বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

আজ বেলজিয়াম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বেলজিয়ামের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। তিনি ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইনের আমন্ত্রণে বেলজিয়াম যাচ্ছেন। সেখানে তিনি ২৫-২৬ অক্টোবর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠেয় ‘গ্লোবাল গেটওয়ে ফোরামে’ যোগ দেবেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি গণমাধ্যমকে জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট বেলা ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে।
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন রোববার তার মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ব্রাসেলস সফর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে সহায়তা করবে। বাংলাদেশ এবং ইইউ তাদের ৫০ বছরের অংশীদারত্বকে নতুন উচ্চতায় উন্নীত করার ঘোষণা দেবে বলে আশা করা হচ্ছে।
সফরকালে প্রধানমন্ত্রী ফোরামে যোগ দেওয়ার ফাঁকে বিভিন্ন ইউরোপীয় দেশের নেতাদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করবেন।
প্রধানমন্ত্রী ২৫ অক্টোবর সকালে ইসির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এবং ইউরোপীয় বাণিজ্য কমিশনার ভালদিস ডোমব্রোভস্কিসের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করবেন। পরে ইসি প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইনের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী। বৈঠকের পর বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি খাতে ৩৫ কোটি ইউরোর ঋণ সহায়তা চুক্তি স্বাক্ষরিত হবে। ইউরোপীয় কমিশন এবং ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের মধ্যে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে ৪৫ মিলিয়ন ইউরোর অনুদান চুক্তি স্বাক্ষরিত হবে।
এছাড়া, বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ সরকার এবং ইউরোপীয় কমিশনের মধ্যে ১২ মিলিয়ন ইউরো অনুদান চুক্তিও স্বাক্ষরিত হবে। এই সফরে বাংলাদেশ সরকার এবং ইউরোপীয় কমিশন বাংলাদেশের সামাজিক খাতে ৭০ মিলিয়ন ইউরোর পাঁচটি বিভিন্ন অনুদান চুক্তি স্বাক্ষর করবে।
একই দিন শেখ হাসিনা গ্লোবাল গেটওয়ে ফোরামের উদ্বোধনী পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ এবং ভাষণ দেবেন। বিকালে প্রধানমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের প্রেসিডেন্ট ড. ওয়ার্নার হোয়ার বৈঠক করবেন। সংকট ব্যবস্থাপনা বিষয়ক ইসি কমিশনার জেনেজ লেনারসিক এবং আন্তর্জাতিক অংশীদারত্ব বিষয়ক ইসি কমিশনার জুটা উরপিলাইনেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
সন্ধ্যায় প্রধানমন্ত্রী গ্লোবাল গেটওয়ে ফোরামে অংশগ্রহণকারী রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে উরসুলা ভন ডের লেইনের দেওয়া নৈশভোজে যোগ দেবেন।
প্রধানমন্ত্রী ২৬ অক্টোবর বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রুর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। প্রধানমন্ত্রী লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী জেভিয়ার বেটেলের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন। একই দিন বিকালে শেখ হাসিনা বেলজিয়ামে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দেওয়া সংবর্ধনায় যোগ দেবেন। টিভি চ্যানেল ইউরোনিউজ এবং পলিটিকো প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার নেবে।
আগামী ২৭ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।

যুদ্ধবিধ্বস্ত গাজার মানুষের পাশে দাঁড়ালেন আতিফ আসলাম

ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনের গাজায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। গাজার ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের চিকিৎসা ও খাবারের জন্য অনুদান পাঠিয়েছেন এই গায়ক।
পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে, আতিফ আসলাম সোশ্যাল মিডিয়া এক্স-এ (সাবেক টুইটার) একটি পোস্ট শেয়ার করেছেন। যেখানে গাজায় হামলার শিকার মানুষদের জন্য অর্থ তহবিল গঠনে সবাইকে সহায়তা করার আহ্বান জানিয়েছে আল-খিদমত নামের একটি ফাউন্ডেশন।
এ সংগঠনের ডাকে সাড়া দিয়েই গাজার মানুষদের সহায়তায় অনুদান প্রদান করেছেন আতিফ আসলাম। বিপরীতে গায়কের সহানুভূতির জন্য তাকে ধন্যবাদ জানিয়েছে সংগঠনটি।
গায়কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সংগঠনটি এক পোস্টে লিখেছে, এই কঠিন পরিস্থিতিতে গাজা, ফিলিস্তিনিদের প্রয়োজনীয় খাদ্য ও চিকিৎসা সহায়তার জন্য দেড় কোটি রুপি অনুদান দিয়েছেন আতিফ আসলাম। তার এই উদার অবদানের প্রতি গভীর কৃতজ্ঞ আমরা।
সংগঠনটি আরও জানায়, মানবতার সেবা নিবেদিতপ্রাণ এ গায়ক কঠিন সময়ে এগিয়ে আসেন মানুষের সেবায়। এবারই প্রথম নয়, বরাবরের মতো এবারও সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি।

