ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র হাতে গোনা দুই দিন বাকি আছে। ভোটের আগের মুহূর্তে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে, বিশেষ করে বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন জোটের মধ্যে। নির্বাচনের ফলাফল নিয়েও চলছে নানা জল্পনা ও জরিপ।
সোমবার (৯ ফেব্রুয়ারি) তিনটি স্বতন্ত্র প্রতিষ্ঠান; ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল’ অ্যান্ড ডিপ্লোম্যাসি (আইআইএলডি), এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (ইএএসডি) এবং ন্যাশনালিস্ট রিসার্চ সেল আলাদা আলাদা প্রাক-নির্বাচনী জরিপ প্রকাশ করেছে। এই তিনটি জরিপে ভোটের হার, আসনভিত্তিক অবস্থান ও ভোটারদের রাজনৈতিক প্রবণতা নিয়ে ভিন্ন ভিন্ন চিত্র উঠে এসেছে।
আইআইএলডি: ভোটে হাড্ডাহাড্ডি লড়াই, আসনে জামায়াত এগিয়ে
আইআইএলডির জরিপে দেখা গেছে, ভোটের সার্বিক হার অনুযায়ী বিএনপি নেতৃত্বাধীন জোট সামান্য ব্যবধানে এগিয়ে থাকতে পারে। জরিপ অনুযায়ী, বিএনপি জোটকে ভোট দিতে আগ্রহী ৪৪.১ শতাংশ মানুষ, আর জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রতি সমর্থন ৪৩.৯ শতাংশ। দুই জোটের ব্যবধান মাত্র ০.২ শতাংশ।
কিন্তু আসনভিত্তিক অবস্থানে ভিন্ন চিত্র দেখা যায়। আইআইএলডি বলছে, জামায়াত নেতৃত্বাধীন জোট ১০৫টি আসনে এগিয়ে, বিএনপি জোট ১০১টি আসনে এগিয়ে আছে, আর ৭৫টি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা ১৯টি আসনে জয় পেতে পারেন। জরিপে দেশের ৩০০ আসনের ৬৩,১১৫ জন ভোটারের মতামত নেওয়া হয়েছে।
ইএএসডি: ২০৮ আসনে বিএনপির বড় ব্যবধানের জয়
ইএএসডি’র জরিপে বিএনপি জোটকে ব্যাপকভাবে এগিয়ে রাখা হয়েছে। সংস্থার পূর্বাভাস অনুযায়ী, নির্বাচনে বিএনপি ২০৮টি আসনে জয় পেতে পারে, আর জামায়াত নেতৃত্বাধীন জোট ৪৬টি আসনে। জাতীয় পার্টি ৩টি, অন্যান্য দল ৪টি, স্বতন্ত্র প্রার্থী ১৭টি আসনে জয় পেতে পারেন। বাকি ২২টি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।
এ জরিপে ৪১,৫০০ মানুষের মতামত নেওয়া হয়েছে। জরিপে দেখা গেছে, ৬৬.৩ শতাংশ ভোটার বিএনপিকে সমর্থন করছেন, যেখানে জামায়াত ১১.৯ শতাংশ। নারী ভোটারদের মধ্যে বিএনপির জনপ্রিয়তা ৭১.১ শতাংশ।
ইএএসডির প্রধান নির্বাহী শামীম হায়দার তালুকদার জানিয়েছেন, আগের সময়ে আওয়ামী লীগে ভোট দেওয়া ভোটারদের বড় অংশ এবার বিএনপির পক্ষে ভোট দিতে চাইছেন।
ন্যাশনালিস্ট রিসার্চ সেল: বিএনপি ২২০ আসনে জয়
ডিএনএস শিক্ষার্থীদের সংগঠন ন্যাশনালিস্ট রিসার্চ সেলের জরিপ অনুযায়ী, বিএনপি ২২০টি আসনে জয় পেতে পারে, জামায়াত ৫৭টি, জাতীয় পার্টি ৫টি, এনসিপি ২টি, স্বতন্ত্র প্রার্থী ১২টি এবং অন্যান্য দল ৪টি আসনে জয়ী হতে পারে।
৩০০ জন উত্তরদাতার মধ্যে ৭৭ শতাংশ বিএনপিকে, ১৬ শতাংশ জামায়াতকে সমর্থন দিয়েছেন। গণভোট প্রসঙ্গে ৪৯ শতাংশ ভোটার এখনও সিদ্ধান্তহীন, ৩০ শতাংশ ‘হ্যাঁ’ এবং ২১ শতাংশ ‘না’ ভোট দেওয়ার কথা জানিয়েছেন।




