বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

কানাডার নাগরিকদের জন্য ভারতীয় ভিসা চালু

একমাসেরও বেশি সময় পর কানাডার নাগরিকদের ভিসা দেওয়া শুরু করল ভারত। বুধবার থেকেই শুরু হয়েছে ভিসা দেওয়ার প্রক্রিয়া। তবে এখনই সব ক্ষেত্রে কানাডার নাগরিকরা ভিসা পাবেন না বলে জানিয়েছে মোদি সরকার।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আপাতত চার ধরনের ভিসা দেওয়া হবে। দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েনের জেরে অনির্দিষ্টকালের জন্য কানাডার নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করেছিল ভারত।
বুধবার কানাডার ভারতীয় হাই কমিশনের তরফে জানানো হয়, নিরাপত্তা সংক্রান্ত পরিস্থিতি খতিয়ে দেখে আপাতত ভিসার অনুমতি দেওয়া হবে। তবে মাত্র চারটি ক্ষেত্রে ভিসার আবেদনে অনুমতি মিলবে। এন্ট্রান্স ভিসা, বিজনেস ভিসা, মেডিকেল ভিসা ও কনফারেন্স ভিসা।
গত ২১ সেপ্টেম্বর আচমকাই জানা যায়, কানাডার নাগরিকদের আর ভারতে ঢুকতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বিএলএস ইন্টারন্যাশনাল নামে বেসরকারি সংস্থার ওয়েবসাইটে জানানো হয়, প্রক্রিয়াগত কারণে আপাতত কানাডার নাগরিকদের ভারতের ভিসা দেওয়া যাবে না। তবে ঠিক কী সমস্যার কারণে ভিসা মঞ্জুরের সিদ্ধান্ত বাতিল হল, তা নিয়ে বিস্তারিত কিছুই বলা হয়নি। প্রসঙ্গত, এই সংস্থাটি ভারত ও কানাডার ভিসা সংক্রান্ত পরামর্শ দিয়ে থাকে।
এই ঘটনার পরে আরও খারাপ হয়েছে ভারত ও কানাডার দ্বিপাক্ষিক সম্পর্ক। ভারত থেকে ৪০ জন কূটনীতিককে দেশে ফিরিয়ে নেয় কানাডা। অন্যদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর অভিযোগ করেন, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে অযথা নাক গলাচ্ছে কানাডার কর্মকর্তারা।
কয়েকমাস আগে কানাডায় হামলায় নিহত হন ভারতীয় বংশোদ্ভূত শিখ নেতা। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানান, শিখ নেতা হত্যার পেছনে সরাসরি হাত রয়েছে ভারতের। এরপরই দুই দেশের মধ্যে সম্পর্ক তলানিতে নামে।

যে কারণ দেখিয়ে ছুটি নিয়েছেন সাকিব

বিশ্বকাপ চলার মাঝপথেই দেশে ফিরেছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। ইতোমধ্যে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সংবাদটি। হুট করে কেন দেশে এলেন এই অলরাউন্ডার তা নিয়ে সমর্থকদের মনে উঠেছে নানান প্রশ্ন। চলছে আলোচনা-সমালোচনা।
জানা গেছে, দেশে ফিরে অনুশীলন করলেও কোচ থেকে সাকিব ছুটি নিয়েছেন ব্যক্তিগত কারণ দেখিয়ে। বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘সাকিবকে দুই দিনের ছুটি দেওয়া হয়েছে। কোচ ছুটি দিয়েছে। ও বলেছে যে ব্যক্তিগত কারণে ওকে একটু ঢাকায় যেতে হবে। আমরা ব্যক্তিগত কারণ বলেই জানি।’
হঠাৎ করে দলকে রেখে সাকিব দেশে ফেরায় অনেকেই ভেবেছিলো হয়তো অ-ক্রিকেটীয় কাজেই সাকিবের এমন ফেরা। তবে, সাকিব নিজের অনুশীলন ঝালাই করতেই ফিরে এসেছেন ছোট বেলার কোচ নাজমুল আবেদীন ফাহিমের কাছে।
বৃহস্পতি এবং শুক্রবারও ব্যাটিং নিয়ে কাজ করবেন দেশসেরা এই অলরাউন্ডার। এর পাশাপাশি বোলিং নিয়েও কাজ হতে পারে বলে জানিয়েছেন কোচ ফাহিম।
চলমান বিশ্বকাপে চার ম্যাচে ১৪ গড়ে সাকিবের রান মাত্র ৫৬, সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে। বল হাতে ওভারপ্রতি ৫.৫৪ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে নেয়া ৩০ রানে ৩ উইকেট তার সেরা পারফরম্যান্স। চোটের কারণে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলেননি বাংলাদেশ কাপ্তান।

