বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৮

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার (২৫ অক্টোবর) একই সময়ের মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল জানিয়েছে, নিয়মিত মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৮৩৮ পিস ইয়াবা, ১ কেজি ৪৪০ গ্রাম গাঁজা ও ৪০ গ্রাম হেরোইন জব্দসহ ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৪টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে ডিএমপির মিডিয়া সেল।

ইরানের সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র : ব্লিংকেন

ইসরায়েল ও ফিলিস্তিন ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।
আজ বুধবার (২৫ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সংঘাত চায় না বলে মঙ্গলবার (২৪ অক্টোবর) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তবে তিনি সতর্ক করে বলেছেন, ইরান বা তার প্রক্সিরা যেকোনো জায়গায় মার্কিন সেনাদের ওপর আক্রমণ করলে ওয়াশিংটন দ্রুত কঠোর পদক্ষেপ নেবে।
অ্যান্টনি ব্লিংকেন বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সংঘাত চায় না। আমরা চাই না যে এই যুদ্ধ (হামাস-ইসরায়েল) আরও বিস্তৃত হোক। কিন্তু ইরান বা তার প্রক্সিরা যদি কোথাও মার্কিন সেনাদের ওপর হামলা করে, তাহলে আমরা আমাদের জনগণকে রক্ষা করব, আমরা আমাদের নিরাপত্তা দ্রুত এবং কঠোরভাবে রক্ষা করব।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাত ১৯ দিনে গড়িয়েছে। চলমান সংঘাত আরও ছড়িয়ে পড়তে পারে এবং ইরান ও তার মিত্ররা এই সংঘাতে যোগ দিতে পারে, এমন আশঙ্কার মধ্যে ব্লিংকেন এই মন্তব্য করলেন।
ইসরায়েলের বিরুদ্ধে অন্য কোনো ফ্রন্টে সংঘাত শুরুর কথা বিবেচনা করছে এমন দেশ বা গোষ্ঠীগুলোকে হুঁশিয়ারি করে মঙ্গলবার এক বার্তায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন বলেছেন, ‘আগুনে জ্বালানি নিক্ষেপ করবেন না।’
অন্যদিকে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি নিরাপত্তা পরিষদে বলেছেন, ব্লিংকেন ইসরায়েল-হামাস সংঘর্ষের জন্য ইরানকে ভুলভাবে দোষারোপ করার চেষ্টা করেছেন এবং তেহরান স্পষ্টভাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই ‘ভিত্তিহীন অভিযোগ’ প্রত্যাখ্যান করছে।

আল আকসা মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরায়েল

মুসলিমদের তৃতীয় পবিত্র ধর্মীয় স্থান আল আকসা মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। মসজিদটিতে মুসল্লিদের প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (২৪ অক্টোবর) ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ওয়াফা এ তথ্য জানিয়েছে।
জেরুজালেম শহরে অবস্থিত আল আকসা মসজিদ দেখভালের দায়িত্বে রয়েছে ইসলামিক ওয়াকফ বিভাগ।
জর্ডানের নিয়োজিত এই ইসলামিক সংগঠনটি জানায়, ইসরায়েলি পুলিশ মঙ্গলবার হঠাৎ করে মসজিদটির দিকে যাওয়া সব গেট বন্ধ করে দেয় এবং মুসলিমদের সেখানে প্রবেশে বাধা দিচ্ছে। এখন ইহুদিদের আল আকসা চত্বরে প্রবেশ ও সেখানে প্রার্থনার সুযোগ করে দিয়েছে ইসরায়েলি পুলিশ।
এর মাধ্যমে এই মসজিদ সম্পর্কিত যে চুক্তি রয়েছে সেটি লঙ্ঘন করা হয়েছে বলেও জানায় সংগঠনটি।
চুক্তি অনুযায়ী, আল আকসা চত্বরে অমুসলিমরা প্রবেশ করতে পারবে। কিন্তু সেখানে শুধু মুসলিমরা প্রার্থনা করতে পারবে। কিন্তু এরপরও অনেক ইহুদি পুলিশের সহায়তায় সেখানে প্রবেশ করে জোরপূর্বক প্রার্থনা করে থাকে।
ওয়াফা জানায়, মঙ্গলবার সকালে আল আকসায় নামাজ আদায় করতে আসা মুসল্লিদের বাধা প্রদান করে পুলিশ। প্রথমে তারা শুধু বৃদ্ধদের মসজিদে প্রবেশ করতে দিচ্ছিল। এরপর সব মুসলিমদের প্রবেশ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়।
ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকেই আল আকসা মসজিদ নিয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। এবার সেখানে মুসলিমদের প্রবেশ বন্ধ করে দিলো ইসরায়েলি বাহিনী।

