বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

রোনালদোর দুর্দান্ত ফ্রি-কিকে আল নাসরের জয়

সৌদি প্রো লিগে ক্রিশ্চিয়ানো রোনালদোর চমক চলছেই। ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে জাতীয় দলের হয়ে দুর্দান্ত খেলার পর ক্লাব ফুটবলেও পর্তুগিজ তারকার যাদু অব্যাহত রয়েছে। দামাকের বিপক্ষে পিছিয়ে পড়ার পর তার দুর্দান্ত ফ্রি-কিকে আল নাসর জয় নিয়ে মাঠ ছেড়েছে। ২-১ গোলে জয় পেয়েছে নাসর।
রোনালদো অসাধারণ এক ফ্রি-কিকে গোল করেছেন। প্রায় ২৫ গজ দূর থেকে ফ্রি -কক থেকে গোলটি করেন তিনি। ম্যাচের ৫৬ মিনিটে তার নেওয়া ফ্রি-কিকটি রুখতে পাঁচজন মানব দেয়াল তৈরি করেছিলেন। কিন্তু সে দেয়ালকে ফাঁকি দিয়ে রোনালদোর শট জালে আশ্রয় নেয়। গোলরক্ষক কিছুই বুঝতে পারেননি। অসহায়ের মতো দাঁড়িয়ে শুধু দেখেছেন।
রোনালদোর ফ্রি-কিকের চার মিনিট আগে আরো এক ফ্রি-কিক থেকে আল নাসর সমতা ফেরায়। এ ফ্রি-কিকেও রোনালদো দামাকের গোলরক্ষককে বোকা বানান। কিকটি নেওয়ার জন্য রোনালদো যেমন প্রস্তুতি নিয়েছিলেন তেমনি টালিস্কাকে প্রস্তুতি নিতে বলেন। শেষ পর্যন্ত রোনালদো কিক নেননি, কিক নেন টালিস্কা। ফলে সে সময়ও দামাকের গোলরক্ষক বোকা বনে যান।

বিএনপির মহাসমাবেশ ঘিরে নাশকতার আশঙ্কা নেই : ডিবিপ্রধান

রাজধানী ঢাকায় আগামী ২৮ অক্টোবর বিএনপি যে মহাসমাবেশ ডেকেছে তাকে ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মুহাম্মদ হারুন অর রশিদ। তবে বহিরাগত কেউ যেন রাজধানীতে ঢুকে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সে জন্য প্রবেশপথে চেকপোস্ট বসানো হয়েছে।
আজ রোববার (২২ অক্টোবর) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করবে। আমরা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেবো। আগামী ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ কেন্দ্র করে আমাদের কাছে নিরাপত্তার কোনো শঙ্কা নেই।
বিএনপি নেতাদের গ্রেপ্তারের বিষয়ে এক প্রশ্নের জবাবে মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, রাজধানীতে নানা উন্নয়নমূলক কাজ চলছে। কেউ যেন অপরাধমূলক কাজ বা বিশৃঙ্খলা করতে না পারে, তাই আমরা নিয়মিত টহল দিয়ে থাকি। আমাদের যেই নিয়মিত নিরাপত্তা টহল, চেকপোস্ট চলে- সেটা চলবে। কোনো রাজনৈতিক দলের সমাবেশকে কেন্দ্র করে চেকপোস্ট, টহল চলে না। আপনারা দেখবেন এটা আমরা নিয়মিতই করি।
সরকার পতনের এক দফা আন্দোলনে থাকা বিএনপি আগামী ২৮ অক্টোবর শনিবার ঢাকায় মহাসমাবেশ ডেকেছে। সেদিন নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করতে ইতোমধ্যে ডিএমপির কাছে আবেদন করেছে বিএনপি। ডিএমপির পক্ষ থেকে এ ব্যাপারে এখনো কিছু জানানো হয়নি।
একই দিন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশে ডেকেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সেখানে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে। একই দিন কাছাকাছি জায়গায় বড় দুই দলের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতি। এ অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানাতে সংবাদ সম্মেলনে আসেন নগর পুলিশের ডিবিপ্রধান।