বাণিজ্যিক সুবিধা ৬ বছর বাড়াতে ইইউর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এলডিসি থেকে উত্তরণে উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশের জন্য তার ব্যবসায়িক সুবিধা (জিএসপি+) আরও ছয় বছর বাড়াতে আজ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতি আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘আমি ইউরোপীয় ইউনিয়নকে তাদের ব্যবসায়িক (জিএসপি) সুবিধাগুলো তিন বছরের পরিবর্তে ছয় বছর করার জন্য অনুরোধ করছি কেননা স্বল্পোন্নত দেশের (এলডিসি) মতো বাংলাদেশ এখন কোভিড-১৯ মহামারি এবং যুদ্ধের কারণে অর্থনৈতিকভাবে চাপের মধ্যে রয়েছে।’
ব্রাসেলসে প্রধানমন্ত্রীর কর্ম ব্যস্ততার বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, ব্যবসায়িক সুবিধার সম্প্রসারণ এলডিসি দেশগুলোর উত্তরণের পর সমৃদ্ধির যাত্রাকে মসৃণ করবে।
ইউরোপীয় কমিশন (ইসি) এবং ইউরোপীয় ইউনিয়ন ব্যাংক (ইআইবি) এবং ইউরোপীয় পার্লামেন্ট নেতাদের সাথে প্রধানমন্ত্রীর একাধিক দ্বিপাক্ষিক বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।
২৪ অক্টোবর সন্ধ্যায় বেলজিয়ামের ব্রাসেলসে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী গ্লোবাল গেটওয়ে ফোরামের উদ্বোধনী অধিবেশন এবং দ্বিপাক্ষিক আলোচনাসহ অন্যান্য পার্শ্ব ইভেন্টসহ মোট নয়টি ইভেন্টে যোগ দেন।
ইসি প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইন, ট্রেড কমিশনার এবং ইসি নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ভালদিস ডোমব্রোভস্কিস, ইসি ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিশনার জেনেজ লেনারসিক, ইউরোপীয় পার্লামেন্টের ভাইস-প্রেসিডেন্ট নিকোলা বিয়ার, ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট ড. হোয়ার এবং ইসি ইন্টারন্যাশনাল পার্টনারশীপ কমিশনার জুটা উরপিলাইনেন এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, আলাপকালে তার সাথে দেখা হওয়া প্রতিটি ব্যক্তিই শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের ভূয়সী প্রশংসা করেছেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সবচেয়ে বড় বিষয় আসন্ন সাধারণ নির্বাচনের মাত্র দুই মাস আগে প্রধানমন্ত্রীকে এমন একটি বিশ্ব ফোরামে যোগদানের আমন্ত্রণ প্রমাণ করেছে বিশ্ব ও ইইউ প্রধানমন্ত্রীর পাশে রয়েছে।
উত্তরে প্রধানমন্ত্রী বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ইইউর ভূমিকার প্রশংসা করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বিনিয়োগের সবচেয়ে অনুকুল পরিবেশ উল্লেখ করে ইইউভুক্ত দেশগুলোকে বাংলাদেশে আরো বৃহত্তর বিনিয়োগের আহবান জানান।
ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠকে মূলত রোহিঙ্গা, জলবায়ু পরিবর্তন এবং সম্পর্কের বিষয়টি এসেছে।
তবে আগামী নির্বাচন ও মানবাধিকার নিয়ে কোনো ইস্যু আলোচনা হয়নি বলে জানান তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, মানবাধিকার, মানবিক ন্যায়বিচার, মানবিক মর্যাদা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বাংলাদেশ একটি রোল মডেল কেননা এই মহৎ উদ্দেশ্যেই দেশের ৩০ লাখ মানুষ জীবন উৎসর্গ করেছেন।
মোমেন জানান, ইসির ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিশনার জেনেজ লেনারসিক রোহিঙ্গাদের জন্য বাংলাদেশকে বাড়তি সাড়ে দশ মিলিয়ন মিলিয়ন ইউরো দেওয়ার আশ্বাস দিয়েছেন।
প্রধানমন্ত্রী ও ইইউ নেতারা বাংলাদেশ ও ইইউর মধ্যে বিদ্যমান ৫০ বছরের দ্বিপাক্ষিক সম্পর্ককে অন্য উচ্চতায় উন্নীত করার অঙ্গীকার করেছেন বলেও উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী।
এ লক্ষ্যে প্রধানমন্ত্রী ইইউর সঙ্গে একটি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরের জন্য আলোচনায় সম্মতি দিয়েছেন বলে জানান তিনি।
ড. মোমেন বলেন, প্রধানমন্ত্রী আজ ল্লোবাল গেটওয়ে ফোরাম সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন এবং সকল বাঙালির তাকে নিয়ে গর্ব করা উচিত।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তিনি (শেখ হাসিনা) পুরো অনুষ্ঠানের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।’ তিনি বলেন, প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতায় যুদ্ধ ও অস্ত্র বন্ধের আহবান জানানোয় অধিবেশনে উপস্থিত সকল নেতা বার বার হাততালি দেন, তাঁর কাছে ছুটে আসেন এবং তাঁর বক্তব্যের জন্য তার প্রশংসা করেন।
এ বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘পুরো অধিবেশনের কেন্দ্রবিন্দু ছিলেন শেখ হাসিনা।’
তিনি আরও বলেন, গ্লোবাল গেটওয়ে ফোরামের উদ্বোধনী অধিবেশনে দেওয়া বক্তৃতার মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভাষণটি ছিল সবচেয়ে মর্মস্পর্শী এবং সবচেয়ে আকর্ষণীয়।
এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোঃ তোফাজ্জেল হোসেন মিয়া এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শরিফা খান উপস্থিত ছিলেন।

