমবার প্রতিনিধি দল আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্ব পরিস্থিতি যাচাই করতে গত শনিবার ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দলের প্রতিনিধিরা।
সাত সদস্যের প্রতিনিধি দল ও তাদের সহায়তাকারীরা ১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন বলে জানা গেছে।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় অর্থায়নে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) যৌথভাবে স্বাধীন ও নিরপেক্ষ প্রাক নির্বাচন সমীক্ষা মিশন পরিচালনা করবে।
ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রেস অ্যাটাশে ও মুখপাত্র ব্রায়ান শিলার এর আগে সাংবাদিকদের বলেছিলেন, প্রাক-নির্বাচন পর্যবেক্ষণকারী প্রতিনিধি দলটি বাংলাদেশের নির্বাচন কমিশন, বিভিন্ন সরকারি সংস্থা, রাজনৈতিক দল, নাগরিক পর্যবেক্ষক, নাগরিক সংগঠন এবং নারী ও তরুণদের সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবে।

ভিয়েতনামের জেমালিংক বন্দর পরিদর্শন নৌপরিবহন প্রতিমন্ত্রীর

আধুনিক পদ্ধতিতে নতুন বন্দরের পরিকল্পনা, উন্নয়ন ও ব্যবস্থাপনা সম্পর্কে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনে বিভিন্ন দেশের বন্দর পরিদর্শনের অংশ হিসেবে আজ ভিয়েতনামের জেমালিংক ইন্টারন্যাশনাল বন্দর পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপির নেতৃত্বে পায়রা বন্দরের একটি প্রতিনিধিদল।
এই পরিদর্শনলব্ধ জ্ঞান পায়রা বন্দর মাস্টার প্ল্যান প্রণয়নে ও বাস্তবায়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পায়রা বন্দর কর্তৃপক্ষের মাস্টার প্ল্যান প্রণয়নের লক্ষ্যে ‘কনসালটেন্সি সার্ভিসেস ফর প্রিপারেশন অব পায়রা পোর্ট ডিটেল মাস্টার প্ল্যান’ শীর্ষক কাজ সম্পাদনের বুয়েট এর ব্যুরো অব রিসার্চ টেস্টিং এন্ড কনসালটেশন (বিআরটিসি) সাথে ২০১৯ সালে চুক্তি সম্পাদন করা হয়েছে এবং এর কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে। মাস্টার প্ল্যান প্রণয়নের কাজটি সম্পাদনে ব্যয় হবে ১২৫ কোটি টাকা। মাস্টার প্ল্যান প্রণয়নে বুয়েটের বিআরটিসির সাথে নেদারল্যান্ডসের রয়েল হাস্কনিঙ এবং বাংলাদেশে তাদের সহায়ক কোম্পানি প্রফিসিয়েন্ট সার্ভিসেস ইন্টারন্যাশনাল লিমিটেড কাজ করছে।
জেমালিংক ইন্টারন্যাশনাল বন্দরে প্রতিনিধিদলকে স্বাগত জানান ওই বন্দরের সিইও বেনোয়েট ক্লেন।
এ সময় অন্যান্যের মধ্যে পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল গোলাম সাদেক, প্রকল্প পরিচালক ক্যাপ্টেন মুহাম্মদ মনিরুজ্জামান, পায়রা বন্দরের পরিচালক (ট্রাফিক) মো. আতিকুল ইসলাম, প্রফিসিয়েন্ট সার্ভিসেস ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. দেলোয়ার হোসেন, রয়েল হাস্কনিঙ এর বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সেবাস্তিয়ান এন্টনি হালসবার্গেন উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালে পায়রা বন্দরের উদ্বোধন করেন। ২০১৬ সাল থেকে এ বন্দরের অপারেশনাল কার্যক্রম শুরু হয়। ২৬ সেপ্টেম্বর পর্যন্ত বন্দরে দেশি-বিদেশি ২০২২ টি জাহাজ অপারেশনের মাধ্যমে সরকারের মোট আয় হয় ৯৭৫ কোটি টাকা।
জেমালিংক বন্দর ২০০৮ সালে কার্যক্রম শুরু করলেও ২০২১ সালে এটার অপারেশনের কাজ শুরু হয়। নেদারল্যান্ডসের রয়েল হাস্কনিঙ কোম্পানি এর ডিজাইন, ফিজিবিলিটি স্টাডি ও মাস্টার প্ল্যান প্রণয়নের কাজ করে। বন্দরটির বার্ষিক কন্টেইনার ধারণ ক্ষমতা ১.৫ মিলিয়ন টিইইউস। এর ৮টি শিপ টু শোর গেন্ট্রি ক্রেন, ২৪টি রাবার টায়ার গেন্ট্রি ক্রেন ও পাঁচটি ফিক্সড কার্গো ক্রেন রয়েছে। বন্দরটিতে ড্রাফট রয়েছে ১৬.৫ মিটার। হো চি মিন সিটির ৮৫ ভাগ পণ্য এ বন্দরের মাধ্যমে আমদানি-রপ্তানি হয়ে থাকে।