সরকারি কেনাকাটা আরও প্রতিযোগিতামূলক করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সরকারি কেনাকাটায় জিনিসপত্রের দর নির্ধারণ আরও বেশি প্রতিযোগিতামূলক করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় কোনোভাবেই যেন কম যোগ্যতার প্রতিষ্ঠান কাজ না পায় সে ব্যাপারে সতর্ক থাকারও নির্দেশ দেওয়া হয়।
আজ সোমবার (২৩ অক্টোবর) সকালে মন্ত্রিপরিষদের বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় গণভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক শেষে বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

সাদ্দাম হোসেনের মেয়ের ৭ বছরের কারাদণ্ড

ইরাকের একটি আদালত দেশটির সাবেক স্বৈরশাসক সাদ্দাম হোসেনের মেয়েকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন। নিষিদ্ধঘোষিত রাজনৈতিক দলের পক্ষে কথা বলায় এবং প্রচার চালানোর দায়ে তাকে এ কারাদণ্ড দেওয়া হয়েছে।
অবশ্য নির্বাসিত জীবনযাপন করছেন সাদ্দাম হোসেনের সাজাপ্রাপ্ত মেয়ে। গতকাল রোববার (২২ অক্টোবর) তার অনুপস্থিতিতেই এই কারাদণ্ড দেওয়া হয়।
সৌদি সংবাদমাধ্যম আল-আরাবিয়া রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বাগদাদের একটি আদালত রোববার সাদ্দাম হোসেনের নির্বাসিত কন্যাকে তার অনুপস্থিতিতে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন। মূলত তার বাবা সাদ্দাম হোসেনের নিষিদ্ধ বাথ পার্টির ‘প্রচার’ চালানোর জন্য এই কারাদণ্ড দেওয়া হয়।
২০০৩ সালে ইরাকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক আগ্রাসনের সময় সাদ্দাম হোসেনের পতনের পর তার দলটি বিলুপ্ত ও নিষিদ্ধ করা হয়।
রায়ের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সাদ্দামের মেয়ে রাঘাদ সাদ্দাম হোসেনকে ২০২১ সালে টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে ‘নিষিদ্ধ বাথ পার্টির কার্যক্রম প্রচার করার’ অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে।
মূলত ইরাকে আজও কেউ যদি ক্ষমতাচ্যুত সাদ্দাম সরকারের ছবি প্রচার করে বা স্লোগান দেয়, তবে তাদের বিচারের মুখোমুখি করা হতে পারে। অবশ্য ঠিক কোন সাক্ষাৎকারের কারণে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, তা রায়ে উল্লেখ করা হয়নি।
তবে ২০২১ সালে রাঘাদ সাদ্দাম আল আরাবিয়া টিভি চ্যানেলে ১৯৭৯ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত তার বাবার শাসনামলে ইরাকের পরিস্থিতি সম্পর্কে কথা বলেছিলেন। সাক্ষাৎকারে তিনি তার বাবার শাসনামলের প্রশংসাও করেন।