নবায়নযোগ্য জ্বালানিতে ৩৫ কোটি ইউরো দেবে ইআইবি

নবায়নযোগ্য জ্বালানি শক্তি উৎপাদন খাতে বিদ্যুৎ বিভাগকে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে ৩৫ কোটি ইউরো ঋণ দেবে ইউরোপীয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি)। এ ঋণের সঙ্গে আরও ৪ কোটি ৫০ লাখ ইউরো অনুদান দেবে ইউরোপী ইউনিয়ন (ইইউ)। বুধবার (২৫ অক্টোবর) বেলজিয়ামের ব্রাসেলসে বাংলাদেশ সরকার ও ইআইবির মধ্যে এ সংক্রান্ত একটি ফ্রেমওয়ার্ক ঋণচুক্তি স্বাক্ষরিত হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ইআইবির ভাইস প্রেসিডেন্ট মিস টেরেসা জারউইনস্কা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট মিস উরসুলা ভন দার লিয়েনের উপস্থিতিতে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান এবং ইআইবি’র এশিয়া প্যাসিফিক বিভাগের বিভাগীয় প্রধান এদভারদাস বুমসটেইনাস ঋণচুক্তি স্বাক্ষর করেন। ঋণচুক্তি স্বাক্ষরকালে বাংলাদেশ, ইআইবি, ইইউ’র আরও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে ইআরডি জানায়, এ ঋণ গ্রহণের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন খাতকে উৎসাহিত করা এবং এর মাধ্যমে বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে সৌর বিদ্যুৎ ও বায়ুচালিত বিদ্যুৎ উৎপাদন করা। প্রকল্পগুলো বাস্তবায়ন হলে নবায়নযোগ্য জ্বালানি শক্তি উৎপাদনের ক্ষেত্রে জাতীয় লক্ষ্যমাত্রা অর্জন, গ্রীন হাউজ গ্যাস নিঃসরণ হ্রাস, পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমণে সহায়ক হবে।
ইউরোপীয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী। ইআইবি এর আগে বাংলাদেশ সরকারকে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ৬৩ কোটি ৫০ লাখ ইউরো ঋণ প্রদান করেছে। বাংলাদেশে উন্নয়ন সহায়তার ক্ষেত্রে ইআইবি প্রধানতঃ নবায়নযোগ্য বিদ্যুৎ, স্বাস্থ্য, পরিবহন, রেল যোগাযোগ, পরিবেশ সুরক্ষা ও জনস্বাস্থ্যকে প্রাধান্য দিয়ে থাকে।

