বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

২০ দিনে রেমিট্যান্স এসেছে ১২৫ কোটি ডলার

দেশের অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর সূচক বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভের অন্যতম প্রধান উৎস প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বাড়তে শুরু করেছে।
গত সেপ্টেম্বরে নিম্নমুখী সূচকের পর অক্টোবর মাসও শুরু হয়েছিল সেই ধারায়। তবে দ্বিতীয় সপ্তাহ থেকে আশার আলো দেখা যাচ্ছে।
রোববার (২২ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স প্রবাহের সাপ্তাহিক যে তথ্য প্রকাশ করেছে, তাতে দেখা যায়, চলতি অক্টোবর মাসে প্রথম ২০ দিনে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানকারী প্রবাসীরা ১২৫ কোটি (১ দশমিক ২৫ বিলিয়ন) ডলার পাঠিয়েছেন।
প্রতিদিনের গড় হিসাবে এসেছে ৬ কোটি ২৫ লাখ ডলার। মাসের বাকি ১১ দিনে এই হারে আসলে মাস শেষে মোট রেমিট্যান্সের অঙ্ক প্রায় ২০০ কোটি (২ বিলিয়ন) ডলারে গিয়ে ঠেকতে পারে বলে হিসাব বলছে।
সেপ্টেম্বর মাসে প্রবাসীরা ১৩৪ কোটি ৩৬ লাখ (১ দশমিক ৩৬ বিলিয়ন) ডলার দেশে পাঠিয়ে ছিলেন। প্রতিদিনের গড় হিসাবে এসেছিল ৪ কোটি ৪৭ লাখ ডলার। একক মাসের হিসাবে সেপ্টেম্বর মাসের রেমিট্যান্স ছিল সাড়ে তিন বছরের মধ্যে সবচেয়ে কম।
২০২০ সালের এপ্রিলে ১০৯ কোটি ২৯ লাখ (১ দশমিক ০৯ বিলিয়ন) ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা। এর পর গত সাড়ে তিন বছরে সেপ্টেম্বরের মতো এত কম রেমিট্যান্স দেশে আসেনি।
২০২০ সালের প্রথম দিকে বিশ্বের বিভিন্ন দেশের মত বাংলাদেশেও করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। দেশে দেশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুরু হয় লকডাউন, সব কিছু বন্ধ হয়ে যায়। কমতে শুরু করে রেমিট্যান্স। সেই ধাক্কায় ২০২০ সালের মার্চে রেমিট্যান্স ১২৭ কোটি ৬২ লাখ ডলারে নেমে আসে। এপ্রিলে তা আরও কমে ১০৯ কোটি ২৯ লাখ ডলারে নেমে আসে। এর পর থেকে অবশ্য রেমিট্যান্স প্রবাহ বাড়তে থাকে।
শনিবার (২১ অক্টোবর) পর্যন্ত রেমিট্যান্সে প্রতি ডলারের জন্য এখন ১১০ টাকা দিয়েছে ব্যাংকগুলো। সে হিসাবে অক্টোবরের ২০ দিনে (১ থেকে ২০ অক্টোবর) ১৩ হাজার ৭৫০ কোটি টাকা এসেছে। প্রতিদিন এসেছে ৬৮৭ কোটি ৫০ লাখ টাকা।
চলতি ২০২৩-২৪ অর্থবছরের দ্বিতীয় মাস আগস্টে ১৬০ কোটি (১ দশমিক ৬ বিলিয়ন) ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। প্রতিদিন এসেছিল ৫৬৭ কোটি টাকা। অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১৯৭ কোটি (১ দশমিক ৯৭ বিলিয়ন) ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। প্রতিদিনের গড় হিসাবে এসেছিল ৬৯৪ কোটি টাকা।
গত বছরের সেপ্টেম্বরে ১৫৩ কোটি ৯৬ লাখ ডলার রেমিট্যান্স দেশে এসেছিল।

