মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬

শান্তি ফেরাতে ইরানকে ১৫ দফা প্রস্তাব যুক্তরাষ্ট্রের

চলমান মধ্যপ্রাচ্যের উত্তেজনা থামাতে ইরানের কাছে ১৫ দফার একটি প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে মার্কিন পত্রিকা নিউ ইয়র্ক টাইমস এবং সংবাদ সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের মাধ্যমে এই প্রস্তাব তেহরানের কাছে পাঠানো হয়েছে। এর আগে পাকিস্তান এই দুই যুদ্ধরত দেশের মধ্যে শান্তি আলোচনার আয়োজক হওয়ার প্রস্তাব দিয়েছিল।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ এই পরিকল্পনার বেশ কিছু শর্ত ও দাবির কথা উল্লেখ করেছে। এর মধ্যে অন্যতম হলো-কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী উন্মুক্ত রাখতে হবে এবং একে একটি ‘মুক্ত সামুদ্রিক অঞ্চল’ হিসেবে ঘোষণা করতে হবে।

বিনিময়ে ইরান কী সুবিধা পাবে, প্রতিবেদনে সেটিও বলা হয়েছে। খবরে দাবি করা হয়েছে, ইরান যদি এই প্রস্তাবগুলো মেনে নেয়, তবে দেশটির ওপর থেকে আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, তারা এখনও এই সংক্রান্ত কোনো নথিপত্র দেখেনি। গণমাধ্যমে আসা এই তথ্যের সত্যতা যাচাইয়ের চেষ্টা করছে তারা।

সূত্র : বিবিসি

আসিফ আকবরের নামে থানায় জিডি

বড় অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগ এনে সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আসিফ আকবরের নামে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা করেছেন এক ব্যবসায়ী। মঙ্গলবার (২৪ মার্চ) রাজধানীর রমনা থানায় মো. সালাহউদ্দিন ভূঞা নামে ওই ব্যবসায়ী এই জিডি করেন।

তবে জিডির বিস্তারিত বিবরণ বা অর্থ আত্মসাতের ধরন সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

রমনা থানার পুলিশ জানিয়েছে, জিডির বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

গত বছরের অক্টোবরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হন আসিফ আকবর। পরে বিসিবির গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যানের দায়িত্বও পান এই পরিচালক।

বিসিবির পরিচালক হওয়ার পর থেকেই আসিফ আকবর নানা কর্মকাণ্ডের কারণে আলোচনায় রয়েছেন। বিশেষ করে সাকিব আল হাসানকে দলে ফেরানোর প্রক্রিয়া নিয়ে বেশি আলোচিত তিনি।
সম্প্রতি সাকিবের জন্মদিন উপলক্ষে লন্ডনে তার সঙ্গে কেক কাটার ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দেন।

এর আগে গত ৯ মার্চ অন্য একটি মামলায় খালাস পান আসিফ আকবর। তবে সর্বশেষ এই জিডির ফলে নতুন করে সংকটে পড়েছেন এই সংগীতশিল্পী ও বিসিবি পরিচালক।

সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা

বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৪ কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে এই পদোন্নতির বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এই পদোন্নতির ফলে তারা এখন জাতীয় বেতন গ্রেড-২০১৫–এর ষষ্ঠ গ্রেডে (৩৫,৫০০-৬৭,০১০ টাকা ) বেতন–ভাতা পাবেন।

জানা গেছে, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অধীন সিনিয়র স্কেল পরীক্ষায় উত্তীর্ণদের সিনিয়র স্কেলে পদোন্নতি দেওয়া হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা পৃথক পৃথক প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতি পাওয়া ২৬৪ জন সিনিয়র সহকারী সচিব বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের বরাবর ই–মেইলে যোগদান করবেন। একই সঙ্গে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তারা বর্তমান কর্মস্থলে কর্মরত থাকবেন।

