মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬

আজ সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক

জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ মঙ্গলবার (২৪ মার্চ) অনুষ্ঠিত হবে।

এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়।

এতে বলা হয়, সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।
আরও পড়ুন
দাওরায়ে হাদিসের ফল প্রকাশ দুপুরে, দেখবেন যেভাবে

এর আগে, গত ১৫ মার্চ স্পিকারের সভাপতিত্বে এই বিশেষ কমিটি গঠন করা হয়, যা সংসদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।

কমিটিকে অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে। এসব অধ্যাদেশের মধ্যে কোনগুলো বহাল রাখা হবে এবং কোনগুলো বাতিল করা হবে, তা যাচাই-বাছাই করা হবে। পর্যালোচনা শেষে এ বিষয়ে কমিটিতে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রসঙ্গত, গত ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করেন। সংসদের ৩০ কার্যদিবসের মধ্যে এসব বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের বিধান রয়েছে।

শাহ আমানতে আরো ৭ ফ্লাইট বাতিল, দুর্ভোগে যাত্রীরা

​মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা তীব্রতর হওয়ায় আকাশপথে যোগাযোগব্যবস্থা আবারও স্থবির হয়ে পড়েছে। এর প্রভাব পড়েছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরেও।

গতকাল সোমবার (২৩ মার্চ) একদিনেই বিমান বাংলাদেশ এয়ারলাইনসসহ বিভিন্ন সংস্থার ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার প্রবাসী ও বিদেশগামী যাত্রী।

বিমানবন্দর সূত্র জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে অস্থিরতা শুরু হওয়ার পর এ পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বমোট ১৭৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, গতকাল সোমবার বাতিল হওয়া ৭টি ফ্লাইটের মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস: মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে চট্টগ্রামে আসার (এরাইভাল) ৩টি ফ্লাইট। ইউএস-বাংলা এয়ারলাইনস: মধ্যপ্রাচ্যের উদ্দেশে ছেড়ে যাওয়ার (ডিপার্চার) ২টি ফ্লাইট। এয়ার আরাবিয়া: মধ্যপ্রাচ্য থেকে আগত ১টি এবং যাওয়ার ১টিসহ মোট ২টি ফ্লাইট।
ফ্লাইট বাতিলের হিড়িক পড়লেও সোমবার সীমিত পরিসরে কিছু কার্যক্রম সচল ছিল। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৬টি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে এবং ৫টি ফ্লাইট গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে। তবে শারজাহ, দুবাই ও আবুধাবি রুটে সালাম এয়ার, এয়ার আরাবিয়া এবং ইউএস-বাংলার ফ্লাইটের অচলাবস্থা এখনো অপরিবর্তিত রয়েছে।

​তিনি বলেন, ‘যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক আকাশসীমা ব্যবহারে ঝুঁকি ও সীমাবদ্ধতা তৈরি হওয়ায় সিডিউল বিপর্যয় ঘটছে।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই অনিশ্চয়তা কাটছে না বলে ধারণা করা হচ্ছে।’

আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে প্রাণ গেল বাবা-ছেলে-নাতনির

যশোরের বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

গতকাল সোমবার (২৩ মার্চ) দিবাগত রাত ২টার দিকে বাঘারপাড়া উপজেলার যশোর-মাগুরা মহাসড়কের বন্দবিলা ইউনিয়নের গাইদঘাট বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন যশোরের মনিরামপুর উপজেলার ফাতেহাবাদ গ্রামের মজিদ সরদার (৭০), তার ছেলে মাহমুদ হাসান জাকারিয়া জনি (৪৩) ও মাহমুদ হাসান জাকারিয়া জনির চার বছরের মেয়ে সেহেরিশ।
এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, হতাহতরা আত্মীয় বাড়ি থেকে প্রাইভেট কারে যশোরের মণিরামপুরে ফিরছিলেন। পথিমধ্যে যশোর-মাগুরা সড়কের গাইদঘাটে পৌঁছালে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারালে একটি বটগাছের সাথে সজোরে ধাক্কা লাগে।
এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস হতাহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

ঝিনাইদহের বারোবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ হোসেন জানান, রাতেই মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে আনা হয়। এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক

ফেনী-৩ আসনের সাবেক এমপি লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে ডিবি। গতকাল সোমবার (২৪ মার্চ) দিবাগত রাতে রাজধানী বারিধারা এলাকা থেকে তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

