ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন নিহত হয়েছে। এ ঘটনায় ৬ জন করে মোট ১২ জনকে নিয়ে দুটি তদন্ত কমিটির গঠন করা হয়েছে।
একটিতে ডিটিও, ডেন-১, ডিএসটিই, ডিএমই (লোকো), ডিএমও এবং কমান্ড্যান্টকে (আরএনবি) সদস্য করা হয়েছে। অপর তদন্ত কমিটিতে সিওপিএস, সিই, সিএমই, সিএমও, সিএসটিই ও সিসি (আরএনবি)-কে সদস্য করা হয়েছে।
রোববার (২২ মার্চ) সকালে এ তথ্য জানিয়েছেন রেলওয়ের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান।
কমিল্লা সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সিরাজুল মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন । কুমিল্লা মেডিকেল কলেজের কর্তব্যরত ডা. অমিত ভৌমিক ১২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ।
প্রসঙ্গত, শনিবার (২১ মার্চ) রাতে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীর দিকে যাওয়া মামুন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয় চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাওয়া একটি মেইল ট্রেন। এতে ১২জন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।