২৭ তারিখ থেকে নির্ঘুম রাত কাটাতে হবে আ. লীগের : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দেুল কাদের বলেছেন, এবার অস্তিত্বের প্রশ্ন, ২৭ তারিখ থেকে নির্ঘুম রাত কাটাতে হবে আওয়ামী লীগের নেতাকর্মীদের। বিএনপি ঢাকার অলিগলি থেকেও পালোনোর পথ পাবে না বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার (২৫ অক্টোবর) বিকেল তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক মতবিনিয়ম সভায় তিনি এসব কথা বলেন।
ওবায়দেুল কাদের বলেন, একাত্তরের বিজয়কে যদি সংহত করতে চান তাহলে বিজয়ের প্রধানতম শত্রু, সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদের আসল ঠিকানা বিএনপিকে পরাজিত করতে হবে। এরা হলো সব অপশক্তির বিশ্বস্ত ঠিকানা। এই দলকে পরাজিত করতে হবে। না হলে বিজয় সংহত হবে না। যারা আমাদের বিজয়কে বার বার রক্তাক্ত করেছে, তাদের পরাজিত করতে হবে।
এর আগে আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ শাখা, ঢাকা জেলা শাখা, নির্বাচিত দলীয় জনপ্রতিনিধি এবং সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, ঢাকা জেলা শাখার সভাপতি-সাধারণ সম্পাদকদের মতবিনিময় সভা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

কৃষির আধুনিকায়নে সহযোগিতা করবে ইউএসএআইডি

বাংলাদেশের কৃষিকে আধুনিক করতে উন্নত গবেষণা কার্যক্রম ও উন্নত প্রযুক্তির বিষয়ে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি)।
আজ বুধবার সকালে সচিবালয়ে ইউএসএআইডি, ওয়াশিংটনের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর অঞ্জলি কাউরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাকের সঙ্গে বৈঠকে করে এ কথা জানান।
কৃষিমন্ত্রী বলেন, বর্তমান সরকার কৃষিকে আধুনিক ও লাভজনক করতে কাজ করছে। সেজন্য, কৃষিপণ্যের রফতানি বাড়াতে ও ভ্যালু অ্যাড করার লক্ষ্যে নানান উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সম্প্রতি কৃষিতে অগ্রাধিকার খাত চিহ্নিত করে বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।
তিনি বলেন, বিনিয়োগ পরিকল্পনায় কোল্ড স্টোরেজ স্থাপন ও সংগ্রহোত্তর ব্যবস্থাপনা, কৃষি প্রক্রিয়াজাতকরণ ও বিপণন, ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার, সেচ ও পানি ব্যবস্থাপনা, দক্ষ মানবসম্পদ তৈরি ও ৪র্থ শিল্প বিপ্লবের প্রযুক্তি ব্যবহার এই ৬টি খাতকে অগ্রাধিকার দেয়া হয়েছে। এসব খাতে ইউএসএআইডির কারিগরি ও আর্থিক সহযোগিতা প্রয়োজন।
ইউএসএআইডির প্রতিনিধিদল জানান, বাংলাদেশের কৃষির অগ্রাধিকার খাতে বিনিয়োগ ও সহযোগিতার বিষয়ে গুরুত্বারোপ করবে। এ ছাড়া বেসরকারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করতেও উদ্যোগ নেবে।
বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রুহুল আমিন তালুকদার, ইউএসএআইডির বাংলাদেশ মিশন ডাইরেক্টর রিড অ্যাচলিম্যান, ডাইরেক্টর মোহাম্মদ খান এবং যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের অ্যাটাশে সারাহ জিলেস্কি উপস্থিত ছিলেন।