ঢাকায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গ্রেপ্তার ১৮

রাজধানীজুড়ে পৃথক অভিযান চালিয়ে ১৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মাদক সেবন ও বিক্রিয়ের অভিযোগে তাদের গ্রেপ্তার করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
শনিবার (২১ অক্টোবর) সকাল ৬টা থেকে রোববার (২২ অক্টোবর) একই সময় পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পৃথক ওই অভিযান পরিচালিত হয়।
অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে ৭৫২ পিস ইয়াবা ছাড়াও ২৭ কেজি ৩৫০ গ্রাম গাঁজা ও ১০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ১৫টি মামলা রুজু হয়েছে।

হলান্ড-আলভারেজের গোলে শীর্ষে ফিরল ম্যান সিটি

গতবারের ট্রেবলজয়ী ম্যানচেস্টার সিটি এবার দেখেছে মুদ্রার উল্টোপিঠ। ইংলিশ প্রিমিয়ার লিগে হারতে হয়েছে টানা দুই ম্যাচে। তবে ব্রাইটনের বিপক্ষে গতকালের ম্যাচে আবার চিরচেনা ছন্দ খুঁজে পেয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা। আর্লিং হলান্ড ও জুলিয়ান আলভারেজের গোলে জয়ের পাশাপাশি ফিরে পেয়েছে লিগের শীর্ষস্থানও।
গতকাল শনিবার ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ব্রাইটনের বিপক্ষে মাঠে নেমেছিল ম্যানসিটি। এ ম্যাচে শুরু থেকেই দাপুটে ফুটবলই খেলেছে গার্দিওলা শিষ্যরা। এর ফলও পেয়েছে হলান্ডরা। প্রথমার্ধেই এগিয়ে যায় দুই গোলে।
গতকাল সিটির হয়ে ব্রাইটনের জালে প্রথম লক্ষ্যভেদ করেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা আলভারেজ। ম্যাচের সাত মিনিটে জেরেমি ডকুর বাড়ানো বলে লক্ষ্যভেদ করেন তিনি। শুরুতেই লিড পাবার পর তা দ্বিগুণ করেছেন হলান্ড।
গতবারের সর্বোচ্চ গোলদাতা হলান্ড উলভারহ্যাম্পটন এবং আর্সেনালের বিপক্ষে ম্যাচে ছিলেন গোলহীন। তবে কাল নরওয়েজিয়ান এই তারকা ম্যাচের ১৯ তম মিনিটে গোল করেন একক দক্ষতায়। এই গোল নিয়ে এখনো পর্যন্ত নয় গোল করে এ মৌসুমে লিগের শীর্ষ গোল দাতা এখন তিনি। এ দুই তারকার গোলেই বিরতির আগেই দুই গোলে এগিয়ে যায় সিটি।
এদিকে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যাওয়া সিটি গতকাল আর ব্যবধান বাড়াতে পারেনি ম্যাচের দ্বিতীয়ার্ধেও। তবে ৭৩ মিনিটে প্রতি আক্রমণে একটি গোল করে ম্যাচে ফেরার আশা তৈরি করে বার্সেলোনা থেকে ধারে ব্রাইটনে যাওয়া আনসু ফাতি। তবে শেষ পর্যন্ত ফাতির এই গোল শুধু হারের ব্যবধানই কমিয়েছে। এরপর আর কোনো দলই লক্ষ্যভেদ করতে পারেনি। ম্যাচের শেষদিকে অবশ্য দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছেড়েছেন সিটির ম্যানুয়েল আকানজি। তবে দশজনের দলে পরিণত হলেও ঠিকই জয় নিয়ে মাঠ ছেড়েছে গার্দিওলা শিষ্যরা। সেই সঙ্গে পুনরুদ্ধার করেছেন শীর্ষস্থান।

