দেশব্যাপী ‘খাল খনন কর্মসূচি–২০২৬’-এর উদ্বোধন করতে ঢাকা থেকে দিনাজপুরের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বার্তায় জানানো হয়, সোমবার দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর এলাকায় ‘সাহাপাড়া খাল’ খননের মাধ্যমে তিনি এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
এ উপলক্ষে সকাল সাড়ে ৯টায় একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঢাকা বিমানবন্দর থেকে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। সৈয়দপুর পৌঁছে সেখান থেকে সড়কপথে কর্মসূচিস্থল দিনাজপুরে যাবেন তিনি।
সফরসূচি অনুযায়ী, উদ্বোধনী অনুষ্ঠান শেষে দুপুর সাড়ে ১২টায় সেখানে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
জনসভা শেষে বিকেলে দিনাজপুরের শেখ ফরিদ মডেল কবরস্থানে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে শায়িত তার নানা-নানি ও খালার কবর জিয়ারত করবেন তিনি। পরে বিকেল ৫টায় দিনাজপুর সার্কিট হাউস চত্বরে আয়োজিত সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে অংশ নেবেন প্রধানমন্ত্রী।




