শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে আজ রোববার বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, সাক্ষাৎকালে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
নতুন প্রধান বিচারপতিকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপ্রধান আশা প্রকাশ করেন যে, তাঁর নেতৃত্বে বিচার বিভাগের উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত হবে।
এ সময় প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে বিচার বিভাগের উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা অবহিত করেন।
তিনি আরও জানান, বিচারকদের প্রশিক্ষণের সুযোগ-সুবিধা বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হচ্ছে।
বৈঠককালে রাষ্ট্রপ্রধান সুপ্রিম কোর্টের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।
রাষ্ট্রপতি বলেন, বিচার বিভাগের উন্নয়নে গৃহীত কার্যক্রম বাস্তবায়নে, সরকার সার্বিক সহযোগিতা অব্যাহত রাখবে।
এ সময় মহামান্য রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম ও সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

আল-জাজিরা বন্ধ করে দিতে চায় ইসরায়েল

ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাসকে সহযোগিতার অভিযোগে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা নিউজের স্থানীয় ব্যুরো কার্যালয় বন্ধ করে দেওয়ার দাবি জানিয়েছেন ইসরায়েলের তথ্যমন্ত্রী শালোমা কারহি।
আজ রোববার ইসরায়েলের বেতার সংবাদমাধ্যম আর্মি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে এ ডাক দিয়েছেন তিনি।
শালোমা কারহি জানান, গত ৭ অক্টোবর যুদ্ধ শুরুর দিন থেকে হামাসঘেঁষা সংবাদ পরিবেশ করে আসছে আল-জাজিরা নিউজ। ইতোমধ্যে এ সংবাদমাধ্যমটির ইসরায়েল কার্যালয় বন্ধ করে দেওয়া একটি প্রস্তাব সরকারের কাছে পাঠিয়েছেন তিনি।
বর্তমানে ইসরায়েলের রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা প্রস্তাবটি যাচাই করছে। তাদের যাচাই শেষ হলে এটি মন্ত্রিসভায় তোলা হবে বলে জানিয়েছেন শালোমা।
আর্মি রেডিওকে ইসরায়েলের তথ্যমন্ত্রী বলেন, ‘এই নিউজ স্টেশনটি নিয়মিত উসকানিমূলক সংবাদ পরিবেশন করে যাচ্ছে এবং এসব সংবাদ ইসরায়েলের নাগরিকদের বিরুদ্ধে বাইরের দেশের অনেক মানুষকে ক্ষেপিয়ে তুলছে। আলজাজিরা যতখানি সংবাদমাধ্যম, তারচেয়েও অনেক বেশি প্রোপাগান্ডা মাউথপিস।’
তিনি বলেন, ‘নিজেদের স্বাধীন সংবাদমাধ্যম হিসেবে দাবি করা একটি নিউজ স্টেশন হামাসের মুখপাত্র হিসেবে কাজ করছে, এটা অগ্রহণযোগ্য। আশা করছি, শিগগিরই এ ব্যাপারে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারব।’