ডিবি প্রধান শফিকুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল বারিধারা ডিওএইচএস এলাকায় এ অভিযান পরিচালনা করেন। এসময় ওই এলাকার ২ নম্বর লেনের ১৫৩ নম্বর বাড়ি থেকে সাবেক এই এমপিকে আটক করা হয়।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন (সোনাগাজী-দাগনভূঞা) থেকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম নিয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। তার পাঁচ দিনের মাথায় তিনি জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন ফরম কিনেছেন। এর পরদিনই জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য হয়েছেন এক-এগারোর সময় আলোচিত সাবেক এই সেনা কর্মকর্তা।

মাসুদ উদ্দিন চৌধুরী ২০০৭ সালে সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসির দায়িত্বে ছিলেন।
তিনি এক-এগারোর পট পরিবর্তনে অন্যতম প্রধান ভূমিকায় ছিলেন। তখন তিনি গুরুতর অপরাধ দমন-সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক হন এবং পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হন।

এই কমিটির অধীনেই দুর্নীতিবিরোধী অভিযান পরিচালিত হয়। ২০০৮ সালে মাসুদ উদ্দিন অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার নিযুক্ত হন।
এরপর আওয়ামী লীগ সরকার তিন দফায় তাঁর চাকরির মেয়াদ বৃদ্ধি করে। অবসরগ্রহণের পর তিনি ঢাকায় ট্রাভেল এজেন্সি ও রেস্তোঁরাসহ একাধিক ব্যবসায় যুক্ত হন। তার বিরুদ্ধে অবৈধভাবে মালেশিয়ায় জনশক্তি রপ্তানির সিন্ডিকেট, দুর্নীতি দমন কমিশনসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

এদিকে সকালে মাসুদ উদ্দিন চৌধুরী আটকে সোনাগাজী বাজারে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেন।

মাসুদ চৌধুরী আটকে ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, বিগত ফ্যাসিস্ট সরকারের অন্যতম সদস্য ছিলেন তিনি।
তার নেতৃত্বে বিগত আওয়ামী লীগ সরকারের হাতে নির্যাতিত হয়েছিলেন আমাদের দলের চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।

কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৬৬

কলম্বিয়ার বিমানবাহিনীর একটি ‘হারকিউলিস সি-১৩০’ পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে ৬৬ জন নিহত হয়েছেন। সোমবার (২৩ মার্চ) পুয়ের্তো লেগুইজামো থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বর্তমানে দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে।

প্রত্যক্ষদর্শী ও দমকল বাহিনীর মতে, রানওয়ের শেষ প্রান্তে একটি গাছে ধাক্কা খেয়ে বিমানটিতে আগুন ধরে যায়।
বিমানে থাকা বিস্ফোরক সামগ্রীর কারণে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। দুর্ঘটনার সময় বিমানে মোট ১২১ জন আরোহী ছিলেন, যার মধ্যে ১১০ জন সৈন্য ও ১১ জন ক্রু সদস্য। উদ্ধারকাজে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা মোটরসাইকেলে করে আহতদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। তবে দুর্গম এলাকা হওয়ায় সরকারি উদ্ধারকারী দলের পৌঁছাতে বেশ বেগ পেতে হয়।

এই ভয়াবহ দুর্ঘটনার পর কলম্বিয়ার রাষ্ট্রপতি গুস্তাভো পেত্রো তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি সামরিক বাহিনীর আমলাতান্ত্রিক ধীরগতি কাজের সমালোচনা করে বলেন, ‘আমাদের তরুণদের জীবন ঝুঁকির মুখে। যারা এই চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যর্থ, তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হবে।’

লকহিড মার্টিন নির্মিত এই সি-১৩০ বিমানগুলো কলম্বিয়ার অভ্যন্তরীণ সংঘাতে সৈন্য পরিবহনের জন্য দীর্ঘকাল ধরে ব্যবহৃত হয়ে আসছে।
বিধ্বস্ত বিমানটি সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে সরবরাহ করা আধুনিক মডেলগুলোর একটি ছিল বলে ধারণা করা হচ্ছে। নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন দুর্ঘটনার তদন্তে পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে বলিভিয়াতেও একই মডেলের একটি বিমান বিধ্বস্ত হয়ে ২০ জন নিহত হয়েছিলেন। একের পর এক এমন দুর্ঘটনায় সামরিক সরঞ্জামগুলোর রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠছে।

সূত্র : রয়টার্স

শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্রের আলোচনার প্রস্তাব, যা বলছে ইরান

শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনো আলোচনা হয়নি বলে দাবি করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি একই দাবি করে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে গালিবাফ লেখেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি। আর্থিক ও তেলের বাজার নিয়ন্ত্রণ করতে এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল যে চোরাবালিতে আটকে গেছে, তা থেকে বাঁচতে মিথ্যা খবর ব্যবহার করা হচ্ছে।

গালিবাফের পোস্টের আগে এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার খবরটি অস্বীকার করেন। তিনি জানান, হরমুজ প্রণালি এবং যুদ্ধ বন্ধের শর্ত নিয়ে তেহরানের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।

বাগাইয়ের বরাতে ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনা জানায়, ‘যুদ্ধ বন্ধের জন্য যুক্তরাষ্ট্রের আলোচনার অনুরোধ নিয়ে কিছু বন্ধু দেশের কাছ থেকে বার্তা পাওয়া গেছে।’

বাগাই আরো জানান, এর জবাবে ইরান ‘তাদের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে যেকোনো হামলার ভয়াবহ পরিণতি’ সম্পর্কে সতর্কবার্তা দিয়েছে।

এদিকে বিবিসি এক প্রতিবেদনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে দাবি করা হয়েছে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিছু বার্তা পেয়েছে, তারা সেগুলো পর্যালোচনা করছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প স্থানীয় সময় আজ সোমবার দাবি করেন, ইরানের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের কথা হয়েছে। ইরানই প্রথমে আলোচনার জন্য যোগাযোগ করেছিল।

ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্টের পর সাংবাদিকেরও একই কথা বলেন।

ফ্লোরিডার একটি বিমানবন্দরে আজ ট্রাম্প সাংবাদিকদের বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বেশ জোরালো আলোচনা হয়েছে এবং দুই পক্ষ ‘প্রধান প্রধান বিষয়ে একমত’ হতে পেরেছে।”

ট্রাম্প জানান, রোববার হওয়া আলোচনা সোমবারও অব্যাহত থাকবে। তিনি বলেন, ‘আমাদের মধ্যে বেশ জোরালো আলোচনা হয়েছে। দেখা যাক এগুলো কোন দিকে নিয়ে যায়। আমি বলব, আমাদের মধ্যে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের ক্ষেত্র তৈরি হয়েছে।
এমনকি প্রায় সব বিষয়ে আমরা একমত হতে পেরেছি।’

ট্রাম্প যোগ করেন, ‘তারা (ইরান) একটি চুক্তি করতে খুব আগ্রহী। আমরাও একটি চুক্তি করতে চাই। আজ সম্ভবত ফোনের মাধ্যমে আমাদের কথা হবে।’

ইরানের ঠিক কার সঙ্গে কথা হচ্ছে, তার নাম উল্লেখ না করলেও ট্রাম্প জানান, এই আলোচনায় ইরানের একজন ‘শীর্ষ পর্যায়ের সম্মানিত নেতা’ অন্তর্ভুক্ত ছিলেন।

সূত্র : আল-জাজিরা ও বিবিসি

অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন

বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টে একটি মোশন (প্রস্তাব) উত্থাপন করা হয়েছে। মোশনটি উত্থাপন করেছেন সংসদ সদস্য অ্যাবিগেইল বয়েড। সোমবার (২৩ মার্চ) দেশটির সংসদে মোশন উত্থাপন করা হয় বলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. রাশেদুল হক।

এর আগে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার মৃত্যুতে অস্ট্রেলিয়ার সংসদে শোক প্রস্তাব উত্থাপন করেন অ্যাবিগেইল বয়েড।

অস্ট্রেলিয়ার এমপি অ্যাবিগেইল বয়েড তার প্রস্তাবে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনকে গত কয়েক দশকের মধ্যে অন্যতম শান্তিপূর্ণ, গণতান্ত্রিক এবং বিশ্বাসযোগ্য নির্বাচন হিসেবে উল্লেখ করেছেন।

প্রস্তাবে বলা হয়, ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার ১৫ বছরের স্বৈরাচারী শাসনের পতনের পর এটিই ছিল প্রথম নির্বাচন। এ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজয়ী হয়েছে।