বিএনপি আবারও ভুল পথে হাঁটছে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ অশান্তি সৃষ্টি করলে বিএনপি দাঁড়াতে পারত না। বিএনপি আবারও ভুল পথে হাঁটছে। দিনক্ষণ-তারিখ দিয়ে আন্দোলন হয় না। দিনক্ষণ দিয়ে আন্দোলনের ডাক দিলে সেই আন্দোলন খাদে গিয়ে পড়ে।
আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেলে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আজকের বর্ধিত সভার গুরুত্ব ও তাৎপর্য অনেক। আন্দোলন সংগ্রাম করে এই পার্টি একাধারে ১৫ বছর ক্ষমতায়। খালেদা জিয়া একসময় বলেছিলেন আওয়ামী লীগ একশ বছরেও ক্ষমতায় আসতে পারবে না। এখন আমরা ক্ষমতায় আছি। সংগ্রাম আন্দোলন করে আমরা এতদূর পথ এসেছি। বন্দুকের নল যাদের ক্ষমতার উৎস, তারা আমাদের ক্ষমতার ভয় দেখান। বিএনপি গণতন্ত্রকে ধ্বংস করার জন্য লড়াই করছে।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি প্রহসনের নির্বাচন করেছে। ভুয়া ভোটার লিস্ট তৈরি করেছে। যারা গণতন্ত্রকে গলা টিপে মেরেছে, সেই দলের লজ্জা হওয়া উচিত। গত এক বছর ধরে শান্তি সমাবেশ করে যাচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ অশান্তি চাইলে এতগুলো সমাবেশ কী করতে পারতো? ক্ষমতাসীন দল হয়ে দলের কর্মীরা ধৈর্যের পরীক্ষা দিচ্ছে। আওয়ামী লীগের মনে অনেক বেদনা আছে। কারণ বঙ্গবন্ধু হত্যার মাস্টারমাইন্ড জিয়াউর রহমান।
তিনি বলেন, খালেদা জিয়ার ছেলে মারা যাওয়ার সময় শেখ হাসিনা শোক জানাতে গিয়েছিল, কিন্তু কর্ণপাত করেনি। একুশে নভেম্বর শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছিল। সেই দলের সঙ্গে কীভাবে সমঝোতা করি? আওয়ামী লীগের আমলে কি বিএনপির কোনো নেতাকে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে?
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে মানুষের সেবা করার জন্য। আওয়ামী লীগ অশান্তি করবে না, কেউ যদি অশান্তি করতে চায় তাদের খবর আছে। সহ্য অনেক করেছি সহ্যের একটা সীমা আছে। অশান্তি হলে ছাড় দেওয়া হবে না। ভয় আমাদের দেখাবেন না।
সেতুমন্ত্রী বলেন, বিএনপি নেতাদের এখনই আসা শুরু করেছে, আত্মীয়-স্বজনদের বাড়িতে উঠছে। বিএনপি রঙ্গিন স্বপ্ন দেখছে। ফাঁপা বেলুন চুপসে যাবে।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমদের সভাপতিত্বে বিশেষ বর্ধিত সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাহজাহান খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নুর তাপস প্রমুখ।