ফার্মগেট ফুটওভার ব্রিজ হকারমুক্ত দেখতে চাই : মেয়র আতিক

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ডিএনসিসি ও ডিএমপি মিলে ফার্মগেট ফুটওভার ব্রিজ হকার মুক্ত দেখতে চাই। কারণ ফার্মগেট ফুটওভার ব্রিজ আমাদের একটি হার্ট। যদি এখানে কোনো হকার বসে তাহলে এটি নষ্ট হয়ে যাবে। এখানে মানুষজন চলতে কষ্ট পাবেন। এখানে যেন কোনো হকার না বসতে পারে এবং কোনো ভবঘুরে যেন না থাকতে পারে এ জন্য আমি ডিএমপি কমিশনারকে অনুরোধ জানাচ্ছি।
তিনি বলেন, আমি বলে দিচ্ছি, হকার উচ্ছেদের বিষয়ে আমার কোনো সুপারিশ কল আপনার কাছে যাবে না। ফুটওভার ব্রিজের ওপর কোনো কাউন্সিলর দোকান বরাদ দিতে পারবে না।
আজ রোববার (১৫ অক্টোবর) ফার্মগেটের ফুটওভার ব্রিজ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আতিকুল ইসলাম বলেন, আমি একটি ট্রাফিক পুলিশ বক্স উঠিয়ে দিয়েছিলাম। ওই পুলিশ বক্স উঠিয়ে দেওয়ার কারণ হচ্ছে, সেখানে ৮ ইঞ্চি ঢালাই দিয়ে পুলিশ বক্স বানানো হয়েছে। কিন্তু বিষয়টি সিটি করপোরেশন জানে না। এখন ব্যাঙের ছাতার মতো বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন নিয়ে পুলিশ বক্স হচ্ছে। এতে শহরটা নষ্ট হয়ে যায়। শহর দেখতে ভালো লাগে না। আপনাদের বলতে চাই, আপনারা যেখানে পুলিশ বক্স বসাবেন আমরা নন্দিত পুলিশ বক্স বানিয়ে দেব।
ফার্মগেটের আনোয়ারা উদ্যান প্রসঙ্গে মেয়র বলেন, শুনলাম যারা মেট্রোরেল তৈরি করছেন, তারা নাকি আনোয়ারা উদ্যানে বড় একটা মার্কেট করবে। যারা মাঠ নষ্ট করে মার্কেট করতে চান আমি তাদের বলছি, আমি জনগণকে নিয়ে এখানে প্রতিহত করব। এখানে কোনো ধরনের মার্কেট হবে না, হবে না এবং হবে না। এখানে মাঠ হবে ফার্মগেট এলাকাবাসীর জন্য।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা প্রমুখ।

মন্ত্রিসভা ছোট করার বিষয়ে সিদ্ধান্ত তফসিলের পর : ওবায়দুল কাদের

নির্বাচনকালীন সরকার ছোট করার বিষয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ রোববার (১৫ অক্টোবর) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
নির্বাচনকালীন সরকারের আকার কেমন হবে —জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকালীন সরকার একটা থাকতে পারে। গতবার যেভাবে (মন্ত্রিসভা) ছিল ওটাই নির্বাচনকালীন সরকার ছিল। এটার এখতিয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
তিনি বলেন, প্রধানমন্ত্রী যদি মনে করেন মন্ত্রিসভা ছোট করা দরকার বা যেভাবে রয়েছে সেভাবে থাকা দরকার, এটা তার এখতিয়ার।
আপনি সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী —বিষয়টি জানেন কি না, এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনই এই আলাপ করার তো সময় না। সিডিউল ডিক্লেয়ার (তফসিল ঘোষণা) হলে হতে পারে।
তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন অনেক শক্তিশালী হয়ে যাবে জানিয়ে তিনি বলেন, তখন আমরা শুধু রুটিন ওয়ার্ক করব।
তিনি জানান, নির্বাচন-সংক্রান্ত সবকিছু নির্বাচন কমিশন করবে। সংবিধান অনুযায়ী তাদের চাহিদা আইন অনুযায়ী দিতে আমরা বাধ্য। এসপি, ডিসি যদি বদল করার দরকার হয়, সেটাও তারা করতে পারে।