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমেছে। আজ বুধবার (২৫ অক্টোবর) টানা চতুর্থদিনের মতো জ্বালানি তেলের দাম কমলো। ইউরোপে চাহিদা কমায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। অন্যদিকে ইসরায়েল ও হামাসের সংঘাতের ফলে মধ্যপ্রাচ্যজুড়ে তেলের সরবরাহ ব্যবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে।
বুধবার ব্রেন্টক্রডের দাম ২৮ সেন্ট বা শূন্য দশমিক ৩ শতাংশ কমে ৮৭ দশমিক ৭৯ ডলারে দাঁড়িয়েছে। একই সঙ্গে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৩১ সেন্ট বা শূন্য দশমিক ৪ শতাংশ কমে ৮৩ দশমিক ৪৩ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমার অন্যতম কারণ হলো ইউরোপের ধীরগতির অর্থনীতি। অঞ্চলটিতে চাহিদা কমেছে ব্যাপকভাবে। ইউরোজনে আগের বছরের তুলনায় এ বছর তেলের ব্যবহার কমেছে।
একটি জরিপে দেখা গেছে, খারাপ পথে এগোচ্ছে ইউরোজোনের চতুর্থ প্রান্তিকের অর্থনীতি। এতে মন্দারকবলে পড়তে পারে সেখানের অর্থনীতি।
মঙ্গলবারের (২৪ অক্টোবর) জরিপের ফলাফল ইউরোপীয়ান সেন্ট্রাল ব্যাংকের (ইসিবি) জন্য হতাশাজনক। বর্তমান বাজার মূল্যে বোঝা যাচ্ছে ইসিবি প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ডের দীর্ঘ মেয়াদে উচ্চ সুদের হারের ব্যাখ্যা স্থায়ী নাও হতে পারে।
এইচসিওবি এর ফ্ল্যাশ ইউরোজোন কম্পোজিট পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই) অক্টোবরে কমে দাঁড়িয়েছে ৪৬ দশমিক ৫ শতাংশ, যা ২০২০ সালের নভেম্বরের পর সর্বনিম্ন। করোনার সময় বাদ দিলো এই হার ২০১৩ সালের পর সর্বনিম্ন। সেপ্টেম্বরে এই হার ছিল ৪৭ দশমিক ৫ শতাংশ।
অক্সফোর্ড ইকোনমিক্সের ররি ফেনেসি বলেন, পারচেজিং ম্যানেজারস ইনডেক্সের ফলাফল ইউরোজোনের জন্য নেতিবাচক। যদিও সেপ্টেম্বরে চাহিদা পুনরুদ্ধারের আশা জেগেছিল।
খবর রয়টার্স