গোপন নথি ফাঁসের মামলায় অভিযুক্ত ইমরান খান

পাকিস্তানের সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সোমবার গোপন নথি ফাঁসের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। দেশটির একজন প্রসিকিউটর এই কথা জানিয়েছেন।
আদিয়ালা কারাগারের বাইরে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির শাহ খাওয়ার বলেন, এই মামলায় ‘আজ তাকে অভিযুক্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে আনীত অভিযোগ তাকে পড়ে শোনানো হয়েছে।’ ওই কারাগারে ইমরান খানকে বন্দি রাখা হয়েছে।
দুর্নীতির দায়ে গত আগস্টে সাবেক এই ক্রিকেটারকে তিন বছরের কারাদ- দিলেও পরে তার সাজা বাতিল করা হয়। তবে তার বিরুদ্ধে আনীত আরো গুরুতর অভিযোগ রাষ্ট্রীয় গোপন নথি ফাঁস করার অভিযোগে তাকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়।
সরকারের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, এই মামলা ক্যাবল ষড়যন্ত্রের সঙ্গে সম্পৃক্ত। এই ব্যাপারে খান প্রমাণ হিসেবে দাবি করেছিলেন যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রের অংশ হিসেবে পাকিস্তানের ক্ষমতাধর সামরিক বাহিনীকে কাজে লাগিয়ে তাকে ক্ষমতাচ্যুত করা হয়।
তবে যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানের সামরিক বাহিনী ইমরান খানের এমন দাবি প্রত্যাখান করেছে।
খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের ভাইস চেয়ারম্যান সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশিও এই মামলায় অভিযুক্ত হয়েছেন।
খানের আইনজীবীরা বলেন, এই মামলায় সর্বোচ্চ ১৪ বছরের কারাদ-ের বিধান রয়েছে।
খবর এএফপি

বিশ্বকাপে ইংল্যান্ডের ব্যর্থতার তিনটি কারণ

এবারের বিশ্বকাপে এ পর্যন্ত চার ম্যাচের তিনটিতেই পরাজিত হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। সর্বশেষ গত শনিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রোটিয়াদের কাছে ২২৯ রানে বিধ্বস্ত হয়ে ওয়াডেতে সবচেয়ে বড় ব্যবধানে পরাজয়ের লজ্জা পেয়েছে জস বাটলারের দল। বার্তা সংস্থঅ এএফপির দৃষ্টিতে এই হারের তিনটি কারণ—
ভুল সিদ্ধান্ত গ্রহণ
মুম্বাইয়ে টস জয়ের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের সুযোগ ছিল নিজেদের আধিপত্য প্রমানের। মুম্বাইয়ের প্রচন্ড গরম ও আদ্রতার মধ্যেও জস বাটলার বোলিংয়ের সিদ্ধান্ত নেন। যে কারনে পুরো দল তাদের সব শক্তি ফিল্ডিংয়েই ব্যয় করে ফেলেছিল। টসের সময় ইংলিশ অধিনায়ক বলেছিলেন এই মাঠটি সাধারনত রান চেজিংয়ের জন্য ভালো।
বর্তমান পরিস্থিতিতে মাথায় না রেখে অতীত ইতিহাস বিবেচনা করে সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে ইংল্যান্ড আগেও বেশ কয়েকবার ভুল করেছে। শনিবার বোলিংয়ের সময় পেসার ডেভিড উইলিসহ আরও কিছু খেলোয়াড়ের বারবার পেশীতে টান পড়েছে, প্রচন্ড গরমে যা স্বাভাবিক।
ইংল্যান্ডের কোচ ম্যাথু মট বলেছেন, ‘আমরা যা ভেবেছিলাম গরম তার থেকেও অনেক বেশি ছিল।’
কিন্তু ভারতে বেশ কয়েক সপ্তাহ কাটানোর পর মুম্বাইয়ের আবহাওয়া সম্পর্কে না জানার বিষয়টি অনেকটা খোঁড়া যুক্তি হিসেবেই অনেকে বিবেচনা করছে। সাবেক ইংলিশ অধিনায়ক নাসির হুসেইন ২০১৯ বিজয়ী অধিনায়ক এউইন মরগানের সাথে তুলনা করে বলেছেন, ‘মরগানও পরিসংখ্যান ব্যবহার করতেন, কিন্তু তার মধ্যে ঠিক ঐ মুহূর্তে সিদ্ধান্ত নেবার সৎসাহসও ছিল। তোমাকে অবশ্যই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আগে থেকে একটা মাইন্ড সেট করার বিষয় অনেক সময় কাজে আসেনা।’