অবশেষে ন্যাটোর সদস্য হতে চলেছে সুইডেন

তুরস্ক ও হাঙ্গেরির ছাড়পত্র পেলেই সুইডেনের ন্যাটোর সদস্য হবার পথে শেষ বাধা দূর হবে। তুরস্ক সোমবার সেই সিদ্ধান্ত অনুোমদনের লক্ষ্যে প্রস্তাব পেশ করার পর হাঙ্গেরিও দ্রুত সিদ্ধান্ত নেবে বলে আশা করা হচ্ছে।
ইউক্রেনের ওপর রাশিয়ার হামলার জের ধরে ইউরোপে নিরাপত্তার প্রয়োজনীয়তা আবার নতুন মাত্রা পেয়েছে। ফিনল্যান্ড ও সুইডেন নিজস্ব নিরপেক্ষতার নীতি বিসর্জন দিয়ে সামরিক জোট ন্যাটোয় জোগদানের সিদ্ধান্ত নিয়েছে। ফিনল্যান্ডের সদস্যপদ নিয়ে তেমন কোনো সমস্যা না হলেও সুইডেনকে স্বাগত জানানোর প্রশ্নে তুরস্কের আপত্তি এতকাল ন্যাটোর জন্য অস্বস্তির কারণ হয়ে ছিল। গত বছরের মে মাসে দুই দেশই আবেদন পেশ করার পর ২০২৩ সালের এপ্রিল মাসে ৩১তম সদস্য হিসেবে ফিনল্যান্ড ন্যাটোয় যোগ দিয়েছে। অবশেষে তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়িপ এর্দোয়ান সুইডেনের আবেদন সম্পর্কে আপত্তি তুলে নিয়ে সংসদে সেই সিদ্ধান্তের অনুমোদন চেয়েছেন। গত জুলাই মাসে ন্যাটো শীর্ষ সম্মেলনেই এর্দোয়ান সেই ইঙ্গিত দিয়েছিলেন। তবে সংসদে অনুোমদের দিনক্ষণ নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। ফলে সে বিষয়ে কিছুটা অনিশ্চয়তা থেকে যাচ্ছে।
সুইডেনে আশ্রয় নেওয়া ‘সন্ত্রাসী গোষ্ঠী’গুলির সদস্যদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়ে আসছিল তুরস্ক। বিশেষ করে তুরস্ক, ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদী গোষ্ঠীর তালিকাভুক্ত কুর্দি পিকেকে সংগঠনের সদস্যদের দমন করার উপর জোর দিয়ে আসছিল সে দেশ। হাঙ্গেরির সরকারও নানা অজুহাত দেখিয়ে সুইডেনের জোগদানের সিদ্ধান্ত সংসদের অনুমোদন করাতে বিলম্ব ঘটিয়ে গেছে। তুরস্কের ছাড়পত্রের সিদ্ধান্তের ফলে সে দেশেও দ্রুত সেই প্রক্রিয়া শেষ হবে বলে আশা করা হচ্ছে।
ন্যাটোর মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ তুরস্কের সংসদে দ্রুত ভোটগ্রহণের পর সুইডেনকে দ্রুত স্বাগত জানানোর আশা প্রকাশ করেন। তাঁর আশা, আগামী ২৮ ও ২৯ নভেম্বর ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকেই আনুষ্ঠানিকভাবে সেটা সম্ভব হবে। স্টলটেনবার্গ মঙ্গলবার দুই দিনের সফরে সুইডেন যাচ্ছেন। মার্কিন প্রশাসনও তুরস্কের পদক্ষেপকে স্বাগত জানিয়ে দ্রুত অনুমোদনের আশা প্রকাশ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন তুরস্ককে ৩০টি নতুন এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহের ইঙ্গিত দেওয়ার ইঙ্গিত দিয়েছে। তা ছাড়া সামরিক সরঞ্জাম আধুনিকীকরণের ক্ষেত্রেও ওয়াশিংটন তুরস্ককে সাহায্য করতে পারে।
কুর্দি গোষ্ঠীর কার্যকলাপ দমনের ক্ষেত্রে সুইডেনের পদক্ষেপে সন্তুষ্টি প্রকাশ করলেও সম্প্রতি সে দেশে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। সুইডেনের সরকার বিষয়টিকে গুরুত্ব দিয়ে পালটা পদক্ষেপ নিয়ে ভাবনাচিন্তা করায় সম্ভবত তুরস্ক কড়া অবস্থান নিচ্ছে না। ইউরোপীয় ইউনিয়নে তুরস্কের জোগদানের প্রশ্নে সুইডেন সমর্থনের আশ্বাস দেওয়ায়ও এর্দোয়ান সন্তুষ্ট হয়েছেন।
সূত্র : ডয়চে ভেলে