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সঙ্গে পলকের বৈঠক

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ও টনি ব্লেয়ার ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জের প্রতিষ্ঠাতা টনি ব্লেয়ার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের মধ্যে বৈঠক হয়েছে।
মঙ্গলবার বেলজিয়ামের ব্র্যাসেলসে টেক অ্যাক্সিলারেটর প্রোগ্রাম ২০২৩-এর ‘হার্নেসিং দ্য টেকনোলজি রেভুলিউশন : এ নিউ ভিশন ফর দ্য স্টেট’ শীর্ষক সেশনের পর এ বৈঠক হয়।
টনি ব্লেয়ার প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সরকার কিভাবে জনগণের জীবনমান উন্নত এবং আরও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে পারে সে বিষয়ে অনুপ্রেরণাদায়ী মতামত ব্যক্ত করেন।
তিনি ডিজিটাল অবকাঠামোতে বিনিয়োগ, উদ্ভাবনকে সমর্থন এবং প্রযুক্তিকে যথাযথভাবে নিয়ন্ত্রণ ও পরিচালিত করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে বিশ্বকে আরও ভাল আবাস ভূমি হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতি ব্যক্ত করায় প্রতিমন্ত্রী টনি ব্লেয়ারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রতিমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য জিরো ডিজিটাল ডিভাইড নিশ্চিত করতে একসাথে কাজ করা।
স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি এবং স্মার্ট সোসাইটি এ ৪টি স্তম্ভের ওপর ভিত্তি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ২০৪১ সাল নাগাদ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের রূপরেখা তুলে ধরেন তিনি।

এ ছাড়া প্রতিমন্ত্রী টনি ব্লেয়ার ইনস্টিটিউট আয়োজিত নৈশভোজে অংশগ্রহণ করেন।

হঠাৎ দেশে ফিরলেন সাকিব

বিশ্বকাপে প্রোটিয়াদের বিপক্ষে কাল বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এবারের আসরে টানা চতুর্থ হারের পর হঠাৎ দেশে ফিরেছেন অধিনায়ক সাকিব আল হাসান।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে টাইগার অধিনায়ক দল নিয়ে এত তাড়াতাড়িই হতাশ না হওয়ার কথা বলেছিলেন। তবে পরের দিনই প্রোটিয়াদের বিপক্ষে হারে লাল-সবুজ দল। ১২৯ রানের ব্যবধানে হারের পর আজ হঠাৎই দেশে ফিরে এসেছেন সাকিব।
জানা গেছে, দেশে ফিরেই মিরপুরে ইনডোরে নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে অনুশীলন শুরু করেছেন তিনি। বিশ্বকাপে বাংলাদেশের পরবর্তী ম্যাচ নেদারল্যান্ডসের বিপক্ষে আগামী ২৮ অক্টোবর। টাইগার অধিনায়ক ডাচদের বিপক্ষে ম্যাচের আগের দিন অর্থাৎ ২৭ অক্টোবর ফের ভারতে যাবেন বলে জানা গেছে।
বিশ্বকাপে বাংলাদেশ খেলেছে পাঁচটি ম্যাচ। এসবের মধ্যে প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জিতলেও এরপর টানা চার ম্যাচেই হেরেছে টাইগাররা। এবারের আসরে এখনো পর্যন্ত চার ম্যাচে খেলে সাকিব ব্যাট হাতে করেছেন ৫৬ রান। অন্যদিকে বল হাতে তিনি নিয়েছেন ৬ উইকেট।

দালাই লামার সঙ্গে দেখা করেছে নিউজিল্যান্ড দল

তিব্বতের আধ্যাতিক গুরু দালাই লামার সাথে ধর্মশালায় ম্যাকলিওড গঞ্জে তার বাসভবনে দেখা করেছে বিশ^কাপে খেলতে আসা নিউজিল্যান্ড ক্রিকেট দল। ভারতের বিপক্ষে ধর্মশালায় রোববারের ম্যাচে পরাজিত হবার পর নিউজল্যান্ডের পরবর্তী ম্যাচ আগামী ২৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে এই একই মাঠে।
কিউই দলের অধিনায়ক টম লাথামের নেতৃত্বে নিউজিল্যান্ড দল দালাই লামার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দালাই লামা কিউই খেলোয়াড়দের সঙ্গে বেশ কিছুক্ষণ বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেন।
দালাই লামার সঙ্গে সাক্ষাতের একটি ছবি নিউজিল্যান্ড ক্রিকেট সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে। এ সময় সব খেলোয়াড়কে বেশ হাস্যোজ্জ¦ল দেখা গেছে। কিছু খেলোয়াড়ের সঙ্গে তাদের পরিবারের সদস্যরাও ছিলেন।