দেশ শব্দদূষণমুক্ত করার পরিকল্পনা বাস্তবায়ন করব : পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন বলেছেন, আজ শুধু ঢাকা শহরে এক মিনিট শব্দদূষণমুক্ত কর্মসূচি পালন করলাম। কিছু দিনের মধ্যে দেশব্যাপী এটা করবো। এক ঘণ্টা, পাঁচ ঘণ্টা, ১০ ঘণ্টা করে করার পর একদিন এটিকে ২৪ ঘণ্টায় নিয়ে যাব। দেশ শব্দদূষণমুক্ত করার পরিকল্পনা বাস্তবায়ন করব। ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ শব্দদূষণমুক্ত করতে এগিয়ে আসবে।
‘শব্দদূষণ বন্ধ করি, নীরব মিনিট পালন করি’ স্লোগানে আজ রোববার (১৫ অক্টোবর) সকাল ১০টা থেকে ১০টা ১ মিনিট ঢাকা শহর শব্দহীন করার সিদ্ধান্ত নিয়েছিল পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এই কর্মসূচি পালনকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বিনয়ের সঙ্গে সবাইকে অনুরোধ করব আপনারা বিষয়টি একটু নীরবে চিন্তা করে দেখেন আপনার একটা হর্নের কারণে একজন মানুষের জীবনে যে কোনো ঘটনা ঘটে যেতে পারে, হার্ট অ্যাটাক করতে পারে বা ছোট ছোট বাচ্চারা আক্রান্ত হতে পারে। হাইড্রোলিক হর্ন অবশ্যই বন্ধ করতে হবে।
তিনি বলেন, আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে এক মিনিট নীরবতা পালন করেছেন, এ জন্য সবাইকে ধন্যবাদ জানাই। আমরা আশাবাদী এই বাংলাদেশকে আমরা একদিন শব্দদূষণমক্ত করতে পারব। অন্য দেশে যখন যাই আমরা শব্দদূষণ মেনে চলি। কিন্তু নিজের স্বাধীন দেশে এসে আমরা সেটা মানি না। আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করছি।
সারাদেশ এক সময় ২৪ ঘণ্টাই শব্দদূষণমুক্ত থাকবে সেই আশা করে পরিবেশমন্ত্রী বলেন, সারা পৃথিবীর মানুষ মানে কেন আমরা পারব না? ইনশাআল্লাহ আমরাও পারব। একটু সচেতন হলে দেশকেও সচেতনমুক্ত রাখতে পারব।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদ জানান, শব্দদূষণ নিয়ন্ত্রণ করতে এ-সংক্রান্ত বিধিমালা হালনাগাদ করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে বিধিমালা হালনাগাদ করা হবে।
তিনি জানান, বিধিমালা হালনাগাদ করে শব্দের যে মানমাত্র অর্থাৎ অ্যাম্বুলেন্স চলতে হলে কত ডেসিমেলে তারা সড়কে চলতে পারবে, রোগী নেওয়ার সময় চলতে পারবে কিন্তু রোগী ছাড়াও চলতে পারবে কি না, এসব নির্দেশনা দেওয়া হবে। যারা মোটরসাইকেল চালাচ্ছেন তাদের জন্য আলাদা মানমাত্রা থাকবে। কনসার্ট হবে, পাবলিক প্লেসে জনসমাগম হলে সেখানে শব্দের মানমাত্রার শব্দ ব্যবহার করতে পারবেন তা বলে দেওয়া হবে। শাস্তি, জরিমানা, জেল সবাই থাকবে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহার, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি, পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি, স্কাউটের সদস্যরা উপস্থিত ছিলেন।

ইসরায়েল-হামাস যুদ্ধে ২৯ মার্কিনি নিহত, নিখোঁজ ১৫

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধে নিহত মার্কিন নাগরিকদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ জনে। এ ছাড়া এখনো ১৫ জন আমেরিকান নাগরিকের কোনো খোঁজ মিলছে না।
এদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ২২০০ ছাড়িয়েছে।
আজ রোববার (১৫ অক্টোবর) রয়টার্সেও প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলে হামাসের হামলায় যুক্তরাষ্ট্রের ২৯ জন নাগরিক নিহত হয়েছেন বলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র শনিবার নিশ্চিত করেছেন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র এই গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলের সহিংসতায় এর আগে ২৭ মার্কিনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছিল।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওই মুখপাত্র বলেছেন, এ ছাড়া ১৫ জন মার্কিন নাগরিক এবং যুক্তরাষ্ট্রের বৈধ এক স্থায়ী বাসিন্দার কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না এবং তাদের সন্ধান পেতে ‘অব্যাহতভাবে কাজ চালিয়ে’ যাচ্ছেন কর্মকর্তারা।
ওই মুখপাত্র আরও বলেন, যুক্তরাষ্ট্র বন্দি সংকটের বিষয়ে ইসরায়েলি সরকারের সঙ্গে কাজ করছে, যার মধ্যে গোয়েন্দা তথ্য আদান-প্রদানের মতো বিষয়ও রয়েছে।
এর আগে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি গত বুধবার বলেন, ইসরায়েলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের অভূতপূর্ব হামলার সময় বন্দি হওয়া আনুমানিক ১৫০ জন ব্যক্তির মধ্যে ‘মুষ্টিমেয়’ মার্কিন নাগরিক রয়েছেন।
কিরবি সাংবাদিকদের বলেন, ‘এই মুহূর্তে, যে সংখ্যাটি আমরা জানি বা আমরা বিশ্বাস করি যে, বন্দি করা হয়েছে তা খুব ছোট, খুব ছোট, মুষ্টিমেয় থেকেও কম। কিন্তু সময়ের সাথে সাথে এটি পরিবর্তিত হতে পারে।’
এদিকে হামাস-ইসরায়েলের সংঘাত ছড়িয়ে পড়ার পরপরই ইসরায়েল উপকূলে বিমানবাহী রণতরী পাঠানোর কথা জানিয়েছিল যুক্তরাষ্ট্র। গত রোববার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানায়, তারা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এবং এর সঙ্গে থাকা অন্য যুদ্ধ জাহাজগুলোকে পূর্ব ভূমধ্যসাগরে পাঠাচ্ছে।