১০ লাখ টাকা ঋণ পাবেন বিদেশগামী শিক্ষার্থীরা

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা করে ঋণ দিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল সচিবালয়ে সরকার প্রধানের সঙ্গে বৈঠকের পর এ কথা জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর আগ্রহ এবং তাঁর নির্দেশনায় আমরা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে যারা কোরিয়া, জাপান, চায়না, জার্মানি এরকম দেশগুলোতে যাবেন, বিশেষ করে শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক সলভেন্সির সাপোর্ট হিসেবে ১০ লাখ টাকার ঋণ দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। আমাদের মন্ত্রণালয়ের একটা ব্যাংক আছে প্রবাসী কল্যাণ ব্যাংক, ওই ব্যাংকই ডেডিকেটেড করতে বলেছেন যেন এই মন্ত্রণালয় থেকে দেওয়া হয়।
প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, আমাদের শ্রমবাজারের বড় একটা অংশই কিন্তু মধ্যপ্রাচ্য। এই যুদ্ধের ফলে আমাদের কী ধরনের সংকট এবং সম্ভাবনা তৈরি হতে পারে, সেগুলো নিয়ে আলাপ-আলোচনা হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী বরাবরই ভাষা শেখার বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন। আমাদের দেশের মানুষ শুধু ভাষা না জানার কারণে তারা অল্প পয়সার চাকরি করেন।
ভাষা জানলে তারা একটু ভালো বেতন পেতে পারেন। জাপানে এক লাখ লোক পাঠানোর জন্য অন্তর্বর্তী সরকার থেকে একটা এমওইউ হয়েছে, সেটাকে কীভাবে ত্বরান্বিত করা যায়, জাপানসহ ইউরোপে কীভাবে আমরা লোক পাঠাতে পারি, এসব বিষয় নিয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, ইউরোপের বেশ কিছু দেশের ভিসা করার জন্য ইন্ডিয়া যেতে হয়। এটা নিয়ে প্রধানমন্ত্রী শুরুতেই পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছিলেন যে, বাংলাদেশে তাদের একটা অফিস বা কনস্যুলার সেবা নিশ্চিত করার জন্য অনুরোধ করা।
এ বিষয়ে আলোচনা হয়েছে। কিছু দেশ এরই মধ্যে এখানে কনস্যুলার সেবা দিচ্ছে। বাকি দেশগুলো যেন এখানে নিশ্চিত করে এ বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।

যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ : রাজধানীর যানজট নিরসনে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষভাবে, ট্রাফিক ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার জন্য তিনি তাগিদ দিয়েছেন।

গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন’ সংক্রান্ত সভায় এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠকে ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন, অটোরিকশা নিয়ন্ত্রণ, ফুটপাত দখলমুক্ত করা এবং স্থানীয় প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দ্রুত সমাধানের বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পায়।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এই বিশেষ সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, শ্রমিক নেতা শামছুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা দক্ষিণ সিটির (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম, ঢাকা উত্তরের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রিজু, বিআরটিসি চেয়ারম্যান আবদুল লতিফ মোল্লা, পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকিরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, দেশীয় প্রযুক্তি ব্যবহার করে ১২০টি ট্রাফিক সিগন্যালকে অটোমেশনের আওতায় আনা হবে। ট্রাফিক ব্যবস্থাপনায় যেসব অগ্রাধিকার ভিত্তিক কর্মসূচি নেওয়া হয়েছে তাতে এপ্রিলের শেষ নাগাদ কিছুটা হলেও সুফল পাবেন নগরবাসী।

ডিএসসিসি প্রশাসক বলেন, আগামী এক মাসের মধ্যে আমরা বিষয়গুলোর সমন্বয় করে যতটুকু সম্ভব চেষ্টা করব যেন কিছুটা হলেও যানজট কমিয়ে আনা যায়। আমরা ট্রাফিক সিস্টেমকে পুরোপুরি কার্যকর করতে চাই। ডিএমপির ট্রাফিক নিয়ন্ত্রণে সবচেয়ে বড় সমস্যা অটোরিকশা, এ বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে দক্ষিণ সিটির প্রশাসক বলেন, অটোরিকশাচালকদের বিকল্প কাজের সংস্থান নিয়ে আলোচনা হয়েছে। আলোচনার ভিত্তিতে ধীরে ধীরে এগুলো শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে চাই। প্রয়োজনে অটোরিকশাচালক সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলব। এ সময় ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, দীর্ঘ প্রায় তিন ঘণ্টা প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বৈঠক করেছি। তিনি আমাদের সময় বেঁধে দিয়েছেন।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

হঠাৎ অসুস্থ সোনিয়া গান্ধী, হাসপাতালে ভর্তি

অসুস্থতার কারণে ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

পরিবার সূত্রে জানা গেছে, অসুস্থতা অনুভব করার পরই তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তার সঙ্গে রয়েছেন তার সন্তান রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী ভাদরা।

হাসপাতাল সূত্রে এখনও পর্যন্ত তার শারীরিক অবস্থার বিস্তারিত কোনও সরকারি বুলেটিন প্রকাশ করা হয়নি। তবে জানা যাচ্ছে, শ্বাসকষ্টসহ কিছু শারীরিক সমস্যার কারণে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এবং অনুরূপ শারীরিক সমস্যার কারণে এর আগেও একাধিকবার স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছিলেন সোনিয়া গান্ধী।