অ্যাবিগেইল বয়েড তার প্রস্তাবে নির্বাচন কমিশনের তথ্য তুলে ধরে জানান, এবারের নির্বাচনে রেকর্ড ৫৯ শতাংশ ভোটার উপস্থিতি ছিল।
নির্বাচনের পাশাপাশি ‘জুলাই ন্যাশনাল চার্টার’ বা জুলাই জাতীয় সনদের ওপর অনুষ্ঠিত সাংবিধানিক গণভোটের সাফল্যের কথা উল্লেখ করে বলা হয়, ৬০ শতাংশ ভোটার এ সনদের পক্ষে রায় দিয়েছেন। এ সনদে বাংলাদেশের শাসনব্যবস্থা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কারে ৮০টিরও বেশি প্রস্তাবনা রয়েছে, যা নতুন সরকার বাস্তবায়ন করবে।

প্রস্তাবটির শেষে নির্বাচনে বিজয়ী হওয়ায় বিএনপি এবং নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানানো হয়।

বিশ্বজুড়ে থাকা আমেরিকানদের জন্য একটি হালনাগাদ সতর্কবার্তা জারি

যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে আগ্রাসন শুরু করার পর থেকে তাদের নাগরিকদের ওপর বিশ্বব্যাপী আক্রোশ বেড়ে গেছে। যেখানে সেখানে আক্রান্ত হচ্ছেন মার্কিনি ও ইসরাইলিরা। এ কারণে একের পর এক সতর্কবার্তা জারি করে তাদের সচেতন হওয়ার কথা বলছে ওয়াশিংটন।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তজনাপূর্ণ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে থাকা আমেরিকানদের জন্য একটি হালনাগাদ সতর্কবার্তা জারি করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

সোমবার (২৩ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় দপ্তরটি ‘বিশ্বজুড়ে এবং বিশেষ করে মধ্যপ্রাচ্যে’ অবস্থানরত আমেরিকানদের ‘বাড়তি সতর্কতা অবলম্বনের’ আহ্বান জানিয়েছে।

সেখানে বলা হয়েছে, সাময়িক আকাশপথ বন্ধ থাকার কারণে ভ্রমণে বিঘ্ন ঘটতে পারে। মধ্যপ্রাচ্যের বাইরেও মার্কিন কূটনৈতিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

বার্তায় আরও জানানো হয়, ইরানপন্থী গোষ্ঠীগুলো বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা অন্যান্য মার্কিন স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান অথবা মার্কিন যুক্তরাষ্ট্র ও আমেরিকানদের সঙ্গে যুক্ত স্থানগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে।

সূত্র: বিবিসি।

তেলের কৃত্রিম সংকট রোধে সাতক্ষীরায় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক পেট্রোল পাম্প পরিদর্শন

জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে সাতক্ষীরা-সদর ২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক পেট্রোল পাম্প পরিদর্শন করেছেন। সোমবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে তিনি সাতক্ষীরা সদরের কপোতাক্ষ ফিলিং স্টেশন ও লস্কার ফিলিং স্টেশন পেট্রোল পাম্প পরিদর্শন করেন।

অভিযোগ রয়েছে, এলাকা পেট্রোল পাম্পে কৃত্রিম সংকট তৈরি করে তেল বিক্রি বন্ধ বা সীমিত করে রাখা হয়েছিল। জনদুর্ভোগের এই খবর পেয়ে এমপি মুহাদ্দিস আব্দুল খালেক প্রথমে সাতক্ষীরা সদরের বেতনা বাশঘাটা মের্সাস লস্কার ফিলিং স্টেশন পরিদর্শন করেন। এসময় তিনি পাম্পটির তেলে ট্রাংকি ও দৈনিক তৈলের ক্রয় বিক্রয় খাতার হিসাব দেখেন। তিনি তেল নিতে আসা জনসাধারণণের অভিযোগ গুলো শোনেন এবং প্রয়োজনীয় পদক্ষেপের নেয়ার আশ্বাস দেন। এরপর তিনি কপোতাক্ষ ফিলিং স্টেশন পরিদর্শন করেন।পরিদর্শনকালে আগরদাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো: কবির হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী শহীদ হাসান প্রমুখ তাঁর সাথে ছিলেন।

কপোতাক্ষ ফিলিং স্টেশনের প্রো: মো: শুকুর আলী সরদার জানান তার পাম্পে আগের মতই তেল সরবরাহ আছে। কিন্তু কিছু ব্যক্তি কৃত্রিম সংকট তৈরি করছে। তিনি একেকজন দৈনিক একাধিকবার তেল নিতে আসছেন বলে সদর এমপির কাছে অভিযোগ করে বলেন, প্রশাসনের নির্দেশনা মেনে তেল বিক্রি করছে পাম্পগুলো। কিন্তু অনেক মোটরসাইকেল চালক দিনে ৫-৭ বারের মতো তেল নিয়ে বাইরে বেশি দামে বিক্রি করছেন। আবার অনেকেই আংশিক ভর্তি ট্যাংক নিয়েই বারবার তেল নিতে আসছেন। এতে প্রকৃত প্রয়োজনীয় গ্রাহকরা বঞ্চিত হচ্ছেন এবং পাম্পে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে।