১৫ বছরে বাংলাদেশে বিমান চলাচল বাড়বে তিন গুণ : পর্যটন প্রতিমন্ত্রী

আগামী ১৫ বছরে বাংলাদেশে বিমান চলাচল প্রায় তিন গুণ বাড়বে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। তিনি বলেছেন, এভিয়েশন সেক্টরে বাংলাদেশ একটি সম্ভাবনাময় নাম। আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই সম্ভাবনাকে সফলভাবে বাস্তবে রূপ দিতে কাজ করে যাচ্ছি। গত ১০ বছরে দেশের বিমান চলাচলের বাজার যাত্রী ও পণ্যবাহী পরিবহনে প্রায় দ্বিগুণ হয়েছে। আগামী ১৫ বছরে তা তিন গুণ বাড়বে।
আজ রোববার (১৫ অক্টোবর) সকালে ঢাকার প্যান-প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সিভিল এভিয়েশন প্রধানদের (ডিজিসিএ) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এরপর সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন তিনি।
তিনি বলেন, দেশের প্রতিটি বিমানবন্দরকে উন্নত করার প্রক্রিয়া চলছে। আমরা এমন একটি এভিয়েশন হাব গড়ে তুলতে চাই, যাতে ভবিষ্যতে পর্যটকরা আরও আকৃষ্ট হয়।
পর্যটন প্রতিমন্ত্রী বলেন, দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে বিমান শিল্পের যাত্রা শুরু হয়। ১৯৭২ সালে তার হাত ধরে সিভিল এভিয়েশন প্রতিষ্ঠিত হয়। তার স্বপ্ন এখন বাস্তবায়নে কাজ করছে তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার হাত ধরে দেশ এক অপার উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে।
মো. মাহবুব আলী বলেন, বঙ্গবন্ধু চেয়েছিলেন এমন একটি এভিয়েশন হাব গড়ে তুলতে, যাতে পূর্ব ও পশ্চিমকে এক করা যায়। আমাদের ভূতাত্ত্বিক অবস্থানের জন্য একটি আলাদা সুবিধা আমরা পেয়ে থাকি।
তিনি বলেন, এবারের সম্মেলন টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈশ্বিক উন্নয়নের কর্মকাণ্ড হিসেবে বিগত দুই যুগ ধরে কাজ করছেন। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ হওয়ার লক্ষ্যে আমরা কাজ করছি। ২১০০ সালে ডেল্টা প্ল্যান আমাদের পরবর্তী লক্ষ্য।
এবারের সম্মেলনে এশিয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৪৭টি দেশ ও ১৩ আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছে।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান মফিদুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন প্রমুখ।