রিয়াল মাদ্রিদকে রুখে দিল সেভিয়া

আগের মৌসুমে লা লিগার কয়েকটি ম্যাচে বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। যা নিয়ে তোলপাড় ছিল স্প্যানিশ ফুটবলাঙ্গন। এবার আরও একবার সে পরিস্থিতির মুখোমুখি এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তবে তাৎক্ষণিক সেই দর্শককে মাঠ থেকে বের করে দেয় সেভিয়া কর্তৃপক্ষ। পরবর্তী সময়ে জমজমাট লড়াই শেষে ক্লাবটি স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকেও রুখে দিয়েছে। রিয়াল-সেভিয়া ম্যাচটি শেষ হয়েছে ১-১ গোলের সমতায়।
শনিবার (২১ অক্টোবর) রাতে সেভিয়ার মাঠে লা লিগার ম্যাচে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। সেভিয়ার হয়ে আত্মঘাতি গোল এনে দেন রিয়াল ডিফেন্ডার ডেভিড আলাবা। পরে দানি কারভাহাল সফরকারীদের সমতায় ফেরান। ম্যাচের দুটি গোলই দ্বিতীয়ার্ধে হয়েছে।
এদিন ম্যাচের শুরুতে প্রায় এগিয়েই গিয়েছিল বার্নাব্যু শিবির। তবে দুরূহ কোণ থেকে নেওয়া ফেদে ভালভারদের শটটি ভিএআরের সাহায্যে অফসাইডে কাঁটা পড়ে। ২২তম মিনিটে ইভান রাকিতিচের গোলে এগিয়ে যেতে পারত সেভিয়াও। গোলরক্ষক ব্যর্থ হলেও কারভাহালের হেডে বলটি ফেরত আসে। পরপরই আরেকটি শট নেন লুকাস ওকাম্পোস, সেটি ঝাঁপিয়ে ফেরান রিয়াল কিপার কেপা আরিসাবালাগা।
এরপর সহজ সুযোগও কাজে লাগাতে ব্যর্থ হন ভিনিসিয়ুস। মাঝমাঠের কাছাকাছি থেকে বল নিয়ে এগিয়ে বক্সের সামনে গিয়ে নিয়ন্ত্রণ হারান তিনি। ৩৪তম মিনিটে সেভিয়াকে বাঁচান রিয়ালের সাবেক অধিনায়ক সার্জিও রামোস। বাঁ-দিক থেকে টনি ক্রুসের নিচু ফ্রি-কিক বক্সে আলাবার পা ছুঁয়ে জালের দিকে যাচ্ছিল, স্লাইডে রামোস দলকে বিপদমুক্ত করেন। এরপর জুড বেলিংহ্যামকে ধাক্কা দিয়ে রামোস ফেলে দিলে দুই দল হাতাহাতিতে জড়ায়। সাবেক দুই সতীর্থ অ্যান্টোনিও রুডিগার-রামোস মুখোমুখি লড়াইয়ে গেলে অন্য খেলোয়াড়রা শান্ত করেন দুজনকে।
দ্বিতীয়ার্ধে এগিয়ে যাওয়ার সুযোগ আসছিল রদ্রিগোর কাছ থেকে। কিন্ত কাছ থেকে নেওয়া তার শট ফিরিয়ে দেন সেভিয়া গোলরক্ষক। ম্যাচের ডেডলক ভাঙা গোলটি আসে আলাবার আত্মঘাতী গোলে। সেভিয়ার হয়ে আর্জেন্টাইন মার্কোস আকুনা ক্রস বিপদমুক্ত করতে গিয়ে অস্ট্রিয়ান ডিফেন্ডার বলটি নিজেদের জালে পাঠিয়ে দেন।
অবশ্য সেই লিড বেশিক্ষণ টিকেনি। চার মিনিট পরই রিয়ালকে সমতা ফেরান কারভাহাল। ডান দিক থেকে ক্রুসের ফ্রি-কিকে হেডে ঠিকানা খুঁজে নেন স্প্যানিশ ডিফেন্ডার। এরপর রামোসের শটে প্রায়ই এগিয়ে যাচ্ছিল সেভিয়াও। কিন্তু তার শট দারুণভাবে রুখে দেন আরিসাবালাগা। শেষদিকে একটি কর্নারকে কেন্দ্র করে সেভিয়ার গোলরক্ষক ও ভিনিসিয়ুসের মধ্যে ঝামেলা বাধে। সেই ঝামেলা মিটলেও পয়েন্ট খুইয়ে মাঠ ছেড়েছে কার্লো আনচেলত্তির দল।
টানা তিন জয়ের পর এবার পয়েন্ট খোয়াল রিয়াল। তবে ১০ ম্যাচে আট জয় ও এক ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে তারা শীর্ষেই অবস্থান করছে। সেভিয়ার অবস্থান ১৩ নম্বরে। ৯ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে জিরোনা দুইয়ে, ২১ পয়েন্ট নিয়ে বার্সেলোনা তিনে আছে।