রান তাড়া করে সফল হতে পারছে না ইংল্যান্ড
ওয়ানডেতে সাম্প্রতি পরে ব্যাটিং করে ইংল্যান্ডের ব্যর্থতার বিষয়টি সবাই অবগত। বাটলারেরও এই বিষয়টি মাথায় রাখা উচিৎ ছিল। গত আট ম্যাচের মধ্যে সাতটিতেই পরে ব্যাটিং করে ইংল্যান্ড পরাজিত হয়েছে। এই তালিকায় শনিবারের ম্যাচের আগে এবারের বিশ^কাপে আফগানিস্তানের বিপক্ষে ৬৯ রানের পরাজয়ের ম্যাচটিও রয়েছে। যদিও সেই ক্ষতিকে খারাপ ফলাফল হিসেবে তারা দেখতে নারাজ।
হুসেইন বলেন, ‘সর্বশেষ ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা যখন একে অপরের মোকাবেলা করেছিল তখন ইংল্যান্ড খুব অল্প রানে হেরেছিল। সে কারনেই পরিসংখ্যানের দিকে ইংল্যান্ডকে সতর্কতার সাথে নজর রাখতে হবে।’
নতুন বলে সাফল্যের অভাব
রিস টপলি ছাড়া আর কোন বোলারই এবারের বিশ^কাপে নতুন বলে তেমন একটা সুবিধা করতে পারছে না। এদিকে আঙ্গুলের চোটের কারনে টপলি ইতোমধ্যেই বিশ^কাপ থেকে ছিটকে গেছেন।
এ পর্যন্ত ইংল্যান্ডের তিনটি পরাজয়েই প্রতিপক্ষ ওপেনাররা বড় রান করতে সক্ষম হয়েছে। এর মধ্যে সর্বশেষ দক্ষিণ আফ্রিকান ওপেনার রেজা হেনড্রিক্স করেছেন ৮৫ রান। টপ অর্ডায়েরর বড় পার্টনারশিপই মূলত ইংল্যান্ডের হারের মূল কারণ।
তিন ম্যাচে মাত্র দুই উইকেট পাওয়া ক্রিস ওকস দল থেকে বাদ পড়েছেন। তিন ম্যাচে তার গড় ছিল ৬৭.৫। কিন্তু তার পরিবর্তে দলে আসা অন্যরাও নিজেদের প্রমানে ব্যর্থ হয়েছে। ডেভিড উইলি ও গাস এ্যাটকিনসন ৯ ওভার করে বল করে যথাক্রমে ৬১ ও ৬০ রান দিয়েছেন। এই সুযোগে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা ৭ উইকেটে ৩৯৯ রানের পাহাড় সমান স্কোর গড়ে তুলে।
বেশ কিছুদিন ধরেই ইংল্যান্ডে দল নির্বাচনে ধারাবাহিকতার অভাব দেখা যাচ্ছে। লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান ও ওকসের পরিবর্তে তারা প্রোটিয়াদের বিপক্ষে বেন স্টোকস, উইলি ও এ্যাটকিনসনকে মূল দলে রেখেছে। তারপরও মূল দলে তাদের মাত্র তিনজন খেলোয়াড় ছিল ৩২ বছরের নীচে। টি-টোয়েন্টি বিশ^ চ্যাম্পিয়ন ইংল্যান্ড এদের উপর ভর করেই ২০১৯ সালে ওয়ানডেতে বিশ^কাপ জয় করেছিল।
দলের অন্যতম অভিজ্ঞ খেলোয়াড় ও চার বছর আগে বিশ^কাপ জয়ের নায়ক স্টোকস ইনজুরির কারনে আগের তিন ম্যাচে অনুপস্থিত থাকার পর শনিবার প্রথম খেলতে নেমেছিলেন। যদিও এবারের আসরে তার বোলিং ফিটনেস নিয়ে শঙ্কা রয়েছে। শুধুমাত্র ব্যাটার হিসেবে খেলতে তিনি অবসর ভেঙ্গে ভারতে এসেছেন।
২০১৫ বিশ^কাপ হতাশার পর বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে আবারও ইংল্যান্ডের সামনে সময় এসেছে নতুন করে ওয়ানডে ফর্মেটে সবকিছু চিন্তা করার। নতুন প্রজন্মের ওয়ানডে ক্রিকেটারদের উন্নতিতে কাজ করার বিকল্প নেই। চলতি বিশ^কাপের পর হয়তো এই চিন্তা সংশ্লিষ্টদের মধ্যে প্রবল হবে।