শর্তযুক্ত কোনো আলোচনায় বসবে না আওয়ামী লীগ : কাদের

প্রধানমন্ত্রীর পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারসহ যে চারটি শর্ত দিয়েছে বিএনপি, সেগুলো প্রত্যাহার করা হলে সংলাপের বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দলৈ কাদের।
আজ রোববার (১৫ অক্টোবর) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
তিনি বলেন, সংলাপ সম্পর্কে কোনো কথা বলেনি মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল। শর্তযুক্ত কোনো আলোচনায় বসবে না আওয়ামী লীগ। এর বাইরে যে পরামর্শ তাতে সরকারের আপত্তি নেই।
ওবায়দুল কাদের বলেন, সংলাপের চিন্তা করব তখন যখন শর্ত থাকবে না, সংলাপ হবে শর্তমুক্ত।
নির্বাচনকালীন সরকারের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী যেভাবে চাইবেন যদি মনে করেন কেবিনেট ছোট করবেন বা এভাবেই থাকবে সেটা তার এখতিয়ার।
প্রধানমন্ত্রী পদত্যাগ করলে তারা (বিএনপি) কার সঙ্গে আলোচনা করবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে লেবেল প্লেয়িং ফিল্ড নিয়ে সরকারের কোনো দ্বিমত নাই।
এ সময় সেতুমন্ত্রী বলেন, তারা বন্ধু দেশ (যুক্তরাষ্ট্র) সম্পর্ক আছে, তারা নির্বাচন নিয়ে পর্যবেক্ষণ করতে পারে, কিন্তু তারাও শর্ত দিতে পারে না। আমরা সুষ্ঠু নির্বাচন করতে চেয়েছি, আমরা করছি কি না সেটা তারা দেখবে।
তাদের (যুক্তরাষ্ট্র) কথা মতো নির্বাচন করতে হবে কেন? এমন প্রশ্ন রেখে সেতুমন্ত্রী বলেন, কূটনৈতিক বিষয় সবসময় প্রকাশ্যে আলোচনা হয়, অনেক সমঝোতা ভিতর হয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের উন্নয়নের প্রয়াস অব্যাহত আছে এসময় জানান সেতুমন্ত্রী।

উৎপাদন খরচ বাড়ায় নির্ধারিত দাম ধরে রাখা কঠিন হচ্ছে : বাণিজ্যমন্ত্রী

উৎপাদন পর্যায়ে খরচ বাড়ায় নির্ধারিত দাম ধরে রাখা কঠিন হচ্ছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ সময় তিনি বলেন, ‘সরকারের নির্ধারিত দাম কার্যকর করা সম্পূর্ণ ব্যবসায়ীদের ওপর নির্ভর করে।’
রোববার (১৫ অক্টোবর) ধানমন্ডিতে চাল, তেল, চিনিসহ টিসিবির নিত্যপণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, টিসিবির পণ্য বিক্রি চালিয়ে যাওয়া হবে। আগামী মাস থেকে স্মার্ট কার্ড বিতরণের পরিকল্পনা রয়েছে এক কোটি মানুষের মধ্যে।
সকালে টিসিবির নিত্যপণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ।
এদিকে দেশি পেঁয়াজ, আলু ও ডিমের দাম সরকার নির্ধারণ করে দিলেও তা এক মাসেও বাজারে কার্যকর হয়নি। উল্টো সেঞ্চুরি করেছে দেশি পেঁয়াজ। এছাড়া খুচরায় প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৪৫ টাকা থেকে ৫৬ টাকায় এবং অর্ধশতকেও মিলছে না এক হালি ডিম। ঠিক এক মাস আগে অর্থাৎ গত ১৪ সেপ্টেম্বর দেশি পেঁয়াজ, আলু ও ডিম- এই তিন পণ্যের দাম বেঁধে দেয় সরকার। সে সময় খুচরা পর্যায়ে প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম ৬৪ টাকা থেকে ৬৫ টাকা, আলুর দাম ৩৫ টাকা থেকে ৩৬ টাকা এবং প্রতি পিস ডিমের দাম নির্ধারণ করে দেয়া হয় ১২ টাকা। সে হিসেবে দেশের বাজারে প্রতি ডজন ডিম বিক্রি হওয়ার কথা ১৪৪ টাকা দরে। কিন্তু বাজারের বাস্তবতা বলছে ভিন্ন কথা।
বেঁধে দেয়া দর কার্যকরে যদিও বাজারে চলছে সরকারি সংস্থার অভিযানসহ নানামুখী তৎপরতা, অথচ ফল হয়েছে উল্টো। সরকারি দর তো বাজারে কার্যকর হয়ইনি বরং, একমাস আগের দরের চেয়ে বেড়েছে পেঁয়াজ ও ডিমের দাম।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৫

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১৭৪২ পিস ইয়াবা, ৪৮ কেজি ৯৫০ গ্রাম গাঁজা, ৫৪ গ্রাম হেরোইন, ১৮ বোতল ফেন্সিডিল ও ৯ বোতল বিদেশি মদ উদ্ধারমূলে জব্দ করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৪টি মামলা রুজু হয়েছে।