সুন্দরবন রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে : পরিবেশ ও বন উপমন্ত্রী

সুন্দরবন মায়ের মতো এ বনভূমি রক্ষা করতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে। সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় ভিটিআরটি ও সিপিজি সদস্যদের সমন্বয়ে বাঘ সংরক্ষণ সংক্রান্ত সচেতনতামূলক সভা গত শুক্রবার দুপুর ১২টায় পশ্চিম সুন্দরবনের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি বলেন, সুন্দরবন মায়ের সমান। এ বনের সম্পদ রক্ষায় সকলকে যতœশীল হতে হবে। বণ্যপ্রাণী বাঘ, হরিণ, কুমির ও জীববৈচিত্র্য ধ্বংস করা যাবে না। বিষ দিয়ে মাছ শিকার রোধে কড়া পদক্ষেপ নিতে হবে। খুলনা সার্কেলে বন সংরক্ষক মিহির কুমার দো’র সভাপতিত্বে ও ফরেস্ট স্টেশন কর্মকর্তা একেএম আবু সাঈদ ও নির্মল কুমার মন্ডলের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন পশ্চিম সুন্দরবন বিভাগের ডিএফও ডঃ আবু নাসের মোহাম্মদ মহসিন হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ আক্তারুজ্জামান বাবু, পূর্ব সুন্দরবনের ডিএফও মনিরুল করিম, উপজেলা চেয়ারম্যান আলহাজ এসএম শফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম। এর আগে সকাল ১১টায় উপমন্ত্রী হাবিবুন নাহার হায়াতখালি বন টহল ফাঁড়ির নব নির্মিত তিনতলা ভবন উদ্ধোধন করেন।
সভায় সহকারী বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান, ফরেস্ট স্টেশন কর্মকর্তা তানজিরুল ইসলাম, আঃ হাকিম, শমছের আলী, কালু মিয়া, ভিটিআরটি ও সিপিজি সদস্যবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুন্দরবনের ওপর নির্ভরশীল বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা উপস্থিত ছিলেন।

আরেক দফা বাড়ছে স্বর্ণের দাম

বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ায় প্রভাব পড়ছে স্থানীয় বাজারেও। এর ফলে দেশের বাজারে শিগগির আরেক দফা বাড়তে যাচ্ছে স্বর্ণের দাম। চলতি সপ্তাহেই স্বর্ণের দাম বাড়ার ঘোষণা আসতে পারে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সূত্রে এ তথ্য জানা গেছে। এই সংগঠন দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করে থাকে।
বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৪৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ৯৫ হাজার ৯৯৫ টাকা, ১৮ ক্যারেট ৮২ হাজার ২৩১ এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ৬৮ হাজার ৫৮৪ টাকায় বিক্রি হচ্ছে। এখন আরেক দফা দাম বাড়লে অতীতের সব রেকর্ড ভেঙে যাবে।
সূত্র জানায়, ২৩ বা ২৪ অক্টোবর স্বর্ণের দাম বাড়ার ঘোষণা আসতে পারে। এ ক্ষেত্রে প্রথমবারের মতো এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ২ হাজার টাকা স্পর্শ করতে পারে।
এ বিষয়ে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ বলেন, আমরা স্বর্ণের দাম নির্ধারণ করি স্থানীয় বাজারের ওপর ভিত্তি করে। তবে বিশ্ববাজারের দামের চিত্রও সে ক্ষেত্রে ভূমিকা রাখে। আমরা বিশ্ববাজারের চিত্র খেয়াল করেছি। এরই মধ্যে প্রতি আউন্স স্বর্ণের দাম ৫০ ডলারের মতো বেড়েছে। এর ফলে স্থানীয় বাজারেও তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। এ বিষয়ে আমরা সোমবার বৈঠকে বসার চেষ্টা করব। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে।