বিএনপির সমাবেশের সঙ্গে বিদেশিদের ইন্ধন আছে : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপির সমাবেশের সঙ্গে বিদেশিদেরও ষড়যন্ত্র আছে, ইন্ধন আছে। বিএনপি দেশের জনগণের সাথে প্রতারণার পর, এখন সমাবেশের নামে দলীয় নেতা কর্মীদের প্রলোভন দেখিয়ে ঢাকায় নিয়ে যাচ্ছে। আসলে ফলাফল শূন্য।
আজ মঙ্গলবার সকালে কুষ্টিয়া শিল্পকলা একাডেমী মিলনায়তন চত্বরে বিভিন্ন ফলদ গাছের চারা রোপণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মাহবুবউল আলম হানিফ বলেন, কোনো একটি রাজনৈতিক দলের সমাবেশকে কেন্দ্র করে কোন বিদেশি রাষ্ট্রদূত যদি সরকারের বিভিন্ন দপ্তরে দৌড়ঝাঁপ করে, তা হলে বুঝতে হবে যে- তাদের ইন্ধন আছে, তাদের কোন না কোন স্বার্থ আছে। তবে সরকারের বিরুদ্ধে এসব ষড়যন্ত্র করে কোন লাভ হবে না। এই সরকারের ভিত্তি হচ্ছে জনগণ। জনগণের সমর্থন যতক্ষণ পর্যন্ত আছে, ততক্ষণ পর্যন্ত এ সরকারকে কোনো শক্তি সরাতে পারবে না।
অপর এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, মার্কিন সংস্থা আইআর এক জরিপ করে দেখেছে, দেশের ৭০ ভাগ মানুষ মনে করে শেখ হাসিনার সরকার সঠিক পথে দেশ পরিচালনা করছেন। শেখ হাসিনার প্রতি তাদের আস্থা আছে। অতএব যে সরকারের প্রতি ৭০ শতাংশ মানুষের আস্থা থাকে, সে সরকারের বিরুদ্ধে এসব আন্দোলন করে কিছু করা যায় না।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আছে, সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সময়ে এই সকারই থাকবে এবং এই সরকারের অধিনেই নির্বাচন হবে। দেশ থেকে পালিয়ে যাওয়ার ইতিহাস কিন্তু আওয়ামী লীগের নাই, বিএনপির আছে। বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান কিন্তু এখনো পালিয়ে আছে। এদেশ থেকে মুচলিকা দিয়ে রাজনীতি থেকে চলে গেছে। যে দলের শীর্ষ নেতা মুচলিকা দিয়ে রাজনীতি ছেড়ে পালিয়ে থাকে, সেই দলের নেতাকর্মীদের অন্যদলকে পালিয়ে যাওয়ার হুমকি ধামকি দেওয়া, এগুলো খুবই হাস্যকর ও বেমানান।
আওয়ামী লীগ নেতাকর্মীরা সব সময় মাঠে আছে জানিয়ে আওয়ামী লীগের এ নেতা বলেন, বিএনপির এই মহা সমাবেশে বিদেশি বিশেষ একটি গোষ্ঠীর ইন্ধন আছে। তবে কোন ষড়যন্ত্রই সফল হবে না। কারণ জনগণ আওয়ামী লীগের সঙ্গে আছে। এর আগেও বিএনপি সরকার পতনের আন্দোলন করেছে। সেই ১০ ডিসেম্বর পার হয়ে গেছে। তারা বলেছিল, ১৮ অক্টোবরের মধ্যে সরকার পতন না হলে হাতে চুড়ি পরবেন। তাদের এইসব কথাবার্তা নিয়ে দেশবাসীও ভাবে না, আওয়ামী লীগও ভাবে না। বিএনপি নিজেদের নেতাকর্মীদের উজ্জীবিত করার জন্য মিথ্যা আস্বাস দেয়। কোনো কিছুতেই আওয়ামী লীগ শঙ্কিত নয়।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ হাসান মেহেদী, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলামসহ জেলা আওয়ামী লীগের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