তিনি আরো দাবি করেন, বর্তমানে জ্বালানি তেলের ঘাটতির সঙ্গে রাষ্ট্রের পক্ষ থেকে পেট্রোল পাম্পের নিরাপত্তাবিষয়ক ইস্যুগুলো আরও বেশি সংকটাপন্ন হয়ে উঠছে। এ পরিস্থিতিতে ডিপো থেকে তেল পরিবহনের সময়ও নিরাপত্তা ঝুঁকি রয়েছে; ট্যাংকারগুলো পথে লুট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন অবস্থায় দ্রুত নিরাপত্তা নিশ্চিত না করলে ব্যবসা বন্ধ করে দেয়া ছাড়া কোনো পথ খোলা নেই বলে শঙ্কা তৈরি হয়েছে।

সূত্র বলছে, জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতার কারণে যেকোনো জেলার সব পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। কারণ কোম্পানি থেকে পাওয়া দৈনিক তেল দিয়ে ক্রেতাদের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। ফলে তেল নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকছেন মোটরসাইকেল ব্যবহারকারীরা। একইসঙ্গে দীর্ঘসময় বিরামহীন দায়িত্ব পালনের অভ্যাস না থাকায় শারীরিক ও মানসিকভাবে চাপে পড়ছেন পাম্পে কর্মরতরা। সবমিলিয়ে পর্যাপ্ত তেল সরবরাহ না পাওয়ার কারণে যেকোনো সময় সারা দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে।

সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে : এলজিআরডি মন্ত্রী

এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের সামনে খুব ভালো সময় না, কঠিন সময়। মধ্যপ্রাচ্যের যুদ্ধটা আমাদের খুব ক্ষতি করছে। সামনে তেলের দাম বেড়ে যাবে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে। সেগুলো সয়ে নিয়ে আমাদের আগাতে হবে।

সোমবার (২৩ মার্চ) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের নেহা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘একটি দলের নেতারা এবার বেহেশতে নিতে পারল না। আমরা কাজ করে বেহেশতে যাব। ধর্মকে ব্যবহার করা যায় না। দেশের ৯০ ভাগ মানুষ ধার্মিক। ধর্ম নিয়ে ব্যবসা পছন্দ করে না। আমরা কাজ করতে এসেছি। কাজ করে যাব।

তারা মা বোনদের বেহেশতে নেওয়ার কথা বলে ভুলিয়ে দেয়। এসবে ভুলবে না। আল্লাহর সন্তুষ্টি ছাড়া বেহেশতে যাওয়া যাবে না। সৎ থাকতে হবে, হালাল রুজি খেতে হবে। না হলে বেহেশতে যাওয়া যাবে না।

’ সৎ ও ভালোভাবে খাল খননের কথাও বলেন তিনি। তেল সংকট নিয়ে মন্ত্রী বলেন, ‘যুদ্ধ লেগেছে সেকারণে তেলের সরবরাহ কম কিন্তু পাম্প ভাঙচুর করা সমীচিন নয়। মবকে আমরা কঠোর হস্তে দমন করব। গায়ের জোরে আইনের বাইরে কোনো কাজ করতে দেব না।’

মন্ত্রী বলেন, ‘গম ঝড়-বৃষ্টিতে পড়ে গেছে। আলু বৃষ্টিতে শুয়ে পড়েছে। আমাদের কৃষকের ভাগ্য এটাই। এসব সমস্যা আমরা বুঝি। নির্বাচনের আগে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম কৃষি ঋণ মওকুফের। আমরা করে দিয়েছি। প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের সাহায্য হবে এমন কাজগুলো করছেন। ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। সারা দেশে কয়েক কোটি মহিলাকে কার্ড দেওয়া হবে। এটার মাধ্যমে তারা সহযোগিতা পাবে। আমাদের সব প্রজেক্টগুলো সম্পন্ন করা হবে। গোটা দেশে ২০ হাজার খাল খনন করা হবে।’

এসময় পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেনসহ কর্মকর্তা, বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।