জিম্মিদের মুক্তির শর্তে যুদ্ধবিরতি হবে না : ইসরায়েল

ফিলিস্তিনের গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান হামলায় প্রায় ৪০০ মানুষ নিহত হয়েছে। এর মধ্যে প্রায় দেড়শ শিশু। এ নিয়ে ফিলিস্তিনি নিহতের সংখ্যা ৪ হাজার ৬৫০ জন। এদিকে আরও ১৪টি ট্রাক মানবিক সহায়তায় গাজায় প্রবেশ করলেও তা পর্যাপ্ত নয় বলছে জাতিসংঘ। অপর দিকে জিম্মিদের মুক্তির শর্তে গাজায় কোনো যুদ্ধবিরতি হবে না বলে জানিয়েছে ইসরায়েল।
গোলাবারুদের গন্ধে ভারী হয়ে উঠেছে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার বাতাস। রোববার হামলার তীব্রতা বাড়ানোর ঘোষণা দেয়ার পর থেকে অঞ্চলটিতে বিরামহীন বোমা ফেলছে ইসরায়েলের সেনারা।
গত ২৪ ঘণ্টায় গাজার ৩২০টি লক্ষ্যবস্তুতে আঘাত হানার কথা জানিয়েছে ইসরায়েল কর্তৃপক্ষ। আবাসিক অঞ্চল, হাসপাতাল, আশ্রয়স্থল কিছুই রেহাই পাচ্ছে না ইসরায়েলের আগ্রাসন থেকে। হাজার হাজার মানুষের আশ্রয়স্থল আল কুদসসহ বেশ কয়েকটি হাসপাতালে হামলা হতে পারে বলে উদ্বেগ জানানো হয়েছে।
এ অবস্থায় গাজায় অভিযান আরও দীর্ঘায়িত হওয়ার ইঙ্গিত দিচ্ছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী জানান, হামাসকে পুরোপুরি শেষ না করা পর্যন্ত হামলা অব্যাহত থাকবে। এদিকে জিম্মিদের মুক্তি দেয়ার শর্তে গাজায় কোনও যুদ্ধবিরতি হবে না বলেও জানিয়েছে ইসরায়েল।
গাজা ছাড়াও পশ্চিম তীর এবং জাবালিয়া শহরে হামলা চালিয়েছে ইসরায়েল। জাবালিয়ার শরণার্থী শিবিরে বোমা বিস্ফোরণে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে। এ ছাড়া বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে কয়েকশ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েল বাহিনী।
যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক সহায়তা বহনকারী আরও ১৪টি ট্রাক প্রবেশ করেছে বলে জানিয়েছে জাতিসংঘ। তবে বিপর্যয় সামাল দিতে এই সহায়তা পর্যাপ্ত নয় বলছে সংস্থাটি।

পূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করা হয়েছিল : র‌্যাব

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন, দেশের কয়েকটি স্থানে এক শ্রেণির স্বার্থান্বেষী মহল অথবা দুষ্কৃতকারী বিভিন্ন অপ্রীতিকর ঘটনা তৈরি করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করেছিল। অন্যান্য গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে তাদের শনাক্ত করে তাদের অপচেষ্টা নস্যাৎ করা হয়েছে।
আজ সোমবার (২২ অক্টোবর) সকালে গুলশান-বনানী সর্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন শেষে দুর্গাপূজা উপলক্ষে দেশব্যাপী র‌্যাব ফোর্সেসের নেওয়া নিরাপত্তাব্যবস্থা নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
রাজধানীর গুলশান-বনানী সার্বজনীন পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে কমান্ডার মঈন সাংবাদিকদের বলেন, একশ্রেণির স্বার্থান্বেষী মহল আছে যারা গুজব ছড়িয়ে পেনিক সৃষ্টি করার চেষ্টা করে। এর আগে দেখা গেছে যে, তারা গুজব ছড়িয়ে নাশকতার চেষ্টা করেছে। যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর চেষ্টা করছে, তাদের র‌্যাবের সাইবার মনিটরিং সেল শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করছে।
তিনি বলেন, সারাদেশে বিসর্জনে র‌্যাব বিশেষ নিরাপত্তা দেবে। নিরাপত্তার জন্য যা যা প্রয়োজন সবকিছু করা হবে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কাজও করবে র‌্যাব।
তিনি বলেন, গত ১৬ অক্টোবর থেকে র‌্যাব বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। সারাদেশে ৩২ হাজারের বেশি পূজা মণ্ডপে ৪ হাজারের বেশি সাদা পোশাক ও ইউনিফর্মে নিরাপত্তার দায়িত্বে রয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়েছে। র‌্যাবের স্পেশাল বাহিনী, ডগ স্কোয়াড দিয়ে সুইপিং কার্যক্রম পরিচালনা করছি।
যেকোনো পরিস্থিতি মোকাবিলায় র‌্যাবের স্পেশাল ফোর্স ও হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে। যোগ করেন মঈন।
তিনি বলেন, দুর্গাপূজায় এখন পর্যন্ত সফলভাবে র‌্যাব দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছে র‌্যাব। দেশের প্রতিটি এলাকায় কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। ব্যাটালিয়নের ইউনিট প্রধানরা পূজার নিরাপত্তা পরিদর্শনে যাচ্ছেন। র‌্যাব সদর দপ্তর থেকে এলাকাভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
কমান্ডার খন্দকার আল মঈন আরও বলেন, এক শ্রেণির স্বার্থান্বেষী মহল গুজব ছড়ানোর চেষ্টা করে। তাদের আইনের আওতায় আনতে র‌্যাবের সাইবার ইউনিট কাজ করছে।
এখন পর্যন্ত জঙ্গি বা নাশকতার হামলা নেই জানিয়ে র‌্যাবের মুখপাত্র বলেন, সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেকোনো ধরনের অপতৎপরতারোধে কাজ চলছে। নারী দর্শনার্থীরা ইভটিজিং কিংবা হেনস্তার শিকার না হয় সে জন্য গোয়েন্দা নজরদারি চলমান।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৬

রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিক্রি ও সেবনের অভিযোগে ৩৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রোববার (২২ অক্টোবর) সকাল ৬টা থেকে সোমবার (২৩ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, অভিযুক্তদের কাছ থেকে ৯৭০টি ইয়াবা ট্যাবলেট, ৬ কেজি ৯৩০ গ্রাম গাঁজা, ৬৪ গ্রাম ৩০০ পুরিয়া হেরোইন, ৩৫ বোতল ফেনসিডিল ও ১০ লিটার দেশি মদ জব্দ করা হয়েছে।
অভিযুক্তদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৭টি মামলা করা হয়েছে।

মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে বাইডেনের সঙ্গে মিত্রদের আলোচনা

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েল-হামাস যুদ্ধ নিয়ে শক্তিধর বৃহৎ পশ্চিমা দেশগুলোর নেতাদের সঙ্গে কথা বলেছেন। হোয়াইট হাউস এ কথা জানিয়েছে।
সূত্রমতে, বাইডেন রোববার ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি ও ইতালির নেতার সঙ্গে কথা বলেছেন।
তারা ইসরায়েলের প্রতি তাদের সমর্থন এবং সন্ত্রাসের বিরুদ্ধে দেশটির আত্মরক্ষার অধিকারের বিষয়টি পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে তারা বেসামরিক নাগরিকদের সুরক্ষাসহ আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলারও আহ্বান জানিয়েছেন।
নেতারা ইসরায়েল-হামাস যুদ্ধে আটকে পড়া তাদের নাগরিক বিশেষকরে যারা গাজা ছাড়তে ইচ্ছুক তাদের নিয়ে আলোচনা করেন।
এ ছাড়া তারা সংঘাত ছড়িয়ে না পড়া এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে নিবিড় কূটনৈতিক সমন্বয়ের বিষয়ে অঙ্গীকার করেন।
বাইডেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো,ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া ম্যালোনি ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে কথা বলেন।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ফিলিস্তিনের হামাস যোদ্ধারা ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এতে ইসরাইলের ১ হাজার ৪ শতাধিক লোক প্রাণ হারায়। হামাস প্রায় ২০০ ইসরায়েলিকে জিম্মি হিসেবে আটক করে। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজায় বোমা বর্ষণ শুরু করে। গাজায় অব্যাহত বোমা বর্ষণে ৪ হাজার ৬ শতাধিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। গাজায় চলছে ভয়াবহ মানবিক সংকট।
ইতোমধ্যে গাজায় দ্বিতীয় ধাপে ১৭টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে। এসব নেতা গাজায় খাদ্য, পানি ও চিকিৎসা সহায়তা নিশ্চিতে সমন্বয়ের বিষয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
খবর বাসস

ফিলিস্তিনি নিহত নাগরিকদের স্মরণে ধুনটে দোয়া মাহফিল

ইসরাইলি দখলদার বাহিনীর বর্বরোচিত হামলায় ফিলিস্তিনি নিহত নাগরিকদের স্মরণে ও রুহের আত্মার মাগফিরাত কামনায় রাষ্ট্রীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগ এর আয়োজনে নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় ধুনট উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নিহত ফিলিস্তিনি নাগরিকদের স্মরণে বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনিমিত রাখা হয় এবং নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনির উদ্যোগে এই কর্মসূচিতে অংশ নেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম হোসেন সরকার, যুগ্ম সম্পাদক ভাইস চেয়ারম্যান মহসিন আলম, আওয়ামী লীগ নেতা গোলাম সোবাহান, জয়নাল আবেদীন, রানাউল আমিন, শফিকুল ইসলাম চাঁন, এমএ তারেক হেলাল, শাহাদত হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু, সহ-সভাপতি আলিম আল রাজি বুলেট, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ভাইস চেয়ারম্যান পপি রানী সাহা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনিসহ অ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বাবার লেখা স্ক্রিপ্টে ‘কৃষ-৪’ শুরু করছেন হৃতিক