নিরাপদ সড়কের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করি: প্রধানমন্ত্রী

নিরাপদ সড়কের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সড়ক দুর্ঘটনা বন্ধ তথা সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে হলে সরকারের পাশাপাশি পরিবহন মালিক, শ্রমিক, যাত্রী, পথচারী ও সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে একযোগে কাজ করতে হবে।
আজ রোববার (২২ অক্টোবর) ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিরি এ কথা বলেন। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি।
’
প্রধানমন্ত্রী বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশে প্রত্যাবর্তনের পর ক্ষতিগ্রস্ত সকল সড়ক ও সেতু মেরামত করে যোগাযোগ অবকাঠামো পুনঃস্থাপন করেন। তিনি ১৯৭৪ সালের মধ্যেই মুক্তিযুদ্ধে ধ্বংসপ্রাপ্ত সব সেতু পুনর্নির্মাণ করে চলাচলের উপযোগী করেন, পাশাপাশি তিনি ৪৯০ কি.মি. নতুন সড়ক নির্মাণ করেন।
তিনি বলেন, বাংলাদেশ সরকারের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জাতির পিতা সড়ক পরিবহন খাতকে অগ্রাধিকার প্রদান করে আধুনিক সড়ক নেটওয়ার্ক গড়ে তোলার কার্যক্রম শুরু করেন। আওয়ামী লীগ সরকার জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে তিনটি পঞ্চবার্ষিক পরিকল্পনা, টেকসই উন্নয়ন অভীষ্ট ২০৩০ এবং প্রেক্ষিত পরিকল্পনা ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে নিরাপদ সড়ক নেটওয়ার্ক উন্নয়নের মাধ্যমে নিরবচ্ছিন্ন ও সময় সাশ্রয়ী যাতায়াত ও পণ্য পরিবহন সম্প্রসারণের নিমিত্তে কাজ করে যাচ্ছে। নিজস্ব অর্থায়নে করা স্বপ্নের বহুমুখী পদ্মা সেতুসহ সমগ্র দেশে বিস্তৃত যোগাযোগ ব্যবস্থা জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনীতিতেও উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।
প্রধানমন্ত্রী বলেন, আমরা সড়ক পরিবহন ব্যবস্থায় অভূতপূর্ব উন্নয়নের পাশাপাশি নিরাপদ সড়ক ব্যবস্থা জোরদার করার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করি। সড়ককে নিরাপদ করতে ডিভাইডার স্থাপন, বাঁক সরলীকরণ, সড়ক ৪ লেনে উন্নীতকরণ, মহাসড়কে চালকদের জন্য বিশ্রামাগার নির্মাণ ও গতি নিয়ন্ত্রক বসানোসহ নানামুখী উদ্যোগ গ্রহণ করেছি।
তিনি বলেন, সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা আনয়ন, দক্ষ চালক তৈরি এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে টাস্কফোর্স গঠন করেছি। আধুনিক, প্রযুক্তিনির্ভর এবং টেকসই ও নিরাপদ মহাসড়ক নেটওয়ার্ক প্রতিষ্ঠা করাই আমাদের সরকারের লক্ষ্য।
সরকারপ্রধান বলেন, এবারই প্রথম সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণকারী ব্যক্তির পরিবারকে এককালীন অন্যূন ৫ (পাঁচ) লাখ টাকা এবং গুরুত্বপূর্ণ অঙ্গহানিসহ আহত ব্যক্তিকে অন্যূন ৩ (তিন) লাখ টাকা আর্থিক সহায়তা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। সড়ক নিরাপত্তা নিশ্চিতকল্পে স্বয়ংক্রিয় মোটরযান ফিটনেস সেন্টার চালু করা হয়েছে।
ই-ড্রাইভিং লাইসেন্স প্রবর্তনের মাধ্যমে বিআরটিএ’র প্রায় সকল সেবা ডিজিটালাইজড করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিতকল্পে ৬ দফা নির্দেশনা বাস্তবায়ন করা হচ্ছে। বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় পাঁচ হাজার কোটি টাকা ব্যয়ে ‘বাংলাদেশ রোড সেফটি প্রজেক্ট’ বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি আশা করেন, নিরাপদ সড়কের জন্য সংশ্লিষ্ট সকলে নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা অনাকাঙ্ক্ষিত সড়ক দুর্ঘটনা রোধ করতে পারব, ইনশাল্লাহ।

নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি নৈরাজ্য সৃষ্টি করার পাঁয়তারা করছে। কোনো হুমকি-ধামকি ও হুঙ্কার দিয়ে লাভ নেই, কেউ আইনের ঊর্ধ্বে নয়।
আজ শনিবার (২১ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় শেষে এসব কথা বলেন তিনি। রায়পুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা (বিএনপি) এখন জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে। তারা কিভাবে অগ্নিসন্ত্রাস, মানুষ হত্যা করেছে তা জনগণ দেখেছে। তাই জনগণ বিএনপির ডাকে এখন আর কোনভাবেই সাড়া দিচ্ছে না। বিএনপি এখন হুংকার দিচ্ছে সব অচল করে দেবে। আবার অগ্নিসন্ত্রাস করবে, আবার মানুষ হত্যা করবে। এসব হুমকি-ধমকি এদেশের মানুষ পছন্দ করে না। এ দেশের মানুষ জঙ্গিবাদ সন্ত্রাসবাদ এসব কিছু চিরতরে প্রত্যাখ্যান করেছে। কাজেই যদি বিএনপি অগ্নিসন্ত্রাস, মানুষ হত্যার মতো কিছু করতে চায় জনগনই তাদের প্রতিহত করবে, জনগণ তাদের এসবের জবাব দেবে। যেকোন পরিস্থিতি মোকাবেলা করতে সরকারের প্রস্তুতি রয়েছে।
তিনি বলেন, বিএনপির গায়েবী মামলার অভিযোগ ভিত্তিহীন। তাদের দ্বারা আক্রান্ত সংক্ষুব্দ ব্যক্তিরা যেকোন জায়গা থেকে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছে। তা দিতেই পারে।
আসাদুজ্জামান খান বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রতিবছরই সারাদেশে পূজা মণ্ডপের সংখ্যা বেড়েছে। এ বছরও বেড়েছে। মণ্ডপে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশের পাশাপাশি ৬ লাখ আনসার মোতায়েন করা হয়েছে। এ ছাড়া মণ্ডপ কমিটিগুলোকে আমরা নির্দেশনা দিয়েছি পর্যাপ্ত সিসি ক্যামেরা ও ভলান্টিয়ার রাখার জন্য। অনেকে মনে করে পূজাকে কেন্দ্র করে কিছু একটা হতে পারে। তবে আমরা মনে করি কিছুই হবে না। শান্তিপূর্ণভাবেই পূজা শেষ হবে। কেউ আইনের উর্ধ্বে নয়। আমিও আইনের উর্ধ্বে নয়। যেই অন্যায় কিছু করবে, তার বিরুদ্ধে বিচারিক ব্যবস্থা।
অনুষ্ঠানে জেলা প্রশাসক সুরাইয়া জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা, জেলা পুলিশ সুপার তারেক বিন রশিদসহ প্রমুখ।
পরে উপজেলা প্রশাসন আর্ট স্কুল উদ্বোধন করেন মন্ত্রী। এর পরই শ্রী শ্রী রাধামো মদন মোহন জিউর আখড়া পরিদর্শন করেন।

দেশে আরও ৫ জনের করোনা শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। তবে একই সময়ে আরও ৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
দেশে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু ২৯ হাজার ৪৭৭ জনে অপরিবর্তিত রয়েছে। এ ছাড়া শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৫ হাজার ৮৮৫ জনে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে ১১ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১৩ হাজার ৫৪৯ জন। একই সময়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৪২৬টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৫৫ লাখ ৯৫ হাজার ৩৮৯টি।
নমুনা পরীক্ষায় শনাক্তের হার এক দশমিক ১৭ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ১২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।