ইরানে আরো দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর

SHARE

ইরানে জানুয়ারির বিক্ষোভের সময় গ্রেপ্তার হওয়া মোহাম্মদ আমিন বিগলারি ও শাহিন ভাহেদিপারস্ত নামে দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ইরানের বিচার বিভাগ এ তথ্য জানিয়েছে।

বিচার বিভাগের সংবাদ সংস্থা মিজানের উদ্ধৃতি দিয়ে বিবিসি ফার্সি রবিবারের (৫ এপ্রিল) এক প্রতিবেদনের লিখেছে, ‘অভিযুক্ত দুজন একটি সামরিক স্থাপনায় হামলা চালায়। ওই স্থাপনাটি ধ্বংস ও অগ্নিসংযোগ করার সময় তারা অস্ত্রাগারে প্রবেশেরও চেষ্টা করেছিল।


বিচার বিভাগ অনুসারে, চূড়ান্ত রায়টি সুপ্রিম কোর্ট কর্তৃক অনুমোদিত হয়েছে।

ডিসেম্বরে গ্রেপ্তার হওয়া আরেক বিক্ষোভকারী আমির হোসেন হাতামিকে গত সপ্তাহে একই ধরনের অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

চলতি বছরের জানুয়ারিতে হওয়া দেশব্যাপী বিক্ষোভের পর থেকে এটি রাজনৈতিক বন্দিদের দশম মৃত্যুদণ্ড কার্যকর।