হিন্দুত্ববাদীদের তোপের মুখে ভারত ছাড়লেন পাকিস্তানি উপস্থাপক

‘অবমাননাকর’ পোস্টের জেরে বিশ্বকাপের জন্য কাজ করতে আসা এক পাকিস্তানি নারী উপস্থাপিক ভারত ছেড়েছেন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ডিজিটাল টিমে কাজ করেন জেয়নাব আব্বাস।
ভারতের স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, সোমবার ভারত ত্যাগ করেছেন জেয়নাব আব্বাস।
যদিও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের এক মুখপাত্র বিবিসিকে বলছেন, জেয়নাব আব্বাসের ভারত ছাড়ার পেছনে ‘ব্যক্তিগত কারণ’ রয়েছে।
বিবিসি জেয়নাব আব্বাসের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে, এমনকি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি কোনো বিবৃতি দেননি ভারত ত্যাগ ইস্যুতে।
জেয়নাব আব্বাস ক্রিকেট অনুরাগীদের মধ্যে সুপরিচিত এক মুখ। তিনি ২০১৫ সাল থেকেই নিয়মিত শো উপস্থাপনা এবং ধারাভাষ্য দিয়ে আসছেন।
২০১৯ সালে যুক্তরাজ্যে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপে জেয়নাব আব্বাস খ্যাতি লাভ করেন। তিনি পাকিস্তানের প্রথম নারী উপস্থাপিক হিসেবে বিশ্বকাপে কাজ করেছেন।
গত সপ্তাহে তিনি ভারতে পৌঁছান এবং ৬ই অক্টোবর পাকিস্তান বনাম নেদারল্যান্ডস ম্যাচে কাজ করেন। এরপর তার ব্যাঙ্গালোর, চেন্নাই ও আহমেদাবাদ যাওয়ার কথা ছিল।
কিন্তু ভারতের রাজধানী দিল্লিতে এক আইনজীবী পুরনো কিছু টুইট নিয়ে জেয়নাবের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।
এরপর ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বড় ধরনের আক্রমণের শিকার হন এই উপস্থাপক।
আইনজীবী ভিনিত জিন্দালের মামলায় অভিযোগ তোলা হয়, জেয়নাব একটি আনঅফিসিয়াল টুইটার একাউন্ট থেকে ভারত ও হিন্দু ধর্ম নিয়ে ‘অবমাননাকর এবং প্ররোচনামূলক পোস্ট’ দিয়েছেন।
কিছু স্ক্রিনশট ভাইরাল হয়েছে যা কায়েক বছর আগের কিন্তু এসব পোস্ট এখন সোশাল মিডিয়ায় পাওয়া যাচ্ছে না।
জিন্দালের করা মামলায়, কাশ্মীরের স্বাতন্ত্র্য নিয়েও জেয়নাবের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে একটি পোস্টের কথা উল্লেখ রয়েছে।
হিমালয়ান এই অঞ্চল নিয়ে ভারত-পাকিস্তান দ্বন্দ্ব বিশ্ব রাজনীতির অন্যতম আলোচিত একটা বিষয় এবং এই অঞ্চলের পুরোটাই ভারত ও পাকিস্তান উভয় রাষ্ট্রই দাবি করে।
আইনজীবী জিন্দাল ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও তার ছেলে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার প্রধান জয় শাহকে একটি চিঠি লেখেন, যেখানে তিনি এই প্রেজেন্টারকে আইসিসি থেকে বরখাস্তের দাবি জানান।
মঙ্গলবার টুইটারে জেয়নাব আব্বাস ভারত অঞ্চলে ট্রেন্ডিং ছিলেন এবং তার পুরনো পোস্টগুলোর স্ক্রিনশট নিয়ে ভারতের অনেক টুইটার ব্যবহারকারী ক্ষোভ প্রকাশ করেছেন।
পাকিস্তানের টুইটারেও জেয়নাব আব্বাস ট্রেন্ডিং ছিলেন, তবে সেখানে অনেকেই জেয়নাব আব্বাসের পক্ষে কথা বলছেন এবং তার নাম জুড়ে যেসব পোস্ট ভাইরাল হয়েছে সেসবের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
পাকিস্তানি সাংবাদিক রিজওয়ান ঘিলজাই বলেছেন, ভারত থেকে ‘নিরাপদ রাস্তায়’ বিদায় নিয়েছেন জেয়নাব। তিনি তার টুইটারে লিখেছেন, ‘ভারতে সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্ট নিয়ে জেয়নাবকে হুমকিও দেয়া হয়েছে।’