নির্বাচন ছাড়া কোনো উপায় নেই : পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমেরিকা ও ব্রিটিশদের কথায় আমাদের বিচার করবেন না। তাঁরা আসুক, কথা বলুক। কথা শুনব। কিন্তু আমাদের দেশ আমরাই চালাব। নির্বাচন ছাড়া কোনো উপায় নেই। নির্বাচন হবেই। স্বাধীনতার প্রতীক নৌকা সব সময়ই আছে। এরপর কত কচুগাছ, পাঠগাছ, ধানগাছ, কচুরিপানা এসেছে। কোনো লাভ হয়নি। নৌকা আছে, নৌকা থাকবেই।
আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকায় স্থানীয় লোকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গোবিন্দগঞ্জ ডেভেলপমেন্ট গ্রুপ এই সভার আয়োজন করে।
পরিকল্পনামন্ত্রী বলেন, শেখ হাসিনা দেশের খাদেম। তাঁকে সারা বিশ্ব মানে। দেশের লক্ষ-কোটি মানুষ তাঁকে সালাম দেয়। তিনি পদ্মা সেতু করেছেন। বঙ্গবন্ধু টানেল করেছেন। দেশের হাজার হাজার স্কুল, কলেজ, মাদরাসা করেছেন। এত উন্নয়ন অন্য কেউ করতে পারবে না।
তিনি বলেন, আমরা পাঞ্জাব, পাঠান, মোঘল, পাকিস্তানীদের গোলাম ছিলাম। বঙ্গবন্ধু বাংলাদেশকে স্বাধীন করেছেন। বাঙালি সব পারে। দুষ্টুরা নানা কথা বলে। তাঁদের কথায় কান দেবেন না। আগামি নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবার শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য দেন আয়োজক সংগঠনের চেয়ারম্যান যুক্তরাজ্যপ্রবাসী আইয়ূব করম আলী। অন্যদের মধ্যে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা তৈয়বুর রহমান, আয়োজক সংগঠনের সহসভাপতি এস এম চয়ন, সাধারণ সম্পাদক আবদুল গফফার, সদস্য জাহিদ হাসান, ছাত্রলীগ নেতা তজম্মুল হক, মিলন মিয়া প্রমুখ।

ভৈরবে ট্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় রেলপথমন্ত্রীর শোক

রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ মঙ্গলবার এক শোকবার্তায় তিনি অনাকাক্সিক্ষত এই ট্রেন দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
এ ছাড়া শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন রেলপথমন্ত্রী।
তিনি বলেন, অপ্রত্যাশিত এই দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে আর্থিক সহায়তাসহ আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত কমিটি গঠন করে দুর্ঘটনার যথাযথ কারণ উদঘাটনের জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