সূত্র : এনডিটিভি

বিশ্বের প্রথম দেশ হিসেবে ‘জ্বালানি জরুরি অবস্থা’ ঘোষণা করল ফিলিপাইন

বিশ্বের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ‘জাতীয় জ্বালানি জরুরি অবস্থা’ ঘোষণা করেছে ফিলিপাইন। ইরানের সঙ্গে ইসরাইল-যুক্তরাষ্ট্রের যুদ্ধে বিশ্বজুড়ে তেলের সরবরাহ বিঘ্নিত হওয়ায় যেসব দেশ সবচেয়ে বেশি ঝুঁকির মুখে রয়েছে, ফিলিপাইন তাদের মধ্যে অন্যতম।

মঙ্গলবার নির্বাহী এক আদেশে ফিলিপিনো প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র দেশের জ্বালানি সরবরাহের ক্ষেত্রে ‘আসন্ন বিপদের’ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, এই ঘোষণার ফলে জ্বালানি স্থিতিশীলতা নিশ্চিতে এবং সামগ্রিক অর্থনীতি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আইনি ক্ষমতা পাবে সরকার।

আদেশে বলা হয়েছে, জ্বালানি তেল, খাদ্য, ওষুধ এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের সুশৃঙ্খল বণ্টন তদারকি করতে একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া মজুত বাড়ানোর জন্য সরাসরি জ্বালানি ও পেট্রোলিয়াম পণ্য কেনার ক্ষমতা সরকারকে দেওয়া হয়েছে।

দেশটির জ্বালানিমন্ত্রী বলেছেন, বর্তমান ব্যবহার অনুযায়ী ফিলিপাইনের কাছে আর মাত্র ৪৫ দিনের জ্বালানি মজুত রয়েছে। প্রেসিডেন্টের এই আদেশ এক বছর পর্যন্ত কার্যকর থাকবে। তবে প্রয়োজন অনুযায়ী তিনি এই সময়সীমা বাড়াতে বা প্রত্যাহার করতে পারবেন।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিপাইনের প্রয়োজনীয় তেলের ৯৮ শতাংশই পারস্য উপসাগরীয় দেশগুলো থেকে আমদানি করা হয়। গত তিন সপ্তাহে ফিলিপাইনের সাধারণ মানুষ কয়েক দফা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কবলে পড়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটিতে ডিজেল ও পেট্রোলের দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে।

সূত্র: আলজাজিরা

রাজধানীর রায়েরবাজার কৃষিমার্কেটে আগুন

রাজধানীর রায়েরবাজারের সাদেক খান কৃষিমার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চেষ্টায় এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

মঙ্গলবার (২৪ মার্চ) দিবাগত রাতে আগুনের এই ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, এই মার্কেটে কৃষি পণ্য রাখা হয়। দিবাগত রাত ৩টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। অল্প সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের লোক আসতে দেরি হয়েছে। আগুনে ব্যবসায়ীদের কৃষি পণ্য নষ্ট হয়ে গেছে। তবে ফায়ার সার্ভিসের লোকজন না এলে আরও বেশি ক্ষতি হতে পারতো।

ফায়ার সার্ভিস জানায়, দুটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। পুরেপুরি নেভানোর কাজ চলছে। তবে উৎসুক জনতার কারণে আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয়েছে।

আলোচনার নামে ইরানের শীর্ষ নেতাদের হত্যার ফাঁদ: ইরানের স্পিকার

ইরানের শীর্ষ কর্মকর্তারা আশঙ্কা করছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধ অবসানে আলোচনার যে কথা বলা হচ্ছে, তা আসলে একটি ফাঁদ হতে পারে। এ আলোচনার নামে ইরানে টিকে থাকা সর্বশেষ শীর্ষ নেতাদের বের করে নিয়ে অতর্কিতে হামলা চালিয়ে তাদের হত্যার চেষ্টা চলতে পারে।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে এমন কথাই।

খবরে বলা হয়, তেহরানের নেতারা উদ্বিগ্ন যে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধ অবসান নিয়ে যে কোনও মুখোমুখি আলোচনা আসলে একটি কৌশল। এটি হতে পারে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফকে বাইরে বের করে আনার ছক।

গালিবাফ সাবেক একজন আধা-সামরিক কমান্ডার এবং সাম্প্রতিক বিমান হামলা থেকে বেঁচে যাওয়া ইরানের গুটিকয়েক ঊর্ধ্বতন নেতার মধ্যে অন্যতম।

যে কোনো শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্র বাগের গালিবাফের উপস্থিতি চাইছে। এ বিষয়টিকে সন্দেহের দৃষ্টিতে দেখছে ইরান।

ইরানি কর্মকর্তা ও তাদের সঙ্গে যোগাযোগ রাখা আরব কর্মকর্তারা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা সাময়িকভাবে স্থগিত রাখার যে ঘোষণা দিয়েছেন, তাও একটি চাল বলেই দাবি করছেন ইরানের কর্মকর্তারা।

