শনিবার, অক্টোবর ৩, ২০২৬

সিঙ্গাপুর থেকে আসবে ২ কার্গো এলএনজি, ব্যয় ১১০৪ কোটি

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সিঙ্গাপুর থেকে ২ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে এক হাজার ১০৪ কোটি ৪১ লাখ ৮৪ হাজার ৩৩৬ টাকা ৬৪ পয়সা।

বুধবার (৭ মে) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের একটি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮’ অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে এক কার্গো (৩০-৩১ মে ২০২৫ সময়ে ২৫তম) এলএনজি আমদানির অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি।

সিঙ্গাপুরের ভিটল এশিয়া লিমেটেড থেকে প্রতি এমএমবিটিইউ ১১ দশমিক ৪৪৮৮ মার্কিন ডলার হিসেবে এক কার্গো বা ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি সর্বমোট ৫৪৯ কোটি এক লাখ ১৭ হাজার ৭৫২ টাকায় আমদানির সিদ্ধান্ত জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮’ অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে এক কার্গো (২-৩ জুলাই ২০২৫ সময়ে ২৭তম) এলএনজি আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

সিঙ্গাপুরের ভিটল এশিয়া লিমিটেড থেকে প্রতি এমএমবিটিইউ ১১ দশমিক ৫৭৮৮ মার্কিন ডলার হিসেবে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি সর্বমোট ৫৫৫ কোটি ৩২ লাখ ৬৬ হাজার ৫৮৪ টাকায় আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়।

পাক-ভারত যুদ্ধের প্রভাব নেই বেনাপোল বন্দরে

পাকিস্তান-ভারত যুদ্ধের কোনো প্রভাব পড়েনি দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে। আমদানি-রপ্তানির পাশাপাশি পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক আছে। তবে বিএসএফ নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে। সীমান্তে সন্দেহজনক লোকজনকে তল্লাশি করছে।

যদিও ভারত-পাকিস্তান প্রতিবেশী দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপড়েনে যেকোনো মুহূর্তে যুদ্ধে রূপ নিতে পারে। সে ক্ষেত্রে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের জন্য বড় শঙ্কার কারণ না হলেও ব্যাপারটা বড় উদ্বেগের। তবে ব্যবসায়ী মহল মনে করে, এ সীমান্তে যুদ্ধের প্রভাব পড়ার কোনো কারণ নেই।

বুধবার (৭ মে) সকাল সাড়ে ৬টার সময় যথারীতি দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রী যাতায়াত এবং সকাল ৯টা থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে অন্যান্য দিনের ন্যায় আমদানি-রপ্তানি বাণিজ্য ও স্বাভাবিক রয়েছে।
সকাল থেকে দুপুর একটা পর্যন্ত প্রায় ২০০ পাসপোর্টধারী যাত্রী দুই দেশের মধ্যে যাতায়াত করেছে এবং সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় ২৩০ ট্রাক পণ্য বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি হয়েছে।

ভারত থেকে আসা কয়েকজন যাত্রী জানান, ওপারে বিএসএফ নজরদারি বাড়িয়েছে। ভারতে আসা ও যাওয়ার পথে যাত্রীদের ব্যাগেজ তল্লাশির পাশাপাশি সন্দেজনক লোকজনের দেহ তল্লাশি করছে।

এদিকে বেনাপোলের বিপরীতে ভারতের পেট্রাপোল বন্দর ও কাস্টমসে লিংক সার্ভিস (অনলাইন সিস্টেম) কাজ না করায় বেনাপোল-পেট্রাপোল বন্দরে পণ্য আমদানি ও রপ্তানি বিঘ্নিত হচ্ছে।
গত ৩ মে ১৫০ ট্রাক ও ৪ মে ৩৪ ট্রাক পণ্য আমদানি হলেও ৫ মে ৩৩২ ট্রাক ও ৬ মে ৪৩১ ট্রাক পণ্য আমদানি হয়েছে। অন্যদিকে বেনাপোল বন্দর থেকে ৩ মে থেকে ৬ মে পর্যন্ত চার দিনে ভারতে রপ্তানি হয়েছে ৫৯৬ ট্রাক পণ্য।

পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, পেট্রাপোল শুল্ক দপ্তরের সার্ভারে সমস্যার কারণে এই পরিস্থিতি তৈরি হচ্ছে। বিষয়টি নিয়ে বিভিন্ন দফতরে আলোচনা করা হয়েছে। কিন্তু সমস্যার সমাধান হয়নি।
ফলে ২৮ এপ্রিল থেকে পেট্রাপোলের মতো একটি গুরুত্বপূর্ণ বন্দর দিয়ে আমদানি রপ্তানি কমে গিয়েছে। এতে করে প্রতিদিন কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছে। ফলে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে মেইল করে সমস্যা সমাধানের জন্য আবেদন করা হয়েছে।

তিনি বলেন, শনিবার (৩ মে) থেকে শুধু পচনশীল পণ্য ছাড়া আর কিছু রপ্তানির অনলাইন হচ্ছে না। ট্যাবের মাধ্যমে কোনো রকমে তা করা হচ্ছে।

বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন জানান, ভারত-বাংলাদেশ দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য এবং দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় ২০০ যাত্রী দুই দেশের মধ্যে যাতায়াত করেছে।

বেনাপোল কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আবু তাহের বলেন, বুধবার (৭ মে) সকাল ৯টা থেকে দুপুর একটা পর্যন্ত প্রায় ২৩০ ট্রাক পণ্য বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি হয়েছে। তবে পেট্রাপোল বন্দরে ইন্টারনেট লিঙ্ক না থাকায় তারা অনলাইন সিস্টেমে কাজ করতে পারছেন না। অনলাইনের বিকল্প হিসেবে ট্যাবে ওয়াইফাই কানেকশন দিয়ে নামমাত্র কার্যক্রম চালু রেখেছে পেট্রাপোল কাস্টমস। এখন যে পণ্যবাহী ট্রাক ভারত থেকে আসছে সে গুলো আগের অনলাইনে এন্ট্রি করা পণ্য। বর্তমানে অনলাইনে সামান্য পরিমাণ আমদানি পণ্য এন্ট্রি করা হচ্ছে।

পিএসজির মাঠে জাদুকরী মুহূর্ত দেখিয়েই ফাইনালে যেতে চায় আর্সেনাল

চ্যাম্পিয়নস লিগে চ্যাম্পিয়ন হওয়া দূরের কথা মাত্র একবারই ইউরোপের শ্রেষ্ঠত্বের মঞ্চের ফাইনালে খেলার সুযোগ পেয়েছে আর্সেনাল। সেই ২০০৬ সালের পর আরেকবার ফাইনালে ওঠার সুযোগ আজ গানারদের। কিন্তু পথটা বন্ধুর।

এমনিতেই প্রতিপক্ষ পিএসজির মাঠ পার্ক দ্য প্রিন্সেসে খেলা।
সঙ্গে ঘরের মাঠ এমিরেটসে ১-০ ব্যবধানে হেরে পিছিয়ে রয়েছে আর্সেনাল। এমন কঠিন সময় কাটিয়ে উঠতে হলে জাদুকরী কিছু করতে হবে কোচ মিকেল আর্তেতার শিষ্যদের। আজ রাতে প্রতিপক্ষের মাঠে সেটাই করে দেখাতে চান বলে জানিয়েছেন ডেকলাইন রাইস।

কোয়ার্টার ফাইনালের ম্যাচে প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদের বিপক্ষে অবিশ্বাস্য দুটি ফ্রি-কিকে আর্সেনালকে সেমিফাইনালে তুলতে অবদান রেখেছেন রাইস।
আজ তেমনি বিশেষ কিছু মুহূর্ত দলের কোনো সতীর্থ করুক এমনটা চান তিনি। পিএসজির বিপক্ষে সেমিফাইনালের দ্বিতীয় লেগে খেলতে নামার আগে আর্সেনালের মিডফিল্ডার বলেছেন, ‘জাদুকরী মুহূর্ত সৃষ্টির কথা সব সময়ই বলেন তিনি (কোচ)। রিয়ালের বিপক্ষে দুটি ফ্রি-কিক নিয়েছিলাম। সে সব অবিশ্বাস্য ছিল।
আমি চাই আগামীকাল (আজ) রাতে সেমিফাইনালের ম্যাচেও এমনি জাদুকরী মুহূর্ত কেউ সৃষ্টি করুক। আশা করি আবারও আমি। তবে ম্যাচ জিততে আপনাকে এমন বিশেষ মুহূর্তেরই প্রয়োজন। দল হিসেবে আমরা এটাই করতে নামব। তাই আশা করি আগামীকাল (আজ) রাতে দারুণ কিছু করতে পারব।