ইরাক থেকে কূটনীতিকদের সরানোর নির্দেশ যুক্তরাষ্ট্রের

ইরাক থেকে কূটনীতিকদের সরানোর নির্দেশ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইসরায়েল-হামাস সংঘাত শুরু হওয়ার প্রেক্ষিতে এ নির্দেশ বলে মনে করা হচ্ছে। মার্কিন নাগরিকদের ইরাকসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোয় যেতেও নিষেধ করা হয়েছে।
রোববার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ইরাক থেকে সমস্ত কূটনীতিকদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে। কেবলত্র আপৎকালীন পরিস্থিতি মোকাবেলার সঙ্গে যারা যুক্ত, তারা ইরাকে থাকবেন বলে নির্দেশিকায় জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও একটি নির্দেশিকা জারি করেছে তাদের নাগরিকদের জন্য। এতে বলা হয়েছে, এই পরিস্থিতিতে কোনো নাগরিক যেন ইরাকসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যাওয়ার চেষ্টা না করেন।
ইরাকে ইতিমধ্যেই মার্কিন প্রতিনিধিদের ওপর আক্রমণ হয়েছে বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে। সে কারণেই সেখান থেকে কূটনীতিক এবং কর্মীদের সরিয়ে নেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, গোটা মধ্যপ্রাচ্য ঘিরেই মার্কিন নাগরিকদের উপর হামলার আশঙ্কা তৈরি হয়েছে। ইরাকে একাধিক গোষ্ঠী যুক্তরাষ্ট্রের নাগরিকদের ওপর আক্রমণের চেষ্টা চালিয়েছে বলেও দাবি করা হয়েছে।
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সম্প্রতি জানিয়েছেন, ইসরায়েল-গাজা সংঘাতকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারে ইরান।
লেবাননে হিজবুল্লাহ গোষ্ঠীকে ইরান সমর্থন করে বলে দাবি যুক্তরাষ্ট্রের। হিজবুল্লাহ হামাসের সমর্থনে লড়াইয়ে অংশ নিয়েছে। ইসরায়েলের সঙ্গে তারাও সংঘাতে জড়িয়ে পড়েছে। ইরানের মদতেই এ ঘটনা ঘটছে বলে দাবি যুক্তরাষ্ট্রের।
রোববার ব্লিংকেন বলেন, ‘ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠী মার্কিন প্রতিনিধিদের উপর আক্রমণের চেষ্টা চালাতে শুরু করেছে। তাদের চেষ্টা যাতে বিফল হয়, তার সমস্ত ব্যবস্থা আমরা করছি।’
ইসরায়েল-হামাস সংঘাত শুরু হওয়ার পরই ওই অঞ্চলে সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। দুইটি বিমানবহনকারী যুদ্ধ জাহাজ ওই অঞ্চলের সমুদ্রে পাঠানো হয়েছে। পেন্টাগন জানিয়েছে, ওই এলাকায় প্রায় দুই হাজার মেরিন ফোর্সও মজুত করা হয়েছে।
খবর ডয়চে ভেলে

গাজার জন্য আরও দ্রুত সাহায্যের আহ্বান ইইউর

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল সোমবার গাজায় দ্রুত সাহায্য বিতরণের আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ব্লকটি ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলের অভিযানে ‘মানবিক বিরতি’ দেওয়ার আহ্বান জানিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে।
ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের একটি বৈঠকের আগে বোরেল বলেন, পানি-বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারসহ গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়গুলো আরো দ্রুত নিশ্চিত করতে হবে। খবর এএফপি

বিএনপি সমাবেশের নামে জনমনে ভীতির সঞ্চার করছে : কাদের

আগামী ২৮ অক্টোবর সমাবেশ কেন্দ্র করে বিএনপি জনমনে ভীতির সঞ্চার করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ সোমবার (২৩ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। এ সময় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে ‘বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্রের বিরুদ্ধে’ আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ হিসেবে আগামী ২৮ অক্টোবর তথাকথিত সমাবেশের নামে জনমনে ভীতি সঞ্চার করছে। বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা শান্তিকামী জনগণকে সঙ্গে নিয়ে বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সতর্ক অবস্থান গ্রহণ করবে।
তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকামীরা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও স্থিতিশীল পরিবেশ কোনোভাবে ব্যাহত হতে দেবে না। জনগণের স্বাধীনতা, মুক্তি এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আওয়ামী লীগের অজস্র নেতাকর্মী আত্মত্যাগ করেছে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এবারও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন-অগ্রগতি ও সমৃদ্ধির অভিযাত্রাকে সমুন্নত রাখতে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে কোনো আত্মত্যাগের জন্য প্রস্তুত রয়েছে।
বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সর্বদা গণতান্ত্রিক সংস্কৃতি ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল। দেশের সাংবিধানিক বিধান অনুযায়ী গণতান্ত্রিক প্রক্রিয়া মেনেই যথাসময়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা শান্তিপূর্ণ পরিবেশে সবার অংশগ্রহণের মধ্য দিয়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করি। অথচ বিএনপি নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র করছে, উস্কানি দিয়ে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে।
তিনি বলেন, বিএনপি যে কোনো উপায়ে ক্ষমতা দখলের জন্য অপতৎপরতা চালাচ্ছে। বিএনপির এই অপতৎপরতার কারণে যদি গণতান্ত্রিক সুষ্ঠু পরিবেশ বিনষ্ট হয় তার দায়ভার বিএনপিকেই নিতে হবে।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা বক্তব্য ও বিবৃতিতে বার বার উগ্র-আস্ফালন দেখিয়ে যাচ্ছে; যা স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের জন্য হুমকি স্বরূপ। দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না বলেই তারা দেশ ও জনগণ নিয়ে যে কোনো ছেলে খেলা খেলতে পারে। রাষ্ট্রক্ষমতা দখলের জন্য নির্লজ্জের মতো কাউকে ‘ভগবান’ মেনে তারা আজ বিদেশি প্রভুদের করুণা ভিক্ষা করছে।
তিনি বলেন, তারা ষড়যন্ত্রের মাধ্যমে সাংবিধানিক শাসনব্যবস্থা ব্যাহত এবং অনির্বাচিতদের হাতে ক্ষমতা তুলে দেওয়ার পথ সৃষ্টি করছে। আওয়ামী লীগ দেশের সংবিধান ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে বদ্ধপরিকর।