বিএনপি নৈরাজ্য করবে না ওয়াদা করলে সমাবেশের অনুমতি : স্বরাষ্ট্রমন্ত্রী

২৮ অক্টোবর সমাবেশের নামে বিএনপি অরাজকতা, নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রম করবে না- এ রকম ওয়াদা দিলে তাদের পারমিশন (অনুমতি) মিলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) মগবাজার মধুবাগে বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল কমপ্লেক্স পাঠাগার ও মধুবাগ মাঠ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশ কমিশনার তাদের ওয়াদাগুলো পর্যালোচনা করে অনুমতি দেবেন বলে আমি মনে করি। ২৮ অক্টোবর সমাবেশকে ঘিরে অনেকেই অনেক কথা বলছেন। আমি মনে করি বিএনপি শান্তিপূর্ণভাবে সমাবেশ করবে, তাদের সমাবেশের অনুমতি মিলবে।’
তিনি বলেন, বিএনপি জনসমর্থন হারিয়েছে। তাদের শাসনামলে জঙ্গি সন্ত্রাস দিয়ে একটি অরাজকতা তৈরি করেছিল। এ দেশের মানুষ কখনোই সন্ত্রাস জঙ্গিবাদ পছন্দ করে না। তারা আলোকিত বাংলাদেশ দেখতে চায়, তারা আর পেছনে ফিরে যেতে চায় না; এদেশের মানুষ যেহেতু একবার বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাদের ওপর আর কখনো আস্থা এবং বিশ্বাস রাখবে না।
আসাদুজ্জামান খান কামাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে দেশ এগিয়ে যাচ্ছে, তখন বিএনপি রুখে দিতে নানান ধরনের ষড়যন্ত্র করছে। তারা কখনো সমাবেশ দিচ্ছে, কখনো ঢাকার প্রবেশ মুখে অবস্থান কর্মসূচি দিচ্ছে। তাদের কোনো আন্দোলন কর্মসূচিতে বাধা দেওয়া হয়নি। জনগণ যদি চায় তবে তারা আবার ক্ষমতা আসতে পারবে। সেজন্য তাদের জনগণের কাছে যেতে হবে, নির্বাচনে আসতে হবে। সেটা না করে ঢাকা অচল করে দেওয়ার হুমকি দিচ্ছে। জনগণের কাছে মাফ চেয়ে যদি ভোটে ক্ষমতায় আসতে পারে তবে আমার আনন্দে ক্ষমতা ছেড়ে দেব, ২০০১ সালেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাই করেছিলেন। কিন্তু সেটা না করে আপনারা হরতাল-অবরোধ দেবেন, ঢাকা অচল করে দেবেন। ঢাকা অচল করে দিলে সেখানে হাজার হাজার মানুষ দেশের বাইরে যায়, অসুস্থ রোগী ঢাকায় আসে নানান ধরনের কর্মকাণ্ড ঢাকায় হয়ে থাকে। তাই জনগণের জান মাল নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব ও কর্তব্য আছে তারা সেই দায়িত্ব পালন করবেন।
৩৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৈমূর রেজা খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম, ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী সেলিম রেজা, উত্তর সিটি কর্পোরেশন প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিনুল ইসলাম, নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব প্রমুখ।

ইসরায়েল-ফিলিস্তিনি সংঘাত নিয়ে জাতিসংঘের জরুরি বৈঠক

গাজার ভয়াবহ পরিস্থিতি নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে জরুরি বৈঠক ডাকা হয়েছে। আগামী বৃহস্পতিবার (২৬ অক্টোবর) এ বৈঠক বসবে বলে জানায় সংবাদমাধ্যম আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, গাজা-ইসরায়েল সংঘাত নিয়ে জর্ডান ও মৌরিতানিয়ার অনুরোধে কয়েকটি দেশের পক্ষ থেকে এই বৈঠক ডাকা হয়।
এ নিয়ে মঙ্গলবার (২৪ অক্টোবর) এক এক্স (টুইটার) বার্তায় জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট ডেনিস ফ্রান্সিস লেখেন, এরকম পরিস্থিতে নিরাপত্তা পরিষদ যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হলে সাধারণ পরিষদকে পদক্ষেপ নিতে হবে।
প্রতিবেদনে আরও বলা হয়, ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত নিয়ে নতুন করে একটি প্রস্তাব পাসের চেষ্টা করছে। এর আগে গত সপ্তাহে স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে যুদ্ধবিরতির একটি প্রস্তাব বাতিল হয়ে যায়।
এর মধ্যে ১৯৩ সদস্যের সাধারণ পরিষদে জরুরি বৈঠক ডাকা হয়েছে। পাঁচ বছরের মধ্যে এই প্রথম গাজা পরিস্থিতি নিয়ে এ ধরনের বৈঠক অনুষ্ঠিত হবে জাতিসংঘে।
৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এর পর থেকে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানায়, ২৪ ঘণ্টায় উপত্যকাটিতে ইসরায়েলের হামলায় ৪৩৬ জন নিহত হয়েছে। এর মধ্য দিয়ে গত ১৭ দিনে গাজায় নিহত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৮৭। তাদের মধ্যে ২ হাজার ৫৫টি বা ৪০ শতাংশই শিশু। আর নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছে ১ হাজার ১১৯ নারী।