দলকে যে পিছিয়ে আছে তা মাথায় রেখেই রাইস জানিয়েছেন আজ ম্যাচ জিতবেন তারা। এই বিশ্বাস দলের সকলের মনে আছে। তিনি বলেছেন, ‘কোচ সবার সঙ্গেই কথা বলেছেন এবং দল হিসেবে আমরা জানি আগামীকাল কি অর্জনের জন্য মাঠে নামব। আমরা ক্লাবের জন্য বিশেষ কিছু অর্জন করতেই মাঠে নামব এবং আমরা তাই করতে চাই। অবশ্যই আমরা জানি ১-০ ব্যবধানে পিছিয়ে আছি। তবে আমরা পূর্ণ বিশ্বাসী এবং ইতিবাচক যে মাঠে নেমে আগামীকাল (আজ) রাতে জয়ী হবো।’

মায়ের অভ্যর্থনায় অংশ নেওয়া লাখো মানুষকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

চিকিৎসা শেষে চার মাস পর লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তাকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত ১০ কিলোমিটার পথজুড়ে নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের ঢল নামে। রাজপথে নেমে এসে উচ্ছ্বসিত জনতা তাকে বরণ করে নেয় প্রাণখোলা ভালোবাসা ও শ্রদ্ধায়।

বুধবার (৭ মে) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে আসা সাধারণ মানুষ ও দলের নেতাকর্মীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবDর রিজভীর সই করা ওই বিজ্ঞপ্তিতে সামরিক (সেনা, নৌ ও বিমান) বাহিনীর সদস্যবৃন্দ, পুলিশ, র‍্যাব ও এভিয়েশন সিকিউরিটির সদস্যদের প্রতিও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারেক রহমান। তারা খালেদা জিয়ার ফেরার সময় নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে বিএনপি চেয়ারপারসনকে বহনকারী কাতার আমিরের এয়ার অ্যাম্বুল্যান্স ঢাকার শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। এরপর সোয়া ১১টায় বিমানবন্দর থেকে রওনা হয়ে গুলশানের বাসায় পৌঁছেন দুপুর ১টা ২৬ মিনিটে।

২০১৮ সালে কারাগারে যাওয়ার পর গত সাত বছরে কোনো জনসমাবেশে সশরীরে অংশ নেননি বিএনপি চেয়ারপারসন। এবার তার দেশে ফেরা ঘিরে কার্যত বড় আকারের জমায়েত ঘটায় বিএনপি।

সিআইডিপ্রধান হলেন ছিবগাত উল্লাহ

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) মো. ছিবগাত উল্লাহ। তিনি বর্তমানে শিল্পাঞ্চল পুলিশের প্রধান।

বুধবার (৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শিল্পাঞ্চল পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) মো. ছিবগাত উল্লাহকে সিআইডিপ্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

আর সিআইডির অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) গাজী জসীম উদ্দিনকে শিল্পাঞ্চল পুলিশে, ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেনকে অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) হিসেবে পুলিশ টেলিকমে এবং পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মো. তাওফিক মাহবুব চৌধুরীকে রাজশাহী সারদার বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া দুজন ডিআইজিকে বদলি করা হয়েছে। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিককে ঢাকা রেঞ্জের ডিআইজি এবং পুলিশ সদর দপ্তরের ড. শোয়েব রিয়াজ আলমকে এসপিবিএনের ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

‘পাকা ইউরোপীয়’ নেতা হওয়ার প্রতিশ্রুতি দিলেন মেৎস

জার্মানির নতুন চ্যান্সেলর ফ্রেডরিখ মেৎস মঙ্গলবার প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি ‘একজন পাকা ইউরোপীয়’ নেতা হবেন। ইউরোপের অন্য দেশগুলোও আশা করছে, জার্মানি এবার আরো সক্রিয় আন্তর্জাতিক ভূমিকা পালন করবে।

বার্লিন থেকে এএফপি জানায়, জার্মান পার্লামেন্ট বুন্ডেস্টাগে ভোটের মাধ্যমে চ্যান্সেলর নির্বাচিত হওয়ার পর মেৎস বলেন, ‘আমি ইউরোপীয় পার্লামেন্টে কাজ করেছি, যা আমাকে আজও গভীরভাবে প্রভাবিত করে।’