কৃষ হয়ে ফিরছেন হৃতিক রোশন! কৃষ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ভাগের সিনেমার স্ক্রিপ্টে হ্যাঁ বললেন অভিনেতা। এই সুপারহিরোর সিনেমার স্ক্রিপ্ট লিখেছেন অভিনেতার বাবা তথা চিত্রপরিচালক রাকেশ রোশন।
যদিও বাবার লেখা স্ক্রিপ্টে বেশ কিছু বদল এনেছেন অভিনেতা। হৃতিক নিজের মতো একাধিক ইনপুট দিয়েছেন এই সিনেমায়। অভিনেতার ঘনিষ্ট সূত্রে জানা গেছে আগামী বছর থেকে শুরু হবে ‘কৃষ-৪’ -এর শুটিং।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সেই সূত্রের কথায়, ‘বহু বছর পর যেহেতু এই ফ্র্যাঞ্চাইজির পরবর্তী সিনেমা নিয়ে আসছেন তারা সেহেতু হৃতিক সিনেমারর স্ক্রিপ্ট এবং গল্প নিয়ে ভীষণভাবে নিশ্চিত হতে চেয়েছিলেন। কোনো রকম ভুল ভ্রান্তি করতে চাননি তিনি।’
সেই সূত্র আরও বলেছেন, ‘স্ক্রিপ্ট তৈরি হওয়ার পর হৃতিক আগাগোড়া সেটা পড়েছেন, কিছু বদল এনেছেন তাতে। সবটা হওয়ার পর এখন এই সিনেমার জন্য স্ক্রিপ্ট পুরো রেডি। আগামী বছরের ফেব্রুয়ারি বা মার্চ থেকে শুরু হবে শুটিং।’
তবে এর আগে হৃতিককে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘ফাইটার’-এ দেখা যাবে। আপাতত তিনি সেই সিনেমার শুটিং প্রায় শেষ করেছেন। সিনেমাটি আগামী বছরের জানুয়ারিতে মুক্তি পাবে। এতে তার বিপরীতে রয়েছেন দীপিকা পাডুকোন।
‘ফাইটার’ মুক্তির পরই ‘কৃষ-৪’-এর কাজে হাত দেবেন হৃতিক। ২০০৩ সালে ‘কই মিল গয়া’ সিনেমা দিয়ে কৃষ ফ্র্যাঞ্চাইজির পথচলা শুরু হয়। সেখানে হৃতিকের বিপরীতে ছিলেন প্রীতি জিন্টা। এরপর আসে ‘কৃষ’। তাতে হৃতিকের সঙ্গে ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া।

সংসদের অধিবেশন শুরু, চলবে ২ নভেম্বর পর্যন্ত

একাদশ জাতীয় সংসদের শেষ বা ২৫তম অধিবেশন শুরু হয়েছে। এ অধিবেশন চলবে আগামী ২ নভেম্বর পর্যন্ত।
আজ রোববার (২২ অক্টোবর) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল ৪টায় সংসদের বৈঠক শুরু হয়।
এর আগে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে চলতি অধিবেশনের মেয়াদকালসহ কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত হয়। এ অধিবেশন আগামী ২ নভেম্বর পর্যন্ত চলবে বলে সিদ্ধান্ত হয়েছে। অবশ্য স্পিকার চাইলে এ মেয়াদ বাড়াতে-কমাতে পারবেন।
গত ১৪ সেপ্টেম্বর একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশন শেষ হয়। সংসদে সভাপতির দায়িত্ব পালনকারী ডেপুটি স্পিকার শামসুল হক টুকু অধিবেশন ঘোষণা সম্পর্কিত রাষ্ট্রপতির আদেশ পাঠের মধ্য দিয়ে ওই অধিবেশনের সমাপ্তি টানেন। ওই অধিবেশনে ১৮টি বিল পাস হয়। সংসদে বিল তোলা হয় ৩৫টি। পাসের অপেক্ষায় আছে ৫টি বিল। বাকিগুলো কমিটিতে পরীক্ষাধীন রয়েছে। চলতি অধিবেশনে এসব বিল পাস হতে পারে বলে জানা গেছে।