অক্টোবরের শুরুতে ভারত সফর নিয়ে উচ্ছাস প্রকাশ করেছিলেন জেয়নাব, নিজের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে তিনি লিখেছিলেন, ‘বন্ধুত্ব, একই ভাষা, শিল্পের প্রতি কদর এবং এক বিলিয়ন মানুষের দেশে আইসিসির হয়ে কাজ করতে পেরে আমি খুশি।’
ছয় সপ্তাহের যাত্রা এক সপ্তাহেই শেষ হলো জেয়নাব আব্বাসের।
পাকিস্তানিদের ভিসা বিলম্ব
ভারত-পাকিস্তান ম্যাচের তিনদিনও বাকি নেই, কিন্তু এখনো পাকিস্তানের সাংবাদিক ও সমর্থকদের অনেকে ভিসা না পাওয়াতে, সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান জাকা আশরাফ ‘গুরুত্ব উদ্বেগ’ প্রকাশ করেছেন।
ইতোমধ্যে হায়দ্রাবাদে পাকিস্তান দুটি ম্যাচ খেলে ফেলেছে। এখনো পর্যন্ত ভিসার অগ্রগতি দেখে মনে হচ্ছে, পাকিস্তানের সমর্থকরা ও সাংবাদিকরা ভারতের বিপক্ষে ম্যাচে গ্যালারিতে থাকতে পারবেন না।
পাকিস্তান ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিক বিবৃতিতে এনিয়ে হতাশা প্রকাশ করেছে।
পিসিবি তাদের বিবৃতিতে আইসিসি ও বিসিসিআইকে, তাদের বাধ্যবাধকতার কথা স্মরণ করিয়ে দিয়েছে।
আইসিসি যদিও বলছে, পাকিস্তানের অন্তত ৬০ জন সাংবাদিকের ভিসা নিয়ে তারা ভারতের সাথে কাজ করছে। কিন্তু ঠিক কতোজন পাকিস্তান সমর্থক ভারতে ঢুকতে পারবেন তা নিয়ে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি।
এর আগে আইসিসি ও বিসিসিআই পিসিবির সাবেক চেয়ারম্যান ও আইসিসির বর্তমান প্রেসিডেন্ট এহসান মানিকে কথা দিয়েছিল পাকিস্তানি নাগরিকদের ভিসা কোনও সমস্যা হবে না।
এহসান মানি বলেন, ‘যে কোনো দেশ যদি আইসিসি ইভেন্টের আয়োজক হয় তারা দলের সদস্য থেকে শুরু করে সমর্থকদের ভিসা দেয়ার জন্য অঙ্গীকারবদ্ধ থাকার কথা। আমি আইসিসির বোর্ড মিটিংয়ে ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত বারবার ভিসার কথা তুলেছি, তখন তারা বলেছিল এটা নিয়ে কোনও সমস্যা হবে না।’
পাকিস্তানের ক্রিকেট দলও তাদের ফ্লাইটের একদিন আগে ভিসা পেয়েছেন, যে কারণে দুবাইয়ে একটা পূর্ব পরিকল্পিত বিশ্বকাপ পূর্ববর্তী ক্যাম্প বাতিল করতে হয়েছে।
হায়দ্রাবাদে পাকিস্তান
পাকিস্তান ক্রিকেট দল ভারতের শহর হায়দ্রাবাদে উষ্ণ অভ্যর্থনা ও সমর্থন পাচ্ছে। দলটি এই শহর ছাড়বে, তবে গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে প্রায় ২৫ হাজার দর্শকের অনেকেই পাকিস্তানের সমর্থনে গলা ফাটিয়েছে।
মোহাম্মদ রিজওয়ানের শতক উদযাপনের সময় গ্যালারিতে উল্লাস দেখা গেছে।
হায়দ্রাবাদে অনেকে প্রায় সাড়ে আটশো কিলোমিটার গাড়ি চালিয়ে ভোপাল থেকে এসেছেন, বাবর আজমের খেলা দেখবেন বলে।
যদিও বাবর প্রথম ম্যাচে ৫ ও দ্বিতীয় ম্যাচে ১০ রান করে আউট হয়ে গেছেন। কিন্তু পাকিস্তান ক্রিকেট দল তাদের মন ভরিয়েছে।
গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পরে পাকিস্তানের ক্রিকেট দল হায়দ্রাবাদের মাঠের গ্রাউন্ডসম্যানদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন, একজন গ্রাউন্ডসম্যানকে বাবর আজম তার জার্সি উপহার দিয়েছেন।
রিজওয়ান ম্যাচ শেষে বলেন, ‘কিউরেটর ম্যাচের আগে আমাকে বলছিলেন ২০০ করবে তুমি এখানে। আমি শুধু তার কথা মাথায় রেখেছি।’
রিজওয়ান চোট নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত ১৩০ রানের ইনিংস খেলেছেন।
সব মিলিয়ে পাকিস্তান ক্রিকেট দলের হায়দ্রাবাস সফর ছিল মনে রাখার মতো বলছেন, মোহাম্মদ রিজওয়ান।
খবর বিবিসি