তারা বলছেন, নতুন করে হামলা শুরু করার আগে বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণে আনার চেষ্টাতেই ট্রাম্প এই ঘোষণা দিয়েছেন।

ট্রাম্প সোমবার ইরানের বিদ্যুৎ ও জ্বালানিকেন্দ্রগুলোতে বোমা হামলা পাঁচ দিনের জন্য স্থগিত রাখার ঘোষণা দেন।

ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের সঙ্গে যুদ্ধ অবসান নিয়ে বর্তমানে ‘ফলপ্রসূ’ আলোচনা চলছে। তবে ট্রাম্পের এই দাবির পরপরই ইরান কোনও ধরনের আলোচনা চলার কথা সরাসরি অস্বীকার করে। সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল

গণহত্যা দিবস আজ, ৫৫ বছরেও মেলেনি আন্তর্জাতিক স্বীকৃতি

আজ ২৫ মার্চ, গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে সংঘটিত নৃশংস হত্যাযজ্ঞ স্মরণে সারা দেশে যথাযোগ্য মর্যাদা ও শোকের আবহে দিবসটি পালন করা হচ্ছে।

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনী ‘অপারেশন সার্চলাইট’ নামক অভিযান চালিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিরস্ত্র বাঙালির ওপর হামলা চালায়। গভীর রাতে শুরু হওয়া এই অভিযানে ট্যাংক, মেশিনগান ও ভারী অস্ত্র ব্যবহার করে ব্যাপক হত্যাকাণ্ড চালানো হয়। ইতিহাসে এটি বাঙালির জন্য এক ভয়াল কালরাত্রি হিসেবে চিহ্নিত।

এ রাতে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, বিশেষ করে বিশ্ববিদ্যালয়, রাজারবাগ পুলিশ লাইন, পিলখানা ইপিআর সদর দপ্তরসহ নানা এলাকায় নির্বিচারে মানুষ হত্যা করা হয়। সেই রাতে অসংখ্য নিরীহ মানুষ প্রাণ হারান এবং শহরজুড়ে আতঙ্ক ও ধ্বংসযজ্ঞের চিত্র দেখা যায়।

২০১৭ সালের ১১ মার্চ জাতীয় সংসদে ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এরপর থেকে প্রতি বছর দিনটি রাষ্ট্রীয়ভাবে পালন করা হচ্ছে। তবে আন্তর্জাতিক পর্যায়ে এখনো এ গণহত্যার আনুষ্ঠানিক স্বীকৃতি মেলেনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে সরকার কাজ চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, এ ইতিহাসের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত এবং সরকার এ বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করছে।

গণহত্যা দিবস উপলক্ষে সারা দেশে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আলোচনা সভা ও স্মৃতিচারণের আয়োজন করা হচ্ছে। ঢাকাসহ বিভিন্ন সিটি করপোরেশন এলাকায় গণহত্যা বিষয়ক আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া শহীদদের স্মরণে মসজিদসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।

গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না

আগামীকাল ২৫ মার্চ রাতে গণহত্যা দিবসের ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না।

যদিও সোমবার (২৩ মার্চ) সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়েছিল, ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতের প্রথম প্রহর স্মরণ করে রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত সারা দেশে প্রতীকী ‘ব্ল্যাক-আউট’ পালন করা হবে। তবে কেপিআই, জরুরি স্থাপনা, বাংলাদেশে অবস্থিত বিদেশি মিশন এ কর্মসূচির আওতামুক্ত থাকবে।

কিন্তু মঙ্গলবার (২৪ মার্চ) রাতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের সাংবাদিকদের কাছে পাঠানো এক বার্তায় জানান, ২৫ তারিখ রাতে ১ মিনিটের ব্ল্যাক-আউট হবে না।
তবে কেন পালন করা হবে না—এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

জানা যায়, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে ঢাকায় ‘অপারেশন সার্চলাইট’ নামে বর্বর সামরিক অভিযানের মধ্য দিয়ে পাকিস্তানি সেনাবাহিনী ব্যাপক গণহত্যা চালিয়েছিল। পাকিস্তানি হানাদার বাহিনী ২৫ মার্চ রাতের আঁধারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ পুরো ঢাকাজুড়ে হত্যাযজ্ঞ চালিয়েছিল।

গত আওয়ামী লীগ সরকারের সময়ে কালরাতের স্মরণে ২৫ মার্চ এক মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট কর্মসূচি চালু করা হয়।
গত বছর রাত ১০টা থেকে ১০টা এক মিনিট পর্যন্ত প্রতীকী ব্ল্যাক-আউট পালন করা হয়।