ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ‘গণভোট-২০২৬’-এর প্রেক্ষিতে ঢাকা-৮ ও ঢাকা-৯ আসনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)। নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে বিশেষ ‘রোবাস্ট’ টহল ও গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) র্যাব-৩ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এতে বলা হয়, ঢাকা-৮ আসনের পীর জঙ্গী মাজার রোড এলাকা (মতিঝিল আইডিয়াল স্কুল) ও ঢাকা-৯ আসনের বাসাবো তরুণ সংঘ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভা পর্যবেক্ষণ এবং নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ টহল চালানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজধানীর সবুজবাগ, মুগদা, শাহজাহানপুর, খিলগাঁও, শাহবাগ, মতিঝিল, পল্টন ও রমনা থানা এলাকায় সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিশেষ টহল চলেছে। এছাড়া ঢাকা-৮ ও ঢাকা-৯ আসনের বিভিন্ন স্থানে প্রতিদিন ২৪ ঘণ্টা নিয়মিত রোবাস্ট টহল পরিচালিত হচ্ছে।
র্যাব জানায়, গত ১ ফেব্রুয়ারি থেকে অলি-গলিতে ‘মোটরকেড পেট্রোলিং’-এর মাধ্যমে নির্বাচনী এলাকা ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। নির্বাচন ও গণভোট শেষ না হওয়া পর্যন্ত এই বিশেষ ব্যবস্থা অব্যাহত থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল, অবৈধ মাদক ও অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতারে র্যাব সবসময় তৎপর রয়েছে। সাধারণ জনগণের জন্য শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করাই বাহিনীর প্রধান লক্ষ্য।