শুধু ওষুধ ছিটিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয় : স্থানীয় সরকারমন্ত্রী

ডেঙ্গু নিয়ন্ত্রণে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের পরও মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে মানুষের মৃত্যু দুঃখজনক উল্লেখ করে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, শুধু ওষুধ ছিটিয়ে এটা নিয়ন্ত্রণ সম্ভব নয়। সমস্যাগুলো খুঁজে বের করে সমাধান করা জরুরি।
আজ বুধবার (১১ অক্টোবর) রাজধানীর একটি অভিজাত হোটেলে ‘ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ : তথ্য ভাগাভাগি’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এটা দুঃখজনক যে এবারের ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ এবং তা আগের রেকর্ড ছাড়িয়ে গেছে। প্রধানমন্ত্রীও এ বিষয়ে আমার সঙ্গে পরামর্শ করেছেন। আমরা চাই না কেউ ডেঙ্গুতে আক্রান্ত হোক। এখন উচিত ব্যক্তিগত পর্যায় থেকে সচেতন হওয়া। যেন কোথাও পানি জমে থাকতে না পারে। সে রকম দেখা গেলে তা ধ্বংস করে ফেলা।

১৯৯৯ সালে সীমিত আকারে দেশে ডেঙ্গুর প্রকোপ দেখা গিয়েছিল জানিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ২০১৯ সালে তা প্রকট আকারে দেখা যায়। সে সময় ডেঙ্গু মোকাবিলায় বিশ্বের অন্যান্য দেশ কী পন্থা অবলম্বন করে, সে বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করেছি। তারপরও সে বছর আমাদের জন্য সুখকর হয়নি। ডেঙ্গু মোকাবিলা করতে গিয়ে আমাদের অনেক লোক আক্রান্ত হয়েছে এবং কেউ কেউ মৃত্যুবরণও করেছে। তবে ২০২০ সালে আমরা ডেঙ্গু মোকাবিলায় আগের বারের চেয়ে সফল হই। প্রস্তুতি ও প্রতিকার ব্যবস্থা গ্রহণ করায় এ ধরনের ইতিবাচক ফল আসে। ২০২১-২২ সালেও সে ধারা বজায় ছিল।
তাজুল ইসলাম বলেন, ডেঙ্গু মোকাবিলায় বছরের শুরুতে মন্ত্রণালয়ে একটি প্রস্তুতিমূলক সভা করা হয়। এতে পর্যালোচনা করা হয় যে, সিটি করপোরেশনের কাছে মশা মারার ওষুধ পর্যাপ্ত পরিমাণে আছে কিনা, যন্ত্রপাতি আছে কিনা এবং প্রয়োজনীয় লোকবল আছে কিনা। এরপর আমরা সিটি করপোরেশনের অধীনে যে ওয়ার্ড রয়েছে, সেগুলোকে ১০ ভাগে ভাগ করি। যার নেতৃত্বে ছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর। এতে উল্লেখযোগ্য সংখ্যক কর্মী বা স্বেচ্ছাসেবক একত্রিত হলো। যার ফলে ডেঙ্গু মশার প্রজননস্থল চিহ্নিত করে সহজেই তা ধ্বংস করা গেছে।
স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইব্রাহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই সেশনে অন্যদের মধ্যে ওয়ার্ল্ড ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেক, সিনিয়র অপারেশন অফিসার ইফাত মাহমুদ, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব ফারজানা মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।