ইডিসিএলের এমডি মো. আ. সামাদ মৃধার দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারি মো. রিয়াজ হোসেন বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আবেদনে বলা হয়েছে, মো. আ. সামাদ মৃধার বিরুদ্ধে পারস্পরিক যোগসাজশে কোটি কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে অনুসন্ধান চলমান রয়েছে।
অনুসন্ধানকালে ওপেন সোর্স এবং গোপনসূত্রে জানা যায় যে, অভিযোগ সংশ্লিষ্ট মো. আ. সামাদ মৃধার বিভিন্ন ক্রয়ে কোটি কোটি টাকার টেন্ডার বাণিজ্য করে অর্থ আত্মসাৎ পূর্বক বিদেশ পাচার করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিধায়, সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির বিদেশ গমন রহিত করা প্রয়োজন।