দায়িত্বগ্রহণের পর প্রথম পূর্ণ কর্মদিবসে মেৎস ফ্রান্স ও পরে পোল্যান্ড সফরে যাবেন, যার উদ্দেশ্য অস্থির সময়ে প্রতিবেশী ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক দৃঢ় করা।

ইউরোপীয় দেশগুলো এমন সময় ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিনের নিরাপত্তা ও কূটনৈতিক সম্পর্ককে উল্টে দিচ্ছেন এবং রাশিয়া আগ্রাসী ভূমিকায় রয়েছে। কিন্তু জার্মানির ভূমিকা কয়েক মাস ধরে কার্যত স্থবির হয়ে পড়েছিল, গত নভেম্বরে সাবেক চ্যান্সেলর ওলাফ শোলজের সরকার পতনের পর দেশটি নতুন নেতৃত্বের অপেক্ষায় ছিল।

ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তিচুক্তির আলোচনায় জার্মানি কিভাবে ভূমিকা রাখতে পারে—এমন প্রশ্নের উত্তরে মেৎস বলেন, ‘বার্লিন, প্যারিস ও লন্ডনের মধ্যে সহযোগিতার একটি পরীক্ষিত কাঠামো রয়েছে।’

তিনি জার্মান সরকারি সম্প্রচারমাধ্যম জেডডিএফকে বলেন, ‘এক সরকার থেকে আরেক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের কারণে গত কয়েক মাস জার্মানি কিছুটা নীরব ছিল।
’ তবে তিনি আরো বলেন, ‘এখন থেকে আমরা লন্ডন ও প্যারিসের সঙ্গে ঘনিষ্ঠভাবে পরামর্শ করব।’

মেৎস বলেন, ‘আমরা যদি পোল্যান্ডকেও অন্তর্ভুক্ত করতে পারি, তাহলে তো আরো ভালো।’

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি ট্রাম্পের আগ্রহের কারণে ইউক্রেন সংকট নিয়ে আলোচনায় ইউরোপীয় দেশগুলো বাইরে ছিটকে পড়ার আশঙ্কায় রয়েছে।

এ ছাড়া অভিবাসন বিষয়ে কঠোর অবস্থানের অঙ্গীকার করা মেৎস বলেন, ‘ইউরোপীয় প্রতিবেশীদের মতামত অবশ্যই বিবেচনায় নেওয়া হবে।
আমি এই ইস্যুগুলো ফরাসি প্রেসিডেন্ট ও পোলিশ প্রধানমন্ত্রী, দুজনের সঙ্গেই আলোচনা করব। আমরা একটি সমন্বিত ইউরোপীয় নীতি প্রস্তুত করতে চাই।’

ভারতে হামলার অনুমতি পেল পাকিস্তান সেনাবাহিনী

ভারতের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রতিক্রিয়া জানানোর অধিকার পাকিস্তানের আছে বলে জানিয়েছে দেশটির জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি)। এই কমিটি বলেছে, ভারতের হামলার জবাবে সময় অনুযায়ী যথাযথ স্থানে পছন্দমতো প্রতিক্রিয়া জানাবে পাকিস্তান। সামরিক বাহিনীকে ‘সংশ্লিষ্ট পদক্ষেপ’ গ্রহণের জন্য অনুমোদন দিয়েছে পাকিস্তানের নিরাপত্তাবিষয়ক এই সর্বোচ্চ কমিটি।

বুধবার ভারতের হামলার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নেতৃত্বে অনুষ্ঠিত এনএসসির বৈঠকে ভারতের হামলার নিন্দা জানানো হয়।
দেশটির সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আত্মরক্ষায় ভারতের বিমান হামলার জবাব দেওয়ার অধিকার পাকিস্তানের রয়েছে বলে জানিয়েছে এনএসসি।

জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদের বরাত দিয়ে এনএসসি বলেছে, নিরীহ পাকিস্তানিদের প্রাণহানি ও পাকিস্তানের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘনের প্রতিশোধ নেওয়ার অধিকার পাকিস্তানের রয়েছে।

এনএসসির বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য অনুমতি দেওয়া হয়েছে।
’

বিবৃতিতে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি বলেছে, ‘ভারতের নগ্ন আগ্রাসনে সমগ্র জাতি সশস্ত্র বাহিনীর সাহসিকতা, ত্যাগ ও মাতৃভূমির প্রতিরক্ষায় তাদের সময়োচিত কাজের প্রশংসা করছে।’

বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ভারতের অবৈধ কর্মকাণ্ডের গুরুত্ব স্বীকার এবং আন্তর্জাতিক নিয়ম ও আইনের স্পষ্ট লঙ্ঘনের জন্য দেশটিকে জবাবদিহি করার আহ্বান জানায়। পাকিস্তান শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং তারা কখনো সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘন বা জনগণের কোনো ক্ষতি হতে না দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।

সীমান্তের জেলাগুলোকে সতর্ক থাকার নির্দেশ আইজিপির

বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোর পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

বুধবার (৭ মে) বিকেলে রাজধানীর গুলশানে বাংলাদেশ পুলিশ বার্ষিক শ্যুটিং প্রতিযোগিতা ২০২৪ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ নির্দেশনা দেন।

আইজিপি বলেন, ভারত-পাকিস্তান যুদ্ধকে কেন্দ্র করে বাংলাদেশের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়, কোনো জঙ্গি বা সন্ত্রাসী যেন দেশে প্রবেশ করতে না পারে সে জন্য সীমান্ত জেলাগুলোর পুলিশ সুপারদের সতর্ক করা হয়েছে।

এ সময় বাংলাদেশ পুলিশ ক্লাবের সভাপতি ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টেশনের (পিবিআই) অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামালসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

একনেকে ৩৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৩ হাজার ৭৫৬ কোটি ২০ লাখ টাকার নয়টি প্রকল্প অনুমোদন দিয়েছে।

বুধবার (৭ মে) পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। একনেকের চেয়ারপারসন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এ সভায় সভাপতিত্ব করেন।

সভাশেষে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, একনেক সভায় ৩ হাজার ৭৫৬ কোটি ২০ লাখ টাকা ব্যয় সম্বলিত ৯টি প্রকল্প অনুমোদন করেছে।
এর মধ্যে সরকারি অর্থায়ন হবে ২ হাজার ৭৯৮ কোটি ১৯ লাখ টাকা।

এছাড়া প্রকল্প ঋণ ৮১২ কোটি ৯৫ লাখ টাকা ও সংস্থার নিজস্ব অর্থায়ন হবে ১৪৫ কোটি ৬ লাখ টাকা।

তিনি আরো বলেন, জেলায় জেলায় স্থাপন হওয়া সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ভবিষ্যত কি হবে তা বলতে পারছে না সরকার । সে কারণেই জেলা পর্যায়ের নতুন বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন বা সম্প্রসারণে নতুন করে কোন প্রকল্প হাতে নেবে না সরকার।

মৌলিক বিষয়ে রাজনৈতিক দলগুলোকে ছাড় দিতে হবে : আলী রিয়াজ

ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, রাজনৈতিক দলগুলোর ভিন্ন অবস্থান থাকা সত্ত্বেও কিছু মৌলিক বিষয়ে ঐকমত্যে আসতে হবে। আর এসব বিষয়ে রাজনৈতিক দলগুলো ছাড় দেবেন। তাদের কাছ থেকে কমিশন এটাই প্রত্যাশা করে।

বুধবার জাতীয় সংসদ ভবনের এল ডি হলে নাগরিক ঐক্যের বর্ধিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করছে। তবে শুধু কমিশনের আলোচনায় যথেষ্ট নয়। রাজনৈতিক দলগুলোকে তাদের সহযোগী ও প্রতিপক্ষের সঙ্গে আলোচনা করে জাতীয় সনদ তৈরির লক্ষ্যে একমত হবে হবে।

আলোচনা সভায় জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।
এ ছাড়া নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সারসহ প্রতিনিধি দলের হয়ে মোফাখখারুল ইসলাম নবাব, মঞ্জুর কাদির, শাহনাজ রানু, ফেওদৌসী আক্তার সুমি এবং সাকিব আনোয়ার উপস্থিত ছিলেন।

সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়। গত ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয় এই কমিশনের কার্যক্রম। এ পর্যন্ত ৩৯টি রাজনৈতিক দলের মধ্যে ৩৫টি দলের মতামত পেয়েছে কমিশন।
সংস্কার কমিশনের সুপারিশ চূড়ান্ত করতে গত ২০ মার্চ থেকে আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন। ইতোমধ্যে নাগরিক ঐক্যসহ ২৫টি রাজনৈতিক দলের সঙ্গে প্রাথমিক আলোচনা শেষ করেছে কমিশন।