সরকারি মেডিকেলে আরও ১০৩০টি আসন বাড়ল

দেশে সরকারি মেডিকেল কলেজগুলোয় এমবিবিএস কোর্সে আরও ১ হাজার ৩০টি আসন বৃদ্ধি করা হয়েছে। এতে সরকারি মেডিকেলে মোট আসনসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৮০টিতে।
জানা গেছে, সবচেয়ে বেশি আসন বেড়েছে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে ভর্তিচ্ছুরা বর্ধিত আসনে ভর্তি হতে পারবেন।
আজ সোমবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রতিটি সরকারি মেডিকেল কলেজে ২০-৬০টি পর্যন্ত আসন বেড়েছে। সবচেয়ে বেশি আসন বেড়েছে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজে ৬০টি, মানিকগঞ্জের কর্নেল মালেক ৫০টি ও শেখ হাসিনা মেডিকেল কলেজে ৬০টি করে, শহীদ মনসুর আলী মেডিকেলে ৩৫টি, সাতক্ষীরা মেডিকেলে ৩৫টি ও সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে ৩৫টি।
বর্ধিত আসনে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন বলেও তিনি জানিয়েছেন।
জানা গেছে, এত দিন ভর্তি পরীক্ষার মাধ্যমে দেশের মোট ৩৭টি সরকারি মেডিকেল কলেজে প্রতি বছর ভর্তির সুযোগ পেতো মাত্র ৪ হাজার ৩৫০ শিক্ষার্থী। এমনকি আসন সীমিত হওয়ায় বহু মেধাবী সরকারি মেডিকেলে পড়ার সুযোগ থেকে বঞ্চিত হতো। এ কারণে নতুন আর ১ হাজার ৩০ আসনের অনুমোদন দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

ভৈরবে মালবাহী ট্রেনে এগারো সিন্ধু ট্রেনের ধাক্কা : নিহত ১৪

ভৈরব জংশনে যাত্রীবাহী ট্রেন এগার সিন্ধু একটি মালবাহী ট্রেনকে পেছন থেকে ধাক্কা দিয়েছে। এ ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। ভয়াবহ ওই দুর্ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছেন। প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সোমবার বিকেল তিনটার দিকে ঢাকাগামী আন্তঃনগর এগার সিন্দুর এক্সপ্রেস ভৈরব স্টেশন থেকে ছেড়ে যাওয়ার মুহূর্তে মালবাহী একটি ট্রেন ধাক্কা দেয়। এতে এগার সিন্দু এক্সপ্রেসের তিনটি বগি লণ্ডভণ্ড হয়।
উল্টে যাওয়া বগির নিচে আটকা পড়েন বহু যাত্রী। এ ছাড়া রেললাইনের ওপর অনেকের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে।
ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদেকুর রহমান সবুজ এখন পর্যন্ত ১৪ জনের মরদেহ উদ্ধারের তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ট্রেনের নিচে এখনো কয়েকজন চাপা পড়ে আছেন। তাদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।
আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হচ্ছে। দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে ময়মনসিংহ-চট্টগ্রাম ও সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা ট্রেনের ভেতরে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা করছেন।

বাংলাদেশে সাম্প্রদায়িকতার স্থান নেই : খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এখানে সাম্প্রদায়িকতার স্থান নেই। বঙ্গবন্ধু সংবিধানে অসাম্প্রদায়িক দেশের কথা বলেছেন এবং এই চেতনা বুকে ধারণ করে আমরা মুক্তিযুদ্ধ করেছি। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সংবিধান মেনে অসাম্প্রদায়িক দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলেছেন। সংবিধান অনুযায়ীই এ দেশে সব মানুষ মিলেমিশে থাকব।
আজ সোমবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় নওগাঁর নিয়ামতপুর উপজেলার শিবপুর বারোয়ারি দুর্গামন্দির প্রাঙ্গণে পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, এ বছর সারাদেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা হচ্ছে। সব ধর্মের মানুষ ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে উৎসবমুখর পরিবেশে পূজা উপভোগ করছেন। আশা করি, আগামীকাল দশমীর দিনে বিসর্জনের মধ্য দিয়ে এই পূজা অর্চনা শেষ হবে।
এ সময় আগামী নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখা আহ্বান জানান মন্ত্রী।
পরে মন্ত্রী শিবপুর বারোয়ারী দুর্গা মন্দিরে আগত গরিব মানুষের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন।